
বাংলাদেশের শিল্পসমালোচনার ক্ষেত্রে আবুল মনসুর একটি স্বতন্ত্র অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। শিল্পবিষয়ক লেখালেখির ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পেছনে তাঁর কতগুলো বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। যেমন আমরা জানি যে একজন শিল্পী যখন শিল্পসমালোচনায় নিয়োজিত হন, তখন তা স্বাভাবিকভাবে একটি ভিন্ন মাত্রা অর্জন করে। আবুল মনসুর শুধু ঢাকার চারুকলা শিক্ষায়তনে পাঁচ বছরের পাঠগ্রহণের মাধ্যমে স্নাতকই হননি, পরবর্তীকালে ভারতের আধুনিক শিল্পকলার খ্যাতনামা পীঠস্থান বরোদায় শিল্পকলার ইতিহাস বিষয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। আর এভাবেই গড়ে উঠেছে তাঁর শিল্পসমালোচক-সত্তার একটি শক্ত ভিত্তি। তারপর প্রায় চার দশককাল শিল্পকলার ইতিহাস বিষয়ে পাঠদান করেছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আর চার দশকের অধিককাল তিনি অব্যাহতভাবে লিখে চলেছেন শিল্পকলাবিষয়ক প্রবন্ধ-নিবন্ধগ্রন্থ। এভাবেই সমৃদ্ধ হয়েছে তাঁর সমালোচক-সত্তা।
আবুল মনসুরের শিল্পসমালোচনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কোনো শিল্পী-ব্যক্তিত্ব কিংবা কোনো কালপর্বের শিল্পকলার মূল্যায়নের ক্ষেত্রে তিনি দেশকালের পরিপ্রেক্ষিতটি সব সময় বিবেচনায় রাখেন। প্রাচ্য ও প্রতীচ্যের অতীত ও বর্তমানের সব শিল্পধারা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকার ফলে, ঔপনিবেশিকতার ইতি-নেতি সম্পর্কে সচেতন থাকার ফলে এবং সর্বোপরি, স্বদেশের আর্থসামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতাসম্পর্কিত দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকার ফলে তাঁর শিল্প-মূল্যায়নে খুঁজে পাওয়া যায় সামগ্রিকতার এক নিবিড় স্পন্দন। সমালোচনার ক্ষেত্রে তাঁর শক্তির দিক হলো—স্বচ্ছতা, সহজবোধ্যতা ও যুক্তিসিদ্ধতা। যুক্তির ওপর তাঁর সমালোচনা অনড়ভাবে দাঁড়িয়ে থাকে এবং সব সময় যুক্তির ভাষায়ই কথা বলে।
>

শিল্পকথা শিল্পীকথা
আবুল মনসুর
প্রচ্ছদ: আবুল মনসুর * প্রকাশক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬ * ৫৩৬ পৃষ্ঠা * দাম: ৫০০ টাকা।
আবুল মনসুরের সর্বশেষ প্রকাশিত বই শিল্পকথা শিল্পীকথা (২০১৬) প্রসঙ্গেও এসব বক্তব্য প্রযোজ্য। রয়্যাল সাইজের এ বইয়ে সংকলিত হয়েছে তাঁর চার দশকের অধিককালজুড়ে লেখা ৯১টি রচনা। কোনো শিল্পীর সারা জীবনের শিল্পকর্ম নিয়ে যেমন রেট্রোস্পেকটিভ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়, তেমনি আবুল মনসুরের এ বইটিকেও তাঁর সারা জীবনে কৃত সমালোচনাশিল্পের এক বিপুলায়তনিক উপস্থাপনা বলে বিবেচনা করা যায়। এ কারণে তাঁর কর্মচাঞ্চল্যের