শিলাইদহ ও সুন্দরবনে
আমার বেড়াবার দুই বান্ধবী বহরমপুরবাসী প্রীতি আর সান্ত্বনা ঢাকায় এলে বেশ কিছু স্মরণীয় ভ্রমণ হয়েছিল। ওরা এসেছিল সেগুনবাগিচা ছেড়ে কলাবাগানের ভাড়া করা ফ্ল্যাটে আসবার প্রাক্কালে। বাড়িবদলের ধকল সামলানো তো আমার কর্ম নয়! কাজেই লিসা-পার্থের ওপরে দায়িত্ব ছেড়ে দিয়ে, বান্ধবীদের নিয়ে চলে গেলাম কুষ্টিয়াতে! সেখানে সম্মিলন পরিষদের অশোক সাহার সহযোগিতায় ছেঁউড়িয়ায় লালনের মাজার দেখে শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি-সংলগ্ন অতিথিশালায় দুই রাত থেকে ঘুরে আসবার সব ব্যবস্থা করা ছিল। সেই সময়ে বিএনপি কখনো একদিন, কখনো টানা দুদিনের হরতাল দিয়ে যাচ্ছিল। তার সঙ্গে সংগতি রেখেই ভ্রমণের পরিকল্পনা হয়েছিল। কুষ্টিয়ায় পৌঁছে সেদিনই লালনের মাজার ঘুরে আসা হলো। পরদিন ভোরে গেলাম শিলাইদহে। কুঠিবাড়ির প্রদর্শনী বিবি রাসেলের তত্ত্বাবধানে নতুন করে সাজানো হয়েছে, দেখলাম। দেয়াল মোড়া হয়েছে শান্তিনিকেতনের স্টাইলে শীতলপাটি দিয়ে, কিন্তু একটি গ্রুপ ছবির পরিচিতি দেখে মাথা গরম হয়ে গেল। ছবিটি আমার চেনা, ওতে সত্যেন্দ্রনাথ দত্তের ছবি আছে বলে। ওটি থেকেই সত্যেন্দ্রনাথের চাদর কাঁধে ঝোলানো ছবিটি আমার কবি সত্যেন্দ্রনাথ দত্ত বইতে বড় করে দেওয়া হয়েছিল। ওতে বড় বড় চুলওয়ালা, সম্ভবত দ্বিজেন্দ্রনারায়ণ বাগচীর ছবিও ছিল। এখানে ছবিটি কাজী নজরুল ইসলামের বলে লেখা হয়েছে। কিউরেটর আবার বলছেন, ‘হ্যাঁ, ওটা তো নজরুলেরই ছবি।’ আমি নিজের পরিচয় দিয়ে তাঁকে বললাম, ‘ওতে নজরুলের কোনো ছবি নেই, আমি ভালো করে জানি।’ আমার ধারণা, ও ছবির নামনির্দেশ এখনো ওই রকমই আছে। কিউরেটর তো ক্ষুদ্র ব্যক্তি, তাঁর ওটা সংশোধন করবার কোনো ক্ষমতা নেই।দিনের বেলায় আমবাগান, পুকুর ধারের বকুলতলা—সব ঘুরে দেখে বিশ্রামের পরে বিকেলে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি, আর তার কাছাকাছি দাতব্য চিকিৎসালয় ইত্যাদি দেখা হলো। সব তো ওই এলাকায় এখন ছাড়াবাড়ির মতন। তাই কোথাও ছাগল, কোথাও গরু চরছে। গোময় আর ছাগলের মল পড়ে আছে। সন্ধ্যায় কুঠিবাড়ির গেটের বাইরে ডান ধারে একটু বাঁধানো জায়গাতে গিয়ে বসে একের পরে এক গান গাইতে লাগলাম। কিছু লোকও জমল ওখানে। চুপ করে গান শুনল সবাই। পরদিন বিকেলে হাঁটতে বেরিয়ে কাছারির পাশ দিয়ে রাস্তা ধরে চলতে চলতে নদীর ধারে পৌঁছে গেলাম। দেখি, ওখান থেকে পাবনার তীর পর্যন্ত যাত্রী নিয়ে চলেছে গয়নার নৌকা। ওদিকে আকাশে মেঘ জমে বাতাস উঠেছে। প্রীতি বলে বসল, ‘নৌকা করে ওপারে যাব।’ আকাশের দিকে চেয়ে আমি ভয় পেয়ে গেলাম। কে শোনে কার কথা! প্রীতির কথাই চূড়ান্ত। তিনজনে গয়নার নৌকায় উঠে পড়লাম। রওনা হতেই টুপটাপ করে বৃষ্টি ঝরতে লাগল। একটু ভিজে ভিজেই পাবনার তীরে পৌঁছানো হলো। সেখান থেকে আবার শিলাইদহর ঘাটে আসবার জন্য নৌকাতে লোক উঠতে লাগল। প্রীতি আর সান্ত্বনা পাবনার মাটিতে নেমে আবার নৌকায় উঠে এল। বেশ একটা অ্যাডভেঞ্চার হলো আর কী! বৃষ্টিও গেল থেমে।সন্ধ্যাবেলায় আবারও আগের দিনের জায়গায় বসে গান করলাম। আজ আরও লোক জমেছে দেখা গেল। ওদের মধ্যে কে যেন কী একটা বলেছিল বোধ হয়, ফিল্মের গানটান গাইতে বলেছিল। কিছু তর্কবিতর্ক হলো, মন খারাপ করে বাংলোতে ফিরে গেলাম। এক বয়স্ক লোক বলে উঠল, ‘দুই দিন গান শোনলাম, পরিচয় পালাম না।’ বদরুচির ছেলেটির সঙ্গে খটাখটি হওয়াতে পরিচয় দিতে ইচ্ছে হলো না আর।‘দি গাইড ট্যুরসে’র কারও সঙ্গে চেনা-পরিচয় ছিল না। কাগজে পড়েছিলাম, ওরা বুদ্ধিজীবীদের আমন্ত্রণ করে সুন্দরবনে ঘুরিয়ে এনেছে। বন্ধু নওয়াজেশ আহমদও ওই দলে ঘুরে এসেছিল। তো নওয়াজেশ আহমদকে ধরলাম, ‘কী করা যায়।’ তিনি ওখানকার হাসান মনসুরকে বলে দিলেন। কথা হয়ে গেল—ছোট জাহাজ ‘ছুটি’তে করে আমরা যাব সুন্দরবনে। যাবার দিনও হরতাল পড়ল! খুব ভোরে গাইড ট্যুরসের একজন এসে দুটি রিকশা নিয়ে আমাদের খুলনার স্টিমারে তুলে দিল। মহা আনন্দে গান গাইতে গাইতে যাত্রা শুরু হলো। স্রোতের ওপর ভেসে যেতে কোনো ঝাঁকি নেই, কিছু নেই—মসৃণ গতিতে এগিয়ে যাওয়া।মংলাতে আমাদের স্পিডবোটে করে নিয়ে যাওয়া হলো অদূরে দাঁড়িয়ে থাকা ‘ছুটি’ জলযানে। অত্যন্ত সাদামাটা আমারই ধরনের চেহারার (অর্থাৎ সাজসজ্জাবিহীন) এক মহিলা অভ্যর্থনা করলেন। নাম বললেন ‘তপতী’। তিনি মালিক হাসান মনসুরের স্ত্রী। ইংরেজির এমএ। শুনলে যা মনে হয়, তা নয় মোটেই! মানে ইংরেজির এমএ আমার বড়দির মতন সাদাসিধে আর ঘরোয়া। দেখে ভারি স্বস্তি হলো।কেবিন ছেড়ে লঞ্চের সামনের ডেকে বসলে চমৎকার লাগে। আর খাওয়াদাওয়ার সে কী আয়োজন! অতি সুস্বাদু রান্না। তপতী নিজে তত্ত্বাবধান করেন। মুগ্ধ হবার মতোই বটে! মুম্বাই নিবাসী দুই জার্মান মহিলাও চলেছেন দেখলাম। তাঁরা মা-মেয়ে। মোটর বোটে করে কটকা অভয়ারণ্য, আর অন্য সব জায়গাতে বাচ্চু নামে একটি গাইডের সঙ্গে আমরা যেতাম। প্রীতি-সান্ত্বনা একটুও ইংরেজি বলবে না। ফলে আমাকেই জার্মান মহিলাদের সঙ্গে সৌজন্য করতে হতো। কটকার অপূর্ব অভিজ্ঞতার কথা বলি। আমরা গিয়ে পৌঁছুলে ওখানকার কেয়ারটেকার দুঃখ করলেন, ‘দেরি করে ফেলেছেন। হরিণদের খাবার দেওয়া হয়েছিল, ওই দেখুন তারা চলে যাচ্ছে এখন।’ চলে গেলেই হবে নাকি আমাদের! খানিকটা এগিয়ে গিয়ে খোলা গলায় গান ধরলাম। পেছনের দিকের দু-একটি হরিণ পেছন ফিরে দেখে দাঁড়াল। গান গাইতে গাইতে এগোই, ওরাও চুপ করে দাঁড়িয়ে শোনে! গান শুনলে ওরা অভয় পায়—এরা ভালো লোক, কোনো যন্ত্রণা করবে না। এ আমার জানা শান্তিনিকেতনের ডিয়ার পার্কের সেই অভিজ্ঞতা থেকে। লিখেছি তো সুফিয়া খালাম্মাকে গান শোনাবার সময়ে দুটি হরিণের নির্ভয়ে এসে চৌবাচ্চায় জল খাবার ঘটনা। জার্মান মহিলারাও খুশি হলেন। ওখানকার রক্ষক প্রধান আর তাঁর অফিসের লোকেরাও এসে পরিচয় নিয়ে আনন্দিত হলেন। বেলা শেষ হয়ে আসছিল বলে প্রথম এটুকুই দেখা হলো।পরদিন সুন্দরবনের আরও কাছাকাছি পৌঁছে বোটে করে আমাদের নিয়ে যাওয়া হলো। ওয়াচ টাওয়ারের দিকে। পথে এক জায়গায় গাইড আমাদের ডেকে বাঘের বর্জ্য দেখাল। কী করে বোঝা গেল ওটা বাঘেরই? প্রশ্নের জবাবে বলল, ‘এই যে দেখুন হরিণের লোম তাতে।’ হয়তো আগের রাতেরই ওটা। বেশ টাটকা! আমি নাকে কাপড় দিয়ে কাছে গিয়ে দেখছিলাম। জার্মান মা-মহিলা হাসতে হাসতে ওই ছবি তুলে রাখলেন। আমার ঠিকানা লিখে নিয়ে পরে কিছু ছবি পাঠিয়ে দিয়েছিলেন মুম্বাই থেকে ডাকে। টাওয়ারে উঠে কোনো দিকে বাঘের কোনো চিহ্ন দেখা গেল না। বাঘের বিষ্ঠা দেখেই তুষ্ট হয়ে ফিরতে হলো![নবযুগ থেকে প্রকাশিতব্য লেখকের সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে গ্রন্থের নির্বাচিত অংশ]