নারী-পুরুষের বিভাজন আমাদের সামাজিক-অর্থনৈতিক-মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতা। ‘নারী-শিল্পী’ এই উপাধি একজন শিল্পীর অবস্থান এবং শিল্পকর্মকে প্রথমেই সীমাবদ্ধ করে তোলে এবং নৈর্ব্যক্তিক বিচারকে ব্যাহত করে। শিল্পীর মূল্যায়ন শুধু শিল্পকর্ম দিয়েই নির্ধারিত হওয়া উচিত। তবে আমাদের সমাজের পুরুষতান্ত্রিকতার প্রভাব নারীদের মনোভূমিতেও সমানভাবে ক্রিয়াশীল। এর ধারাবাহিকতা শিল্পভুবনে বিস্মৃত; ‘সাঁকো’ বাংলাদেশের নারী শিল্পীদের একটি সংগঠন। এ সংগঠনটি আট বছর ধরে নানা ধরনের আয়োজন করেছে। তাদের প্রধান আয়োজন প্রতিবছর একটি প্রদর্শনী করা। এই সংগঠনের এবারের প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। আন্তর্জাতিক নারী দিবসের শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তাদের এই আয়োজন। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফরিদা জামান, কুহু, ফারেহা জেবা, ফারজানা ইসলাম মিল্কী, কনকচাঁপা চাকমা, নাইমা হক, নাসরিন বেগম, রেবেকা সুলতানা মলি, সুলেখা চৌধুরী, ফারজানা আহমেদ শান্তা, জ্যাকলিন হেলেন ম্যারি, জয়া শাহরিন হক, মাকসুদা ইকবাল নিপা ও ভদ্রেশু রিটা।এই প্রদর্শনীতে প্রত্যেকের শিল্পকর্মে নারীর উপস্থিতি লক্ষণীয়; শিল্পী ফরিদা জামান শিল্পজীবনের শুরু থেকেই জীবনের নানা অভিজ্ঞতা, নিসর্গ, নারীকে চিত্রপটে উপস্থাপন করেন প্রতীকী ব্যঞ্জনায়; তার স্নিগ্ধ রঙের ব্যবহার, আঙ্গিকের সৌন্দর্য দর্শকদের পরিতৃপ্ত করে। ‘রিমেমবারেন্স-১’ শীষর্ক চিত্রপটে লাল, কালো ও নীলের বিন্যাস নানা মাত্রায় গভীরতা তৈরি করেছে। শিল্পী ফারেহা জেবা ‘শ্যাডো-৫’ শিরোনামে নারীর আকুতি, অভিব্যক্তি, আকাঙ্ক্ষা দৃশ্যমান হয়ে ওঠে। নারী হিসেবে তাঁর কাজে কোনো বৈপ্লবিক পরিবর্তন নয় বরং তাঁর ক্যানভাস পরিশীলিত ও পরিমার্জিত।শিল্পী কুহু ‘কম্পোজিশন ইন গ্রিন অ্যান্ড রেড’ শিরোনামে নারীর অবয়বে আমাদের স্বাধীনতাযুদ্ধে অংশ নেওয়া নারীদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। শিল্পী কনকচাঁপা চাকমা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি নিয়ে ছবি আঁকছেন। এখানেও ‘হোপ’ শীর্ষক চিত্রকর্মে নীলাভ পটভূমিতে একজন সন্তানসম্ভবা নারীর প্রতিচ্ছবি রয়েছে। রঙের স্বচ্ছ-অস্বচ্ছ প্রয়োগ, রেখার মাধ্যমে ভলিউম তৈরি, রূপকে স্থবিরভাবে উপস্থাপন—এ সবকিছুর সমন্বয়ে বিস্মৃত হয়েছে তাঁর চিত্রপট।শিল্পী সুলেখা চৌধুরীর ‘হারিয়ে গ্যাছে সোনার মেয়ে’ শিরোনামের চিত্রকর্মটি প্রতীকীধর্মী। তিনি সমাজে মেয়েদের অবস্থান, নিপীড়ন, অবক্ষয়, অন্তর্দহন সম্পর্কে অভিজ্ঞতা বলিষ্ঠভাবে তুলে ধরেন তাঁর ক্যানভাসে।বাংলাদেশের খ্যাতনামা নারীশিল্পীরা এ সংগঠনের সদস্য। সাঁকোর শুরুটা খুব অগোছালোভাবে; গল্পের ছলেই ভেবেছিলেন কয়েকজন শিল্পী নারীদের নিয়ে কিছু করার কথা, নারীদের তাত্ত্বিক ও বাস্তবতার সমস্যাগুলো সম্পর্কে প্রস্তুতিহীনভাবেই। নারীদের সংঘ হিসেবে সেই দার্শনিক দৈন্য এখনো প্রকটভাবেই চোখে পড়ে। শিল্পকমের্র প্রদর্শনী হিসেবে নান্দনিকতার সব শর্ত পূরণের পরও এ সময়ে প্রতিষ্ঠিত শিল্পীরা এমন সাদামাটা ধ্যানধারণাতে রয়েছেন, যা দর্শকদের আশাহত করে। নারী-পুরুষের বৈষম্য এই শিল্পীদের মননে কতটা আঁচড় কাটে তার কোনো ছাপ প্রদর্শনীতে নেই। চিত্রকলার যে ঐতিহ্য তাঁরা পাঠ করেছেন, সেই ধারাবাহিকতায় আমাদের সামাজিক কাঠামোর দুর্বলতাকে ছাপিয়ে নারীর অবস্থানকে দৃঢ় করার তাগিদ কাম্য। সৃষ্টিশীল নারী আটপৌরে জীবনযাপন-ভাবনার গতিতে আবদ্ধ থাকে না। সাঁকো তার শিল্পসৃজন এবং ভাবনা বলয়ে নিজেদের ছাড়িয়ে যাবে বলেই আশাবাদী হওয়া যায়। সাঁকো তাদের প্রদর্শনী থেকে শিল্পকর্ম বিক্রির একটি অংশ বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করে। প্রদর্শনী চলবে ২৭ মার্চ পর্যন্ত।