শিল্পী ও বাংলাদেশের বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের স্টুডিওতে সুনীল দাস (৪ আগস্ট ১৯৩৯–১০ আগস্ট ২০১৫)
নিজের স্টুডিওতে সুনীল দাস (৪ আগস্ট ১৯৩৯–১০ আগস্ট ২০১৫)
সুনীল দাসের অাঁকা ঘোড়া
সুনীল দাসের অাঁকা ঘোড়া

পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম সেরা চিত্রশিল্পী সুনীল দাস। তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমাদের অনেক শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ। কিন্তু ১৯৬১-৬২ সালে প্যারিসে তিনি ছিলেন রশীদ চৌধুরী ও আমার অন্যতম অন্তরঙ্গ সুহৃদ। খুব কাছাকাছি লাতিন কোয়ার্টারে তখন আমাদের সবার বসবাস। রশীদের মতোই প্রাণবন্ত, হৃদয়বান। সুনীলের সঙ্গে যাঁর একবার পরিচয় হয়েছে, তাঁর পক্ষে তাঁকে ভোলা কঠিন।
আমার এখনো চোখে ভাসে একটি দৃশ্য। রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেস্তোরাঁ থেকে রাতের খাবার খেয়ে কাজের তাগাদায় নিজের ডেরায় ফিরছি। দেখি, বুলভার স্যাঁ মিশেলের ‘সেলেক্ট লাঁত্যা’ কাফেতে জানালা ঘেঁষে বসে সুনীল কিছু লিখছেন। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি জানালার কাচে টোকা দিয়ে চলে যাচ্ছিলাম। সুনীল ভেতর থেকে ইঙ্গিতে আদেশ দিলেন, ঢুকতে হবে। অগত্যা...। ‘আমি তো একটু পরে তোমার ঘরে যেতাম। যাহোক, দেখা হয়ে ভালোই হলো। তোমাকে একটা নিমন্ত্রণপত্র দিই। আমার একজিবিশন। বলো তো, তোমার নামের বানান, তোমাদের মুসলমানের নামগুলোর বানান আর উচ্চারণ বড় বিদ্ঘুটে রে বাবা—!’ আমি বললাম: ‘থাক, আমার নাম লিখতে হবে না। তুমি তো ঘোড়া-বিশারদ। খামের ওপর একটা ঘোড়াই এঁকে দাও।’ আমি একটা কালো কফি শেষ করার আগেই কয়েক টানে সুনীল সাদা খামে একটা চমৎকার ঘোড়া এঁকে দিল। বহুদিন ছিল সংগ্রহে। এখন নেই। যেমন সুনীলও নেই। অবিশ্বাস্য! বৃহস্পতিবার সন্ধ্যায় বাসায় ফিরে ইত্তেফাক খুলে বসতে দেখি, পশ্চিমবঙ্গের সাংবাদিক বাহার উদ্দীনের লেখা, ‘আরশিনগর’—‘মাতৃগর্ভে ছবি আঁকতেন সুনীল’ শীর্ষক প্রতিবেদন।
সর্বশেষ দেখা ২০০৮ সালে। গিয়েছিলাম কলকাতায়, আমাদের নতুন ভাষা বিভাগের জন্য কিছু প্রয়োজনীয় বইপত্র কেনার প্রয়োজনে। সকালে কাগজে দেখি, একটি সংগ্রহশালায় আমাদের শিল্পী শাহাবুদ্দিনের প্রদর্শনী। তা-ও সম্ভবত শেষ দিন। একটি ট্যাক্সি নিয়ে ছুটলাম। চমৎকার আয়োজন। সেখানে জানলাম, সুনীল এখন কলকাতায় এবং ওই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। ফোন করাতে বললেন, ওখানকার একটা ছেলেকে নিয়ে তাঁর বাসায় যেন দ্রুত চলে যাই। ঘরভর্তি ছবি ও শিল্প উপকরণ। শিল্পীর স্টুডিও বটে! ১৯৭১ সালে তাঁর কালীঘাটের বাড়িতে কয়েকবার আপ্যায়িত হয়েছি। কলকাতার ম্যাক্সমুলার ভবনে, মনোজ্ঞ পরিবেশে তাঁর একটা একক প্রদর্শনীতেও গিয়েছি। স্বতঃস্ফূর্ত হয়ে আমাকে একটি ছবি উপহার দিলেন, কোলাজ-ড্রয়িং। আমিও শরণার্থীজীবন শেষ করে দেশে ফেরার আগে একটা ভোজসভার আয়োজন করলে