শিল্পশিক্ষায় যোগাযোগ ও বোঝাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং লন্ডনের স্লেড স্কুল অব ফাইন আর্টের মধ্যে ২০১০ সালের মার্চ মাস থেকে শিল্পশিক্ষা বিনিময়ের কর্মসূচি চলছে। ব্রিটিশ কাউন্সিলের ইন্সপায়ার প্রকল্পের আনুকূল্যে গৃহীত এই কর্মসূচির মেয়াদ তিন বছর। এর অংশ হিসেবে স্লেড স্কুল অব ফাইন আর্টের পরিচালক সুজান কলিন্স গত বছর জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শনে আসেন। তিনি এ কর্মসূচির একজন সমন্বয়ক। ফিরতি সফরে যৌথ কর্মসূচির আরেকজন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক লালা রুখ সেলিম গত অক্টোবর মাসে স্লেড স্কুল অব ফাইন আর্ট পরিদর্শনে যান। উভয় সফরের লক্ষ্য ছিল যৌথ কর্মসূচির অংশীদার শিল্পশিক্ষা প্রতিষ্ঠান দুটোর পারস্পরিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জন।কর্মসূচির অংশ হিসেবে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজন করা হয়েছিল ছয় দিনব্যাপী এক কর্মশালার। ব্রিটিশ শিল্পী ড্রাইডেন গুডউইনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালায় চারুকলা বিভাগের বিভিন্ন শাখার মধ্যে আন্তবিভাগীয় যোগাযোগ ও ভাবনা বিনিময়ের মাধ্যমে যৌথ শিল্পকর্ম সৃজন ও উপস্থাপন করা হয়।চারুকলা অনুষদের চারটি বিভাগের দুজন করে শিক্ষার্থী নিয়ে গঠিত দল (প্রতি দলের সদস্যরা পৃথক বিভাগের) এ কর্মশালায় অংশ নেয়। অংশ নেওয়া শিক্ষার্থী-শিল্পীরা হলেন ইমাম হোসেন, মীর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মার্জিয়া ফারহানা, নাদিয়া ইয়াসমিন, মানবেন্দ্র ঘোষ, সাজ্জাদ মজুমদার, শিমুল দত্ত, সাদাতউদ্দিন আহমেদ, শাম্মী আখতার, মো. সাইফুল ইসলাম, সুমন ওয়াহেদ ও মো. জাহিদ হোসাইন।কর্মশালা সম্পর্কে লালা রুখ সেলিম জানান, প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষাকে নিত্যপরিবর্তিত বিশ্ববাস্তবতার সঙ্গে সম্পৃক্ত করা এ কর্মশালার উদ্দেশ্য। চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তযোগাযোগের সুযোগ বর্তমান শিক্ষাপদ্ধতিতে খুব একটা নেই বললেই চলে। কিন্তু চারুশিল্প তো শুধু দক্ষতাসাপেক্ষ নয়; বরং একই সঙ্গে তা বুদ্ধিবৃত্তিক চর্চার বিষয়। আন্তবিভাগীয় যোগাযোগ ও বোঝাপড়ার মাধ্যমে শিল্পশিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও সৃষ্টির জগৎ বিস্তৃত করতে পারে।লালা রুখ সেলিম গত অক্টোবরে তাঁর স্লেড স্কুল অব ফাইন আর্ট পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সেখানে শিক্ষকেরা শিক্ষার্থীদের কোনো কিছু চাপিয়ে দিয়ে শেখানোর চেষ্টা করেন না; বরং শিক্ষার্থীদের শিল্পকর্মের সূত্র সমন্বয়ের কাজটিকেই তাঁরা গুরুত্ব দেন। সম্প্রতি চারুকলা অনুষদে অনুষ্ঠিত কর্মশালায় পদ্ধতিগতভাবে এ বিষয়টি অনুসরণ করা হয়েছে।কর্মশালায় অংশ নেওয়া চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ছাত্র সাদাতউদ্দিন আহমেদ বলেন, পর্যবেক্ষণ, বিষয় শনাক্তকরণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি নানা পর্যায় পেরিয়ে ভিন্ন ভিন্ন বিভাগের দুজন শিল্পশিক্ষার্থীর অভিন্ন শিল্পকর্ম উপস্থাপনের বিষয়টি শিল্পকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ সৃষ্টি করে। তিনি ও শিমুল দত্ত যৌথভাবে কাজ করেছেন পুরান ঢাকার ঐতিহাসিক পুরাকীর্তি লালবাগ কেল্লাকে ভিত্তি করে। সময় ও ক্ষমতা সম্পর্কের পরিসরে আমাদের ক্রমপরিবর্তিত অবস্থানকে তাঁরা পরাক্রমী লালবাগ কেল্লার বর্তমান দশার পরিপ্রেক্ষিতে চিহ্নিত করার চেষ্টা করেছেন। পরিকল্পিত শিল্পকর্মের বিপরীতে কর্মশালার আওতাধীন এই শিল্পকর্ম সৃষ্টিতে তাঁরা মাঠকর্ম, প্রাসঙ্গিক পাঠ, ফটোগ্রাফি, ভিডিও আর্ট প্রভৃতির সমন্বয় সাধন করেছেন। শিল্পকর্মের যৌথতা এবং বিশ্বের সাম্প্রতিক শিল্পশিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত হওয়া এ কর্মশালার প্রধান অর্জন বলে অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীরা জানান।তাঁরা নিজেরাই ঠিক করেছেন তাঁদের কাজের বিষয়। পারস্পরিক শিল্পকর্ম সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে বিনিময় করেছেন নিজেদের ভাবনা। সব শিক্ষার্থীই তাঁদের নিকট-পারিপার্শ্বিক বিষয়কে শিল্পকর্মের ভিত্তি করেছেন। চলমান মানুষের মুখচ্ছবি থেকে শুরু করে রাস্তার আবর্জনা পর্যন্ত হয়ে উঠেছে তাঁদের শিল্পকর্মের উপজীব্য বিষয়। শিল্পকর্মের পূর্ণাঙ্গতা সাধনে তাঁরা প্রথাগত শিল্পোপকরণের পরিবর্তে অবাধে ব্যবহার করেছেন নতুন নতুন উপকরণ।কর্মশালার মধ্য দিয়ে সৃষ্ট শিল্পকর্মগুলো নিয়ে ১২ ও ১৩ জানুয়ারি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের তৃতীয় তলায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বিষয়ে একটি সেমিনারও হয়ে গেল ১৩ জানুয়ারি।অধ্যাপক লালা রুখ সেলিম জানান, আগামী ১ ফেব্রুয়ারি স্লেড স্কুল অব ফাইন আর্টের অধ্যাপক ও বিশিষ্ট ভাস্কর জন এইকেন আরেকটি কর্মশালা পরিচালনার জন্য চারুকলা অনুষদে আসছেন।