শার্লক হোমসগণ
>রহস্যের মায়াজাল, নাকি মূল চরিত্রের বর্ণিল ব্যক্তিত্ব—কিসের আকর্ষণে গোয়েন্দা–কাহিনিতে বুঁদ হন পাঠক? পড়ুন সেই সব বিখ্যাত গোয়েন্দা-চরিত্রের কথা, যারা তাদের গল্পের চেয়েও বড়!

সৃষ্টি স্রষ্টাকে ছাড়িয়ে গেলে সার্থকতা সৃষ্টারই। শার্লক হোমস পৃথিবীজুড়ে যতটা পরিচিত, এই গোয়েন্দার স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল ততটা নন।
গিনেসের রেকর্ড বইয়ে শার্লক হোমস প্রায় স্থায়ী একটি আসন দখল করে আছে—পৃথিবীর সর্বাধিক অভিনীত চলচ্চিত্র-চরিত্র হিসেবে। নির্বাক যুগে ১৯০০ সালে তাকে নিয়ে প্রথম সিনেমা শার্লক হোমস ব্যাফলড। এখনো প্রতিবছর কোনো না কোনো দেশে খ্যাতিমান কোনো এক অভিনেতা শার্লক হোমস চরিত্রে অভিনয় করে যাচ্ছেন। এ পর্যন্ত ২০০-র বেশি সিনেমা মুক্তি পেয়েছে, অন্তত ৭০ জন বিখ্যাত অভিনেতা নিজেদের শার্লক হোমস হিসেবে চলচ্চিত্রায়িত হতে দেখেছেন।
আর্থার কোনান ডয়েলের কাছ থেকে ধার নিয়ে এই গোয়েন্দাকে অন্যতম চরিত্রে রেখে কাহিনি রচনা করেছেন অ্যান্থনি বার্জেস, ডরোথি হিউজেস, স্টিফেন কিং, পিজি ওডহাউস, এ এ মিলনে, নেইল গেইম্যান, জন ডিক্সন কার এবং আরও অনেকে।
শার্লক হোমস প্রায় সব ভাষার শ্রেষ্ঠ গোয়েন্দা লেখকদেরও প্রভাবিত করেছে। বাংলা সাহিত্যের দুই প্রধান গোয়েন্দা ব্যোমকেশ ও ফেলুদা শার্লক হোমসের কায়দাকানুন এবং অনুসন্ধান-পদ্ধতি অনুসরণ করেছে। এমনকি আগাথা ক্রিস্টিও শার্লক হোমস প্রভাবিত হয়ে লিখেছেন দীর্ঘদিন।
স্যার আর্থার কোনান ডয়েলের প্রথম উপন্যাস আ স্টাডি ইন স্কারলেট গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৯০ সালে। আর শার্লক হোমস নামের প্রাতঃস্মরণীয় গোয়েন্দা-চরিত্রটিও আবির্ভূত হয় এই উপন্যাসে। সঙ্গে ডাক্তার জন ওয়াটসন।
শার্লক হোমসের গোয়েন্দাগিরির ক্ষমতা নির্ধারণের জন্য ওয়াটসন শুরুতেই তার সম্পর্কে একটি মূল্যায়ন পেশ করেন: সাহিত্যজ্ঞান: শূন্য। দর্শন জ্ঞান: শূন্য। মহাকাশজ্ঞান: শূন্য। রাজনৈতিক জ্ঞান: কিঞ্চিৎ। উদ্ভিদজ্ঞান: কোনোটা কম কোনোটা বেশি; বেলাডোনা, আফিম ও কিছু বিষাক্ত বৃক্ষ ভালোই চেনে, কিন্তু বাগান করা সম্পর্কে কোনো বাস্তব জ্ঞান নেই। ভূতাত্ত্বিক জ্ঞান: বাস্তব জ্ঞান আছে, কিন্তু তা সীমিত; একনজর দেখেই বলতে পারে কোনটা কোন ধরনের মাটি।...ইত্যাদি।
