ছোটবেলা একটা ছড়া আমাদের বিশেষ প্রিয় ছিল—সেটি খাদ্যসংক্রান্ত: ‘মাংসে মাংস বৃদ্ধি/ দুধে বৃদ্ধি বল/ ঘৃতে লাবণ্য বৃদ্ধি/ শাকে বৃদ্ধি মল।’ এ ছড়াটি সম্পর্কে পুষ্টি বিশেষজ্ঞরা যা-ই বলুন, এটি বর্তমানের পরিপ্রেক্ষিতে পলিটিক্যালি ইনকারেক্ট। এতে মাংস, দুধ আর ঘিকে উচ্চাসন দেওয়া হয়েছে। অথচ শাককে কিছুটা তাচ্ছিল্য নিয়ে দেখা হয়েছে। এখন দিন পাল্টেছে—এখন শাক হচ্ছে খাদ্য তালিকার শীর্ষে। আমার কাছে শাক অবশ্যই এক অবাক খাদ্য। এত এর বৈচিত্র্য, এত এর স্বাদের বাহার!শাক নিয়ে আবার নতুন করে ভাবা গেল শওকত ওসমানের শাকান্ন পড়ে। শওকত অনেকগুলো রান্নার বই লিখেছেন, বেশির ভাগ ইংরেজিতে। সেগুলোর কদর দেশের ভেতরে-বাইরে। মাংসের নানা রান্না, মোগলাই-চৈনিক রান্না, পুরান ঢাকার রান্না—এসব তাঁর বইয়ের বিষয়। লোভনীয় নানা প্রণালির পাশাপাশি শওকতের রান্নার বইয়ে যা থাকে—যা প্রতিটি বইকে বিশিষ্ট করেছে, তা হচ্ছে সংশ্লিষ্ট রান্না ও খাদ্যের একটি সংক্ষিপ্ত ইতিহাস। এ ইতিহাসটিও তিনি পরিবেশন করেন হালকা চালে। তাতে তথ্য পাণ্ডিত্য থাকে, কিন্তু ইতিহাসটা তাতে ভারিক্কি হয়ে যায় না। আর থাকে চোখ জুড়ানো নানা ছবি—ছবিগুলো তোলেন প্রধানত তাঁর কন্যা রুখসারা ওসমান। লেখা-ছবির যুগলবন্দীতে প্রতিটি বই হয়ে ওঠে আকর্ষণীয়।শাকান্নও ব্যতিক্রম নয় সেই অর্থে। শাকসবজির পরিচিতির পাশাপাশি এগুলোর খাদ্যগুণ, বাংলাদেশের কোথায় কবে এগুলোর চাষ শুরু, কারা কোন সবজির পৃষ্ঠপোষকতা করলেন, কোন সবজি কখন পাওয়া যায়, এগুলোর প্রচলিত নামের বৈচিত্র্য ও বৈজ্ঞানিক নামের ঠিকুজি—এ সবকিছুর পাশাপাশি অনেকগুলো রন্ধনপ্রণালি রয়েছে বইটিতে। এর প্রায় প্রতিটির সঙ্গে আমাদের নিত্যদিনের পরিচয়। কে না খেয়েছেন নাইল্লাশাক অথবা ঢ্যাঁড়স চচ্চড়ি। অথবা কুমড়া ফুল মসলা ভাজি। তবে সবাই কি খেয়েছেন বকচয় ভাজি, বাঁশ-কোড়া বেইক অথবা ফল-হাদা কুড়বা? নাম শুনে হয়তো ঘাবড়ে যেতে পারেন পাঠক, কিন্তু তার কোনো কারণ নেই। উপকরণ সবই হাতের কাছে আছে, যেকোনো কাঁচা বাজারে ঢুঁ মারলে তাদের পাওয়া যাবে। তেল-মসলা ও আনুষঙ্গিক সব উপকরণও সহজলভ্য এই বাংলাদেশে। যা হয়তো নেই, তা একটি উপাদেয় থালার রন্ধনপ্রণালি। তবে শাকান্নতে তা আছে। খুব অনুপুঙ্খ এবং সাজানো-গোছানোভাবেই আছে।শওকত ওসমানের রান্না খেয়েছি বলে একটা নির্দ্বিধায় বলতে পারি, শাকান্নর প্রণালিগুলো পরীক্ষা করে দেখতে পারেন। আমি নিশ্চিত পঞ্চাশ ভাগ সফলতা পেলেই পরীক্ষক নতুন করে শাকসবজির আকর্ষণে পড়বেন। আর প্রতিটি রান্নার খাদ্যগুণের দিকে যখন চোখ পড়বে, তখন প্রতিদিনের আহারে এসব প্রণালি অপ্রতিরোধ্যভাবে ঢুকে পড়বে।শাকসবজি সুস্বাস্থ্যের ভিত্তি। সেই ভিত্তি মজবুত করতে শাকান্ন একটা ভূমিকা পালন করবে।