সস্ত্রীক সুনীল, প্রীতিশ নন্দী, ড. দিলীপ মালাকার (যুগান্তর) ও আনোয়ারুল করিম জয় (তখনো অবিবাহিত) প্রমুখ তাতে যোগ দেন। চিত্রভাবনায় সুনীল তখন খুব তান্ত্রিক প্রভাবে অভিভূত। এরপর কিছুদিন মাদ্রাজে গিয়ে বস্ত্রশিল্পের ওপর কাজ করছিলেন বলে জানি। বাংলাদেশেও এলেন আর্ট-ক্যাম্প উপলক্ষে (১৯৯৯)। দুর্ভাগ্য, আমার সঙ্গে সাক্ষাৎ ঘটেনি: তাই ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি দেখা হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত: ‘এবার ঢাকা গেলে তোমার বাড়িতেই উঠব। বুঝলে, নাও, এখন এই বইটা নিয়ে চা-টা শেষ করে, মিষ্টিটাও খাবে কিন্তু, এসো। আমাকে একটু পর দিল্লি রওনা দিতে হবে।’
এরপর আমাকে দিলেন সুবিশাল এক বই তথা অ্যালবাম। মানসিজ মজুমদারের লেখা বইটির নাম: আর্ট মুভস: ওয়ার্কস বাই সুনীল দাস, দিল্লি আর্ট গ্যালারি প্রকাশিত (২০০৪) বইটির পৃষ্ঠাসংখ্যা ২৫৯। বইটিতে রয়েছে আশীষ আনন্দের ‘মুখবন্ধ’, রবিনা কারোদের বইটি সম্পর্কে, পরিতোষ সেনের ‘শিল্পীর পরিচয় প্রসঙ্গে’, মনসিজ মজুমদারের ‘ভূমিকা’। প্রথম অধ্যায় শিক্ষার বছরগুলো, দ্বিতীয় অধ্যায় প্যারিস ও মাদ্রিদ, তৃতীয় অধ্যায় ‘স্বয়ং আমাকেই নতুন করে গড়তে হবে’, চতুর্থ অধ্যায় ‘অদৃশ্যমান বিভিন্ন বাস্তবতার মুখোমুখি’, পঞ্চম অধ্যায় ‘অঙ্কন, কোনো উপসংহার নয়’। ছবি। তা ছাড়া পরিশিষ্টে রয়েছে: এফ এন সুজার ‘সুনীল দাস সম্পর্কে’, চার্লস স্ট্রোহুর ‘সুনীল দাস সম্পর্কে’, সুনীল দাসের ‘নিজের সম্পর্কে’, আলোকচিত্র, সংক্ষিপ্ত জীবনকথা।
প্রথম দিকে কলকাতায় দুর্দশাগ্রস্ত এলাকার কিছু ছবি ছাড়া সেই যে অশ্ব ধারণা (১৯৫৯) তঁারই কল্পনায় ঠাঁই পেল, জীবনের শেষ দিকেও বর্তমান সেটি থেকেছে (২০০৩, দ্র. আর্লিয়ার হর্সেস, লেটার হর্সেস)। তা ছাড়া ১৯৬২ সালে প্যারিস থেকে কিছুকাল মাদ্রিদে অবস্থানের ফলে ‘তোরো’ (Tro) তথা ষাঁড় তাঁকে অধিকার করে বসে, মাতাদরের (Matador) মতো। তাই বলিষ্ঠ, স্বাপ্নিক ও যোদ্ধা পশুটি সুনীলের কল্পনাকে উদ্দীপ্ত করেছে সুদীর্ঘকাল। এক সফল প্রাণিমূল চিত্রায়ণ সম্ভব হয়েছে তাঁর পক্ষে। তবে মানুষের, বিশেষ নারীর বিভিন্ন পর্যায়ের এবং বিশ্বপরিস্থিতির অচলাবস্থার রূপটি ধৃত হয়েছে তাঁর অসংখ্য কোলাজ-ড্রয়িংয়ে। অজস্রÊশিল্পসম্ভারে ধনী হয়েছে তাঁর স্বদেশ। বিভিন্নমুখী প্রতিভার পরিচয়ে সুনীল ছোটগল্পও রচনা করেছেন। সানন্দা পত্রিকায় আমি তাঁর একটা চমৎকার গল্প পড়েছি। তবে আমার পক্ষে ভোলা সম্ভব নয় ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে শিল্পী সুনীল দাসের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবীরূপে আত্মনিয়োগ, শরণার্থী শিল্পী-বুদ্ধিজীবীদের প্রতি অকুণ্ঠ সহানুভূতি প্রদর্শনের কথা।
এ শিল্পীর জন্ম ৪ আগস্ট ১৯৩৯ এবং মৃত্যু ১০ আগস্ট ২০১৫। তাঁর নিজস্ব বসতবাটি ও স্টুডিও কালীঘাটে। শ্মশানভূমির খুবই কাছে। শিল্পের মতো তাঁর জীবনও এগিয়ে চলেছে স্থির লক্ষ্যে।