এই কাহিনিতেই দেখা যায় শার্লক হোমসের লাতিন ভাষাজ্ঞান বেশ সন্তোষজনক। আর ‘আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া’ গল্পে এসে প্রমাণ হয় তার রাজনীতিজ্ঞান কিঞ্চিত পরিমাণে নয়, বেশিই। তারপর অন্য কাহিনিতে এসে দেখা যায় চরিত্রটি শেক্সপিয়ার ও গ্যেটে থেকে একনাগাড়ে উদ্ধৃতি দিচ্ছে, বাইবেলের উদ্ধৃতিও ছাড়ছে না; গুস্তাব ফ্লবেয়র ও জর্জ স্যান্ডের লেখা থেকে উদ্ধৃতি দিচ্ছে মূল ফরাসি ভাষায়। দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস-এ এসে যশুয়া রেয়নল্ড ও মার্টিন জোলারের রচনা সে-ই শনাক্ত করছে। গুপ্তলেখাবিদ্যা সে বেশ ভালো বোঝে এবং ডিসাইফার করতে পারে। পায়ের ছাপ, খুরের ছাপ, বাইসাইকেলের ট্র্যাক বিশ্লেষণ করতে জানে, সিগারেটের ছাই ও সিগারেটের বাঁট বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করতে পারে।
শার্লক হোমস তার গোয়েন্দা বৃত্তিতে ‘ইনডাকটিভ রিজনিং’ ও ‘ডিডাকটিভ রিজনিং’ দুটোই ব্যবহার করে। সবকিছু মিলিয়ে শার্লক হোমস ও গোয়েন্দা—এই দুটি প্রত্যয় এখন পরস্পরের মধ্যে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে যে শার্লক হোমস মানেই দাঁড়িয়েছে একজন সফল গোয়েন্দা।
‘আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া’-তে শার্লক হোমস বলেছে, আপনি দেখেন আর আমি লক্ষ করি, তফাতটা এখানেই। আ স্টাডি ইন স্কারলেট-এ সে বলে, ‘আমি তাদের গল্প শুনি, তারা শোনে আমার মন্তব্য। তারপর আমার পাওনা ফিটা আমি পকেটে পুরে ফেলি।’
যাঁদের হাতে গোয়েন্দা উপন্যাস
শুরু এডগার অ্যালান পোকে দিয়ে। তারপর দুই দিকপাল আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি। ১৯১৮ থেকে ১৯৩০ গোয়েন্দা সাহিত্যের স্বর্ণযুগ। ঊনবিংশ শতকে গোয়েন্দা সাহিত্য লিখেছেন এডগার অ্যালান পো, চার্লস ডিকেন্স, উইকি কলিন্স, ন্যাথানিয়েল হথর্ন, অ্যানা ক্যাথরিন গ্রিন ও এমিল গ্যাবোরিও। তারপর ঊনবিংশ ও বিংশ শতকের সন্ধিক্ষণে যাঁরা এ ধারায় সাহিত্য রচনা করে খ্যাতিমান হয়েছেন, তাঁরা হলেন আর্থার কোনান ডয়েল, ফিলিপস ওপেনহেইম, অস্টিন ফ্রিম্যান, মরিস ল্যাবল্যাঙ্ক, রবার্ট রাইনহার্ট, গ্যাস্টন লেরো প্রমুখ। তবে গোয়েন্দা-কাহিনির সোনালি যুগ ছিল ১৯১৮-১৯৩০ পর্যন্ত। এ সময় আগাথা ক্রিস্টি, অ্যান্থনি বার্কলে, জি কে চেস্টারটন, জন ডিকসন কারসহ অনেকেই বিশিষ্ট হয়েছেন গোয়েন্দা সাহিত্য লিখে।
সমকালীন সময়ে পিডি জেমস, অ্যান্থনি প্রাইস, এরিখ অ্যাম্বলার, ইয়ান ফ্লেমিং, জন লে কারে, জিম থম্পসন, পিটার রবিনসন, রেজিনাল্ড হিল, রুথ রেন্ডেল, রবার্ট লুডলাম, ড্যান ব্রাউন, স্যু গ্রাফটন, স্টিফেন কিং, কেন ব্রুয়েন, লিন্ডা বায়েস, লিমা জ্যাকসন এই ধারায় লিখে যাচ্ছেন চমৎকার সব বই।
প্রথম গোয়েন্দা: মাঠে ও ফিকশনে
