শিল্পীর আপন ভুবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দের জটিল হিসাব-নিকাশের পৃথিবীতে শিশুদের নিষ্পাপ জীবনের বেড়ে ওঠা বর্বর প্রশ্নের সম্মুখীন আজ। বিশাল ক্যানভাসে শিশু প্রতিকৃতির পৌনঃপুনিক কম্পোজিশন, পুঙ্খানুপুঙ্খতায় চোখের দৃষ্টিতে তীক্ষ ও সরল অভিব্যক্তির প্রকাশে শিল্পী মোহাম্মদ ইকবালের স্টুডিও ঘরটির আবহ। ধানমন্ডির সাতমসজিদ রোডের দেয়ালঘেরা দোতলা বাড়ি। যথেষ্ট সবুজের সমারোহ। মেট্রোপলিটন ঢাকায় সুউচ্চ অ্যাপার্টমেন্টের বিপরীতে খুব অতীত স্মৃতিবিধুর রোমান্টিক পরিবেশ। সিঁড়ি বেয়ে স্টুডিওতে প্রবেশ। শিল্পীর উষ্ণ অভ্যর্থনা। দীর্ঘ ১১ বছর দেশের বাইরে থেকেছেন। জাপানেও তাঁর স্টুডিও ছিল। তিনি স্টুডিওকে আবাসবাড়ির অংশ হিসেবে স্বচ্ছন্দ বোধ করেন না। ‘আমি যেহেতু অনেক বড় বড় ক্যানভাসে পেইন্টিং করি, সুতরাং আমার বড় স্থানের প্রয়োজন, পর্যাপ্ত আলো-বাতাস দরকার এবং সত্যি বলতে, ছবি আঁকার সময় একটু নিজের মতো থাকতে চাই। এ জন্যই স্টুডিও গড়ে তোলা।’ বলছিলেন শিল্পী মোহাম্মদ ইকবাল। বেশ বড় একটি কক্ষের দেয়ালজুড়ে বিভিন্ন আকারের ক্যানভাস। অনেক ধরনের ছবি, ‘ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স’ শীর্ষক সিরিজের বড় দুটি ক্যানভাস অনেক রকম কৌশলে নির্মিত। শিল্পী ইকবাল মূলত তেলরঙের ছবি আঁকেন। অনেক সময় নিয়ে, যত্নে ক্যানভাসে কাজ করতে পছন্দ করেন।জাপানে গবেষণা করেছেন আর্দ্র আবহাওয়ায় তেলরঙের জন্য ক্যানভাস প্রস্তুত-প্রক্রিয়া নিয়ে। সাত বা আট স্তরে ধীরে ধীরে রং দেন। বিশেষ টুলস দিয়ে আঁচড় কেটে এনগ্রেডিংয়ের মতো কিংবা আরেকটু অন্যভাবে টেক্সচার তৈরি করেন। তাঁর মতে, শুধু দক্ষতা থাকলে কিংবা ভালো বিষয় হলেই হয় না। সেখানে রস তৈরি করতে আরও অনেক কিছুই কৌশলগতভাবে ভাবতে হয়।ক্যানভাসের পাশেই গোলটেবিলে রয়েছে বিভিন্ন রকম রং, ব্রাশ, স্পেচুলা ইত্যাদি। চিত্রশিল্পীর প্রয়োজনীয় অনুষঙ্গ। তিনি কাজ করেন আধা বাস্তববাদী, আধা বিমূর্ততার সংমিশ্রণে।প্রথম দিকে শিল্পী ইকবাল ‘সন্ন্যাসী’দের জীবনাচার নিয়ে ছবি এঁকেছেন। পরে বিষয় বদলেছেন। বিশ্ব বাস্তবতাই মূলত এর কারণ। ফিলিস্তিনিরা যখন গাজা আক্রমণ করে, তখন শিশুদের ভয়ার্ত চোখ, আর্তনাদ তিনি আজও ভোলেননি। ‘চলমান বিশ্বে ক্ষমতার লড়াইয়ে আসলে ক্ষতিগ্রস্ত আমরাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অথচ শিশুরা বেড়ে উঠছে এভাবেই অসুস্থ মনস্তত্ত্বে।’ এসব ভাবনা থেকেই শিশুদের নিয়ে আঁকছেন। এই সিরিজে আরও কিছু কাজ করে হয়তো অন্য রকম আঁকবেন—এমনটাই জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। শিল্পী ইকবালের স্টুডিওতে আছে রেফ্রিজারেটর, কম্পিউটার, দেয়ালঘেঁষা লম্বা টেবিল। আর বসে কথা বলার জন্য সোফা, একদিকে প্রশস্ত জানালা। বেশ আনন্দের সঙ্গে দেখালেন স্টুডিও। তিনি মনে করেন, একদম নতুন প্রজন্মের শিল্পীরা খুব ভালো ছবি আঁকছেন। নতুন ভাবনায় তাড়িত হচ্ছেন। তাঁদের জন্যও প্রয়োজন স্টুডিওচর্চার স্থান, যা হয়তো বাস্তবতার কারণেই সব সময় সম্ভব হয়ে ওঠে না। তবে শিল্পীদের জন্য ভালো যে, বাংলাদেশে এখন ছবি বিক্রির মতো অবস্থা তৈরি হচ্ছে। শিল্পী খুব উচ্ছ্বাস নিয়ে জানালেন, বাংলাদেশের চিত্রকলা বিশ্বের সামনে সব সময়ই সম্মানজক অবস্থানে ছিল এবং আছে। ভবিষ্যতে নিঃসন্দেহে আরও এগোবে বাংলাদেশ। দীর্ঘ বছর পর দেশে ফিরে এসেছেন একটু নিজের মেধা ও শ্রমের মাধ্যমে দেশের জন্য কাজ করতে।শিল্পী মোহাম্মদ ইকবাল ১৯৬৭ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে এমএফএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে। পিএইচডি করেছেন টোকিও ইউনিভার্সিটিতে (জাপান)। ৩২টি একক প্রদর্শনীসহ বহু দলবদ্ধ প্রদর্শনী করেছেন দেশে-বিদেশে। জাপানে ১৪তম ‘আকোই’ স্মৃতি প্রতিযোগিতায় গ্র্যান্ডসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। জাতীয় জাদুঘর ঢাকাসহ দেশে-বিদেশে সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে তাঁর কাজ সংগৃহীত হয়েছে।বর্তমানে শিল্পী মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রভাষক।