যৌথ প্রদর্শনী শিল্পের বিবিধ আত্মপ্রকাশকে বৈধতা দেয়। এটি দর্শককে, একসঙ্গে জারি থাকার একটি সামাজিক নিয়মের মুখোমুখি করে। শিল্পভাষার সিদ্ধির ভেতর দিয়ে একজন শিল্পী স্বতন্ত্র হতে পারেন কিন্তু একটি সমাজের মধ্যে যাপনের নানা আনন্দ-বেদনাজনিত শর্তের কারণে তিনি সমষ্টিগত অস্তিত্বেরও অংশ হয়ে থাকেন। তাই একাকী শিল্পচর্চার একটি বিচ্ছেদ আছে। শিল্পীর ব্যক্তিগত বিচ্ছেদ ঘোচানোর এক সহজ পন্থা হলো শিল্পকর্ম উপস্থাপনের দলগত প্রদর্শনীর আয়োজন ও এতে অংশগ্রহণ। অধুনা ঢাকা শহরের সাংস্কৃতিক মানচিত্রে যৌথ প্রদর্শনীর চিহ্নগুলো সংখ্যার বিচারে কম নয়। এই বিপুল রাশির যৌথ প্রদর্শনীর সারণিতে আরও একটি যৌথ রাশি যুক্ত হলো। মাস্টার্স অ্যান্ড আদার্স—এই নামে সাত দিনব্যাপী প্রদর্শনীটি শিল্পাঙ্গন গ্যালারিতে ২২ ফেব্রুয়ারি শুরু হয়। গ্যালারির আমন্ত্রণপত্রে ‘মাস্টার’ আর্টিস্ট হিসেবে হাশেম খান, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর ও শাহাবুদ্দিন আহমেদের নাম কেবল উল্লেখ করা হয়েছে। তবে প্রদর্শনীর সরেজমিন দেখা থেকে হদিস পাওয়া ‘আদার’ আর্টিস্টরা হলেন আহমেদ নাজির, বীরেন সোম, গোলাম ফারুক বেবুল, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, জাভেদ জলিল, কনক চাঁপা চাকমা, কাজী সালাহউদ্দীন আহমেদ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মুনিরুজ্জামান, প্রশান্ত কর্মকার, রণজিৎ দাস, রশিদ আমিন, রেজাউন নবী, রফি হক, শহীদ কবির, সোহানা শাহরীন, উত্তম গুহ ও জুনাবুল ইসলাম। আহমেদ নাজির ডিজিটাল প্রিন্ট দিয়ে নির্মাণ করেছেন দ্য ওয়ার ফাইল। কেবল ফর্মের মাধ্যমে সাদা-কালো রং ও বুননের অনুষঙ্গে মুক্তিযুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির দালিলিক চিহ্ন সৃষ্টি করতে শিল্পী এখানে তৎপর হয়েছেন। শিল্পের ভাষায়, বিশেষ করে বিমূর্ত আঙ্গিকে যুদ্ধের দলিল রচনার সম্ভাবনা কতটুকু—এই প্রশ্নে দর্শককে সম্পৃক্ত হতে দাওয়াত দেন শিল্পী।মনিরুল ইসলামের জলরঙে আঁকা ছবিটির নাম ক্রাই অব দ্য স্কাই। মোটা ও ভঙ্গুর রেখায় ছোপ ছোপ সাদা-কালো রঙের সংকুচিত আয়তনে হঠাৎ একটি অমসৃণ লাল রেখার উপস্থিতি ছবিটিতে একটি কান্নার দোহাই দেয়। মানুষ কিংবা কোনো প্রাণীর হূদয় এই কান্নার উৎস নয়। লাল রেখাটি আসমানের কান্নার প্রতীক। এই কান্দনকে শিল্পী দেখতে পান শূন্যতার আবহে। স্মৃতি ও নিসর্গের ভাবনায় গঠিত ছবিটি দর্শকের আবেগের উৎসতলে সাড়া তোলে। বাঙালি জাতীয়তাবাদী আবেগের চিত্রগতিতত্ত্বের শিল্পী শাহাবুদ্দিন