
বলা হয়ে থাকে যে পত্রিকায় প্রকাশিত কার্টুন সম্পাদকীয়ের হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। আর রাজনৈতিক কার্টুন অনেক সহজতম উপায়ে বলে চলে কঠিন সত্য। কথাগুলো মনে হলো শাহরিয়ার খানের কার্টুন প্রদর্শনী ‘টাইমলাইন’ দেখতে গিয়ে। কেননা, কার্টুন বা ব্যঙ্গচিত্রের মাধ্যমে এখানে আছে কঠিন সত্যের মুখচ্ছবি।
এ প্রদর্শনীকে বলা যেতে পারে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত এ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলে ঘটা জনগণের ভাগ্য পরিবর্তনের প্রকৃত ইতিহাসের দলিল। হাতে আঁকা ও এডিশন প্রিন্টে মোট ৬১টি কার্টুন রয়েছে এখানে। ২০০৩ সালের কার্টুনগুলোয় বিএনপি চেয়ারপারসনকে দেখা যায় মূল চরিত্রের ভূমিকায়। আবার ২০০৯ থেকে ২০১৪ সময়ে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় আওয়ামী লীগের নেতাদের। কার্টুনগুলোয় আছে দেশ চালানোর দায়িত্বভার কাঁধে নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব কী করছেন, তার নানা মাত্রিক ব্যঙ্গাত্মক চিত্র—একজন গদিতে বসে নিজেকে বাঁচানোর ভঙিতে হাতপাখা নাড়ছেন চেয়ারের নিচের দিকে পায়ার অংশে। অন্যদিকে আরেকজন আগুন জ্বালছেন। গদির নিচে জ্বলছে পাবলিক বাস। জনগণ পুড়ে কঙ্কাল। বিশেষ ধরনের বস্তুর সাহায্যে এই দুজনের কানই বন্ধ। কার্টুন দেখে আমাদের মনে পড়ে, গেল নির্বাচনের আগে ২০১৩ সাল তো এমনই ছিল। বাসে আগুন দেওয়া ছিল নিত্যদিনের ঘটনা। তাই শাহরিয়ার বলেন, ‘ইটস অল অ্যাবাউট দ্য চেয়ার।’
সাম্প্রতিক গুম ও খুনের ঘটনা নিয়ে আঁকা ‘থ্রাইডিং ফোর্সড ডিস-অ্যাপিয়ারেন্স’, সংসদ বয়কট নিয়ে ‘পার্লামেন্ট বয়কট রেকর্ডস অব টু ডিকেডস’, ২০০৪-এ তৎকালীন সরকারের মন্ত্রী নাজমুল হুদাকে নিয়ে আঁকা কার্টুন ‘রবিন হুড’। এখানে ক্যাপশন আছে ‘রব দ্য পুওর, হেল্প দ্য রিচ’। প্রতিটি কার্টুনই চিহ্নিত করে আমাদের নানামুখী রাজনৈতিক বাস্তবতা।
একজন কার্টুনিস্টের পক্ষেই সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসংগতির প্রতি হাসতে হাসতে বন্দুক তাক করা সম্ভব। জনগণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করতে সিদ্ধহস্ত রাজনৈতিক কার্টুন। শাহরিয়ার খান অনেক বছর ধরে রাজনৈতিক কার্টুন আঁকেন। তাঁর ড্রয়িংয়ের নির্দিষ্ট ধরন আছে। এ ধরন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্যের মতো শক্তিশালী নয়, কিংবা তাঁর কার্টুনে নেই রনবীর মতো মুনশিয়ানাও। খানিকটা ছেলেমানুষি অপরিপক্ব ড্রয়িংয়ের মধ্যেই রয়েছে তাঁর পরিপক্বতা। হাস্যরসের মধ্য দিয়ে ব্যঙ্গ করার অসামান্য ক্ষমতা শাহরিয়ারকে প্রতিষ্ঠিত করেছে এ দেশের গুরুত্বপূর্ণ কার্টুনিস্ট হিসেবে। এভাবেই তিনি সমাজের প্রতি স্বীকার করেন দায়বদ্ধতা। শাহরিয়ারের আরেকটি অনন্য উদ্ভাবিত চরিত্র হলো ‘বেসিক আলী’। ‘বেসিক আলী’ প্রথম আলোয় প্রকাশিত হচ্ছে দীর্ঘদিন৷ এ প্রদর্শনীতে বেসিক আলীকে নিয়ে প্রকাশিত বইগুলোও রাখা হয়েছে দর্শকের জন্য। ১৩ জুন উত্তরার গ্যালারি কায়াতে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৭ জুন পর্যন্ত।