শিল্পান্তরে সময়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর রেলস্টেশন থেকে আন্তনগর ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে বৈচিত্র্যময় দৃশ্যাবলির বিবিধ প্রেক্ষিত, ট্রেনের অভ্যন্তরে কখনো বা অপেক্ষমাণ কোনো স্টেশনে মনের অজান্তেই শিল্পী নাজলী লায়লা মনসুরের পেইন্টিংয়ের নানা কম্পোজিশন হয়ে ধরা দেয়; মনে হতে থাকে এই পথে আসা-যাওয়ার সময় বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে তাঁর চিত্রপটে। তিনি সব সময় পারিপার্শ্বিক পরিবেশের নানা বিষয়কে স্যাটায়ার করে ছবি আঁকেন।পাহাড়-সমুদ্রের সবুজ শহর চট্টগ্রাম। আঁকাবাঁকা-উঁচু-নিচু পাহাড়ি পথের বাঁকে খানিকটা দাঁড়িয়ে প্রকৃতি দেখার সুযোগ শিল্পীমনে প্রভাব বিস্তার করতে বাধ্য। তাই একেকটা সময় নিসর্গের ছবিতেও হারিয়ে যান শিল্পী।নাজলী লায়লা মনসুর এই সময়ের সংবেদনশীল, আত্মসচেতন এবং ধ্যানী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য। ‘আমাদের জীবনযাপনের সঙ্গে স্বপ্নের আদান-প্রদান ছিল। যেকোনো বিষয়কে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার প্রবণতা ছিল। অথচ এখন আর তা প্রয়োজন হচ্ছে না। ভিজ্যুয়ালাইজেশনের সহজ পন্থা হাতের নাগালে। চোখ খুললেই সব ইন্টারনেটে। তাই অনেক ক্ষেত্রেই আমরা বঞ্চিত হচ্ছি নতুন ভাবনা এবং দৃষ্টিনন্দন উদ্ভাবন থেকে’—এভাবেই শুরু করেন শিল্পী নাজলী। আবার রূপান্বেষণই শিল্পের উদ্দেশ্য নয়, সময়-সমাজ-দেশ শিল্পে গুরুত্বপূর্ণ। একজন শিল্পীকে অবশ্যই আর্থসামাজিক অবস্থান বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন তিনি।ছবি আঁকার জন্য বাসার শোবার ঘরটাই বেছে নিয়েছেন তিনি; আসলে সংসার-মেহমান সব মিলে ছবি আঁকার ফুরসত খুব কমই তাঁর। গুছিয়ে কোনো স্টুডিও করা হয়নি তাই। তবে ঘরের একপাশে বিছানা, আলমারি, বই, গান শোনার সরঞ্জাম আর অন্য পাশে শিল্পীর ক্যানভাসে অসমাপ্ত শিল্পকর্ম, কালার প্যালেট, পরিচ্ছন্ন ব্রাশ-তুলি, রঙের টিউব—সব মিলিয়ে শিল্পীর নিজস্ব জগৎ। একধরনের অর্ধপ্রস্তুত স্টুডিওতে তিনি এঁকে চলেছেন পরিপূর্ণ সব ছবি।নারীর সামাজিক-রাজনৈতিক অবস্থান শিল্পী নাজলীকে ভীষণ বিচলিত করে। তাঁর শিল্পকর্মে এর সুস্পষ্ট ছাপ পাওয়া যায়। নিস্পৃহতাও তাঁর শিল্পের বৈশিষ্ট্য। শিল্পী নাজলীর কাজে সময়ের প্রতি ঠাট্টা-বিদ্রূপের প্রতিফলন দেখা যায়। নারীবাদী চিন্তাচৈতন্য তাঁর চিত্রপটে নতুন আঙ্গিকের জন্ম দেয়। তাঁর প্রতিটি ক্যানভাস একেকটি গল্প। তিনি উন্মোচন করে চলেছেন আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ চালচিত্র।নাজলী লায়লার জীবনদর্শন, শিল্পদর্শন ও মানস গঠনের পেছনে যাঁদের পেয়েছেন তাঁদের কথা না বললেই নয়, তিনি শিক্ষক হিসেবে পেয়েছেন শিল্পী রশীদ চৌধুরী, মুর্তজা বশীর ও দেবদাস চক্রবর্তীকে, জীবনসঙ্গী পেয়েছেন শিল্প সমালোচক ও তাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুরকে। বাড়িতে পেয়েছেন কথাশিল্পী ও পণ্ডিত আবুল ফজলকে, সার্বক্ষণিক অনুপ্রেরণার জন্য পেলেন বেগম রোকেয়ার আদর্শে তৈরি অকুতোভয়, নারী আন্দোলনের নেত্রী উমরাতুল ফজলকে। তাঁর চিত্রকলায় এ পর্যন্ত যে জগৎ বা পরিধি তৈরি হয়েছে, তাতে বারে বারেই এসেছে আমাদের সমাজে আমাদের নারীদের অবস্থান, কেন্দ্রে নারীকে রেখেই আনুষঙ্গিক ভাবনা, চিন্তা বা বক্তব্যের বিস্তার।নাজলী সবচেয়ে বেশি প্রভাবিত এ দেশের রিকশা-চিত্র দ্বারা, জনপ্রিয় সিনেমা পোস্টার ও বিলবোর্ড দ্বারা, টাউন-ফোকের সহজ গল্প বলার ভঙ্গি তাঁকে আকর্ষণ করে। ‘আমি আসলে চাই রিকশার পেছনের ছবির মতো করে আঁকতে...।’ এই চিত্রকর্মগুলো কথা বলে, গল্প বলে এবং তা আমাদের সমাজের নিম্নবর্গীয় মানুষকে একধরনের বিনোদন থেকে শুরু করে নানা রকম নৈতিক উপদেশও সহজে বোঝায়, ভালো-মন্দ চিনতে সাহায্য করে।শিল্পকর্মের বাণিজ্যিকীকরণ শিল্পের র‌্যাডিকেল রাজনীতিকে নস্যাৎ করে—এ হচ্ছে নাজলী লায়লা মনসুরের শৈল্পিক উপলব্ধি। সামাজিক অবক্ষয়ে নাজলী অসহায়, তাঁর চিত্রকর্মের মাধ্যমে সমাজ বদলে যাবে না, সেই ক্ষোভ এবং অসহায়ত্ব তাঁকে তাড়িয়ে বেড়ায় এবং সেখান থেকেই আমরা পাই শিল্পী নাজলী লায়লা মনসুরকে।শিল্পী নাজলী লায়লা মনসুর: জন্ম ১৯৫১ সালে, রাজশাহীতে। ঢাকা চারুকলা থেকে লেখাপড়া শেষ না করে ইডেন কলেজ থেকে ডিগ্রি পাস করেন; পরে চট্টগ্রাম চারুকলা থেকে ১৯৭৪ সালে এমএফএ করেন; শিক্ষকতা করছেন চট্টগ্রাম আর্ট কলেজে।