বিশালত্বের একটি ব্যঞ্জনাও এ বইয়ে রয়েছে। কিন্তু রচনাগুলোতে প্রথম প্রকাশকালের উল্লেখ থাকলে পাঠক তাঁর মূল্যায়নের দৃষ্টিভঙ্গি ও ভাষাবোধের বিবর্তনেরও একটি পরিমাপ এখান থেকে করতে পারতেন। তবে চমৎকৃত ও বিস্মিত না হয়ে উপায় থাকে না রচনাগুলোর বিষয়গত বৈচিত্র্য ও ব্যাপ্তি দেখে। তিনি দৃশ্যকলার দর্শনকে যেমন, তেমনি বিশ্বশিল্পের গতিপ্রকৃতিসহ এর প্রধান প্রধান যুগপ্রবর্তকের শিল্পবৈশিষ্ট্যকে অনুধাবন করতে চেয়েছেন। একই সঙ্গে মনোযোগী হয়েছেন ভারত ও বাংলাদেশের শিল্পকলার বিচিত্র ভান্ডার মন্থন করে তার অমৃত আহরণে। ব্যক্তি-শিল্পীর মূল্যায়নে যেমন অন্তর্ভূত হয়েছেন পাশ্চাত্যের ভ্যান গঘ, পিকাসো, মিরো, শাগাল, হেনরি মুর, ফ্রিদা কাহলোর পাশাপাশি প্রাচ্যের রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায়, বিনোদবিহারী, রামকিঙ্কর প্রমুখ; তেমনি বাংলাদেশের পথিকৃৎ শিল্পীদের মধ্যে জয়নুল, কামরুল, সফিউদ্দীন, সুলতানসহ তাঁর বিশ্লেষণ ব্যাপ্ত হয়েছে তরুণ ইকবাল পর্যন্ত। এ কথা সত্য যে আবুল মনসুর সবচেয়ে বেশি নিবিষ্ট থেকেছেন বাংলাদেশের চারুশিল্পের বিভিন্ন যুগ ও বাঁকবদলকে যথার্থভাবে মূল্যায়নের ক্ষেত্রে। ব্যক্তিক ব্যবচ্ছেদে যেমন তাঁর প্রশংসা আছে, তেমনি আছে সমালোচনা ও আত্মসমালোচনা। তিনি পাঠকের বোধের কাছে সুস্পষ্ট করে তুলে ধরতে চান আমাদের বারবার ঔপনিবেশিক শাসন-শোষণে পিষ্ট দরিদ্র পশ্চাৎপদ ধর্মভীরু এই দেশটির শিল্পচর্চার সদর্থক ও শক্তির দিকটি।
২০০টি রচনার মধ্য থেকে বাছাই করে ৯১টিকে এই বইয়ে সংকলন করা হয়েছে। তারপরও কারও মনে হতে পারে, নির্বাচন-প্রক্রিয়াটি আরও অনুদার মনোভঙ্গিকে আশ্রয় করলে সংকলনটি সংহত হতে পারত। নিজের রচনার ভালো-মন্দ বিচার করতে গেলে লেখককে কখনো কখনো বিড়ম্বনায় পড়তে হতে পারে। প্রাচ্য-প্রতীচ্যের নানা কালের প্রায় শত শিল্পকর্মের রঙিন অনুলিপির মুদ্রণ এ বইকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। তবে শিল্পকর্মগুলোর সৃষ্টিকাল, শিল্পীর দেশ-পরিচয় ও মাধ্যমের কথা উল্লেখ না থাকায় লেখকের পরিশ্রম সর্বাংশে সফল হতে পারেনি।
সবশেষে আবুল মনসুরের আরেকটি ইতিবাচক বৈশিষ্ট্যের কথা উল্লেখযোগ্য। তিনি রাজধানী-কেন্দ্র থেকে বা কেন্দ্রের সার্বক্ষণিক উত্তাপ থেকে দূরে অবস্থান করলেও জাতীয় জীবনের প্রকৃত তাৎপর্যকে যেন আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন। কারণ, কেন্দ্রের ইতি-নেতি, ঔদার্য-সংকীর্ণতা ও অহংকে যেন দূরবর্তিতার সুযোগেই যথার্থভাবে চিহ্নিত করতে পারেন এবং এরূপ অনুধাবন সূত্রেই হয়তো-বা কখনো কখনো নিজ চিন্তা দিয়ে কেন্দ্রের ওপর অধিকতর প্রভাব বিস্তার করতেও সক্ষম হন। তাঁর এ বইটি পাঠ করলে শিল্পানুরাগী পাঠকের মনন সমৃদ্ধ হবে।