শামসুর রাহমানের রবীন্দ্রনাথ
কবি শামসুর রাহমানের মৃত্যুদিন আজ। এ মাসেই ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। শামসুর রাহমানের কবিতায় কীভাবে ধরা দিয়েছেন রবি ঠাকুর? পঞ্চাশের দশকের প্রধান এই কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সুলুকসন্ধানে নামা যাক।
একটা প্রশ্ন প্রায়ই মাথার মধ্যে ঘুরপাক খায়। প্রশ্নটা বাংলাদেশের চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকের অধিকাংশ কবির রবীন্দ্রপাঠ–বিষয়ক। এই প্রজন্মের কবিরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী প্রজন্মের কবিদের উপাসক ছিলেন। মানে ত্রিশের দশকের কবিরা ছিলেন তাঁদের অধিকাংশের একটা বড় আইডল। এই আইডলরা তো রবীন্দ্রনাথের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ করেছিলেন। তাঁদের বিদ্রোহ ছিল রবীন্দ্রনাথের চিন্তার ধরনের বিরুদ্ধে, জীবনদর্শনের বিরুদ্ধে, কবিতার ভাষা, প্রকরণ ইত্যাদির বিরুদ্ধে। সেই ত্রিশের কবিদের ‘ছাত্র’দের তো রবীন্দ্রনাথ বিষয়ে আরও দূরে সরে যাবার কথা। দুই কারণে সরে যাবার কথা। এক. কবিতার নতুন ইতিহাস তৈরির প্রয়োজনে; দুই. নতুন রাষ্ট্রের উন্মাদনার কারণে। কিন্তু তাঁরা কি সরতে পেরেছিলেন? দূরে সরে থাকলে কীভাবে কোন অর্থে সরেছিলেন? আর রবীন্দ্রনাথকে গ্রহণ করলে কীভাবে গ্রহণ করেছিলেন? এসব প্রসঙ্গ খতিয়ে দেখতে চাই বাংলাদেশের কবিতার ইতিহাসের দ্বিতীয় প্রজন্মের কবি শামসুর রাহমানকে দিয়ে। তাঁর ষাটের দশকে রচিত রবীন্দ্রবিষয়ক কবিতার আলোকে এই প্রসঙ্গ খতিয়ে দেখা হবে।
শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’তে রবীন্দ্রনাথবিষয়ক কবিতা নেই। এই কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে।
কবিতাগুলো পঞ্চাশের দশকে লেখা, তাতে সন্দেহ নেই। এই সময়ে তাঁর কাব্যরুচি আর আধুনিকতাবাদী চৈতন্য কি রবীন্দ্রনাথ থেকে তাঁকে দূরে রেখেছিল! সম্ভবত তাই হয়ে থাকবে। ১৯৬৩ সালে প্রকাশিত ‘রৌদ্র করোটিতে’ কাব্যগ্রন্থ থেকে তাঁর রবীন্দ্রবিষয়ক কবিতা লেখার শুরু। এই এক কাব্যগ্রন্থেই তিনি লিখে উঠলেন রবীন্দ্রবিষয়ক অন্তত তিনটি পূর্ণাঙ্গ কবিতা, ‘যখন রবীন্দ্রনাথ’, ‘সূর্যাবর্ত’ ও ‘রবীন্দ্রনাথের প্রতি’। এ ছাড়া বিভিন্ন কবিতায় নানাভাবে এসেছে রবীন্দ্রপ্রসঙ্গ। রবীন্দ্র প্রসঙ্গে আনাগোনা সমগ্র ষাটের দশকব্যাপী রচিত তাঁর বেশ কিছু কবিতায় ইতস্তত ছড়িয়ে–ছিটিয়ে থাকতে দেখা গেছে। এসব রবীন্দ্রনাথবিষয়ক কবিতায় এবং চকিতে চলে আসা রবীন্দ্র প্রসঙ্গের কবিতায় রবীন্দ্রনাথ কীরূপে হাজির হয়েছেন, তার খোঁজখবর এবার নেওয়া যাক।
‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় রাহমান বলেছেন, ‘আমার মননে/ রাবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে/ এবং মেলাই তাকে বাস্তবের তুমুল রোদ্দুরে/ আর চৈতন্যের নীলে কত স্বপ্ন-হাঁস ভাসে নাক্ষত্রিক স্পন্দনে সর্বদা।’
রবীন্দ্রনাথকে অশেষ প্রেরণার উৎস দেখিয়ে রাহমান লিখেছেন ‘রৌদ্র করোটিতে’ কাব্যগ্রন্থের ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতা। সেখানে তিনি বলেছেন, ‘আমার দিনকে তুমি দিয়েছ কাব্যের বর্ণচ্ছটা/ রাত্রিকে রেখেছ ভরে গানের স্ফুলিঙ্গে, সপ্তরথী/ কুৎসিতের ব্যূহ ভেদ করবার মন্ত্র আজীবন/ পেয়েছি তোমার কাছে। ঘৃণার করাতে জর্জরিত/ করেছি উন্মত্ত বর্বরের অট্টহাসি কী আশ্বাসে।/ প্রতীকের মুক্ত পথে হেঁটে চলে গেছি আনন্দের/ মাঠে আর ছড়িয়ে পড়েছি বিশ্বে তোমারই সাহসে।’ এটি রবীন্দ্রনাথবিষয়ক রাহমানের একটি পূর্ণাঙ্গ কবিতার অংশ।
আবার শামসুর রাহমানের বিচিত্র কবিতাবালিতেও টুকরা টুকরাভাবেও এসেছে রবীন্দ্রনাথ প্রসঙ্গ। ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যের ‘স্বর্গে গেলাম দর্শক হিসেবে’ কবিতায় কবি স্বর্গে কী কী দেখেছেন, সেগুলোর একটা তালিকা হাজির করেছেন। সেখানে তিনি পিকাসোর ছবি দেখেছেন, দেখেছেন সার্ত আর ফকনারবিষয়ক আলোচনা। এ রকম আরও অনেক কিছুই তিনি দেখেছেন। কিন্তু এসব দেখাদেখির মধ্যে কবি দেখতে ভোলেননি যে সেখানে রবি ঠাকুরের গান ভেসে আসছে আর লোকে তাঁর সুরের টানে ছুটে যাচ্ছে। কবির ভাষায়, ‘রবি ঠাকুরের গান ভেসে আসে,/ ছুটে যায় লোক সুরের টানে।/ পিকাসোর ছবি ড্রয়িংরুমের/ দেয়ালকে দেয় অন্য মানে।’ আবার একই কাব্যের ‘কাননবালার জন্যে’ কবিতায় কবি রবীন্দ্রনাথের ছবিকে টাঙিয়ে দিয়েছেন গণ-মানুষের মধ্যে। কবির ভাষায়, ‘বিজয়িনী তুমি, তাই সেলুনে কি পানের দোকানে/ রবীন্দ্রনাথের পাশে ঝুলত তোমার ফটোগ্রাফ।’ সেলুনে পানের দোকানে রবীন্দ্রনাথের ছবি, কাননবালার পাশে রবীন্দ্রনাথের ছবি টানানো থাকত কি না, সেটি এখানে অবান্তর। তবে কবি ষাটের দশকে রচিত তাঁর কবিতায় টানিয়ে দিয়েছেন এটাই সত্য।
