শাংগান গ্রামের সৈকতে নতুন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনহাকা দ্বীপের জেটি
ইনহাকা দ্বীপের জেটি

নারকেল বীথির গোড়ায় বসেছে মুরগির বাজার। দামদর করে ফকফকা সফেদ রঙের তাজাতনা একটি মুরগা কিনে নিই। ব্যাকপ্যাকের সঙ্গে দড়ি দিয়ে ঝোলাতেই ঝুঁটিঅলা কুক্কুটটি ইনহাকা পাহাড়ের দিকে গ্রীবা বাড়িয়ে এ্যয়সা তারস্বরে আওয়াজ দেয় যে, মনে হয় তার বাল্যকালের প্রণয়িনী গা ঢাকা দিয়ে আছে ট্রপিক্যাল আইল্যান্ডের সবুজাভ জঙ্গলে। মুরগির খাঁচাগুলো আমার সঙ্গে ফেরিতে চড়ে এসেছে ইনকাহা দ্বীপে। ভোরবিহানে আমি মোজাম্বিকের রাজধানী মাপুটো শহর থেকে এসে নেমেছি ছোট্ট এ দ্বীপে। ফেরির রেলিংয়ে হেলান দিয়ে মশগুল হয়ে ডেলাগোয়া বে-এর ওপরে ভেসে থাকা ভারী কুয়াশা দেখছিলাম। সঙ্গে সঙ্গে উড়ছিল অন্যমনস্ক চেহারার কয়েকটি সারস। তাদের পাখসাটে কুয়াশার ধূসর শামিয়ানা ছিঁড়ছিল একটু একটু করে। আর মনে হচ্ছিল, পাখিগুলো যেন তাদের ডানায় করে উড়িয়ে নিয়ে যাচ্ছে মস্ত এক মশারি। আজ নতুন বছরের পয়লা দিন। সুতরাং মাপুটো শহরে যে চাকরিতে মানসিক মেহনত বিক্রি করছি—তা থেকে এক দিনের জন্য নিস্তার পাওয়া গেছে। ভাবছি এ মওকায় বিস্তার করব ভ্রমণের পরিধি খানিকটা। তাই এসে নেমেছি ইনহাকা দ্বীপে। দৈর্ঘ্যে ১২ এবং প্রস্থে সাকল্যে সাত কিলোমিটারের দ্বীপটি ডেলাগোয়া বে-এর প্রবেশ পথে। এখানে তালগাছে চড়ে চোখে বাইনোকুলার লাগালে ভারত মহাসাগরে ভেসে যাওয়া জাহাজ-ফাহাজ অনায়াসে দেখা যায়। পর্যটকদের মধ্যে যাঁদের দৌলতবিত্ত অঢেল, তাঁদের কেউ কেউ আট প্যাজিনজারি বিমানে চড়ে স্রেফ মিনিট দশেক উড়ে এসে ল্যান্ড করেছেন দ্বীপের জেটি থেকে বেশ দূরে ছেট্টি এয়ার স্ট্রিপে। একটি চকমিলান রিসোর্টও আছে ওখানে। বছরের পয়লা দিনে ওয়াটার স্পোর্টসের ঢালাও এন্তেজামও হয়েছে ওদিকে।
আমার ঘুরে বেড়ানোর বাজেট তেমন মজবুত নয়। চাইলেও রিসোর্ট কিংবা ওয়াটার স্পোর্টসের তামশা তিলিসমাতে মেতে ওঠা সম্ভব না। আমি ভিন্ন উদ্দেশ্য নিয়ে দ্বীপে নেমেছি, সে কারণে খরিদ করেছি মুরগা–ফুরগা।
শুনেছি বছরের পয়লা দিনে ভোরবিহানে শাংগান গোত্রের নারীরা মাথায় করে পাম ওয়াইনের ঠিল্লা চাপিয়ে চলে আসে জেটিতে। নৃত্যের ভঙ্গিতে তারা সমুদ্রজলে অর্পণ করে তালের জারিত নির্যাস। গেল বছরের প্রথম দিনে অন্যান্য পর্যটকের করা ভিডিওতে জলে মদিরা মেশানোর ছবি দেখেছি। কিন্তু কপাল খারাপ, সাতসকালে এসেও এ দৃশ্যটি চাক্ষুষ করা গেল না। ঘটনাটি ফেরি ঘাটে ভেড়ার আগেই ঘটে গেছে। খানিক খাজুল হলেও জেটি ধরে নেমে আসতে আসতে যা দেখেছি, সে ইমেজটি নিয়ে একটু ভাবি। সাফসফা জলে বুঁজকুড়ি কেটে ভাসছে হাজার হাজার কালো-হলুদে ডোরাকাটা এবং তীব্রভাবে ঝলমলে নীল মাছ। তাদের সাঁতারে তৈরি হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের মতো ঝকঝকে নকশা।

