
একসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক এতগুলো ছবি দেখার সুযোগ আগে হয়নি। শিল্পী বীরেণ সোমের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিল্পী সমাজ বইটি হতে পারে মুক্তিযুদ্ধের চিত্রশিল্পের একটি যথার্থ অ্যালবাম। বইটিতে ওই অনবদ্য সময়টি যেন স্থির হয়ে আছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের কত যে ফ্রন্ট খোলা হয়েছিল, ভাবতে বসলে বিস্ময় জাগে বৈকি। অস্ত্র হাতে লড়াকু সৈনিকের পাশাপাশি ক্যামেরা হাতে পরিচালক, তুলি হাতে চিত্রশিল্পী, হারমোনিয়াম হাতে গায়ক। সাংস্কৃতিক যুদ্ধের ফ্রন্টটি পালন করেছে আশাজাগানিয়া ভূমিকা। ১৯৫২ সালকে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যাওয়ার একটি মাইলফলক হিসেবে ধরলে সে সময় থেকেই রাজনীতি-সংস্কৃতি হাতে হাত মিলিয়ে চলেছে। পরবর্তীকালের, বিশেষ করে ষাটের দশকের নানা আন্দোলনে সংস্কৃতির ভূমিকা ছিল অসাধারণ। রবীন্দ্র-জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সাফল্যের পর থেকে সংস্কৃতি যেন ছুটে চলেছে অশ্ববেগে। একটি কবিতা, একটি গান কিংবা একটি নৃত্য, একটি তুলির টান যেন দেশপ্রেমের ফুলকি ছড়ায়। এই পটভূমি মনে রেখে বইটি হাতে নিলে স্বাধীনতাসংগ্রামে শিল্পী সমাজের ভূমিকা আরও স্পষ্ট হবে।
বীরেণ সোম শুরুতেই ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা’ নামে একটি অধ্যায় রেখেছেন, যেখানে এই সময়ে শিল্পীদের কাজের একটি চিত্র তুলে ধরা হয়েছে। এর পরের অধ্যায়ে তিনি এঁকেছেন একাত্তরে নিজের চলার পথটি। পরের প্রতিটি অধ্যায়ই তাঁদের কাজের বর্ণনা দিয়েছেন। তবে ‘মুক্তিযুদ্ধে শিল্পী সমাজ’ অধ্যায়টিতে চেষ্টা করেছেন ধারাবাহিকভাবে ১৯৪৭ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত শিল্পীদের বিভিন্ন কাজের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দিতে।
বৃহদাকার বইটির সংক্ষেপিত আলোচনা এই ক্ষুদ্র পরিসরে সম্ভব নয়। অল্প কয়েকটি দিক আলোচনা করাই ঠিক হবে। শিল্পীরা এক হয়ে যে ফ্রন্ট খুললেন, সেখানে আঁকা হলো অনুপ্রেরণাদায়ী পোস্টার, একই সঙ্গে চলল তেলরং, জলরং, অ্যাক্রিলিকে মুক্তিযুদ্ধ তুলে আনা। এসবের বিশদ বর্ণনা পাওয়া যাবে বইটিতে, সঙ্গে তথ্য হিসেবে যখন পাওয়া যাবে প্রকাশনাশিল্পের কথা, তখন এর গুরুত্বও উপলব্ধি করা যাবে। মুক্তধারার চিত্তরঞ্জন সাহা মুক্তিযুদ্ধের সময় ভারত থেকে প্রকাশ করেছিলেন ৩৩টি বই। সেগুলোর প্রচ্ছদ করেছিলেন আমাদের বরেণ্য শিল্পীরাই। ভারতীয় পত্রিকায়ও আমাদের শিল্পীরা চিত্রাঙ্কন করেছিলেন। শারদীয় দেশ-এ প্রকাশিত মুস্তাফা মনোয়ারের আঁকা ছবিগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সত্যজিৎ রায়।
বইটিতে জয়নুল আবেদিন, কামরুল হাসান, মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, দেবদাস চক্রবর্তী, মুর্তজা বশীর, নিতুন কুণ্ডু, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবীসহ আমাদের দেশের সেরা শিল্পীদের কথা ও কাজের বর্ণনা রয়েছে। সামগ্রিকতার দাবি মেটাতে ওয়াহিদুল হক, সন্জীদা খাতুনের কথা আছে, আছে জহির রায়হানের কথাও। ‘শোণিতরেখায় অরুণোদয়’ অধ্যায়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চিত্রমালা সংযোজিত হয়েছে। ‘বাংলাদেশের হৃদয় হতে’ অধ্যায়ে লেখক যুক্ত করেছেন নিজের আঁকা ছবি।
মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তীকালে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা অসংখ্য ছবির অ্যালবাম হিসেবে বইটির আলাদা একটি মূল্য আছে। বইটিকে মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ইতিহাস হিসেবে দেখা ঠিক হবে না। এটি স্মৃতিচারণামূলক আত্মকথন, যা মনে করিয়ে দিয়েছেন বইটির সম্পাদক সুবলকুমার বণিক। এ কারণেই কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। কেউ যদি মুক্তিযুদ্ধকালীন সাংস্কৃতিক ইতিহাস লেখার জন্য উদ্বুদ্ধ হন, তবে তিনি এই বইটিকে ‘রেফারেন্স’ হিসেবে ব্যবহার করতে পারেন। দু-একটি ছবির ক্যাপশনে ভুল আছে, ভুল আছে ছবির বিন্যাসেও। পরবর্তী সংস্করণে তা শুধরে নেওয়া হবে বলেই আমার বিশ্বাস।
বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে শিল্পী সমাজ
বীরেণ সোম
সম্পাদক: সুবলকুমার বণিক
প্রচ্ছদ: বীরেণ সোম
প্রকাশক চন্দ্রাবতী একাডেমি
৫১২ পৃষ্ঠা
দাম ৭০০ টাকা