১৬৬৭ সাল। আনুষ্ঠানিকভাবে পুলিশ বিভাগ প্রথম প্রতিষ্ঠিত হয় প্যারিসে। স্বেচ্ছাসেবকদের দিয়ে পুলিশের দায়িত্ব পালনের রীতি তখন বদলাতে শুরু করেছে; প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের ওপরই মানুষের আস্থা বাড়ছিল। তবে আঠারো শতকের আগে পুলিশের মধ্যে স্বতন্ত্র ‘ডিটেকটিভ’ বা গোয়েন্দা তৈরির বিষয়টি ভাবা হয়ে থাকলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। পৃথিবীর প্রথম প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি স্থাপন করেন লাগাতার অপরাধকর্মে জড়িত থাকা এবং বারবার গ্রেপ্তার হওয়া জেলখাটা অপরাধী ইউজিন ফ্লাসোঁয়া ভিদোক। আঠারো শতকের গোড়ার দিকের ঘটনা এটি। কাছাকাছি সময়ে ‘বাউ স্ট্রিট রানার্স’ গোয়েন্দা কার্যক্রম শুরু করে লন্ডনে। আর যুক্তরাষ্ট্রের বোস্টনে প্রাতিষ্ঠানিকভাবে গোয়েন্দা বিভাগ স্থাপিত হয় ১৮৪৬ সালে।
এডগার অ্যালান পো পৃথিবীর প্রথম ফিকশনাল ডিটেকটিভ সি. অগুস্ত দুঁপোকে নিয়ে আসেন আরও পাঁচ বছর আগে, ১৮৪১ সালে রু মর্গ হত্যাকাণ্ড কাহিনিতে। তারপর দুঁপোর পুনরাবির্ভাব ঘটে ১৮৪২-তে ম্যারি রোজেত রহস্য উপন্যাসে। রু মর্গ হত্যাকাণ্ডের ঘটনায় প্যারিসে মা ও মেয়ে হত্যার তদন্ত করে দুঁপো।
ম্যানহাটনের একটি সিগারেটের দোকানের সেলস ওমেন ম্যারি রোজার্সের লাশ ভেসে ওঠে হাডসন নদীতে। এই ঘটনার ওপর ভিত্তি করে অ্যালান পো লেখেন ম্যারি রোজেত রহস্য এবং এ আখ্যানেই হত্যার ঘটনা তদন্তের দায়িত্ব পায় পুলিশ কর্মকর্তা দুঁপো।
এডগার অ্যালান পো যখন এই গোয়েন্দা কাহিনি লেখেন ‘ডিটেকটিভ’ শব্দটি তখনো ইংরেজি অভিধানে ঠাঁই পায়নি, এটি অভিধানে প্রবেশ করে ১৮৪৩ সালে।
বস্তুত অগুস্ত দুঁপোই পৃথিবীর প্রথম ফিকশনাল ডিটেকটিভ। এই গোয়েন্দা প্রবলভাবে প্রভাবিত করেছে পৃথিবীর শ্রেষ্ঠ দুই গোয়েন্দা শার্লক হোমস ও হারকিউল পোয়ারোকে, যাদের স্রষ্টা ঔপন্যাসিক আর্থার কোনান ডয়েল ও আগাথা ক্রিস্টি।
গোয়েন্দার রকমফের
সাহিত্যের গোয়েন্দা মূলত চার ধরনের: ১. শখের গোয়েন্দা: যেমন মিস মার্পল, বোস্টন ব্ল্যাকি। ২. প্রাইভেট গোয়েন্দা: যেমন শার্লক হোমস, হারকিল পোয়ারো। ৩. পুলিশ গোয়েন্দা: যেমন ইন্সপেক্টর ডেপ। ৪. ফরেনসিক বিশেষজ্ঞ: যেমন ডাক্তার কুইন্সি, ডাক্তার থর্নডাইক।
এক্ষণে জানিয়ে রাখি, গেয়েন্দা সাহিত্যের কয়েকজন গোয়েন্দা ও তাদের স্রষ্টার নাম: কর্ডেলিয়া গ্রে—পি ডি জেমস, শার্লক হোমস—আর্থার কোনান ডয়েল, জ্যাক আইরিস—পিটার টেম্পল, জেমস বন্ড—ইয়ান ফ্লেমিং, কিনসে মিলহোন—সু গ্রাফটন, ফিলিপ মার্লো—র্যায়মন্ড চ্যান্ডলার, হারকিউল পোয়ারো—আগাথা ক্রিস্টি, মাইক হ্যামার—মিকি স্মিলেইন, হেট্টি উইনথ্রপ—ডেভিড কুক, ইন্সপেক্টর শান—এলিয়ট প্যাটিসন, স্যালি লকহার্ট—ফিলিপ পুলম্যান, জোনাথান ও জেনিফার হার্ট—সিডনি শেলডন, বোস্টন ব্ল্যাকি—জ্যাক বয়েল।
