শামসুর রাহমানের কবিতার উত্তরাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯-১৭ আগস্ট ২০০৬) ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯-১৭ আগস্ট ২০০৬) ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের কবিতার ভাষা নির্মাণে পঞ্চাশ দশকের এই কবির রয়েছে প্রগাঢ় ভূমিকা। কবিতাকে সমাজ ও রাজনীতির সঙ্গে মিলিয়ে-মিশিয়ে গড়ে তুলেছিলেন জননন্দিত কাব্যভুবন। শামসুর রাহমানের কবিতার উত্তরাধিকার এখন কোন দিকে, কোন পথে—প্রশ্নটি সামনে রেখে এই সময়ের তিন প্রজন্মের তিনজন কবির বিশ্লেষণ...

আটপৌরে ভাষা ও বিশুদ্ধ ছন্দ

আবিদ আনোয়ার

আবিদ আনোয়ার
আবিদ আনোয়ার

‘কবিরা একজনের মনের সিগারেট থেকে আরেকজনের মনের সিগারেট ধরিয়ে নেন’ কথাটা রবীন্দ্রনাথ ঠাকুরের। ‘ইন্টারটেক্সচুয়েলিটি’ বলে পাশ্চাত্যেও একই রকমের একটা ধারণা জন্মেছে। কিন্তু কবিদের রচনাকর্মের মধ্যে এই ঐক্য কেবল একটি বিষয়ে বিদ্যমান: সবাই কবিতার মাধ্যমে পাঠককে এমন কিছু উপহার দেন, যা তাঁদের ভাবনাকে আলোড়িত করে, চৈতন্যে সৌন্দর্যের বিভা জ্বেলে দেয়। কবিতা সৃষ্টির উপাদান এক হলেও একেকজনের রসায়ন একেক রকম, যদি না কেউ কারও অন্ধ অনুকারক হয়ে না থাকেন।
শামসুর রাহমানের কবিতার উত্তরাধিকার নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা লিখতে বসে এই কথাগুলো মনে আসছে। ‘কবিতার উত্তরাধিকার’ বলতে আমরা কেবল এ কথা বুঝি না, আমাদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের ভান্ডারে কার কবিতা থেকে কী যুক্ত হলো, বরং বুঝি পরবর্তীকালের কবিরা তাঁদের সংবেদনশীলতা ও নির্মাণকলায় কাকে কতটা অনুসরণ করেছেন বা করছেন।

লক্ষণীয় যে, শামসুর রাহমানের কবিতার অন্ধ অনুকারক এখনো এ দেশে আবির্ভূত হননি। তবে দুটি বিষয় তিনি একাধারে তাঁর সমকালীন ও উত্তরাধিকারী কবিদের সংবেদনশীলতায় দৃঢ়ভাবে সঞ্চারিত করে গেছেন। এর একটি হলো সমাজভাবনা, আরেকটি ছন্দ ও আঙ্গিকের বিশুদ্ধতা বজায় রেখেও আটপৌরে ভাষাভঙ্গির ব্যবহার।

প্রবেশলগ্নে শামসুর রাহমান ছিলেন তিরিশি কবিদের মতো অত্যন্ত অন্তর্মুখী আত্মজৈবনিকতায় আক্রান্ত কলাকৈবল্যবাদে বিশ্বাসী কবি, যিনি কেবল ‘স্বর্গশিশিরে স্নান’ করার বাসনায় কবিতার ভাষায় বলেছিলেন, ‘আমার খামার নেই, নেই কোনো শস্যকণা/ আছে শুধু একটি আকাশ’। একটি পর্যায় পেরিয়ে সমাজভাবনা তাঁকে এতটাই পেয়ে বসল যে, তাঁর কবিতা যেন হয়ে উঠল আমাদের রাজনৈতিক-সামাজিক আন্দোলনের ইশতেহার। সমাজভাবনায় তাঁর অগ্রজ কবি আহসান হাবীব, তাঁর সমকালীন কবি আল মাহমুদ, সৈয়দ শামসুল হক ও হাসান হাফিজুর রহমান আগে থেকেই জারিত ছিলেন। কিন্তু শামসুর রাহমান একে আলিঙ্গন করার কারণে আমাদের কবিতার উত্তরাধিকারীরা বেশি প্রভাবিত হয়েছেন কবি হিসেবে তাঁর উচ্চত্বের কারণে।

তিরিশি কবিরা কেতাবি ভাষার বদলে কবিতায় আটপৌরে ভাষা ব্যবহারের ঘোষণা দিলেও নিজেদের রচনায় এর প্রয়োগ করতে গিয়ে অতটা সাফল্য অর্জন করতে পারেননি, পারেননি আমাদের দেশের আধুনিক কবিদের অন্য কেউ। প্রচলিত ছন্দ ও আঙ্গিক অক্ষুণ্ন রেখেও শামসুর রাহমান মুখের ভাষায় কবিতা লেখায় এতটাই দক্ষতা দেখিয়েছেন যে, কেতাবি ভাষা আমাদের কবিতা থেকে বিদায় নিয়েছে তাঁর ব্যাপক প্রভাবের কারণে।

