শিল্পপ্রেমিক পৃষ্ঠপোষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের সাথে মানুষের প্রেমই তার সভ্যতার হাতেখড়ি। শিল্পের এই নিখাদ ভালোবাসা থেকেই এক-একজন ব্যক্তি হয়ে ওঠেন শিল্পসংগ্রাহক। কোনো শিল্পেরই প্রকৃত অর্থমূল্য নির্ধারণ করা সম্ভব নয়, তাই সার্বক্ষণিক শিল্পস্রষ্টার প্রয়োজন হয় শিল্পপ্রেমিক পৃষ্ঠপোষকের। সুপ্রাচীন কাল থেকেই শিল্পীরা পেয়েছেন রাজ-দরবার ও অভিজাত শ্রেণীর সমর্থন ও আনুকূল্য। এ কালে সেই ভূমিকায় রয়েছেন শিল্পসংগ্রাহকেরা। আধুনিক শিল্পসংগ্রাহক আধুনিক শিল্পীর মতোই বৈচিত্র্যময়, সুনির্দিষ্ট কোনো পরিসরে তাঁদের তুলে ধরাও দুরূহ ব্যাপার।শিল্পপ্রেমিক মাহমুদুল হেলাল শিল্পের প্রতি মুগ্ধ হয়ে শিল্পের পৃষ্ঠপোষক হয়ে উঠেছেন। শিল্পী জামাল আহমেদের ভাই তাঁর বন্ধু। সেই সুবাদে শিল্পী জামালের স্টুডিওতে আসা-যাওয়া, পরে নানা প্রদর্শনী দেখা, অন্য শিল্পীদের সাথে বন্ধুত্ব। এভাবেই শুরু। তাঁর প্রথম সংগ্রহ শিল্পী জামাল আহমেদের কাজ; পরবর্তীকালে সমসাময়িক শিল্পীদের সাথে পরিচিত হওয়া এবং তাঁদের সবার কাজ সাধ্যমতো কেনা। এখন তিনি ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি। তাঁর সংগ্রহে এখন প্রায় দুই শ শিল্পকর্ম রয়েছে। গ্যালারি চিত্রক, বেঙ্গল গ্যালারি, শিল্পাঙ্গন, গ্যালারি কায়া, সাজু আর্ট গ্যালারি ইত্যাদি নানা গ্যালারি ঘুরে ছবির প্রতি তাঁর আগ্রহ আরও প্রবল হয়েছে। শিল্পীদের সঙ্গও তাঁর ভালো লাগে। তিনি বলেন, ‘শিল্পীরা সরল-সাধারণ জীবনযাপন করেন; তাঁদের সঙ্গ ভালো লাগে, তাঁদের সঙ্গে থেকে থেকে শিল্পের ভাষা বুঝতে শিখেছি। নিজের কাজের বাইরে যে সময় পাই, তা আমি শিল্পীদের সাথে, শিল্পকর্মের সাথে কাটাই। অনেকের অনেক শখ থাকে। শিল্পকর্ম সংগ্রহ করা আমার শখ। সংগ্রহের ক্ষেত্রে আমি প্রাধান্য দেই ড্রইংবেস্ড পেইন্টিংকে, তা ছাড়া আমার ভালো লাগে এমন শিল্পকর্ম, যা চোখকে শীতল করে। আমার সাথে কথা বলবে, আমার অবসর আনন্দময় হবে, বক্তব্যধর্মী, সময়ের উত্তাপকে ধারণ করে এমন কাজকে আমি সংগ্রহের ক্ষেত্রে প্রাধান্য দিই।’ শিল্পের সাথে ব্যবসাকে তিনি মিলিয়ে দেখতে চান না। তাঁর কথা, শিল্প হলো মনের আনন্দ। তবে ছবির দাম আরও কিছুটা কম হলে এটা চমৎকার উপহার হতে পারত। ছবির দাম কমিয়ে আর বেশি মানুষের কাছে ছবি পৌঁছে দেওয়া শিল্পীদের কাজ। তিনি নতুন শিল্পীদের কাজ সংগ্রহ করতে ভালোবাসেন, কারণ নতুনদের ভেতরে নিষ্ঠা ও তাঁদের সময়কে পাওয়া যায়। শিল্প-সমালোচনা কি তাঁর সংগ্রহকে প্রভাবিত করে? না। তিনি বলেন, ‘সমালোচনার সাথে আমি কাজের কোনো মিল খুঁজে পাই না। অধিকাংশ সমালোচনাই আসলে একতরফা প্রশংসা অথবা বিষোদ্গার।’ মাহমুদুল হেলালের ব্যবসায়ী বন্ধুরা তাঁকে ভিন্ন চোখে দেখেন, এই ভিন্ন চোখের অর্থ ব্যক্তিভেদে বিভিন্ন হয়। শিল্প সংগ্রাহকেরা সম্ভবত শিল্পীদের মতোই কিছুটা খাপ না খাওয়া মানুষ।শিল্পসংগ্রাহক নজরুল হোসেন পেশায় উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা। একজন শিল্পপ্রেমিক তিনি। তাঁর প্রথম সংগ্রহ শিল্পী শাহাবুদ্দীনের কাজ। শিল্পের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তাঁকে উদ্বুদ্ধ করে ছবি সংগ্রহের প্রতি, স্বভাবতই স্বচ্ছল না হলে পেইন্টিং সংগ্রহের কথা ভাবা কঠিন। এ ক্ষেত্রে তাঁর পরিবার ও গ্যালারি চিত্রকের বিশেষ সহযোগিতা রয়েছে তাঁর প্রতি। শিল্পকর্ম নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘নামী শিল্পীদের কাজ সংগ্রহ করি, তবে নতুন শিল্পীদের কাজ সংগ্রহ করা হয় বেশি; তরুণদের উৎসাহিত করার জন্য কেনা হয়, তাঁদের ছবির মূল্যও কম থাকে। খুব বাস্তবধর্মী কাজ আমার পছন্দ নয়, বরং আধাবিমূর্ত, বিমূর্ত ছবিই আমি বেশি সংগ্রহ করি। ছবির ক্ষেত্রে সৌন্দর্যবোধই আমাকে আকৃষ্ট করে। সমালোচকের লেখা তেমন পড়া হয় না, বারবার দেখে নিজেই সিদ্ধান্ত নিই এবং সামর্থ্যের আওতায় থাকলে সংগ্রহ করি।’ শিল্পকর্মের বাজার সম্পর্কে তাঁর মত, ‘বাংলাদেশের বাজার ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। দুঃখজনক হলো বিশ্ববাজারে আমরা যেতে পারিনি। অথচ ভারত, পাকিস্তান তাদের বাজার সৃষ্টি করেছে। আমাদের শিল্পীরা যদিও ভীষণ পরিচিত, প্রসংশিত, তবে গ্যালারি, আর্ট প্রমোটারদের দায়িত্বশীল কোনো উদ্যোগ নেই। অন্যদিকে এখনো অনলাইনে আমাদের শিল্পীদের ছবি বিক্রির সে রকম কোনো উদ্যোগ দেখা যায়নি।’ নজরুল হোসেনের সংগ্রহে আছে বাংলাদেশের নামী-দামি প্রায় সকল শিল্পীর শিল্পকর্ম।স্থপতি সালাউদ্দিন আহমেদ যখন কোনো একটি শিল্পকর্মে নিজেকে খুঁজে পান, তখন সেটা সংগ্রহের জন্য তাঁর আগ্রহ তৈরি হয়। প্রকৃতির আদর্শে আমাদের জীবনকে দেখার আগ্রহ থেকেই তিনি শিল্পকে দেখেন, প্রিয় শিল্পীদের তো আর সব সময় নিজের কাছে রেখে দেয়া যায় না, তাই শিল্পকর্মই ভরসা। তিনি বলেন, ‘শিল্পকর্ম আমাকে বেঁচে থাকার প্রেরণা দেয়, নিজেকে নিয়ে ভাবার, কাজ করার শক্তি জোগায়।’ বাংলাদেশে শিল্পের বাজার সম্পর্কে তিনি বললেন, ‘বাংলাদেশে শিল্পের বাজার মূলত অর্থনৈতিক ও সাংস্কৃতিক পারিপার্শ্বিকতার ওপর নির্ভর করে। শিল্প সাধারণ কিছু নয়, বাংলাদেশে শিল্পের একটি প্রকৃত বাজার তৈরি হবে, তা আমি মনে করি না। যে দেশে মৌলিক চাহিদাগুলো পূরণ করা এখনো সম্ভব হয়নি, সেখানে শিল্প বোঝার, শিল্পকর্ম সংগ্রহের প্রতি মানুষের আগ্রহ তৈরি করা অলীক কল্পনা, বিলাসিতা। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয়ে সাংস্কৃতিক পরিবর্তন কতটুকু সমীচীন, তা ভাবা উচিত। যখন মানুষ স্বাভাবিক জীবনযাপনের সব সুবিধা পাবে, তার পর শিল্প নিয়ে ভাববে। এ দেশে ছবির মূল্য হঠাৎ বেড়ে যায়; শিল্পী এবং ব্যবসায়ীর হয়তো সুবিধা হচ্ছে, তবে তাঁরা দেশের অর্থনীতিতে কোনো সহায়তা করছেন কি? শিল্প মানসিকভাবে পরিতৃপ্ত করে আমাদের, সেই পরিতৃপ্তি পেতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। আমাদের তো সুস্থ থাকার মতো আর্থিক সামর্থ্য নেই।’ব্যক্তিগত সংগ্রহের বিষয়ে তাঁর বক্তব্য, ‘শিল্পকর্মে নিজের ছায়া খুঁজি। যখন একজন শিল্পীর কাজে সততা দেখি, বন্ধুর পথে সংগ্রাম করে চলতে দেখি, তখন চেষ্টা করি তাঁর সাথে একাত্ম হতে। আমি সংগ্রাহক নই, শখ এবং ভালোলাগা থেকেই চেষ্টা করি ছবি সংগ্রহের।’ সংগ্রহের ক্ষেত্রে শিল্পের গঠনমূলক সমালোচনা তাঁকে উদ্বুদ্ধ করে। তবে গঠনমূলক সমালোচনা আমাদের দেশে নেই বললেই চলে। অর্থহীন শিল্প-সমালোচনা ভালো শিল্পী গড়ে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।আপাত দৃষ্টিতে তাঁরা শিল্পজগতের বাইরের মানুষ। কিন্তু এঁরা শিল্পকে বাঁচিয়ে রাখেন। অনেক ক্ষেত্রেই শিল্পী আত্মভোলা সৃষ্টিমগ্ন মানুষ, জাগতিক অনেক হিসেবই তাঁর মেলানো হয়ে ওঠে না। তাঁর পৃষ্ঠপোষক হতে পারেন সংগ্রাহকেরা। শিল্পীর সৃজনশীলতাকে প্রতিষ্ঠিত করতে, শিল্পের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা থেকে এগিয়ে আসেন সংগ্রাহক অথবা শিল্পের পৃষ্ঠপোষক।