অনন্য গোয়েন্দা-চরিত্র
আগাথা ক্রিস্টির অনন্য গোয়েন্দা-চরিত্র হারকিউল পোয়ারো। এই গোয়েন্দার প্রথম আত্মপ্রকাশ ১৯২০ সালে, দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ারর্স অব স্টাইল উপন্যাসে। ক্রিস্টি পোয়ারোকে এনেছেন ৩৩টি উপন্যাস, ১টি নাটক ও অন্তত ৫০টি ছোটগল্পে। বেলজিয়ামের বাসিন্দা হারকিউল পোয়ারোর স্বভাব এমন—অত্যন্ত সময়নিষ্ঠ, পকেটে শালগমাকৃতির একটি ঘড়ি সে বহন করেছে পেশাগত জীবনের শেষ দিন পর্যন্ত। বরাবরই একটি নির্দিষ্ট ব্যাংক ব্যালেন্স রক্ষা করে টাকাপয়সা খরচ করেছে পোয়ারো। সেই নির্দিষ্ট ব্যাংক ব্যালেন্স হচ্ছে ৪৪৪ পাউন্ড ৪ শিলং ৪ পেন্স।
বিংশ শতকের শ্রেষ্ঠ গোয়েন্দা হারকিউল পোয়ারো। ১৯২০ থেকে ১৯৭৫ পর্যন্ত এই প্রিয় চরিত্রটিকে নিয়ে লিখে গেছেন আগাথা ক্রিস্টি। ফাইভ লিটল পিগস কাহিনিতে পোয়ারোর ভাষ্য ছিল, নিশ্চিত থাকুন, আমিই সর্বশ্রেষ্ঠ।
‘জিরো জিরো সেভেন’—কথাটি মনে হলেই চোখে ভাসে জেমস বন্ডের ছবি। সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস ‘এম আই-সিক্স’-এর স্পাই বা গুপ্তচর জেমস বন্ড। ইয়ান ফ্লেমিং সৃষ্ট জেমস বন্ডের সাংকেতিক নাম ডবল ও সেভেন। ক্যাসিনো রয়্যাল-এর মাধ্যমে ১৯৫৩-তে প্রথমবারের মতো যাত্রা শুরু হয় ইয়ান ফ্লেমিং প্রণীত বন্ড উপন্যাসের। আমেরিকান পক্ষিবিশারদ জেমস বন্ডের নামটি ব্যবহার করে অত্যন্ত নির্জীব বিরক্তিকর এবং অনাকর্ষণীয় একটি চরিত্র তৈরি করতে চেয়েছিলেন রচয়িতা ফ্লেমিং। কিন্তু বিস্ময়ের কথা হলো, জেমস বন্ড হয়ে উঠলেন শতাব্দীর ‘স্মার্টেস্ট’ চরিত্র। ফ্লেমিং বন্ডকে কেন্দ্রেরেখে লিখেছেন লিভ অ্যান্ড লেট ডাই, মুনরেইক, ডায়ামন্ডস আর ফরএভার, ফ্রম রাশা উইথ লাভ, ডক্টর নো, গোল্ডফিঙ্গার, ফর ইয়োর আইজ ওনলি, থান্ডারবল, দ্য স্পাই হু লাভড মি, অন হার ম্যাজেস্টস সিক্রেট সার্ভিস।
১৯৬৪ সালে মারা গেছেন বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিং। তবে লেখকের মৃত্যু হয়েছে বলে কি দাপট কমেছে ব্রন্ডের? মোটেই তেমনটি নয়। মূল লেখকের মৃত্যুর পর বর্তমানে আট খ্যাতিমান লেখক অব্যাহত রেখেছেন জেমস বন্ড সিরিজ লেখার কাজ। এই তথ্যের নিরিখে এবার ভাবুন তো সমকালীন বিশ্বে কী পরিমাণ জনপ্রিয় জেমস বন্ড, আর কতটাই-বা জনপ্রিয় গোয়েন্দা-চরিত্রগুলো—শার্লক হোমসগণ!