খুব ব্যস্ত সময় যায়। সংসার দেখা, চারুকলায় ক্লাস নেওয়া এবং আনুষঙ্গিক আরও অনেক কাজ, যেগুলো আমার নিজেকেই করতে হয়। এর মধ্যে সবকিছুর সঙ্গে চলে ছবি আঁকা। মনে হয়, যখন অন্যান্য কাজ করি, তখনো আসলে ছবিই আঁকি, একরকম ভাবনার ভেতরেই থাকি। আর সত্যি বলতে, ছবি আঁকা নিয়ে ভাবনার মধ্যেই থাকা, অনেক বেশি পর্যবেক্ষণ করার এই অভ্যাস আমার ছাত্রাবস্থা থেকেই। নারী হিসেবে সামাজিক প্রতিবন্ধকতার জন্য হয়তো ছেলেবন্ধুদের মতো সব সময় আউটডোর করতে যেতে পারতাম না, তখন মন খারাপ হতো, আরও অনেক বেশি মনোযোগ দিয়ে চারপাশটা দেখতে শুরু করলাম, ভাবতে শুরু করলাম। এভাবেই শিল্পের সঙ্গে চলা শুরু। বলছিলেন বাংলাদেশের সমকালীন চিত্রশিল্প জগতের অন্যতম একজন শিল্পী ফরিদা জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার সবুজ, নিরিবিলি পরিবেশে তাঁর বাস। তাঁর স্টুডিওটি বেশ বড় একটি ঘরে, দেয়ালে বইয়ের তাকভর্তি বই, আরও শখের বিভিন্ন জিনিস। একদিকে বসার ব্যবস্থা, অন্যদিকে রং-ক্যানভাস। দেয়ালজুড়ে তাঁর নিজস্ব পেইন্টিং। ঘরে আনুষঙ্গিক অনেক বিষয়বস্তুকে ছাপিয়ে কর্তৃত্ব করছে একজন শিল্পীর ছবি, ক্যানভাস, রং-তুলি, শিল্পজগতের বিস্তৃত পরিসর। ’৬৯-এ চারুকলায় ভর্তি হন এবং সে সময়ের অস্থির রাজনৈতিক অবস্থায় দেশের সব মানুষের সঙ্গে চারুকলার শিল্প শিক্ষার্থীদের দেশের পক্ষে আন্দোলনে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে ’৭১ সালের মুক্তিযুদ্ধ শিল্পীকে দেশাত্মবোধের মাত্রায় অনেক নতুন ভাবনায়-আবেগে ত্বরান্বিত করেছে, যার প্রভাব তিনি তাঁর কাজে পান বলে মনে করেন। তিনি বিষয় হিসেবে ‘মাছ ও জাল’ এঁকেছেন, যা তুলে ধরছে বাংলাদেশকে। এই সিরিজ দিয়ে শিল্পজীবনের প্রথম পর্বেই খ্যাতি অর্জন করেন। প্রায়ই তাঁর চিত্রপটে পাতলা গড়নের, কোঁকড়ানো চুলের একটি নারী চরিত্রকে পাওয়া যায়। ‘সুফিয়া’ যার নাম। শিল্পী কথা প্রসঙ্গে এই সুফিয়ার কথা বললেন যে ‘সুফিয়া’ চরিত্রটি বাস্তব জীবন থেকে নেওয়া। এই মেয়েটি আসলে তাঁর বাড়িতে কাজ করত। কালো রং, পাতলা লম্বাটে গড়ন। কিন্তু মেয়েটির চরিত্রের জীবনসংগ্রাম, সৌন্দর্য-সাবলীলতা শিল্পীর মনে চরিত্রটি রূপায়ণে আগ্রহ তৈরি করেছে। শিল্পী ফরিদা জামানের ক্যানভাসকে বিশ্লেষণ করতে গেলে পাওয়া যায় রং-রেখা, বিন্দু, স্থান বিভাজন এবং এ সবকিছুর স্পর্শকাতরতা। তিনি রং ব্যবহারে মিনিমাইজেশন পছন্দ করেন। লাল-হলুদ, মেটে কিংবা নীল রঙের ব্যবহার করেন খুব পরিশীলিত উপায়ে। পরিমিত রঙের ব্যবহার ছাত্রাবস্থা থেকেই তিনি পছন্দ করেন, ক্যানভাস কাপড়ের টেক্সচার দেখা গেলে তাঁর ভালো লাগে। স্থান বিভাজন, রেখা-ডটসের ব্যবহারও খুব স্পর্শকাতরতা রেখেই করেন। তাঁর রেখা দেশজ লোকশিল্প থেকে উৎসারিত। অস্ট্রেলিয়ান আদিবাসীদের আর্ট থেকে ‘ডটস’ নিয়েছেন নিজের অনুভূতিতে। বিষয়বস্তুর সঙ্গে চিত্রপটে রং-রেখার ব্যবহার শিল্পীর নিজস্ব স্বাদমতোই করেন। তাঁর ক্যানভাসে স্বচ্ছতা পাওয়া যায়, তেলরং বা অ্যাক্রোলিক যেকোনো মাধ্যমেই। কারণ হিসেবে শিল্পী বললেন, ‘একসময় জলরং এত পছন্দের মাধ্যম ছিল যে ভেবেছিলাম, সারা জীবন জলরং নিয়েই কাজ করব। জলরঙের স্বচ্ছতা খুব আকর্ষণ করে। এখনো সময় পেলেই বসি।’ বর্তমানে কী বিষয়ে কাজ করছেন জিজ্ঞেস করতেই বললেন, ‘বেশ কিছু কাজ করছি চারকোল (কাঠকয়লা) মাধ্যমে। এগুলো এখনো খুব প্রাথমিক অবস্থায় আছে। ড্রয়িংনির্ভর। “সুফিয়া” আছে। আনুষঙ্গিক আরও বিবিধ বিষয়। ভাবছি, ভবিষ্যতে এই মাধ্যমে কাজ করব। হয়তো প্রদর্শনীও করতে পারি। আসলে নিজের ছবি আঁকা নিয়ে কত রকম ইচ্ছাই তো থাকে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না।’ কিছুদিন আগে শিল্পী ফরিদা জামান ‘নেচার অ্যান্ড লাইফ’ শীর্ষক একক প্রদর্শনী করলেন কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে। খুব ভালো সাড়া পেয়েছেন। এটি দিল্লিতেও হবে। এরপর বাংলাদেশে করার ইচ্ছা আছে।শিল্পী ফরিদা জামান ১৯৫৩ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে চারুকলা থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ১৯৭৮-এ ভারতের এমএস ইউনিভার্সিটি বরোদা থেকে মাস্টার্স করেন। বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে পিএইচডি করেন। এ পর্যন্ত বহু গ্রুপ প্রদর্শনী ও ছয়টি একক প্রদর্শনী করেছেন। পঞ্চম ট্রিয়ানাল ইন্ডিয়াতে প্রথম বাংলাদেশি নারীশিল্পী হিসেবে কমোডেশন অ্যাওয়ার্ড পান। এ ছাড়া আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। বিভিন্ন ওয়ার্কশপ ও আর্ট ক্যাম্পে অংশ নিয়েছেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি, ফুকুওয়াকা এশিয়ান আর্ট মিউজিয়াম, জাপানসহ বিভিন্ন দেশে জাতীয় ও ব্যক্তিগত পর্যায়ে তাঁর শিল্পকর্ম সংগৃহীত হয়। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান।