শিল্প বিনিময়
গুলশান টিভলি গ্যালারিতে হয়ে গেল (২ থেকে ২৫ অক্টোবর) কানাডাপ্রবাসী ১০ জন শিল্পীর কাজের প্রদর্শনী। সবাই বসবাস করেন টরন্টোতে। বাংলাদেশের সৈয়দ ইকবাল ও তাজউদ্দিন আহমেদ। ভারতের ইয়ংগো ভার্সা, ননী কাউর, ভিকি ভায়েস, মিরা শেঠি এবং পাকিস্তানের আমিন রহমান, সিলভাত আকিজ, আসমা আরশাদ মাহমুদ ও নাজ ইকরাম উল্লাহ। নাজ সোহরাওয়ার্দীর নাতনি। ১০ জন শিল্পীই কানাডার সাউথ এশিয়ান ও মূল কানাডীয় শিল্পধারায় নিজ নিজ কাজের ধরন নিয়ে পরিচিত। সৈয়দ ইকবাল আট বছরের প্রবাসজীবনে টরন্টোতে ছয়টি ও মন্ট্রিলে দুটি একক প্রদর্শনী করেছেন। টরন্টোর প্রদর্শনী স্পনসর করেছে সাউথ এশিয়ান গ্যালারি অব আর্ট। তাজউদ্দিন আহমেদের টরন্টোতে প্রবাস দেড় বছরের। এর মধ্যে এ বছর তিনি টরন্টোতে বেশ কয়েকটি যৌথ প্রদর্শনীতে অংশ নেন। এই প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে কবি কাজী নজরুল ইসলামকে। তাঁর বাউণ্ডুলের আত্মকথা অবলম্বনে প্রদর্শনীর নাম ‘লাইফ অব এ ভ্যাগাবন্ড’।প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ফারুক সোবহান, প্রেসিডেন্ট, বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউট। বিশেষ অতিথি বাংলাদেশে কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।ছিলেন টরন্টোর সাউথ এশিয়ান গ্যালারি অব আর্টের সিও আলী আদিল খান। তিনি প্রধানত এসেছিলেন ১৪তম এশীয় চারুকলা প্রদর্শনী ২০১০-এর সেমিনারে অংশ নিতে। ‘সাউথ এশিয়ান আর্টিস্ট ইন নর্থ আমেরিকা’ শীর্ষক সেমিনারে তিনি চেয়ারপারসন হিসেবে মূল প্রবন্ধ পড়েন।প্রধান অতিথি ফারুক সোবহান ও কানাডার রাষ্ট্রদূত বাংলাদেশের রবার্ট ম্যাকডুগাল দুজনই তাঁদের ভাষণে বলেন, এই হচ্ছে এক নতুন সূচনা শিল্প বিনিময়ের। কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু দেশ, অথচ শিল্পের মেলবন্ধন তেমন ঘটেনি। টরন্টোর সাউথ এশিয়ান গ্যালারি অব আর্ট ও ঢাকার টিভলি গ্যালারির এই উদ্যোগের প্রশংসা করেন তাঁরা। গত আগস্ট মাসে ঢাকার বেঙ্গল গ্যালারির সঙ্গে যৌথভাবে তাঁরা টরন্টোর প্রধান আর্ট ডিস্ট্রিক্ট ইয়র্কাভিলের নামী হিটেট গ্যালারিতে বাংলাদেশের সুনামধন্য ১৪ জন শিল্পী প্রদর্শনী আয়োজন করেছিল, যাতে কাইয়ুম চৌধুরী, রফিকুন্নবী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান থেকে শুরু করে কানাডাপ্রবাসী আলমগীর, সৈয়দ ইকবাল ও তাজউদ্দিন আহমেদের ছবি প্রদর্শিত হয়।