আহমেদের এই ছবিও যথারীতি মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী। তেলরঙে আঁকা ছবির নাম রিফিউজি ’৭১। শাহাবুদ্দিন নিজেই যেহেতু মুক্তিযোদ্ধা, সে জন্য ইতিহাসের সঙ্গে বুদ্ধিবৃত্তিক বোঝাপড়ার মধ্য দিয়ে তাঁকে মুক্তিযুদ্ধের চৈতন্য অর্জন করতে হয়নি। একাত্তরের যুদ্ধের বাস্তবকে, লড়াইয়ের স্বপ্নকে তিনি যুদ্ধের ময়দানের অভিজ্ঞতা দিয়ে ধমনিপ্রবাহের রক্তবিন্দু হিসেবে আত্মস্থ করেছেন। মুক্তিযুদ্ধে শরণার্থীদের চিত্রণে, শিল্পী আদতে নিজের অভিজ্ঞতা ও আবেগকেই চিত্রিত করেন। শাহাবুদ্দিনের ক্যানভাসে আছে এক নীলাভ পশ্চাদ্ভূমি, যেন আকাশ ও জমিনের হঠাৎ মিলনস্থল। নিম্নভাগে ধূসর-কালো রঙে কুণ্ডলী পাকানো ঝঞ্ঝার আভাস যেন যুদ্ধের মত্ত সময়ের নানা ইঙ্গিত বহন করে। আরও নিচে পুঞ্জ পুঞ্জ সাদা তুলো যেন বাস্তুহারা মানুষ তাদের সম্মিলিত নিরাশ্রয়ের যন্ত্রণা লাঘবের আশায় ধুঁকছে।কাগজের ওপর কালিতে আঁকা জাভেদ জলিলের দুটো কাজ আছে এই প্রদর্শনীতে। একটির নাম আউল অন দ্য হুইল। পিকাসোর ঘনবাদী জ্যামিতিক শিল্পভাষা দিয়ে অনুপ্রাণিত জলিলের ছবিটিকে প্রতীকবাদী ভাবনার আলোকে পাঠ করা যায়। চাকা হচ্ছে চলার বাহন, প্যাঁচা সাধারণত অন্ধকার রাত্রির গুরুগম্ভীর জীব। যদিও ছবিতে অন্ধকার নেই, আছে ধূসরতা। সভ্যতার প্রগতির চাকায় তবে কি অশুভ স্থবিরতার আছড় দেখতে পেয়েছেন শিল্পী! এই ছবির ভেতর দিয়ে সময়ের-যাপনের দুর্গতির কথা আবছা শোনা যায়। ছাপচিত্রের এচিং ধরনের কাজ ইন দ্য সার্চ ইনফিনিটি। রশিদ আমিন বিমূর্ত চিত্রভঙ্গিমায় নিসর্গে অসীমের আনন্দ খোঁজেন। আননোন ফেসেস ছবিতে বস্ফািরণ ও বিকৃতিকে শিশুদের নিয়তি হিসেবে চিহ্নিত করেন মোহাম্মদ ইকবাল।আবদুস শাকুর মৈমনসিংহ গীতিকার নানান চরিত্রের নয়নশোভন ও সরল রূপায়ণের জন্য বিখ্যাত। এই প্রদর্শনীর কাজলরেখা ছবিটি, শিল্পীর অতীতের সিরিজ কাজে প্রতিফলিত নাগরিক সাবধানতার অ্যাপ্রোচ থেকে কিছুটা দূরে সরে আসা। এর ফলে, কাজলরেখার উপাখ্যান যে-শ্রেণীর জনপ্রিয় সাংস্কৃতিক অভিব্যক্তি, সেই শ্রেণীর অস্তিত্বের দৃশ্যগত উপস্থাপনাটি দর্শকের ভাবনায় বেশি পরিমাণে বিশ্বাসযোগ্যতার রসদ সরবরাহ করে। যার মধ্য দিয়ে মৈমনসিংহ গীতিকার উল্লেখযোগ্য চরিত্র নতুন অবয়বে ধরা দেয়। অবশ্য, তা যতটা আবেদন সৃষ্টি করে, তার চেয়ে অধিক শিকড়ের সুলুকসন্ধানকে উসকে দেয়।শিল্পীদের বয়স, খ্যাতি ও অভিজ্ঞতার মানদণ্ড দিয়ে আয়োজিত প্রদর্শনী সর্বাঙ্গীণ সাফল্য পেতে অপারগ। বরং বিষয়-ভাবনার ঐক্য দিয়ে পরিকল্পিত প্রদর্শনীই কাম্য।