
দেশসেরা জগৎসেরা শিল্পীকথা বইয়ের ভূমিকাতেই এটি লেখার উদ্দেশ্য সম্পর্কে লেখক রফিকুন নবী সোজাসুজি জানিয়েছেন, ‘দেশের বরেণ্য শিল্পীরা তো সবাই আমার শিক্ষক। একজন গুণমুগ্ধ ছাত্র হিসেবে তাঁদের চর্চার গতি-প্রকৃতি জানতে চেয়েছি, বুঝতে চেষ্টা করেছি। সেই সুবাদে স্বাভাবিকভাবেই তাঁদের নৈকট্যলাভ ঘটেছে। তাঁদের কাজ, কাজের ধরন, স্বভাব, ভালো লাগা, মন্দ লাগা ইত্যাদিকে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। আঁকার পাশাপাশি তাঁরা কে কেমন ছিলেন, দেশ-কালকে নিয়ে, দেশের সার্বিক দিককে নিয়ে, দেশের মানুষকে নিয়ে কী ভাবতেন, তা জানতে পেরেছি।’ বস্তুত রফিকুন নবীর এই জানতে পারারই ফসল এই গ্রন্থ। ভূমিকা মারফতই তিনি আরও জানিয়েছেন, ‘বলা বাহুল্য, এই গ্রন্থর অধিকাংশই শিল্পীদের মৃত্যু-পরবর্তী সময়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা।’ তবে তিনি লেখাগুলোকে অবিচুয়ারি জাতীয় বললেও শুধু তাতেই সীমাবদ্ধ থাকেননি। প্রতিটি লেখা নিটোল প্রবন্ধ হয়ে উঠেছে। অবিচুয়ারি জাতীয় লেখার যে সুর ও স্বর এবং কলেবরগত সীমাবদ্ধ থাকে, রফিকুন নবীর এই গ্রন্থধৃত কোনো লেখাই তার পর্যায়ে পড়ে না। ফলে রবীন্দ্রনাথ ছাড়া, তাঁর গুরুস্থানীয়, তথা এ দেশের আধুনিক চিত্রকলার গোড়াপত্তনকারী যে আটজন পথিকৃৎ শিল্পীর জীবন ও শিল্পকর্ম, তাঁদের জীবনধারা সম্পর্কে যা কিছু তিনি তুলে ধরেছেন, তাতে কোথাও অতিশয়োক্তি নেই। বরং তাঁর আলোচিত প্রকৃত মানুষটি তাঁর প্রকৃত আদলসহ আমাদের সামনে উপস্থিত হন।

রফিকুন নবী
প্রচ্ছদ ও অলংকরণ: রফিকুন নবী
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
২০৮ পৃষ্ঠা
দাম: ৪০০ টাকা
আমরা যাঁরা রফিকুন নবীর আলোচিত আট শিল্পীর শিল্পকর্মের সঙ্গে, তাঁদের জীবন ও আদর্শ-উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে যৎসামান্য অবহিত, রফিকুন নবীর সুবাদে তাঁদের সম্পর্কে আমরা অজানা অনেক তথ্য জানার সুযোগ পাব। এ বইয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসানকে নিয়ে যতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে, সমান গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে শিল্পী আনোয়ারুল হক, সফিউদ্দীন আহমদ, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম ও কাইয়ুম চৌধুরী সম্পর্কেও। বইটি শুধু জনাকয়েক অগ্রজ শিল্পীর জীবনীর সমাহার নয়, শুধু তাঁদের কাজের মূল্যায়নেরই দলিলবিশেষ নয়, আলোচিত শিল্পীদের কঠোর ও অদম্য প্রয়াসেই যে এ দেশে চারুকলা শিল্পের বীজ রোপিত, অঙ্কুরিত এবং কালক্রমে তা যে মহিরুহে পরিণত, এ বই পাঠে পাওয়া যাবে তারও ইতিহাস। সে বিচারে আলোচ্য বইটি কেবল স্মৃতিকথার গোত্রভুক্ত নয়, চরিত্র বিচারে, আটজন চিত্রশিল্পীর জীবনীর সূত্রে এ দেশের চিত্রকলার ক্রমবিবর্তনেরও ইতিহাস সম্পৃক্ত।
বইয়ে বিশ্বখ্যাত বিদেশি চারজন শিল্পীর জীবন ও শিল্পকর্ম নিয়েও আলোচনা করেছেন রফিকুন নবী। ভ্যান গঘ, পাবলো পিকাসো, ভাস্কর হেনরি মুর ও মার্ক শাগাল—এই চার শিল্পী সম্পর্কে যে চারটি প্রবন্ধ তিনি লিখেছেন, পড়ে মনে হয়, লেখক শুধু চিত্রকরই নন, পাক্কা প্রবন্ধকারও। আলোচ্য চার বিদেশি শিল্পী সম্পর্কে, বিশেষত তাঁদের জীবন ও কর্ম সম্পর্কে, ব্যক্তিগত জীবনাচার সম্পর্কে এত অনুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন যে পড়তে গিয়ে প্রতিপদে মনে হয়, তাঁরা দূর ভিনদেশি হলেও যেন আমাদের সামনে জীবন্ত দাঁড়িয়ে। তাঁদের সাধনার দৃষ্টান্ত যেমন আমাদের প্রাণিত করে, চারুকলার ক্ষেত্রে যাঁরা কাগজ ও রংতুলি নিয়ে হাঁটিহাঁটি পা পা করছেন, বিদেশি এই চার শিল্পীর জীবনকথা তাঁদেরও আন্দোলিত করবে নিঃসন্দেহে।
রবীন্দ্রনাথ সম্পর্কেও একটি লেখা আছে এখানে। এটি তাঁর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে লেখা। চিত্রকর হিসেবে রবীন্দ্রনাথ যে চিত্রকলার জগতে নিজস্ব একটা ঠাঁই করে নিয়েছেন এবং সেটা যে স্থায়ী, লেখাটি আমাদের সে তথ্যই দেয়। লেখকের বিশ্লেষণের পাশাপাশি দেশসেরা জগৎসেরা শিল্পীকথাকে আরও সমৃদ্ধ করেছে ম্যাটপেপারে ছাপা আলোচ্য শিল্পীদের ৩২টি ছবি।