শিল্পীর সামাজিক দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখায় ধরা আছে কাইয়ুম চৌধুরীর মনের টুকরো ভাবনা—যেখানে শিল্পকলা, ছবির ভাষা, শিল্পীর দায়িত্বসহ নানা বিষয়ে রয়েছে তাঁর গভীর পর্যবেক্ষণ। প্রয়াণের কিছুকাল আগে শিল্পী নিজেই লিখেছিলেন টুকরো কিন্তু গভীরতাসঞ্চারী এই ভাবনাগুলো

জলরং, ২০০৬, শিল্পী: কাইয়ুম চৌধুরী
জলরং, ২০০৬, শিল্পী: কাইয়ুম চৌধুরী

আমি মনে করি, সমাজের আর দশজনের চেয়ে একজন শিল্পীর সামাজিক দায়িত্ব অনেক বেশি। তার কারণ, শিল্পী তাঁর সৃষ্টকর্ম দিয়ে সাধারণকে প্রভাবান্বিত করার ক্ষমতা রাখেন। মতবাদ প্রতিষ্ঠিত করতে পারেন। যেহেতু শিল্পী আপন ভৌগোলিক পরিবেশে লালিত সংস্কৃতির একজন একনিষ্ঠ কর্মী, সেহেতু তিনি বারবার উৎসের দিকে মুখ ফেরাবেন। সাহায্য করবেন স্বদেশবাসীকে তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যের প্রতি মুখ ফেরাতে। এ ক্ষেত্রে শিল্পীর বিপরীত ভূমিকা দেশবাসীকে বিপথগামী করার সুযোগ এনে দেয়। শুধু চিত্রশিল্পী নন, একজন নাট্যকর্মী, লেখক, চলচ্চিত্রশিল্পী, ক্রীড়াবিদ ও সংগীতশিল্পী—সবারই সামাজিক দায়িত্ব সমাজকে প্রগতির পথে নিয়ে যেতে সাহায্য করা।

২
প্রতিকূল পরিবেশে শিল্পীর দায়িত্ব অনেক বেড়ে যায় বলে সতর্কতা তাঁর সৃষ্টিকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। প্রতিকূলতা দূরীভূত করার বীজমন্ত্র তাঁর সৃষ্টকর্মে বপন করে চলেন তিনি। আমি মনে করি, অনুকূল পরিবেশে সৃষ্টি আরও সহজতর, বিচিত্রধর্মী ও উজ্জ্বলতর হয়।

৩

.
.

‘ছবির ভাষা আন্তর্জাতিক’—কথাটা একটা হেঁয়ালির মতো মনে হয় আমার কাছে। তার মানে, ছবিতে ভাষার মতো কোনো অক্ষর-পরিচয়ের প্রয়োজন হয় না। কিন্তু ছবি আঁকার অবলম্বনটা তো রপ্ত করতে হবে। সেই অবলম্বনটাই আন্তর্জাতিক। আর আঞ্চলিক পরিবেশ নিয়েই তো সারা পৃথিবীর ছবি। শিল্পীকে তাঁর ভৌগোলিক পরিবেশই অনুপ্রাণিত করে। এখানেই ‘আন্তর্জাতিক’ শব্দটির ব্যবহার আমার কাছে হেঁয়ালিপূর্ণ বলে মনে হয়।
আরেকটা কথা, বর্তমান যুগ যোগাযোগের যুগ। এতে বিভিন্ন দেশের পরস্পরের সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগে আঞ্চলিকতার বেড়া ডিঙিয়ে নানা ভূখণ্ডের সংস্কৃতিও প্রতিভাত হচ্ছে শিল্পীমানসে। এর একটি বিপজ্জনক দিক আমাদের মতো উন্নয়নশীল দেশের পক্ষে প্রতিহত করা মুশকিল, সেটা হলো ধনতান্ত্রিক দেশের অপসংস্কৃতি। বিদেশি সংস্কৃতি এবং রেডিও, টেলিভিশন, সিনেমা ও পত্রপত্রিকা মারফত অপসংস্কৃতির ঢালাও আমদানি নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। একটি জাতিকে পঙ্গু করতে হলে দরকার তার সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার সুচিন্তিত পরিকল্পনা। তাই সংস্কৃতির ভিত্তিকে সুদৃঢ় করার জন্যই প্রয়োজন আঞ্চলিকতার ওপর জোর দেওয়া। এই আঞ্চলিকতায় আমি বিশ্বাসী।
৪
অবশ্যই আমি আমার ছবিতে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সচেতনভাবে তুলে ধরার চেষ্টা করি। আর বিভিন্ন শিল্পমাধ্যমের সফল কর্মকাণ্ডে সংস্কৃতি সমৃদ্ধ হয় বৈকি!