ছবি টানানো না হয় বুঝলাম বাইরের বিষয়। কিন্তু ‘সূর্যাবর্ত’ কবিতায় শামসুর রাহমান রবীন্দ্রনাথকে রীতিমতো তাঁর ব্যক্তিগত অনুভবের সীমার বাইরে নিয়ে স্থাপন করেছেন সমগ্র বাঙালির সত্তার মধ্যে, ‘যেমন রৌদ্রের তাপ জ্যোৎস্নার মদির মায়ালোকে/ হাওয়ার নির্ঝরে/ অথবা শ্রাবণে/ অক্লান্ত বর্ষণে বেঁচে থাকি মাঝে-মাঝে/ নিজেরই অজ্ঞাতে,/ তেমনি তোমার/ কবিতায়, গানে প্রতিধ্বনিত হয়ে জাগে/ আমাদের সত্তার আকাশ।’
একই কবিতায় রবীন্দ্রনাথ বাঙালির সংকটে এক বিরাট আশ্রয় হিসেবে কবির কাছে কীর্তিত হয়েছেন, ‘জীবন যখন ক্রমে কেবলি শুকিয়ে যায়, ডোবে/ পাঁকের আবর্তে আর বর্বরের বাচাল আক্রোশে/ অবলুপ্ত জ্ঞানীর সুভাষ,/ জেনেছি তখন/ অলৌকিক পদ্মের মতন/ তোমার স্মরণ/ উন্মোচিত হয়,/ হয় উদ্ভাসিত/ অসংখ্য প্রাণের তীর্থে এবং তোমার/ গানে গানে মৃত্যুর তুহিন শীতে ফোটে/ ফোটে অবিরত/ জীবনের পরাক্রান্ত ফুল।’
একদিকে রবীন্দ্রনাথ বিষয়ে পাকিস্তানি শাসক চক্র ও পাকিস্তানি জাতীয়তাবাদী চেতনার অনুসারীদের নেতিবাচক মনোভাব, অন্যদিকে পূর্ব বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি ও সংস্কৃতিকর্মীদের রবীন্দ্রনাথকে প্রেরণার উৎস মনে করে আঁকড়ে ধরা—এ দুয়ের দ্বন্দ্ব-সংঘাতে সমকালীন কবিরা প্রেরণা বোধ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লেখার।
ষাটের দশকে কবিরা যখনই অবরুদ্ধ বোধ করেছেন, তখনই অনেকে নিজের আশ্রয় খুঁজেছেন রবীন্দ্রনাথের মধ্যে। রবীন্দ্রনাথ হয়ে উঠেছে তাঁদের বদ্ধ ঘরের একটি মুক্ত জানালা; মুক্তির এক টুকরা আকাশ। অনেকে বোধ করেছেন চারদিকে সবকিছু যখন বন্ধ, তাঁদের কাছে যখন কেউ আসে না বা আসতে দেওয়া হয় না, তখনো রবীন্দ্রনাথ দেখা দেন তাঁদের চৈতন্যের গভীরে। শামসুর রাহমান ‘সোনার তরী’ কবিতায় লিখেছেন, ‘নিষ্প্রদীপ ঘরে থাকি রাত্রিদিন। দরজা-জানালা/ বন্ধ সবি। বড় শ্বাসকষ্ট হয়; হঠাৎ কখনো/ ইচ্ছে করে “এ্যাম্বুলেন্স চাই” বলে তারস্বরে দূর/ আকাশ ফাটাই। কখনো-বা মাছ শিকারির মতো/ ব’সে থাকি, নিবিড় অপেক্ষমাণ। এ বন্ধ ঘরেও/ ভিড়ছে সোনার তরী, আপনারা স্বচক্ষে দেখুন।’
রবীন্দ্রনাথকে রাহমান শুধু পঁচিশে বৈশাখে সীমাবদ্ধ দেখেননি। বলেছেন, ‘তুমি নও সীমিত শুধুই কোনো পঁচিশে বৈশাখে/ তোমার নামের ঢেউ একটি দিনের/ সংকীর্ণ পরিধি ছিঁড়ে পড়েছে ছড়িয়ে/ রূপনারাণের কূলে, বৈশাখের নিরুদ্দেশ মেঘে/ অনন্তের শুভ্রতায়/ তুমি নও সীমিত শুধুই/ পঁচিশে বৈশাখে।’
