১৯৮০-র দশকে আত্মপ্রকাশের ক্ষণেই শহীদুল জহির নিজেকে একজন প্রতিভাবান কথাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর প্রিয় বিষয়বস্তু আধুনিক পৃথিবীতে মানুষের পরিত্রাণহীন বিপন্ন অস্তিত্ব। কিন্তু তাঁর সম্পর্কে সর্বাগ্রগণ্য বিষয় তাঁর ভাষাভঙ্গী, যা একই সঙ্গে জটিল ও প্রকাশক্ষমতায় তুলনারহিত। দীর্ঘ বাক্যবন্ধে লঘু-গুরু শব্দের নিপুণ মিশেল ধীর লয়ে তীক্ষ অভিঘাত সৃষ্টি করে। তাঁর বর্ণনাভঙ্গি সর্বদর্শী নিরাসক্ত কথকের। তাঁর গল্প-উপন্যাসের আবহাওয়া অভিনব, কিছুটা কৌতুকাবহ ও অধিবাস্তব।শহীদুল জহিরের লেখা আবু ইব্রাহীমের মৃত্যু একটি নাতিদীর্ঘ উপন্যাস। এর কাহিনী গভীর ব্যঞ্জনাসমৃদ্ধ এক মানবিক অভিজ্ঞতার টীকা-ভাষ্য। এর প্রধান চরিত্র নৈতিক অবক্ষয়ের স্রোতে যোগ দিতে অপরাগ একজন সরকারি কর্মকর্তা। ঘরে-বাইরে সর্বত্র তিনি সংকটাপন্ন—একদিকে ক্ষয়িষ্ণু সমাজে টিকে থাকার সমস্যা, অন্যদিকে পারিবারিক জীবনের নিরন্তর টানাপোড়েন। এই প্রতিকৃতিতে যুক্ত হয়েছে চরিত্রটির স্ত্রী, কন্যা, সহকর্মী, ঘুষদাতা ব্যবসায়ী ও পুরোনো বান্ধবীর সঙ্গে নিরুপায় মিথস্ক্রিয়া। সংক্ষেপে অথচ গভীর পূর্ণতায় একজন মানুষের জীবনচিত্র অবধারণের এমন উদাহরণ খুব বেশি দৃষ্টিগোচর হয় না। শহিদুল জহিরের উপন্যাস কেবল সৃজনশীলতার পরাকাষ্ঠা নয়; আত্মরতিমুক্ত জীবনজিজ্ঞাসা, চিন্তার দার্ঢ্য, উপস্থাপনার নৈর্ব্যক্তিকতা, মেধাবী শব্দনির্বাচন একে করেছে মননশীল। আবার তাঁর বর্ণনা কখনো বা কবিতার মতো মোহময়, যা পাঠকের মনে তীব্র অভিঘাত হানে।শহীদুল জহির গতানুগতিকের আনুগত্য না করে যে নতুন গদ্যভঙ্গী ও রচনাশৈলী উপহার দিয়েছেন, বাংলা কথাসাহিত্যে তা এক দুর্লভ সংযোজন। এ পুরস্কার সেই অতুলনীয় সৃজনশীলতারই স্বীকৃতি।