৫
যেকোনো শিল্পীর ছবিতে একটি বক্তব্য থাকে। সেই বক্তব্য কখনো সোচ্চার, কখনো অস্ফুট বক্তব্য, কখনো সামাজিক, কখনো-বা আঙ্গিকমতো। এটা পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬
শিল্প আন্দোলন করে সামাজিক পরিবর্তন ঘটানো বিরাট ব্যাপার। ইতিহাসে দেখা গেছে, এ ধরনের আন্দোলনের জন্য সামাজিক ক্ষেত্রও প্রস্তুত হয়ে থাকে। অতীতে দেখা গেছে, শিল্পীরা তাঁদের হাতিয়ারকে কাজে লাগিয়েছেন সমস্যা থেকে উত্তরণের পথে যাওয়ার কালে। ধর্মীয় যাজকদের কবলে জীবন যখন জড়ত্বে পঙ্গু, তখনই ইউরোপে এসেছে রেনেসাঁ। তেমনই ‘এসটাবলিসমেন্ট’-এর বিরুদ্ধে ইম্প্রেশনিস্টদের বিদ্রোহ। দ্বিতীয় মহাযুদ্ধ-পরবর্তী মানবজীবনে হতাশা, দারিদ্র্য ও অনিশ্চয়তার অবসানকল্পে এক্সপ্রেশনিস্টদের আবির্ভাব ইউরোপে সামাজিক পরিবর্তনের সূচনা করেছে।
একইভাবে আমাদের দেশের প্রেক্ষাপটে পথিকৃৎ না হলেও বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশের শিল্পীরা জনগণের পাশেই স্থান করে নিয়েছিলেন।

৭
ছবির বিষয়বস্তুকে সঠিকভাবে ক্যানভাসে উপস্থাপনের প্রয়াসে সঠিক করণকৌশলের আশ্রয় আমি নিয়ে থাকি।

৮
সামাজিক অবক্ষয়ের শিকার শিল্পীসমাজও। প্রতিষ্ঠিত মূল্যবোধের ভাঙনে সমাজের সর্বস্তরের বিশৃঙ্খলা দেশকে নিয়ে যাচ্ছে চরম হতাশার দিকে। ব্যক্তিস্বার্থ জন্ম দিচ্ছে সন্দেহ আর অবিশ্বাসের।
সবচেয়ে দুঃখজনক, যাঁরা এতকাল সমাজের বিবেক বলে পরিচিত, তাঁরাই আজ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। ছোট্ট উদাহরণ দিই: গত তিরিশ বছরেও আমরা এমন একজন কার্টুনিস্টের জন্ম দিতে পারিনি, যিনি এই পরিস্থিতিকে তীব্র কশাঘাতে জর্জরিত করে তুলবেন। কারণ, পৃষ্ঠপোষকতার অভাব। যাঁদের পৃষ্ঠপোষক হওয়ার কথা, আজ তাঁরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ।

৯
তরুণ চিত্রশিল্পীদের মাঝে অযুত সম্ভাবনা আমি দেখেছি। তাই আমি আশাবাদী।

১০
জাতির জীবনে শিল্পশিক্ষার গুরুত্ব অনুভব করেছিলেন জয়নুল আবেদিন। শিল্পশিক্ষার অভাবে আমাদের রুচি গড়ে ওঠেনি। গড়ে ওঠেনি দেশপ্রেম। যে শিক্ষা উৎসের দিকে মুখ ফেরাতে সাহায্য করে, যে শিক্ষা মাতৃভূমিকে ভালোবাসতে শেখায়, যে শিক্ষা মেরুদণ্ড সোজা করে পৃথিবীর পানে তাকাতে শেখায়, সেই শিক্ষার সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পেরে আমি সত্যিই গর্বিত।