শিল্পীর স্বকীয় জগৎ
শিল্পীদের স্বতন্ত্র একটা ভাবনার জগৎ আছে। সেই ভিন্ন মনঃপৃথিবীতে কালের যে প্রতিবিম্ব পড়ে তার রূপ সাধারণের থেকে পৃথক। এ কারণে তাদের প্রকাশভঙ্গিটিও আলাদা। মানুষের আচার-আচরণ-উচ্চারণে যেমন তার জীবনচেতনা ব্যক্ত হয়, তেমনি শিল্পীদের চিত্রতলও প্রকাশ করে তার মনোজগতের সূক্ষ্ম ও নির্গূঢ় প্রকৃতিকে। ধানমণ্ডিতে বেঙ্গল শিল্পালয়ের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সৃজনে ও শেকড়ে’ শীর্ষক ১০টি প্রদর্শনীর তৃতীয়টি এখন চলছে (১৫ থেকে ২৬ জুন পর্যন্ত)। এ প্রদর্শনী ঘুরে শিল্পীদের স্বকীয় চিন্তার বিচিত্রতর ভঙ্গিগুলো অনুভব করা যায়। প্রদর্শনীর শিল্পীরা হলেন: মুস্তাফা মনোয়ার, আবু তাহের, আবুল বারক আলভী, স্বপন চৌধুরী, অলক রায়, নাইমা হক, রণজিৎ দাস, নাসরিন বেগম, শিশির ভট্টাচার্য্য ও কনকচাঁপা চাকমা। প্রদর্শিত হয়েছে সবারই চারটি করে শিল্পকর্ম; সামান্য ব্যতিক্রম ছাড়া যার অধিকাংশই এ বছরে আঁকা।শিল্পী মুস্তাফা মনোয়ারের চিত্রশিল্পের সঙ্গে দীর্ঘকাল ঢাকার শিল্প-দর্শকদের পরিচয় নেই। কলকাতা আর্ট স্কুলের প্রতিভাবান এই ছাত্র একসময় ঢাকার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে শিক্ষকতায় করেছেন। সেই সময়ে অর্থাৎ পঞ্চাশ-ষাটের দশকে জলরঙে তাঁর দক্ষতার কথা তাঁর গুণমুগ্ধ ছাত্রদের মুখে আমরা শুনতে পাই। টেলিভিশনে চলে যাওয়ার পর তাঁর সৃজনশীলতার বহুমুখী প্রকাশ ঘটেছে, কিন্তু বঞ্চিত হয়েছে চিত্রশিল্পের দর্শকেরা। এ প্রদর্শনীর চারটি জলচিত্র থেকে তাঁর তরুণ-বয়সের দক্ষতাকে অনুভব করা যায়। চিত্রগুলোতে বাংলাদেশের নদ-নদী ও পাহাড়বেষ্টিত প্রকৃতিকে তিনি সজীব করে তুলেছেন। জলরঙের নিয়মকানুনের প্রতি বিশ্বস্ত থেকেই তিনি চিত্রতলে সৃষ্টি করেছেন নদী, পর্বত ও অরণ্যের ব্যাপ্তি এবং বিশালত্বের ব্যঞ্জনা। বাস্তব পরিবেশ রচনায় দক্ষতার ফলেই তাঁর চিত্রতলে স্বচ্ছতা ও অস্বচ্ছতার একটা গভীর সামঞ্জস্য সৃষ্টি হয়।আবু তাহেরের তেলরঙের চিত্র একসময় এতই স্ট্রোকসমৃদ্ধ ছিল যার মধ্যে তাঁর মনের পুঞ্জীভূত ক্ষোভ ও দ্রোহকে দর্শক সহজেই চিহ্নিত করতে পারত। এক্রিলিক মাধ্যমে তিনি সেই স্ট্রোকের ব্যবহার থেকে হয়তো সরে এসেছেন; কিন্তু বিরূপ বিশ্বের প্রতি তাঁর মনোজ্বালাকে মোটেই গোপন করেননি। ‘ক্রোধোন্মত্ত পৃথিবী’ কিংবা ‘মৃত নদী ও দগ্ধ লোকালয়’ শীর্ষক চিত্রের জমিনে তিনি বর্তমান বিশ্বের হিংসা-বিদ্বেষজর্জর পরিস্থিতিকে মানতে না পারার তীব্র মনোবেদনাকেই প্রকাশ করেছেন। এত বেদনার মধ্যেও আশার আলো জ্বালিয়ে রাখে শান্তির কপোতসহ ডিসেম্বরের বিজয়ের স্মৃতি।আবুল বারক আলভীর একেবারেই বিপরীত। তাঁর প্রকাশরীতি অনেকটা নমনীয় ও স্নিগ্ধ। তিনি প্রকৃতির রং ও রূপকে জারিত করেন তাঁর নির্বস্তুক ভাবনার গভীরে নিয়ে। প্রকৃতির ঘাস-মাটি-তরুলতা আর খাল-নদী তাঁর চিত্রতরে কেবল বিমূর্ত বিন্যাসেই স্নাত হয়। তাঁর মনোজগতের অচেতনলোক থেকে উঠে আসে নতুন রং আর নতুন ফর্ম। রূপকল্পের কোনো পরিচিত আদলেই তাঁকে আর ধরা যায় না। রেখাগুলো কেমন একে অপরকে সৌহার্দ্যে জড়াজড়ি করে থাকে। রঙের কোমল রূপই তাঁর আরাধ্য। ফলে সবুজ, হলুদ, লাল, নীল, কালো—সব রংই উগ্রতা হারিয়ে শান্ত রূপ লাভ করে। স্বপন চৌধুরী তাঁর ক্যানভাসে নানা ধরনের কাপড় জুড়ে দিয়ে সৃষ্টি করেন বিচিত্র মাত্রার টেক্সচার ও ইমেজ। বুদ্ধমূর্তিকেও তিনি একই প্রক্রিয়ায় তাঁর চিত্রের জমিনে স্থাপন করে নিজেকে একাত্ম করে তোলেন তাঁর অহিংস আদর্শের সঙ্গে। চিত্রে নীল রঙের পটভূমির মধ্যে তিনি খুঁজে ফেরেন নিজ চিত্তেরই প্রশান্তি।