
শিম কীভাবে রান্না করতে হয়
এক এশীয়র ফ্রান্স-অভিযান
সৈয়দ ওয়ালীউল্লাহ
অনুবাদ: শিবব্রত বর্মন
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
৬৩ পৃষ্ঠা
দাম: ১২০ টাকা
লালসালু, চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো উপন্যাস তিনটির সঙ্গে কেউ যদি শিম কীভাবে রান্না করতে হয়-এর তুলনামূলক পাঠে আগ্রহী হন, তাহলে তাঁরা একটু অবাকই হবেন এটা আবিষ্কার করে যে সৈয়দ ওয়ালীউল্লাহর সাহিত্যিক-মানস কতটা পরিবর্তিত এই ক্ষুদ্র উপন্যাসে। উল্লিখিত তিনটি উপন্যাসের সঙ্গে চুলচেরা তুলনায় কতটা পৃথক, তিনি এখানে কী চরিত্র চিত্রণে, কী বর্ণনাভঙ্গিতে, কী পরিপার্শ্ব রচনায়। এ যেন রবীন্দ্রনাথের ভাষায়, বিন্দুর মধ্যে সিন্ধুর দর্শন। মাত্র ৬৩ পৃষ্ঠার এই ঔপন্যাসিকার নায়ক এক এশীয়, যিনি কথা বলেন উত্তম পুরুষে।
উপন্যাসের শুরুটাই চমকে দেওয়ার মতো। ফ্রান্স সফরে আগ্রহী হওয়ার পটভূমিস্বরূপ নায়ক ‘আমি’ যেসব ঘটনা হাজির করেন, তাকে আপাত খেলো ও তাচ্ছিল্য করার মতো মনে হলেও, আদৌ তা নয়। এই উপন্যাসের মজাটা সেখানেই।
‘এশিয়ার এক আলিশান হোটেলের উঁচু ছাদওয়ালা, সুবিশাল ডাইনিং রুমে বসে’, ফরাসি এক ভদ্রলোকের ‘অপ্রত্যাশিত কণ্ঠস্বর’ শুনে, যে কণ্ঠস্বরে ছিল ‘মাননীয় একটা ব্যাপার’, ‘শিম এভাবে রাঁধতে হয় না’—‘কতৃর্ত্বসূচক’ এই কণ্ঠস্বর শোনার পর এশীয়র মনে হলো, ‘যেখানে হাজার হাজার বছর আগে অজ্ঞাত মানুষেরা লেজাইজি আর লাসকো গুহায় ভ্রামণিক প্রচারপত্র এঁকে রেখেছে’,...‘যে দেশের মানুষ নিখুঁতভাবে শিম রাঁধতে জানে, আমাকে সেই দেশে যেতে হবে।’
আমাদের সেই এশীয়র ফ্রান্স সফরের সূচনা এ-রকম মনোভাবকে আশ্রয় করেই। আমরা সত্যিই দেখি, এশীয় সেই নায়ক ফ্রান্সে পৌঁছানোর পর তাঁকে কত রকমের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, গল্দের সভ্য ফ্রান্সে একজন এশীয়কে কী দৃষ্টিতে দেখা হয়, ক্রমেই তা স্পষ্ট হয়ে ওঠে। ওয়ালীউল্লাহ বস্তুত দেখাতে চেয়েছেন, প্রত্যেক জাতি তার নিজের জাতিত্ব নিয়ে আছে, কোনো কোনো জাতি কথিত সভ্য হওয়ার গর্বে কতটা গর্বিত; কিন্তু ‘সভ্য’দের সেই দাবি কতটা অসার!
প্যারিসে পৌঁছেই এ বইয়ের নায়কের আসল অভিযান শুরু হয়। প্যারিসে নেমে নায়ক যা করেন, সেটা তাঁর গাইডকে রীতিমতো ভড়কে দেয়। সন্দেহপ্রবণও করে তোলে। গাইড প্যারিসের যা-কিছু দেখাতে চান, এশীয় বলেন, এসবই তাঁর নখদর্পণে। আসলে তিনি মিথ্যা কথা বলেন। আইফেল টাওয়ারে তাঁকে নিয়ে যখন গাইড ওঠেন এবং ওপর থেকে নিচে তাকাতে বললে এশীয় বলেন, ‘নিচেই তো তাকিয়ে ছিলাম। কিন্তু এখন আর তাকিয়ে লাভ নাই।’
‘আপনি একবারও নিচে তাকাননি। আপনি একটা কাপুরুষ।’ তখন এশীয়র নিজের সম্পর্কে মন্তব্য, ‘এশীয়রা আর যে একটা জিনিস হজম করতে পারে না, সেটা হলো কাপুরুষ উপাধি।’ তারপরই বলছেন, ‘আরেকবার নিচে তাকাচ্ছি, শুধু আপনাকে খুশি করতে, পালোয়ান সাহেব।’
এরপর নানা ‘দুর্গতি’ সয়ে, নানা দ্রষ্টব্যের পরিক্রমা বা পরিদর্শন শেষে এল সেই চূড়ান্ত ক্ষণটি, যখন প্যারিসের সবচেয়ে বড় শিম রফতানিকারক প্রতিষ্ঠানের কর্তার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ উপস্থিত হয়। এশীয় বলেন, ‘“আসল ব্যাপার হলো, শিম কীভাবে রান্না করতে হয়, স্বভাবতই সবচেয়ে ভালো ও নিখুঁত উপায়ে কীভাবে রান্না করতে হয়—সেটা যদি আপনি বলতে না পারেন, তাহলে আমার বন্ধু আপনার শিম ছুঁয়েও দেখবে না।’ এ কথা শোনার পর কোনো আগাম সতর্কতা ছাড়াই শিম-ব্যবসায়ী সহসা ব্রেক কষলেন। আমার দিকে অর্ধেক ফিরে বললেন, ‘কাছেই একটা মেট্রো আছে। আপনাকে এখানে নামিয়ে দিলে চলবে?’”
‘অবশ্যই।’ অপ্রত্যাশিত মুক্তি পেয়ে আমি বলি, ‘আমার কাছে মেট্রোর কার্ড আছে।’
আসলে এখানে ব্যবসাটাই বড়। ধনবাদী সমাজের মুখ্য উদ্দেশ্যর মুখোশ সৈয়দ ওয়ালীউল্লাহ এভাবেই উন্মোচন করেন।
এই ঔপন্যাসিকা এশীয় নায়কের মোহভঙ্গের ভেতর দিয়ে। যে শিমের ভালো ও নিখুঁত রান্না শেখার জন্য ফ্রান্সে তাঁর আসা, তা শিখতে না পারার খেদ তাঁকে শিমের ব্যাপারে অনুৎসাহিত করে তোলে। ব্যাপারটা আসলেই প্রতীকী। সারাটা বই এ-রকম রসাত্মক ও শ্লেষাত্মক প্রতীকী ব্যাপারস্যাপারে ঠাসা। এক নিঃশ্বাসে শেষ করার মতো বই। মননশীল ও সূক্ষ্ম রসজ্ঞ যাঁরা, তাঁদের জন্য সুখপাঠ অনুবাদের এ-বই অবশ্য পাঠ্য।
এ বইয়ের অনুকূলে সৈয়দ আবুল মকসুদ ও সাজ্জাদ শরিফের ভূমিকা দুটিও খুবই প্রয়োজনীয় ও সুপাঠ্য।