শিক্ষকদের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চোখ বুজে তোমার সবচেয়ে প্রিয় শিক্ষকের মুখটা কল্পনা করো তো! ভেবে দেখো, তোমার প্রিয় শিক্ষকও একদিন তোমার মতোই স্কুলে পড়তেন। কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতেন! আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবস। এই সুযোগে চলো, আমরা তিনজন শিক্ষকের ছেলেবেলার শিক্ষকদের গল্প শুনি
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

‘ছবির মানুষটাই বোধ হয় নেমে এসেছেন!’
সিরাজুল ইসলাম চৌধুরী
আমার বাবার বদলির চাকরি ছিল। অনেকগুলো স্কুলে পড়েছি, তাই সব শিক্ষকের কথা সেভাবে মনে নেই।দেশভাগের আগে আমি পড়তাম রাজশাহী লোকনাথ স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক ছিলেন গোষ্ঠবিহারী মজুমদার। তিনি বড়দের ক্লাসে অঙ্ক করাতেন। আমি ছোট ছিলাম, তাই তাঁর ক্লাস করার সৌভাগ্য হয়নি। তবে শুনেছি তাঁর সান্নিধ্য পেত বলেই লোকনাথ হাইস্কুলের কোনো ছাত্র অঙ্কে ফেল করত না। আমরা শুনেছিলাম, স্যার প্রতিদিন সকালে বাজার থেকে রুই মাছ কিনতেন। রুই মাছের মুড়িঘন্ট খেতেন বলেই নাকি অঙ্কে তাঁর মাথা ভালো ছিল!
আমার শিক্ষক হওয়ার পেছনে বোধ করি গোষ্ঠবিহারী স্যারের কিছু অবদান আছে। আমি তাঁর মতো দক্ষ, সফল, দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তিনি যেমন শ্রদ্ধা মিশ্রিত ভীতিসঞ্চার করতেন, তেমনি খুব আকর্ষণও করতেন। দূর থেকে তাঁকে দেখতাম। কলকাতার শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়ের মতো পুরু গোঁফ ছিল। তাঁর মতোই পোশাক পরতেন।

মনে আছে, স্যারের ঘরে তাঁর মাথার ওপর স্বামী বিবেকানন্দের একটা ছবি ছিল। আমি সেই ছবির সঙ্গেও তাঁর মিল খুঁজে পেতাম। মনে হতো, ছবির মানুষটাই বোধ হয় নেমে এসেছেন!
’৪৭-এ দেশভাগের পর আমি সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি হলাম। সেখানে নবম শ্রেণিতে চক্রবর্তী স্যার আমাদের বাংলা পড়াতেন। রচনা পাঠ্যবইয়ে যেমনটা লেখা থাকে, তার বাইরেও যে লেখা যায়, সেটা তিনিই প্রথম শিখিয়েছিলেন। গদ্যরচনায় কাব্যিক গুণ দেওয়ার কায়দাটা তাঁর কাছে শিখেছি। স্যার বিয়ে থা করেননি। শুনেছি হোমিওপ্যাথির চিকিৎসা করতেন। তবে তাঁর ভেতরে যে একটা সাহিত্যিক মন আছে, সেটা আমরা ঠিকই টের পেয়েছিলাম।
(অনুলিখিত)
সিরাজুল ইসলাম চৌধুরী
লেখক। দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

‘স্যার আমাকে পড়ার জগতের ভেতর খুশি করে রাখলেন’
আবদুল্লাহ আবু সায়ীদ