কুটিরের দাওয়ায় বসে আছেন ডুংগামেনজি
কুটিরের দাওয়ায় বসে আছেন ডুংগামেনজি

ইনহাকা দ্বীপে আছে মোট পাঁচটি গ্রাম। জেটিতে আর বেফজুল সময় নষ্ট না করে আমি নাহাকুয়েন নামের একটি গ্রামের দিকে পয়দলে মেলা দিই। গল্পকারেরা জুতসই প্লট পেলে যে রকম উদ্দীপ্ত হয়, সে রকম জাফরানি রঙের চনমনে রোদে ছেয়ে যাচ্ছে দ্বীপের বাতাবরণ। কিছু সবুজাভ পাখি এলোপাতাড়ি উড়ছে। আর পতঙ্গের তীব্র করাত চেরা ডাকে ভরে আছে পায়েচলা পথ। এ দ্বীপে আগেও একবার এসেছি। তাই নাহাকুয়েন গ্রাম খুঁজে পেতে অসুবিধা কিছু হয় না। শাংগান গোত্রের গ্রামটিতে এসে আমি তাদের ডুংগামেনজির খোঁজ করি। ডুংগামেনজিরা জাদুবলে সমুদ্রের জল ইচ্ছামাফিক সঞ্চালন করেন। যে দ্বীপে হামেহাল ছলবল করছে মাছ, যে তরঙ্গে নাও বাইতে প্রয়োজন মনোবল, সেখানে একজন ডুংগামেনজি থাকা বিচিত্র কিছু না। তাঁকে পাওয়াও যায় সহজে। ছনের কুটিরের দাওয়ায় লাঠিতে ভর দিয়ে বসে আছেন বেশ শানেমানে। নতুন বছরের পরবের পুরোহিত তিনি। আমি বেশ তাজিমের সঙ্গে সাদা মুরগাটি তাঁর পদতলে রাখলেও তিনি বিশেষ একটা পাত্তা দেন না। মোজাম্বিক দেশটি একসময়কার পর্তুগিজ কলোনি। তাই পর্তুগিজ জবানে বলি, ‘বুম দিয়া, তোদো বোম, বা গুড মর্নিং, শরীলগতর ভালো তো?’ হরিণের চামড়ায় তৈরি লেবাস-পরা ডুংগামেনজি সওয়ালের জবাব না দিয়ে আমাকে খুঁটিয়ে পরীক্ষা করেন। কথায় চিড়া ভিজছে না দেখে আমি ব্যাকপ্যাক থেকে বের করে ভেট দিই ওল্ড অ্যাডমির্যাল ব্র্যান্ডির একটি পাঁইট। খুলে তিনি ভালুকের মতো তরলটি শুঁকেন। তারপর ফেরেববাজের মতো মৃদু হেসে বলেন, ‘নববর্ষের পরবের জন্য বিস্তর খরচাপাতি হয়ে গেলো হে।’ এ মন্তব্যের জন্য আমি প্রস্তুত ছিলাম, তাই মোজাম্বিকের কারেন্সি মেটিক্যালের কিছু কড়কড়ে নোট তাঁর পায়ের কাছে রাখি। মাথায় পামওয়াইনের ঠিল্লা চমৎকারভাবে ব্যালেন্স করতে করতে এক যুবতী তাঁর সামনে থেকে তুলে নেয় টাকা ও মুরগা। মেয়েটির কোমরে কড়ি-গাঁথা বেল্টে ঝুলছে ছোট্ট দুটি ফাঁপা লাউ। তাতে ছড়াচ্ছে দোলকের দ্যোতনা। আমি তাকে অবলোকন করতে গেলে সে আমার চোখে চোখ রেখে অপয়া কিছু দেখছে এমন হালতে উলুধ্বনি করে ওঠে। তবে সৈকতে ঘন্টা খানেক পর নববর্ষের জলে অবগাহনের পরবে যোগ দেওয়ার পারমিশন পাওয়া যায়। যেহেতু অবগাহনের মূল বিষয়টি—বছরের তাবৎ পাপ পঙ্কিলতা ধুয়েমুছে সাফসুতরা করা, আমি নিজেও অবগাহনে শরিক হব—এ কড়ালে পারমিশন ফাইনাল করি। তারপর খুশি হয়ে ডুংগামেনজিকে বলি, ‘মুতো প্রাসের, বা আপনার সঙ্গে মোলাকাত হওয়াতে কী যে খুশি হলাম!’
