শিল্পের অলিন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন ২২ বছর ধরে বাংলাদেশের শিল্পকলাচর্চার পৃষ্ঠপোষকতা করে আসছে। এ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের একটি হলো শিল্পকর্ম সংগ্রহ। আবুল খায়ের ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিল্পের যে সমৃদ্ধ ভান্ডার গড়ে উঠেছে, সেখানে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎসহ প্রতিষ্ঠিত ও খ্যাতনামা নবীন-প্রবীণ শিল্পীদের উল্লেখযোগ্যসংখ্যক চিত্রকর্ম স্থান পেয়েছে। এই সংগ্রহ থেকে বাংলাদেশের কয়েক প্রজন্মের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ৭ অক্টোবর ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে ‘শিল্পের অলিন্দে’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। ১৪তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী উপলক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, এস এম সুলতানসহ ৩১ জন শিল্পীর ৪৫টি চিত্র নিয়ে এ আয়োজন।জয়নুল আবেদিনের কাগজের ওপর কালি ও কলমে করা দুটি স্কেচ এবং জলরঙে দুটি ল্যান্ডস্কেপ আছে প্রদর্শনীতে, যেখানে অল্পরেখা ও রঙে কিছুটা ইম্প্রেশনিস্টিক রীতিতে বাস্তবকে ধরার দক্ষতা প্রকাশ পেয়েছে। কামরুল হাসানের চারটি ছবি—‘দুই কন্যা’ (পেপারে পোস্টার রং), ‘ক্যাটেল ইন মুনলাইট’ (ক্যানভাসে তেলরং) ‘থ্রি ফেস’ এবং ‘ন্যুড’ (কাগজের ওপর জলরং) তাঁর সামগ্রিক চিত্রকর্মের কতগুলো বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে, সেগুলো হলো: লোকশিল্পের আঙ্গিকের সঙ্গে পাশ্চাত্য আঙ্গিকের সংশ্লেষ, নারী ফিগারের উপস্থাপনা এবং পশু ফিগারের ব্যবহার। ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় প্রজন্মের ছাপচিত্র শিল্পী এবং বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের পথিকৃৎ সফিউদ্দিন আহমেদের ‘ওন ওয়ে টু ফেয়ার’ বা মেলার পথে ছবিটি (উড এন গ্রেভিং-১৯৪৭) সাধারণ মানুষ ও নিসর্গের রোমান্টিক উপস্থাপন। তাঁর অন্য এনগ্রেভিংটি একই রীতিতে ‘বন্যা’ শিরোনামে ১৯৫৬ সালে করা। তাঁর ‘আনটাইটেলড’ শিরোনামে ক্যানভাসের ওপর তেলরঙে আঁকা আরও দুটি ছবি আধা বিমূর্ত রীতিতে বাংলাদেশের প্রকৃতি ও নিরণ্ন মানুষের উপস্থাপন।এস এম সুলতানের একটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। পাটের ক্যানভাসের ওপর তেলরঙে আঁকা ছবিতে পেশিবহুল কৃষক, গরু ও গ্রামীণ নিসর্গ শিল্পীর নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর।প্রদর্শিত চিত্রকর্মগুলো শিল্পীদের চিত্রকর্মগুলো বিমূর্ত, আধা বিমূর্ত ও ফিগারেটিভ—এই তিনটি রীতির উপস্থাপনকে প্রতিনিধিত্ব করছে। ৫০-এর দশকের শেষের দিক থেকে বাংলাদেশের চিত্ররীতিতে বিমূর্ত আঙ্গিকের প্রাধান্য পেতে থাকে মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, মুর্তজা বশীর প্রমুখ শিল্পীর চিত্রের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, মাহমুদুল হক, কাজী গিয়াসের কাজেও এ ধারার প্রভাব লক্ষণীয়। আশির দশক থেকে রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, ইফতেখার উদ্দিন আহমেদ এই বিমূর্ত রীতিকে বহন করে চলেছেন।গ্রামীণ সংস্কৃতির মৌলিক রং কিছুটা আলংকারিক ভঙ্গিতে আধাবিমূর্ত রীতিতে ধরা পড়েছে কাইয়ুম চৌধুরীর ছবিতে।ফিগার নিয়ে নিরীক্ষাধর্মিতার পরিচয় আছে আমিনুল ইসলাম, হামিদুর রহমান, সৈয়দ জাহাঙ্গীর, রফিকুন নবী ও ফরিদা জামানের চিত্রে। পরবর্তী সময়ে ফিগার নিয়ে স্বতন্ত্র শৈলী নির্মাণ করেছেন শাহাবুদ্দিন, আবদুস শাকুর, রোকেয়া সুলতানা, নাজলী লায়লা মনসুর, দিলারা বেগম জলি, কনক চাঁপা, মাহবুবুর রহমান ও তৈয়বা বেগম লিপি। তৈয়বার দুই মাত্রার ক্যানভাসে প্লাস্টিকের পুতুলের সংযোজন তিন মাত্রার বোধ এনেছে। ফিগার ও ফর্মের উপস্থাপন নতুন প্রজন্মের শিল্পীদের কাজে অপেক্ষাকৃত জটিল এবং নানা স্তর সৃষ্টি করেছে।