আব্বা ছাড়া যেসব মানুষের নিবিড় ও শ্রদ্ধেয় মুখ আমাকে শিক্ষকতার পথে ডাক দিয়েছিল, ছেলেবেলার শরদিন্দু বাবু তাঁদের একজন। শরদিন্দু বাবুর স্নেহের গভীর স্পর্শের ভেতর দিয়ে আমি প্রথম মানুষের ভালোবাসাকে চিনতে শিখেছিলাম। আমার বয়স তখন পাঁচ-ছয় বছর। সবে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছি। টাঙ্গাইল থেকে মাইল চারেক দূরে করটিয়ায় থাকতাম আমরা। সাদা ধুতি-পাঞ্জাবি পরা প্রৌঢ় বয়সের শরদিন্দু বাবু ধীরপায়ে হেঁটে আমাকে পড়াতে আসতেন অনেক দূর থেকে—টাঙ্গাইল বা তার কাছাকাছি কোনো গ্রাম থেকে। তাঁর খালি পা মেঠো রাস্তার শুকনো ধুলায় সাদা হয়ে থাকত।
আম পাকার সময় এসে গেছে—চারপাশে আট-দশটা আমগাছ—এরই একটা গাছের নিচে মাদুরের ওপর বসে স্যারের কাছে বৈকালিক পড়াশোনা করি। সামান্য একটু বাতাস উঠলেই একটা-দুটো পাকা আম ধুপধাপ করে এধারে-ওধারে পড়ে আর হঠাৎ খুশিতে বইপত্র ফেলে, অন্য কেউ সেসব গায়েব করার আগেই ছুটে গিয়ে হাতিয়ে নিই। এই ছোটাছুটির ফাঁক দিয়ে শরদিন্দু স্যারের পড়ানোর সময়টা বুঝতে না বুঝতেই শেষ হয়ে যায়।
কী সে অপার্থিব সুখ এভাবে আম কুড়ানোয়! প্রতিটা আমকে মনে হয় আলিবাবার হঠাৎ পাওয়া সম্পদের মতো।
দিনের পর দিন এই একই কারণে পড়াশোনায় ফাঁকি দিচ্ছি দেখে শরদিন্দু স্যার আমাকে পড়ানোর অভিনব কৌশল বের করলেন। পরদিন আম কুড়ানোর জন্য যেই ছুট দিতে যাব, অমনি তিনি পাঞ্জাবির দুই পকেট থেকে মুঠোয় করে বড় বড় দুটো ডাঁসা ফল বের করে সামনে ধরলেন, ‘বল তো, আমার হাতের মুঠোয় কী?’
মুঠোর ভেতরের ফলগুলো এত বড় যে আঙুলের ফাঁক দিয়ে পুরোপুরিই দেখা যাচ্ছিল। চেঁচিয়ে বললাম, পেয়ারা! আমাদের চারপাশে আমগাছ ছিল বিস্তর। রোজ রোজ আম পেয়ে এর আকর্ষণেও ভাটার টান লেগে গিয়েছিল। কিন্তু পেয়ারা! সে তো স্বর্গের দুর্লভ ফল। আমাদের বাড়িতে তো নেই-ই, আশপাশের কারও বাড়িতে পর্যন্ত না। দুই হাতে দুই স্বর্গ নিয়ে স্যার অভাবিত দেবতা হয়ে আমার সামনে রহস্যময় হয়ে দাঁড়িয়ে রইলেন। আম ছেড়ে পেয়ারার জন্য এবার কাকুতি-মিনতি শুরু হয়ে গেল। গলায় রহস্য আর কৌতুক মিশিয়ে স্যার বললেন, ‘পড়া শেষ কর, দেব।’ সুবোধ ছেলের মতো আমি পড়তে বসে গেলাম।
এমনি রোজ রোজ নতুন ভেট দিয়ে স্যার আমাকে পড়ার জগতের ভেতর খুশি করে রাখলেন। কবে কী ভেট আসবে, এই নিয়ে সারাটা দিন কল্পনায় উত্তেজনায় রঙিন হয়ে থাকত। ভেটগুলো যে অনন্যসাধারণ কিছু ছিল, তা নয়, কিন্তু আমার প্রতিটা দিনকে তা এক দুর্লভ আসন্নতার দিকে উন্মুখ করে রাখত। পড়ার আনন্দ শেষ হলে, স্যার পরিতৃপ্ত হলে, খুলে যাবে সেই স্বপ্নের আকাঙ্ক্ষিত স্বর্গ। স্বপ্ন ধরা দেবে হাতে। এমনি করে কখন যে একসময় পড়ার আনন্দ আর উপঢৌকনের আনন্দ এক হয়ে গিয়েছিল, টের পাইনি। একসময় অনুভব করেছিলাম, স্যারের আদরের ভেতর বেঁচে বেঁচে আমি কখন একসময় যেন পড়াশোনাকে ভালোবেসে ফেলেছি।
আবদুল্লাহ আবু সায়ীদ
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি। একসময় বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