দুপুরের দিকে চলে আসি সৈকতে। এখানে অবগাহনের তোড়জোড় চলছে প্রচুর। ডুংগামেনজি রোদে দাঁড়িয়ে চোখ মুদে বেজায় তেজি হালতে বনবন করে ঘোরাচ্ছেন লাঠি। দ্রিম দ্রিম করে বাজছে ড্রাম। কয়েকটি মেয়ে কোমরে কেবলমাত্র বাটিকের র্যাপার জড়িয়ে মাথায় পামওয়াইনের ভারী ঠিল্লা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যুবকেরা তাদের কাছাকাছি হওয়ামাত্র ঠিল্লা উপুড় করে অত্যন্ত দক্ষতায় তাদের হাঁ করা মুখগহ্বরে ঢেলে দিচ্ছে জারিত তরল। শঙ্খ পুঁতে পুঁতে বালিতে দাগ দিয়ে আলাদা করা হয়েছে পরবের জায়গাটি। আমি ঢুকতে গেলে মুখোশ পরা শাংগান দুই নওজোয়ান আটকায় আমাকে। নিজস্ব ভাষায় চোটপাট করে তারা। আমি বুঝতে না পারলে আরেক শ্বেতাঙ্গ পর্যটক তর্জমায় আমাকে বুঝিয়ে বলেন। না—ক্যামেরা, ব্যাকপ্যাক, নোটবুক কিছু ভেতরে নেওয়া যাবে না। এমনকি জিনস, শার্ট—এসবও এখানে খুলে রেখে যেতে হবে। কিছু খোয়া যাবে না। তবে এসব সামানাদি তদারকির জন্য তাদের দিতে হবে বেশ কয়েকখানা মেটিক্যালের নোট।
শ্বেতাঙ্গ পর্যটকের সঙ্গে একই ফেরিতে করে এসেছি। তিনি শাংগানদের সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। রোদে পুড়ে এ ট্যুরিস্টের দেহ হয়েছে জংধরা লোহার মতো খয়েরি। তিনি নতুন বছরের পরবে কী কী জিনিস কতটা ব্যবহার হয়, তার শুমারি করে উপাত্ত সংগ্রহ করছেন। তিনি ক্যালকুলেটর নিয়ে ভেতরে ঢুকতে চান। কিন্তু মুখোশঅলা যুবক চোটপাট করে তা হাতিয়ে নেয়। তারপর আমার জিনসের বেল্ট ধরে শুরু করে টানাহেঁচড়া। আমি প্যান্ট খুলতে খুলতে বিরক্ত হয়ে বলি, ‘ইজ দিস অ্যা ন্যুড বিচ?’ তিনি জনান্তিকে জবাব দেন, ‘নট রিয়েলি অ্যা ন্যুড বিচ, বাট দিজ ব্ল্যাকড্যুডস্ আর গোনা রাইজ হেল নাও।’
ভেতরে ঢুকতেই দেখি ডুংগামেনজি ঘুরে ঘুরে তন্ত্রমন্ত্র কিছু জপতপ করছেন। তাঁর সামনে সরু সরু গাছের ডালপালা দিয়ে করা গোলাকার গড়। শাংগান গোত্রের নারী-পুরুষ ওখানে এনে ছেড়ে দিচ্ছে নানা রঙের মুরগি। আমার দেওয়া ফকফকে সফেদ মুরগাসহ আরও গোটা তিনেক জবরদস্ত চেহারার ঝুঁটিঅলা মোরগ পালা করে ক্রমাগত মুরগিগুলোর ওপর উপগত হয়ে চলছে। বিষয়টি শেষ হতেই মুরগিদের খপ ধরে মাথা কেটে মাটির ভান্ডে সংগ্রহ করা হচ্ছে রক্ত। পর্যটক মিনমিনিয়ে বলেন, ‘শাংগানরা পেশায় জেলে। জলের গভীরে বাস করছে নাজুনজু বলে একটি ওয়াটার ড্রাগন। বছরের প্রথম দিন তাকে রক্ত, মাংশ উৎসর্গ করলে সারা বছর জেলেরা হাঙ্গরের পেটে যাবে না। আর মুরগা–মুরগির প্রতি আকৃষ্ট হয়ে যদি লিপ্ত হয় দৈহিক ভালোবাসায়—মেয়েরাও অন্তঃসত্ত্বা হবে।’ একটি মেয়ে পাশে এসে ঠিল্লা কাত করে আমার মুখে ঢেলে দিতে যায় পামওয়াইন। তার শরীরে খেলছে জোড়া ডাবঝোলা নারকেলগাছের অনুকৃতি। ঠিকমতো হাঁ করতে না পারায় প্রচুর তরল গড়িয়ে পড়ে আমার আদুল গতরে। খিলখিল করে হেসে ওঠে আরও কয়েকটি মেয়ে। টকটকে লালরঙে রাঙানো তাদের নাকের ডগা, সম্ভবত আমার কাগবগা গোছের দেহ তদের হাসির উদ্রেক করেছে। ট্যুরিস্ট মুখোশওয়ালাদের আরও কিছু মেটিক্যাল গছিয়ে দিয়ে উৎসর্গ করা প্রতিটি মোরগের পালক সংগ্রহ করে পকেটে পুরছেন। বৈঠা দু-হাতে জাপটে ধরে পাঁচ-ছয়জন করে কৌপিন পরা জেলেরা ডুংগামেনজির সামনে এলে তিনি বৈঠায় লাঠি ছুঁইয়ে আশীর্বাদ করলেন। মেয়েরা কুচি কুচি করে কাটা মুগরির মাংস ঝুড়িতে ভরে তুলে দিচ্ছে জেলেদের হাতে।
হেঁটে বালিয়াড়ি অতিক্রম করে আমি চলে আসি জলের কিনারে। পলকা নায়ে চড়ে আশীর্বাদপ্রাপ্ত জেলেরা ভেসে যাচ্ছে তরঙ্গবহুল জলে। ছেলেমেয়েরা জলে ঝাঁপিয়ে পড়ে করে নিচ্ছে নববর্ষের অবগাহন। মুখোশওয়ালারা বেতে বোনা পলোর মতো দেখতে একটি খাঁচায় ক্যারি করে নিয়ে গিয়ে সমুদ্রস্নান করিয়ে আনছে বৃদ্ধবৃদ্ধাদের। আধ ডোবা হয়ে চরে বেড়ানো তরুণেরা গতরে জামাকাপড় কিছুই রাখেনি। তারা হাঁটাচলা করছে ঘণ্টার মতো পুরুষাঙ্গ দুলিয়ে। কোমর অব্দি জলে চুবিয়ে বসে আছে মেয়েরা। এদের নিরাবরণ শরীরে ছলকাচ্ছে বন্ধনহীন তারুণ্য। ছেলেদের কেউ কেউ বন্য চোখে তাকাচ্ছে। কোনো কোনো মেয়ে আবার নারকেল পাতায় রক্ষা করছে যৎসামান্য আব্রু। জলে ধুয়ে যাচ্ছে সারা বছরের পাপ, আর যারা তাদের দিকে তাকাচ্ছে, সম্ভবত বাড়ছে তাদের মনস্তাপ।
ক্যামেরা কিংবা নোটবুক না থাকার জন্য খিন্ন লাগে। অবশ্য যে রকম বক্সার শর্টস্ পরে প্রায় দিগম্বর হয়ে ঘুরপাক করছি, এ হালতে নোটবুক সঙ্গে থাকলেও বাগাম্বড় করে কিছু লেখা যায় না। তবে দেখে নিতে, ডিটেলকে স্মৃতিতে রূপান্তরিত করতে আপত্তির তো কিছু নেই।
তো, বেআক্কেলের মতো হাঁ করে তাকিয়ে ছিলাম। মুখোশওয়ালারা এসে আমাকে জাপ্টে ধরে পলোতে ঢোকায়। কোনো ওজর-আপত্তি চলে না। আমাকে চ্যাংদোলা করে জলে চুবিয়ে আনা হয়। ডাঙায় ফিরে ভেজা নেড়ীকুত্তার মতো গতর থেকে জল ঝরাচ্ছি। নারীরা মজাক করে মহাউৎসাহে উলুধ্বনি করে। তাদের আচরণে বেজায় বেইজ্জত বোধ করি।
ফিরে আসি ডুংগামেনজির কাছাকাছি। তাঁর ওপর অবধারিতভাবে ওয়াটার ড্রাগন নাজুনজুর আত্মা আছর করছে। যে হালতে ফাটা রোদে দাঁড়িয়ে তিনি ছড়ি ঘোরাচ্ছিলেন, তাতে শিরে গর্মি চড়ে যাওয়া বিচিত্র কিছু নয়। শিংগান এ মুরব্বি যেন জিন্দেগির যথাসর্বস্ব হারিয়ে হাহাকার করে বালিতে গড়াগড়ি দিচ্ছেন। মুখ দিয়ে বেরিয়ে আসছে ফেনা। সাকরেদরা ডাব কেটে ওস্তাদের গতরে ঢেলে দিচ্ছে শীতল পানীয়। পর্যটককে ঘিরে ধরেছে ঠিল্লা মাথায় মেয়েরা। তারা আদায় করতে চাচ্ছে বকশিশ। বেচারা নৃতাত্ত্বিক গোছের গবেষক, চেহারা দেখে মনে হয় নতুন বছরের পয়লা দিন উদ্যাপনের শখ তার উবে গেছে। বেজায় জোরে ড্রামে চাটি পড়ছে। পরিস্থিতি কেমন যেন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মেয়েগুলো এরপর আমাকেও টার্গেট করবে। তাই হুঁশ থাকতে রিকশা ধরার অপ্ত বাক্যটি ইয়াদ করে আমি এবার ব্যাকপ্যাক তুলে নিয়ে মানে মানে কেটে পড়ি।