শান্তিনিকেতনে আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিনিকেতনে আর্ট ক্যাম্পের সদস্যরা
শান্তিনিকেতনে আর্ট ক্যাম্পের সদস্যরা

গতি আর্ট ট্রাস্টের আয়োজনে কলকাতার শান্তিনিকেতনে সম্প্রতি অনুষ্ঠিত হলো সাত দিনব্যাপী ‘গতি আর্ট ট্রাস্ট-আর্ট ক্যাম্প ২০১৫’। ১১ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্পে অংশ নেন বাংলাদেশের আট ও ভারতের ছয়জন শিল্পী।

ক্যাম্পে অংশ নেওয়া বাংলাদেশের শিল্পীরা হলেন বীরেন সোম, গোলাম ফারুক, বিশ্বজিৎ গোস্বামী, আজমীর হোসেন, এম এম মাইজ উদ্দিন, সৌরভ চৌধুরী, শাহানুর মামুন ও বুবলী বর্ণা। ভারতীয় শিল্পীরা হলেন সমীর আইচ, দীপ্তি ঘোষ দস্তিদার, ব্রততী সরকার, শ্যামল গায়েন, রাকা পান্ডা ও বৈশাখী মেহতরী।
ক্যাম্পের সমন্বয়ক ছিলেন কলকাতা আর্ট ট্রাস্টের সহসভাপতি আসাদুল্লাহ গায়েন। ১৫০ বিঘা জমির ওপর তৈরি শান্তিনিকেতনের ‘সবুজ বন রিসোর্ট’-এ আয়োজিত এই ক্যাম্পে প্রকৃতির সান্নিধ্যে শিল্পীরা এঁকেছেন মোট ২৯টি চিত্রকর্ম।
ছবি অাঁকা ছাড়াও চিত্রকর্মের বিভিন্ন বিষয়ে এখানে শিল্পীরা আলোচনায় অংশ নিয়েছেন শান্তিনিকেতনের শিক্ষকদের সঙ্গে, ঘুরে দেখেছেন কলকাতার ছাপচিত্র স্টুডিও-ও। এ ছাড়া ক্যাম্প চলাকালে প্রতিদিন রাতে ছিল স্থানীয় বাউলশিল্পীদের অংশগ্রহণে সংগীতসন্ধ্যা।
দুই বাংলার শিল্পীদের নিয়ে এমন আর্ট ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক গতি আর্ট ট্রাস্টের পরিচালক সৈয়দ নুরুন্নবী বলেন, ‘দুই বাংলার শিল্পীদের মধ্যে ভাব আদান-প্রদান এবং আমরা কীভাবে ছবি আঁকি আর ওঁরা কীভাবে ছবি আঁকেন, এ বিষয়ে পারস্পরিক জানাশোনার জন্যই এ ক্যাম্প।’
গতি আর্ট ট্রাস্টের এটি দ্বিতীয় আর্ট ক্যাম্প। ২০১৪ সালে প্রথম ক্যাম্পটি হয়েছিল ঢাকায়। অংশ নিয়েছিলেন দেশের ১১ জন চিত্রশিল্পী।