শিউলি দোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরৎ আসে নীল আকাশে

শরৎ আসে গাঁয়ে

তুষার ধবল কাশের ফুলে

শুভ্র মেঘের নায়ে।

শরৎ আসে দূর্বা ঘাসে

শিশিরভেজা প্রাতে

শান্ত সবুজ দূরের বনে

জোছনা ঝরা রাতে।

শরৎ আসে মাঠের পাশে

শিউলি দোলে ঘ্রাণে

হাওয়ায় হাওয়ায় সুবাস ভাসে

দোদুল দোলা প্রাণে।

শরৎ আসে আলোক হাসে

পাখির কলতানে

হিয়ার মাঝে সুরের ভাঁজে

কী মায়া যে টানে।

শরৎ আসে ঝোপের কাশে

সন্ধ্যা সকাল বেলা

সূর্য হাসে ঝিলিক রাঙা

রোদ্র করে খেলা।