জানালা দিয়ে চাঁদ দেখতেন কবি

টোকন ঠাকুর

টোকন ঠাকুর
টোকন ঠাকুর

নিপাট ভদ্রলোক, ঢাকা শহরের কবি শামসুর রাহমান। সম্ভবত পুরান ঢাকায় বড় হয়ে ওঠা আর কাউকেই এত খ্যাতিমান কবি হিসেবে আমরা পাইনি, যত খ্যাতি হয়েছে শামসুর রাহমানের। যে পুরান ঢাকা-অধ্যুষিত জনগোষ্ঠীর ভাষা খানিকটা উর্দু-পার্সি, ঢাকাইয়া কুট্টি, শামসুর রাহমান সেখানে দারুণ ভদ্রলোক। তাঁর কবিতার ভাষাও এককথায় গত শতাব্দীর পঞ্চাশ-ষাট দশকে তৈরি হওয়া শহর ঢাকার নাগরিক জীবন-মন্থন-শীলন। জীবনে, সামাজিক দায়বদ্ধতা মেটানোর চাহিদা তাঁর কাছে এসেছে, তিনি সাধ্যমতো তা পূরণও করতে চেয়েছেন। কিছু সামাজিক-রাজনৈতিক সংগঠনও শামসুর রাহমানের কবিসত্ত্বাকে কাজে লাগাতে গিয়ে কবিকে কিছুটা ব্যবহারিকও করেছে।
আমৃত্যু অনেক লিখেছেন। অনেক লিখতে গিয়ে বা অনেক লেখার পেশাদারত্বে পড়ে গিয়ে শামসুর রাহমান তাঁর নিজের ক্ষতি নিজেই করে গেছেন। দেশের সাময়িকীগুলোও শুধু টাইপো ইমেজ রক্ষায় চাপ দিয়ে শামসুর রাহমানের কাছ থেকে অনেক লেখা বের করে এনে ছেপেছে। যেসব কবিতা ঝুড়ির মধ্যে ফেলতে হয়, ছাপাতে দেওয়া যায় না, ছাপালে কবির পূর্ব-রচিত শক্তিশালী কবিতারা ক্ষতিগ্রস্ত হয়, আমাদেরই দুর্ভাগ্য, শামসুর রাহমানের সেসব লেখাও ছাপা হয়ে গেছে। এভাবে রবীন্দ্র-রচনাতেও অভিযান চালাতে পারেন আজকের তর্কপ্রিয় তরুণ কবি, যাঁর কাছে কবির ব্যক্তি-ইমেজ মূল্যের চেয়ে কবিতার সাধনা-শক্তিই বড় হয়ে উঠতে পারে।

লক্ষ করে দেখি, প্রয়াণের পরপরই শামসুর রাহমান ডামাডোলবিহীন, বিশেষত তরুণ কবিদের কাছে। হয়তো আরও কোনো অন্য সময়ে মঞ্চে ফের আশির দশকের মতো আবৃত্তি হবে শামসুর রাহমানের কবিতা। তা ছাড়া কবির কবিতার উত্তরাধিকার গজাতেই হবে, এমন হলেই তিনি কালিদাস, নইলে হরিদাস পাল—এমনই বা হবে কেন? সংবাদপত্রে অসংখ্য সংবাদের শিরোনাম হয়ে গেছে এবং এখনো হয় শামসুর রাহমানের কবিতা। এটা কবির কবিতার ক্ষমতা। শামসুর রাহমানের কবিতার ক্ষমতার আরও দিক আছে—সেটা যেমন বুঝি, আবার এ-ও বুঝি, তাঁর কবিতা আমাকে শিকার করে না। থ হয়ে যাব, এমন রসের কবিতা তো খুঁজেই পড়ার নেশা করি। তারপরও সাংগঠনিকভাবে শামসুর রাহমান বড় কবি। প্রমাণিত যে, ব্যক্তির চেয়ে সংগঠন শক্তিশালী।

১৯৪৭-এ দেশভাগের পর বাংলাদেশের গ্রাম-গঞ্জ-বন্দর ধীরে ধীরে ঢাকায় আসছে, ঢাকা কেন্দ্র হিসেবে ‘এস্টাবলিশমেন্ট’-এর সুযোগ নিচ্ছে। ঢাকায় জন্মগ্রহণকারী কবি শামসুর রাহমানেরও সেই সুযোগ ঘটেছে। ফলে ঢাকায় ছাত্রাবাস বা আগামসি লেনের মেসে কোনোমতে মাথা গুঁজে কবি হওয়ার স্ট্রাগল নিতে হয়নি শামসুর রাহমানের। বরং মাহুতটুলী কোথায়?—এটা চিনতেই গ্রামগুলো একদিন ট্রেনে চড়ে বসে, বাসে উঠে বসে, লঞ্চে ওঠে। ফুল্লশ্রী, কালীগঙ্গা, কাঞ্চন নদী আসে পচা-মরা বুড়িগঙ্গার পাশে। কেন্দ্র-বিকেন্দ্র সমীকরণের ফল। কবি ও কবিতাও এর বাইরে নয়। এই জন্য ‘মফস্বলের কবি’ ‘মফস্বল সাংবাদিক’ বলে একটা সাউন্ড আছে। সমীকরণ আছে। সেই ফরম্যাটে শামসুর রাহমান ক্যাপিটাল সিটির কবি। তাঁর কবিতার মধ্যেও নাগরিক মধ্যবিত্তের চোখ: জানালা দিয়ে চাঁদ দেখার প্রবল অভ্যেস!