অলক রায়ের মৃৎশিল্প ভাস্কর্য যেমন দৃষ্টিনন্দন, তেমনি তাঁর পরিকল্পনার মধ্যে অভিনবত্ব আছে। মৃৎশিল্পীর সঙ্গে মৃৎশিল্প ভাস্করের কথোপকথন-বিষয়ক একটি ভাস্কর্য তিনি এ প্রদর্শনীতে উপস্থাপন করেছেন। আবার এ প্রদর্শনীর চারটি ভাস্কর্যের মধ্য দিয়েই মৃৎশিল্প ও মৃৎশিল্প-ভাস্কর্যের মিল-অমিলের বিষয়টিকেও করে তুলেছেন স্পষ্ট।নাইমা হকের দুটি চিত্র অবয়বধর্মী, দুটি নির্বস্তুক। কিন্তু সব চিত্রেই তাঁর রং ব্যবহারের বৈশিষ্ট্যের মধ্যে এক ধরনের কোমলতা ও কমনীয়তা আছে। আছে সংযম ও পরিমিতিবোধের পরিচয়। বিশেষত চিত্রতলে তাঁর ব্যবহূত সাদা রং হয়ে উঠেছে বিশুদ্ধতার প্রতীক। চিত্রগুলোর পটভূমির সঙ্গে অবয়ব কিংবা ফর্মের একপ্রকার সামঞ্জস্য তিনি সৃষ্টি করেছেন। সূক্ষ্ম রেখার ব্যবহারেও চিত্রগুলো অর্জন করেছে বিশিষ্টতা। রণজিৎ দাস তাঁর ‘আত্মানুসন্ধান’মূলক চিত্রগুচ্ছের জমিনে রঙের অনেক পরত সৃষ্টি করেন। ফলে সৃষ্ট অবয়ব একেবারে সামনে চলে আসে এবং দর্শকের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করে ফেলে। অবয়বের অভিব্যক্তিই চিত্রগুলোকে বিশিষ্ট করে তুলেছে।‘পিপীলিকার ইতিহাস’ সিরিজের চারটি চিত্রে নাসরিন বেগমের বৃত্ত ভাঙার চিহ্ন স্পষ্ট। নিজের ওজন বা সাধ্যের অতিরিক্ত বহনের ব্যাপারে পিঁপড়ের বৈশিষ্ট্যকে চিত্রে অতিরঞ্জিত করে উপস্থাপনের মধ্য দিয়ে মানবজীবনের দুঃসাধ্য সংগ্রামশীলতাকেই রূপায়িত করেছেন তিনি। তিনটি চিত্রে রচিত হয়েছে নারীপীড়নের মর্মগাথা। নির্যাতন-উত্তর নিষ্প্রাণ শরীর নিক্ষিপ্ত হয়েছে পঙ্ক-ক্লেদময় ম্যানহোলে। পিপীলিকা তার একমাত্র সাক্ষী। কিন্তু আশাবাদী নাসরিন হলুদ রঙের উজ্জ্বল পটভূমিতেই বিন্যাস করেন এই করুণ চিত্র।শিশির ভট্টাচার্য্যের দুটি চিত্র বেশ পুরোনো, ১৯৮৭ সালের। কিন্তু সব চিত্রেই তাঁর বক্তব্যের একটা ধারাবাহিকতা আছে। সমাজের নানাবিধ ক্লেদ, গ্লানি, বৈপরীত্য, প্রতারণা, কথা-কাজের অমিল আর অস্বাভাবিকতা ও উচ্চাভিলাষের মোহকে তিনি বিদ্ধ করেন সুতীক্ষ সমালোচনার শরে। এ কারণে তাঁর চিত্রের সাদা-কালো জমিনে সর্বদাই থাকে কালোর বিরুদ্ধে সাদার সংগ্রাম। তাঁর ফ্যান্টাসি দেখে দর্শক প্রথমে মজা পায় ঠিকই; কিন্তু পরক্ষণেই শিহরিত হয় তাঁর বিদ্রূপাত্মক বক্তব্যের সারাৎসার উপলব্ধি করে। ড্রইংয়ে অসামান্য দক্ষতা, সমাজচেতনার গভীরতা, সূক্ষ্ম বুদ্ধি ও রসবোধের দীপ্তি এবং আধুনিক কনসেপ্টের সমন্বয়ে তাঁর চিত্রগুচ্ছ তাৎপর্যমণ্ডিত।কনকচাঁপা চাকমার চারটি চিত্রই উল্লম্ব প্রকৃতির। চারটি চিত্রেই আঁকা হয়েছে তাঁর জন্মভূমির পাহাড়ঘেরা আদিবাসী জীবনের বাস্তবতা। অহিংস ধর্মের বাতাবরণে তিনি শুনতে পান শান্তির সুমধুর সুর। নানা প্রতীকের আশ্রয়ে তিনি উচ্চকিত করে তোলেন এই শান্তি ও আলোর প্রত্যাশাকে।