
আলোকিত মানুষ তৈরির জন্য ৩৫ বছর ধরে কাজ করে চলেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এই প্রতিষ্ঠানের নতুন ভবনে ২ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীর মাধ্যমে সম্প্রতি উদ্বোধন হলো চিত্রশালার। প্রথাগত গ্যালারির চেয়ে এর গড়নটি একটু ভিন্ন রকম। সে গল্প আজ নয়, এখন বরং বলব কেন্দ্রের চিত্রশালায় শুরু হওয়া ছবির প্রদর্শনী সম্পর্কে।

হ্যাঁ, প্রদর্শনীর ৪০ শিল্পী আমাদের খুব চেনা। তাঁদের ছবিও অচেনা নয়। জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, সফিউদ্দিন আহমেদ থেকে আমিনুল ইসলাম, রশিদ চৌধুরী, আবদুর রাজ্জাক—কে নেই এ প্রদর্শনীতে!
এ দেশের শিল্পকলাচর্চার সূচনালগ্ন থেকে বর্তমানকাল পর্যন্ত দশক অনুযায়ী শিল্পচর্চার একটি বিবর্তনরেখাও পাওয়া যাবে এখানে।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল পরিবার’ ও কামরুল হাসানের ‘সখী’ ছবিটি দিয়েই গল্প শুরু হোক। আবহমান বাংলার দুই অতি চেনা বিষয়কে এ দুই শিল্পী এঁকেছেন নিজস্ব ঢঙে। জয়নুলের ছবিটি জলরঙে আঁকা। অন্যদিকে কামরুল তাঁর কাজে নারী দেহাবয়বকে উজ্জ্বল রঙে জ্যামিতিকভাবে প্রকাশ করেছেন। জয়নুল ও কামরুলের চিত্রণ পদ্ধতির মধ্যে পার্থক্য বোঝা যাবে রং ও আকৃতির উপস্থাপনায়।
এস এম সুলতান বাংলার কৃষক ও কিষানির যৌথ অংশগ্রহণে ফসলের মাঠে বোনা সবুজের গল্প এঁকেছেন ‘স্বপ্ন অর্জন’ ছবিতে। আবার লিফোগ্রাফে করা মোহাম্মদ কিবরিয়ার ‘শিরোনামহীন’-এর ভেতরে শিল্পীর আত্মপ্রতিকৃতির নিস্তব্ধ অভিব্যক্তি ভাবিয়ে তোলে দর্শককে। সফিউদ্দিন আহমেদের এচিং মাধ্যমের কাজ ‘মেমোরিজ ’৭১’ বোধ করি সংগ্রামী মানুষের অন্তর্গত কান্নার প্রকাশ।
পক্ষান্তরে ‘শিরোনামহীন’ শীর্ষক আমিনুল ইসলামের ছবিতে দেখা যায়, দণ্ডায়মান তিনজন মানুষ; কিন্তু তাদের আকৃতির সঙ্গে যুক্ত হয়েছে উজ্জ্বল সবুজ গাছ ও পাতা। রশিদ চৌধুরীর ‘শ্যামাঙ্গিনী’ নামের চিত্রে তেলরঙের প্রলেপ ভেদ করে উজ্জ্বল ও গাঢ় রঙের বিভাজন স্পষ্ট। আর ‘প্রকৃতি’ নামে আবদুর রাজ্জাকের ছবি? এখানে রঙের ছোপ ছোপ আঁচড়ে তৈরি হওয়া প্রপাতে উজ্জ্বল হয়ে উঠেছে নারীশরীর। এসব কাজ দেখে দর্শক শিল্পীদের চিনতে পারবেন সহজেই।
একইভাবে মুস্তাফা মনোয়ার, দেবদাস চক্রবর্তী, সৈয়দ জাহাঙ্গীর, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, গোলাম সারোয়ারের কাজে নিজস্ব নির্মাণ কৌশল থাকায় তাঁদের শনাক্ত করাও দুঃসাধ্য হবে না।
এ অঞ্চলে চিত্রকলার উন্মেষ পর্বে বাস্তববাদী একাডেমি পদ্ধতির স্পর্শ থাকলেও চল্লিশের মধ্য পর্যায়ে ইউরোপীয় শিল্প-ধারণা অনুসরণ করে বিষয়ে বিমূর্ততার আভাস দেন একদল শিল্পী। পঞ্চাশের পুরোটা সময় চলতে থাকে বিমূর্ত নিরীক্ষা। সেই পথে হাঁটতে হাঁটতেই ৬০ থেকে ৭০ পর্যন্ত প্রকৃতি, সমাজচেতনা ও রাজনৈতিক চিন্তাসহ বিভিন্ন বিষয় আত্মস্থ করে চিত্রকলা। এ পরম্পরায় আশি, নব্বই ও শূন্য দশকে যুক্ত হয় নতুন মাধ্যম—স্থাপনাশিল্প, ভিডিও আর্ট, ফটোগ্রাফি আর্ট, পারফরমেন্স প্রভৃতি। এসব কিছুর সমাহার রয়েছে চলমান প্রদর্শনীতে। ফলে প্রদর্শনীটি যেন হয়ে উঠেছে শিল্পের আনন্দ দ্বৈরথ। এটি শেষ হবে ১৫ এপ্রিল।