শান্তির বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম
শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম

শাহাবুদ্দিন আহমেদ সদাহাস্যোজ্জ্বল। কথায় কথায় বললেন, ‘আমার ছবি আঁকার অনুপ্রেরণা জয়নুল আবেদিন। তাঁর বলিষ্ঠ রেখা ভীষণভাবে আমাকে আলোড়িত করেছে।’ হ্যাঁ, ফ্রান্সপ্রবাসী এই শিল্পীর ক্যানভাসে এবারও আমরা পেলাম গতি আর রেখার বলিষ্ঠতা। দৃশ্যমান অভিজ্ঞতা আর বিমূর্ত অনুভূতির গভীরতর প্রকাশ ঘটেছে এই শিল্পীর ক্যানভাসে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের মাস ডিসেম্বরে কলকাতায় শুরু হয়েছিল এই মুক্তিযোদ্ধা শিল্পীর একক প্রদর্শনী। কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে ‘শান্তি’ শিরোনামে প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
প্রদর্শনীর শিরোনাম ‘শান্তি’ কেন? এ প্রশ্নে আবার কথা বললেন শাহাবুদ্দিন, ‘সম্প্রতি প্যারিসের সহিংস ঘটনাটি ভীষণ দুর্ভাগ্যজনক, শিল্পসাহিত্যের শহরে এমন অতর্কিত হামলা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে। তবে সৃষ্টিশীলতাকে কখনোই আক্রান্ত করা যায় না; সাময়িক অস্থিরতা কাটিয়ে শিল্পসাহিত্যের অবস্থান আরও সুদৃঢ় হয়ে উঠবে। প্রদর্শনী মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চেয়েছি শান্তির কথা।’
‘শান্তি’ শীর্ষক প্রদর্শনীতে রয়েছে সেই বার্তা। প্রদর্শনীতে আনুমানিক ৩৫টি শিল্পকর্ম রয়েছে। সাম্প্রতিক সময়ে আঁকা শিল্পকর্মগুলোতে বাংলাদেশের মুক্তিসংগ্রাম, স্বাধীন বাংলার বিভিন্ন প্রেক্ষাপট ছাড়াও রয়েছে দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী প্রমুখের অবয়ব।
তবে সামগ্রিক অর্থে শাহাবুদ্দিনের শিল্পকর্ম যেন স্বাধীনতা, সংকল্প ও বিজয়ের প্রতিধ্বনি। মানুষের গতি আর ক্ষিপ্রতাতাই এর প্রধান অভিব্যক্তি। চিত্রপটে প্রতিবাদী আরাধ্য পেশির গতিরোধের কোনো পথ নেই বরং তা তির্যক রেখাকে সঙ্গী করে পাড়ি দেয় আপন বলয়ে। উজ্জ্বল রঙের ব্যবহার ক্যানভাসকে আন্দোলিত করে নির্ভেজাল বাস্তবতায়।
ক্যানভাসে শাহাবুদ্দিন নির্মাণ করেছেন স্বতন্ত্র এক ভঙ্গি, যেখানে দীর্ঘাকার পেশিবহুল মানুষের অদম্য বাসনা রূপান্তরিত হয় শক্তিতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরগাথার ইতিহাস তিনি গোটা পৃথিবীর সামনে তুলে ধরেছেন স্পষ্টভাবে, দৃঢ় চেতনায়। সাধারণ চোখে এ শিল্পীর করণকৌশল বা বিষয়বস্তুকে একঘেয়ে, পুনরাবৃত্তিক বলয়ে বাধা মনে হলেও অন্তর্দৃষ্টির প্রতিফলনে তাঁর প্রতিটি ক্যানভাসই সমৃদ্ধ। ভিন্ন ভিন্ন কম্পোজিশন, স্ট্রোক, রঙের সংশ্লেষণ মানসপটে গভীর ছায়া ফেলে। তাঁর ক্যানভাসে রয়েছে এমন এক সম্মোহনী ক্ষমতা, যা অতীতে নিয়ে সময়ের দর্পণে একবার ইতিহাস দেখার সুযোগ করে দেয় দর্শককে, আর প্রতিটি চিত্রপটের মাধ্যমে দর্শকও হয়ে যান কালের সাক্ষী। কলকাতার এই প্রদর্শনীতেও আমরা পেয়েছি সেই একই অভিজ্ঞতা।