শাহজাহান ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ৪০০ বছর উদযাপনের ধারাবাহিকতায় এই বিশেষ আয়োজন। ইতিহাস ঘেঁটে পাওয়া যায়, সম্রাট শাহজাহান রণকৌশলের অংশ হিসেবে ঢাকা এসেছিলেন। সেই ঘটনাসহ পিতা কর্তৃক ভাগ্যহীন ঘোষিত সম্রাট কীভাবে আবার পিতার ক্ষমা পেয়েছিলেন, এটি তারও কাহিনি।পিতার চার পুত্রের মধ্যে তিনিই সবচেয়ে উজ্জ্বল। রণকুশলী, তীক্ষবুদ্ধি এবং প্রশাসনিক দক্ষতার অধিকারী শাহজাদা খুররম সম্রাট জাহাঙ্গীরের অতি আদরের সন্তান, মোগল-সিংহাসনের ঘোষিত উত্তরাধিকারী। পুত্রস্নেহে পিতা শাহজাদাকে উপাধি দিলেন শাহজাহান বা পৃথিবীর বাদশাহ।আমদরবারে সম্রাটের উপস্থিতিতে সিংহাসনের পাশে তাঁর বসার জন্য একটি আসন পাতা হলো। কোনো মোগল শাহজাদা পিতার জীবদ্দশায় এহেন শাহি সম্মান এবং খেতাবের কথা কল্পনাও করতে পারেননি। অথচ রাজসিংহাসন আর প্রাসাদরাজনীতির কী বিচিত্র গতি! পুত্রগর্বে যাঁকে অজস্র অনুগ্রহ বর্ষণ করেছিলেন, সেই পিতাই কদিন পর ক্রোধে, হতাশায় পুত্রের নামও উচ্চারণ করা থেকে বিরত হলেন। শাহজাহানের প্রসঙ্গ উঠলেই সম্রাট তাঁকে ‘বিদৌলত’ বা ভাগ্যহীন নামে সম্বোধন করেন। তাঁর স্মৃতিকথা তুজুক-ই জাহাঙ্গীর-এ সম্রাট লিখেছেন, ‘এখন থেকে সকলে যেন তাকে “বি-দৌলত” বা ভাগ্যহীন বলে সম্বোধন করেন। এই বিবরণীতে যেখানেই বি-দৌলত কথাটি ব্যবহূত হবে তাতে তাকেই বুঝতে হবে।’শাহজাহানের বিদ্রোহ পিতা জাহাঙ্গীরের কাছে শুধু অপ্রত্যাশিতই নয়, ছিল গভীর বেদনা ও হতাশাজনক। পুত্রের অবিমৃশ্যকারিতায় ক্ষুব্ধ জাহাঙ্গীর তুজুক-ই জাহাঙ্গীর-এ লিখেছেন, ‘কী পরিমাণ স্নেহানুরাগ তাকে ঢেলে দিয়েছিলাম, সে বিষয়ে সুষ্ঠু বর্ণনা দিতে আমার কলম শক্তিহীন হয়ে পড়েছে।’বিমাতা নূরজাহানের চক্রান্তে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন, এমন আশঙ্কায় শাহজাহান পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে আগ্রা দুর্গ আক্রমণ করেছিলেন। শহর লুট করলেও দুর্গ দখল করতে পারেননি। শাহি সৈন্যের সঙ্গে ক্রমাগত যুদ্ধে পরাজিত হয়ে কোণঠাসা শাহজাদা উড়িষ্যায় আশ্রয় নিলেন। সহজেই উড়িষ্যা জয় করে এবার বাংলা জয়ের তোড়জোড়ে নেমে পড়লেন বিদ্রোহী যুবরাজ। তুজুক-ই জাহাঙ্গীর-এ সম্রাট দুঃখ করে লিখেছেন, ‘আমার নিজের দুঃখের কথা কী বলব—শরীরের ব্যথা-বেদনা ও দুর্বলতা সত্ত্বেও আমাকে অশ্বপৃষ্ঠে সেই অকৃতজ্ঞ ও কর্তব্যজ্ঞানহীন পুত্রের বিরুদ্ধে ধাবিত হতে হবে।’ বিদ্রোহী শাহজাদা অনেক ভেবেচিন্তেই বাংলা সুবাহ দখল করায় হাত দিয়েছিলেন। রণকুশলী শাহজাহানের এই সুবার ভূরাজনৈতিক সুবিধাগুলো চোখ এড়ায়নি। এর ভৌগোলিক বিচ্ছিন্নতা, অজস্র নদীনালা ও বিশাল জলাভূমির কারণে একটি নিজস্ব নিরাপত্তা-বলয় গড়ে উঠেছে এই অঞ্চলে। এ ছাড়া এই প্রদেশের ভঙ্গুর রাজনৈতিক কাঠামো, দুর্বল শাসনব্যবস্থা, যোগাযোগের অভাব এবং কেন্দ্র থেকে বিশাল দূরত্ব যেকোনো বিচ্ছিন্নতাবাদীর জন্য বাড়তি সুবিধা এনে দেয়। প্রয়োজন হলে বাংলার পরাজিত বারো ভুঁইয়া এবং জমিদারদের এই মোগলশাহির বিরুদ্ধে দলে টানা যাবে। মুসা খানের পুত্র মাসুম খান বশ্যতা স্বীকার করলেও যেকোনো সুযোগে মোগল-অধীনতা ছুড়ে ফেলতে যে আগ্রহী, তা শাহজাহান সহজেই আঁচ করতে পেরেছিলেন। শাহি দরবারের শত্রু আরাকানের মগরাজার সঙ্গে মিত্রতা করে এগিয়ে আসা শাহি সৈন্যদের বিরুদ্ধে জোট তৈরি করার চিন্তাও তাঁর মাথায় ছিল। হুগলীর পর্তুগিজদের সঙ্গেও বোঝাপড়া করে তাদের সহায়তা পাওয়ার সম্ভাবনা তাঁকে প্রভাবান্বিত করে। বাংলায় অফুরন্ত সম্পদ, বিশাল শস্যভান্ডার, যুদ্ধ-উপকরণ, নৌকা, হাতি ও গোলাবারুদের নিয়মিত সরবরাহ তাঁকে দীর্ঘস্থায়ী যুদ্ধে অবশ্যই সাহায্য করবে। সুতরাং বাংলায় ঘাঁটি গেড়ে শুধু বিশ্রামই নয়, দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যাওয়ার শক্ত ঠাঁইও গড়ে তোলা সম্ভব—এমন বিশ্বাসে শাহজাদা বাংলা-জয়ে ঝাঁপিয়ে পড়লেন। জাহাঙ্গীরনগরে মোগল সুবেদার ইব্রাহিম খান ফতেহ জংকে আত্মসমর্পণের জন্য দূত হিসেবে পাঠালেন শাহজাদা। ইব্রাহিম খান স্বাধীনতার গণ্ডির ভেতর থেকে শাহজাদার প্রস্তাবে অস্বীকৃতি জানিয়ে সম্রাটের প্রতি আনুগত্য বজায় রাখলেন। আকবরপুরের যুদ্ধে শাহজাদাকে প্রাণপণে বাধা দিয়ে ও ইব্রাহিম খান বিদ্রোহীদের হাতে পরাজিত ও নিহত হলেন (২০ এপ্রিল ১৬২৪)। রাজমহল দুর্গ শাহজাহানের দখলে এসে গেল। এবার তাঁর লক্ষ্য ঢাকার রাজকোষে সঞ্চিত অর্থ, সামরিক উপকরণ এবং বিশাল শাহি নৌবহর। রাজমহল থেকে রওনা হয়ে শাহজাদপুরে বিশ্রাম নিয়ে ‘নবম দিবসে বিজয়ী শাহজাহান নিরাপদে এবং হূষ্টচিত্তে জাহাঙ্গীরনগর উপস্থিত হন’। স্যার যদুনাথ সরকারের মতে, ১৯২৪ সালের মে মাসের গোড়ার দিকে শাহজাহান ঢাকায় পৌঁছান। শাহজাদার ঢাকাবাসের একমাত্র প্রামাণ্য সূত্র মির্জা নাথানের বাহারিস্তান-ই-গায়বি (অনুবাদ খালেকদাদ চৌধুরী, দিব্যপ্রকাশ ঢাকা ২০০৪)। মির্জা নাথন জানাচ্ছেন, শাহজাহান ঢাকায় পৌঁছে বেশ ভালো অভ্যর্থনা পেয়েছিলেন। তাঁর আসার আগেই ইতিমাদ খান ঢাকায় এসে ছোট-বড় সব কর্মচারী ও ইব্রাহিম খানের বিধবা বেগমকে প্রবোধ ও সান্ত্বনা দিয়েছিলেন। মির্জা নাথান আরও লিখেছেন, ‘সমস্ত খাঁ-ই তাঁদের পদমর্যাদা অনুযায়ী একজনের পর একজন করে এক থেকে দুই মাইল অগ্রসর হয়ে শাহজাহাদাকে অভ্যর্থনা জানানোর জন্য সমবেত হন। তাঁদের প্রত্যেককেই পদমর্যাদা অনুযায়ী সম্মানসূচক পোশাক, ঘোড়া, শাল এবং অন্যান্য জিনিস দিয়ে সম্মানিত করা হয়। মরহুম ইব্রাহিম খাঁর বেগম তাঁর সমস্ত পরিবার-পরিজন নিয়ে শাহজাদার পদপ্রান্তে হাজির হয়ে গৌরবান্বিত হন।’ শাহজাহান জাহাঙ্গীরনগর দুর্গের ইব্রাহিম খাঁর মনোরম প্রাসাদে সাত দিন কাটালেন। এ তথ্যও মির্জা নাথানের সূত্রে পাওয়া। বর্তমানে যেখানে ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেখানেই ছিল ইব্রাহিম খাঁর প্রাসাদ ও জাহাঙ্গীরনগর দুর্গ। সপ্তাহব্যাপী ঢাকাবাসের প্রায় প্রতিটি দিনই কর্মব্যস্ততায় কাটিয়েছেন শাহজাদা। সমগ্র সুবাহর ব্যাপক প্রশাসনিক রদবদল করে তিনি আনুগত্য ও বিশ্বস্ততার মাপকাঠিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলি দিলেন। দরাব খানকে বাংলার নতুন সুবেদার করা হলো। মির্জা হেদায়েত উল্লাহকে বখারি ও ওয়াকিপ্রধান এবং মালিক হোসেনকে সারা প্রদেশের খাজাঞ্চি পদে নিয়োগ দিলেন। প্রশাসনে গুরুত্বপূর্ণ সংস্কার করা হলো। একটি সুবার পরিবর্তে বাংলাকে তিনি চারটি সুবায় বিভক্ত করলেন; যথা—ভাটি, কামরূপ, যশোর ও রাজমহল বা গৌড়। দরাব খানকে ভাটির সুবেদার করা হলো। এই চারটি নতুন সুবাহর জন্ম শাহজাহানের রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচায়ক। তিনি চাননি, দরাব খানের হাতে কামরূপ এবং বাংলার সব ক্ষমতা ও সম্পদ কেন্দ্রীভূত হোক। সুবাহ ভাগের মাধ্যমে তিনি দরাব খানের ক্ষমতা সীমিত করতে চেয়েছিলেন। দরাব খান যে পুরোপুরি বিশ্বাসযোগ্য নন, তার প্রমাণ পরে পাওয়া গেল, যখন তিনি শাহজাহানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। শাহজাদার এসব সংস্কার অবশ্য খুব বেশিদিন টেকেনি। শাহি ফৌজের হাতে পরাজয় এবং বাংলা ছেড়ে যাওয়ার পর এসব সংস্কারই বাতিল হয়ে যায়।জাহাঙ্গীরনগরের রাজকোষ থেকে বিপুল নগদ টাকা হস্তগত করেন শাহজাহান। ‘রিয়াজুস সালাতিনের’ মতে, এই নগদ টাকার পরিমাণ প্রায় ৪০ লাখ। এ ছাড়া বহু বস্ত্র, শাহি অস্ত্রাগারের স্থায়ী যুদ্ধ-উপকরণ, ৫০০ হাতি, ৪০০ ঘোড়া, গোলন্দাজ বাহিনীর প্রায় পুরো সরঞ্জাম এবং বিশাল মোগল নৌবহর তাঁর দখলে আসে। এসব উপকরণ, বিশেষ করে নৌবহর তিনি পরবর্তীকালে শাহি ফৌজের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন।শাহজাহানের ঢাকা অবস্থানকালে একটি উল্লেখযোগ্য ঘটনার কথা লিখেছেন মির্জা নাথান। শাহজাদার আগমনের সংবাদ পেয়ে আরাকানরাজ থিরি থুধাম্মা এক লাখ টাকা মূল্যের দুষ্প্রাপ্য দ্রব্যাদি পেশকাপ হিসেবে দূতের মারফত শাহজাদাকে পাঠালেন। মির্জা নাথান এ প্রসঙ্গে লিখেছেন, ‘আরাকানরাজ অত্যন্ত অনুগতভাবে আবেদন জানান তাঁকে একজন অনুগত সামন্ত হিসেবে বিবেচনা করতে। তিনি ভগবানের নামে শপথ করে জানান যে যখনই যেকোনো কাজের জন্য তাঁকে তলব করা হবে তিনি অনুগতভাবে সে কার্য সম্পন্ন করবেন। শাহজাদা সন্তুষ্ট হয়ে থুধাম্মাকে মূল্যবান উপহারসহ সম্মানজনক পোশাক পাঠিয়েছিলেন।’ মির্জা নাথানের লেখায় আরও বলা হয়েছে যে শাহজাদা আরাকানরাজকে এক ফরমান দিয়ে তাঁর রাজ্যের সার্বভৌমত্বের স্বীকৃতির কথা জানান। কোনো কোনো ইতিহাসবিদ এই ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে, চট্টগ্রাম যা মগদের দখলে ছিল তা মগরাজ্যের অন্তর্ভুক্ত বলে শাহজাদার স্বীকৃতির প্রশ্নই ওঠে না। অবশ্য মির্জা নাথানের বক্তব্যকে একেবারে তাঁরা উড়িয়ে দেননি। তবে তাঁদের দৃষ্টিতে এই যোগাযোগের কোনো বস্তুনিষ্ঠ ফলাফল দেখা যায়নি। কূটনৈতিক চাল ছাড়া এই দূতিয়ালির আর কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়া মুশকিল বলে তাঁদের অভিমত।ইতিহাসবিদ আবদুল করিমের মতে, শাহজাহান বাংলা মুলুকে প্রায় এক বছরের মতো থেকেছিলেন; ১৬২৪-এর গোড়ার দিক থেকে ১৬২৫-এর শুরু পর্যন্ত। তিনি স্থলপথে ঢাকায় এসেছিলেন। এবার তিনি তাঁর নৌবহর নিয়ে রাজমহলের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন। সিপাহসালার ও অন্য কর্মচারীদের স্থলপথে পাঠানো হলো। প্রথম দিন নদীর তীরে খিজিরপুরে অবস্থান করেন। পরের দিন নদী পার হয়ে কদম রসুল জিয়রত করেন তিনি। এই পবিত্র স্থানের খাদিমদের এক হাজার দাবর প্রদান করা হয়।সারা বাংলাদেশের রাজস্ব তালিকা প্রস্তুত করা ও তা নিয়ে আসার জন্য ওয়াজির খানকে সাত দিনের জন্য ঢাকায় রেখে এলেন শাহজাদা। তৃতীয় দিনে শাহজাদার শিবির স্থাপিত হয় কলদোপায়। চতুর্থ দিনে তিনি যাত্রাপুরের নদীতেই কাটিয়ে আলাইপুরের মোহনায় পৌঁছান। এখানে প্রচণ্ড ঝড়ে সম্প্রতি কালবৈশাখীর হঠাৎ আক্রমণে তাঁর বহু নৌকা ডুবে যায়। শাহজাদার ডুবন্তপ্রায় নৌকাটি কোনোরকমে বেঁচে যায়। সেখান থেকে শাহজাদা ও তাঁর সঙ্গীসাথিরা রাজমহল উপস্থিত হন। এরপর পাটনা অভিমুখে যাত্রা করেন উড়িষ্যা ও বাংলার অধিপতি শাহজাদা শাহজাহান। উদ্দেশ্য, বিহার জয়।আমরা অনেকেই জানি যে শাহজাহানের বিদ্রোহ চুকে গেলে সম্রাট জাহাঙ্গীর তাঁকে ক্ষমা করে দিয়েছিলেন। কারাগারে বন্দী করেননি তাঁকে বা শেকল দিয়ে বেঁধেও রাখেননি। দূরবর্তী একটি মোগল সুবায় তাঁকে সুবেদার করে পুনর্বাসিত করেন সম্রাট জাহাঙ্গীর। কিন্তু তুজুক-ই জাহাঙ্গীর-এর শেষ পাতা পর্যন্ত তাঁর শাজাহান নামটি উচ্চারণ করা থেকে সচেতনভাবেই বিরত রয়েছেন জাহাঙ্গীর। আজ অবধি মোগল তখত-তাউসের অধিকারী ভুবনবিখ্যাত ‘ভারতেশ্বর’ শাহজাহান ুবি-দৌলত বা ভাগ্যহীন নামেই থেকে গেছেন তাঁর পিতার সেই অসাধারণ স্মৃতিকথার অন্তিম পর্ব পর্যন্ত।