
পৃথিবীতে নগরকুল নামে একটা বাজার আছে। নরসন্ধ্যা নদীর পাড়ে লোকালয় থেকে বিচ্ছিন্ন একটা বাজার। রাস্তা নেই ঘাট আছে। বর্ষার পানি নেমে গেলে সেই ঘাটটাকে অনেক উঁচু মনে হয়। জীবনের অনেকটা সময় সেই উঁচু নির্জন ঘাটটায় বসে বসে আমি কাকে যেন ভেবেছি, আজ মনে নেই। সেই ঘাটে দাঁড়ালে পানির ওপর দিয়ে দূরে তাড়াইল বাজার দেখা যায়। তাড়াইল তো থানা সদরও। তাড়াইল আর নগরকুলের মাঝে একটা বিস্তীর্ণ মাঠ। বর্ষা এলে সেই মাঠ পানিতে থই থই করে। আর এখন, এই যে বর্ষা আসি আসি করছে, এখন পুরোটা হাঁটুপানি, নদীর পাড় এখনো উঁচু হয়ে আছে। নদীর পাড় ধরে হাঁটা যায়। মাঝিরা পাড় ধরে গুন টানে। কী মনে করে আজ দুপুরে নৌকা থেকে হঠাৎ নেমে গেলাম। তাড়াইল আর নগরকুলের মাঝামাঝি। আকাশে এই মেঘ এই রৌদ্র। ওমা! নেমে শামুকের সঙ্গে দেখা। ওই যে শামুক, যাকে আমি ভালোবাসি। রৌদ্রছায়ায় শামুকের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো, শামুক আমার সঙ্গে খেলা করল। গুটিয়ে যাওয়ার আগে শামুক আমাকে অনেক আদর করল। এসব স্বপ্নে পাওয়া জহরত। ঘুম ভেঙে গেলে অবুঝ বালকের কান্নার মতো জহরতগুলোর জন্য হাহাকার জমা হয়। মনে হয়, আহা! শামুককে যদি কাছে পাওয়া যেত। যদি তাকে জড়িয়ে ধরে বলা যেত, এই যে শামুক, আপনাকে আমি খুব ভালোবাসি।