এই যে শামসুর রাহমানের ষাটের দশকের কবিতায় রবীন্দ্রনাথের অধিষ্ঠান, তার সঙ্গে তো ত্রিশের কবিদের অন্তত দুই প্রজন্ম পরের কবির চেতনাকে, কাব্যরুচিকে মেলানো মুশকিল। তা ছাড়া রাহমান নিজেই তো ১৯৬৭ সালে প্রকাশিত তৃতীয় কাব্যগ্রন্থ ‘বিধ্বস্ত নীলিমা’র ‘আত্মজৈবনিক’ কবিতায় স্পষ্ট করেই বলেছেন, তাঁর জীবনের ‘মধ্যপথে কেড়েছেন মন/ রবীন্দ্রনাথ ঠাকুর নন, সম্মিলিত তিরিশের কবি’। কিন্তু ত্রিশেও তিনি থাকেননি। স্পষ্ট করে বলেছেন, ‘ক্ষমা করুন রবীন্দ্রনাথ, আপনার মহান মায়াবী শৈলাবাস থেকে,/ ভুল বুঝবেন না নজরুল, আপনার হারমোনিয়ামের আওয়াজে/ মধুর মজলিশ আর হাসির হুল্লোড় থেকে,/ কিছু মনে করবেন না জীবনানন্দ, আপনার সুররিয়ালিস্ট হরিণেরা/ যেখানে দৌড়ে যায়, সেখান থেকে,/ মাফ করবেন বিষ্ণু দে, আপনার স্মৃতি সত্তা ভবিষ্যৎ থেকে/ অনেক দূরে যেতে চায় সেই দামাল জেব্রাগুলো।’ অর্থাৎ রবীন্দ্রনাথ তিনি অতিক্রম করেছেন বহু আগেই। কিন্তু তবু ওই ষাটের কবিতার মধ্যেই রবীন্দ্রনাথের এই অধিষ্ঠান বিস্ময়কর বৈকি।
আসলে শামসুর রাহমানের এই রবীন্দ্রমুগ্ধতার পেছনে ক্রিয়াশীল তাঁর জাতীয়তাবাদী প্রকল্প। বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ষাটের দশকে রবীন্দ্রনাথের যে রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল, এ তারই অংশ। ষাটের দশকের প্রথমার্ধে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ কীভাবে পূর্ব বাংলায় জাতীয়তাবাদী চেতনার প্রেরণা হয়ে উঠলেন, কীভাবে রাজনৈতিক হয়ে উঠলেন, সে ইতিহাস আমাদের জানা। একদিকে রবীন্দ্রনাথ বিষয়ে পাকিস্তানি শাসক চক্র ও পাকিস্তানি জাতীয়তাবাদী চেতনার অনুসারীদের নেতিবাচক মনোভাব, অন্যদিকে পূর্ব বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি ও সংস্কৃতিকর্মীদের রবীন্দ্রনাথকে প্রেরণার উৎস মনে করে আঁকড়ে ধরা—এ দুয়ের দ্বন্দ্ব-সংঘাতে সমকালীন কবিরা প্রেরণা বোধ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লেখার। নিজেদের মধ্যে তাঁরা রবীন্দ্রনাথের অবস্থিতিকে খুঁজে পেয়েছেন। তবে এই রবীন্দ্রনাথ নতুন বিন্যাসে মেরুকরণকৃত অর্থাৎ নিশ্চিতভাবে রাজনৈতিক। এর সঙ্গে কাব্যরুচি ও জীবনচেতনার সম্পর্ক কতটুকু, তা অন্বেষণের বিষয়ই বটে। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ রাজনৈতিকভাবে শিক্ষিত বাঙালির মধ্যে রাজনৈতিকভাবে জায়গা করে নিয়েছেন, তার ধারা আজও বহমান বলেই মনে হয়।
তবে এ কথা সত্যি, জনগোষ্ঠীর চৈতন্যে রবীন্দ্রনাথের একমাত্রায় অধিষ্ঠান না থাকলে শামসুর রাহমানদের কলমে ষাটের দশকে রবীন্দ্রনাথের অধিষ্ঠান ঘটত কি না, তা নিয়ে সন্দেহ করার অবকাশ রয়ে যায়।