শিল্পী সফিউদ্দিন আহমেদ ৮৮ পেরোলেন
ইচ্ছে ছিল প্রকৃতির কাছাকাছি গিয়ে কাটাবেন এবারের জন্মদিনটি। সাভারের বংশীবাড়িতে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। কিন্তু শরীর শেষ পর্যন্ত সায় দিল না। দেশের চারুকলাশিল্পের একজন পথিকৃৎ শিল্পী সফিউদ্দিন আহমেদের জন্মদিন তাঁর শোবার ঘরেই উদ্যাপিত হলো।২৩ জুন শেষ বেলায় সফিউদ্দিন আহমেদের ৮৮তম জয়ন্তীতে তাঁর স্বজন-সুহূদরা আয়োজনটি করেছিলেন। জাঁকজমক ছিল না, সাদামাটা ঘরোয়া আয়োজনে ছিল শিল্পীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও অনুরাগ। ধানমন্ডির ফ্ল্যাটের ঘরগুলোর দেয়াল সাজানো শিল্পীর আঁকা নানা ছবিতে। বিকেল গড়াতেই আসতে শুরু করেন প্রিয়জনেরা। শোবার ঘরের বিছানায় বালিশে হেলান দিয়ে শিশুর মতো বসে ছিলেন শিল্পী। প্রিয় মানুষদের আগমনে তিনি যেন শক্তি খুঁজে পেয়েছিলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘খুব ভালো লাগছে আজ সবাইকে দেখে। জন্মদিন ঘিরে অনেক দিন পর আমার প্রিয় কিছু মানুষকে কাছে পেয়েছি। এটা ভালো লাগছে। সবাই ভালো থাকুক।’বিকেলে দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পানুরাগীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শিল্পীর বাসভবন। এসেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, কামাল লোহানী, হাশেম খান, আবুল বারক আলভী, ফরিদা জামান, আবুল খায়ের, সুবীর চৌধুরীসহ শিল্পী ও শিল্পানুরাগীরা। এ সময় অগ্রজ এই শিল্পী সম্পর্কে কাইয়ুম চৌধুরী বলেন, ‘স্যার আমাদের কাছে পথপ্রদর্শকের মতো। তাঁর কাছ থেকে অনেক শিখেছি।’ সফিউদ্দিন আহমেদকে উপমহাদেশের শ্রেষ্ঠ প্রিন্ট-মেকারদের একজন উল্লেখ করে তিনি বলেন, ছবিতে দেশকে নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি। গান গেয়ে শোনালেন শিল্পী ইফফাত আরা দেওয়ান ও অদিতি মহসীন। কান পেতে গান শুনলেন শিল্পী।শিল্পী সফিউদ্দিন আহমেদ ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে এচিং ও এনগ্রেভিংয়ে ডিপ্লোমা লাভ করেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা অ্যাকাডেমি অব ফাইন আর্ট থেকে অ্যাকাডেমি প্রেসিডেন্ট পদক পান। চারুকলায় অবদানের জন্য পাকিস্তান সরকারের ‘প্রেসিডেন্ট পদক’, বাংলাদেশ সরকারের ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। ১৯৪৮—৭৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।—মাসুম অপু