‘আমার ওপর মাদার ফ্রান্সিসের একটা প্রভাব নিশ্চয়ই আছে’
তাজিন আহমেদ
ছেলেবেলার স্কুলজীবনের কথা ভাবলেই আমার একটা আইসক্রিমের গল্প মনে পড়ে।
লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস জেভিয়াস স্কুলের ছাত্রী ছিলাম। তখন হয়তো কেজি ওয়ান বা কেজি টুতে পড়ি। সে সময় স্কুলের সামনে দুই আনায় আইসক্রিম পাওয়া যেত। আমার খুব প্রিয় ছিল। একদিন আইসক্রিম কিনে যেই মুখে দিয়েছি, অমনি শুনে পেছন থেকে কে যেন ডাকছেন। বুঝলাম, স্কুলের প্রধান শিক্ষক মাদার ফ্রান্সিসের কণ্ঠস্বর! আমার তো ভয়ে থরকম্প অবস্থা। নিশ্চয়ই আইসক্রিম খাওয়ার ‘বিরাট অপরাধে’ তিনি আমাকে বকবেন! ভয়ে হাত থেকে আইসক্রিম ফেলে দিলাম। পেছনে তাকিয়ে দেখি, মাদার আমাকে নয়, স্কুলের পিয়ন ভাইকে ডাকছিলেন। চোখের সামনে আমার প্রিয় আইসক্রিম গলে নর্দমায় মিশে গেল। বোকামির কারণে আইসক্রিম খেতে না পারার দুঃখ আমি এখনো ভুলিনি!
আমার ওপর মাদার ফ্রান্সিসের একটা প্রভাব নিশ্চয়ই আছে। তিনি বলতেন, ‘তোমাকে একজন ভালো মা হতে হবে।’ তখন শুনে লজ্জায় লাল হয়ে যেতাম। ভাবতাম, হায় হায়! মাদার বিয়ের কথা বলছেন! বাচ্চাকাচ্চার কথা বলছেন! এখন আমি আমার ছাত্রীদেরও একই কথা বলি। সেই স্কুলেরই শিক্ষক ছিলেন টিচার জুডি। ভীষণ আদর করতেন। পরীক্ষার খাতা দেখাতে গেলে আদর করে যখন পিঠে হাত রাখতেন, কী যে খুশি লাগত!
ক্লাস সেভেনে স্কুল বদলে আমি চলে গেলাম ভিকারুননিসা নূন স্কুলে। তখন ভিকারুননিসায় কলেজ ছিল না। ক্লাস নাইনে উঠেই মনে হলো, ‘সিনিয়র’ হয়ে গেছি। খুব দুষ্টুমি করতাম। তখন পাকিস্তান আমল। অ্যাসেমব্লিতে হামদ-নাথ আর ‘পাকসার জামিন সাদবাদ’ গাইতে হতো। আমরা দুষ্টুমি করে উল্টাপাল্টা গাইতাম। একদিন অ্যাসেমব্লি শেষে সে সময়ের প্রধান শিক্ষক লুলু বিলকিস বানু বললেন, ‘ছোটরা চলে যাও। বড়রা সবাই থাকবে।’ দরজা-জানালা বন্ধ করে আবার আমাদের দিয়ে গাওয়ানো হলো। আমাদের রেখে ম্যাডাম কিন্তু চলে যাননি। গরমে ঘেমে-নেয়ে তিনিও আমাদের সঙ্গে গেয়েছেন।
লুলু বিলকিস ম্যাডাম ছাড়াও ভিকারুননিসার মিসেস আবেদ, মিসেস আমিন, মিসেস লতিফা বেগম...সবার কথা খুব মনে পড়ে। দোয়া করি, তারা যেন সুস্থ থাকেন। আর যারা গত হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশতের সবচেয়ে সুন্দর জায়গায় রাখেন।
আমি একটা ছোট্ট মানুষ। ছোট্ট একটা স্কুলে ছোট্ট একটা কাজ করি। কিন্তু খুব ভালো লাগে, যখন দেখি আমার ছেলেমেয়েরা সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। স্কুলে পড়ার সময় কড়াকড়ি নিয়ম তাদের ভালো লাগে না। তারা সানিডেইলকে বলে ‘সানিজেল’! কিন্তু স্কুল থেকে পাস করে বেরিয়ে যাওয়ার সময় ঠিকই ছলছল চোখে আমার সঙ্গে দেখা করতে আসে।
(অনুলিখিত)
তাজিন আহমেদ অধ্যক্ষ, সানিডেইল ইন্টারন্যাশনাল স্কুল।