তাঁর উপস্থিতি প্রখর তবে নির্লিপ্ত

শাহীন মোমতাজ

শাহীন মোমতাজ
শাহীন মোমতাজ

ছোট শহরের প্রায়ান্ধকার রাস্তার পাশের টিমটিমে আলো ছড়ানো বইয়ের দোকান থেকে সংগ্রহ করা শামসুর রাহমানের মাতাল ঋত্বিক বইটা। তারপর সেইমতো সনেট-চর্চার প্রয়াস। তখন সতেরো বছরের যেকোনো তরুণ কবিই বহন করত শামসুর রাহমানের কবিতার উত্তরাধিকার। মফস্বলে তো বটেই। কেননা মফস্বলে কবিতার বই মানেই তো সেই সুনীল, সেই শামসুর রাহমান। কিন্তু ক্ষোভ আর দ্রোহ সেই সুনীলে কোথায়? অথচ পাশাপাশি প্রেমও সেই রাহমানে বিদ্যমান। ফলে কবিতা লিখতে আসারা হাত মকশো করত শামসুর রাহমানে, ভাষাকে নিয়ে যেতে চাইত মঞ্চ-সফলতার দিকে, সন্ধ্যার অন্ধকারে দেদীপ্যমান আলোকখণ্ডের মতো সেইসব কবিতা নিয়ে নাড়াচাড়া চলত। তারপর একসময় মনে হতো, শব্দ কেবল তার আভিধানিক অর্থ নিয়েই রাহমানের কবিতায় উপস্থিত হয়। এই আবিষ্কৃতি থেকে প্রথম তাঁর উত্তরাধিকারকে অস্বীকারের পালা শুরু হতো। রাজনৈতিক বিবেচনার সঙ্গে কাব্য-বিবেচনার একটা অন্তর্লীন বোঝাপড়া তাড়া করে ফিরত ক্রমেই: বয়স বাড়তে থাকা শামসুর রাহমানে হাত মকশো করা সেইসব অস্থির-স্বভাব কবিদের, যাঁরা তখনো বুঝে উঠতে পারতেন না কবিতার কাছে পৌঁছানোর আঁকাবাঁকা রাস্তার ম্যাপের ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা গুপ্ত সংকেতগুলোর মানে। উত্তরাধুনিকতার ঝড়-ঝাপটার পর গ্রিক কিংবা রোমান দেবদেবী এবং তাঁদের সন্তান-সন্ততিদের অনাত্মীয় মনে হতে থাকত তত দিনে। ব্যক্তিচিন্তা, ক্ষুদ্রত্বের দিকে অভিগমন, নিরর্থকতা, নৈরাজ্য আর অভিনিবেশ-সহকারে শব্দের অর্থ পাল্টে দেওয়ার অভিপ্রায় নিয়ে নতুন করে যাত্রা শুরু করত সেই কবি। তত দিনে শামসুর রাহমান তাঁর দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন, সসম্মানে, প্রখর তবে নির্লিপ্ত, বার্ধক্যে ভেঙে যাওয়া কণ্ঠে আশীর্বাদ করতে করতে হাইস্কুলের রাস্তা দেখিয়ে, কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ থেকে পাইন আপেল বিস্কুটের প্যাকেট ‘খিদে লাগলে খাস’—বলে হাতে ধরিয়ে দিয়ে চলে যাওয়া প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো।

সুদীর্ঘ পথ পরিক্রমণের শেষে, রাত্রিবেলা অকস্মাৎ ঘুম ভেঙে খিদে পেলে পাইন আপেল বিস্কুটে কামড় দিতেই চোখের সামনে ধানখেত, তার পাশে বিস্তৃত স্কুলঘরের বারান্দায় নামতা-পাঠের কলকাকলির মধ্যে দাঁড়িয়ে থাকা সেই শিক্ষক, প্রখর কিন্তু নির্লিপ্ত, আর তাঁর সঙ্গে ঘটে যাওয়া চূড়ান্ত বিচ্ছেদসমেত দুরন্ত শৈশব এসে উপস্থিত হয়।

বয়স বাড়তে থাকা কবির সঙ্গে শামসুর রাহমানের কবিতার উত্তরাধিকার-সূত্র এই-ই।