শিল্পের মহাসমারোহে
বাংলাদেশের সংস্কৃতি, গ্রামীণ বা নাগরিক জীবনের চড়াই-উতরাই, বিশ্ব বাস্তবতায় এর অতীত ও বর্তমান গঠনগত বা জৈবিক ও মনস্তাত্ত্বিক বিবর্তন—এসব বহুবিধ প্রেক্ষাপটে এক ঝলক সারসংক্ষেপ দর্শকদের জন্য উন্মুক্ত করেছে সাজু আর্ট গ্যালারি, ১ এপ্রিল ‘অ্যা গ্রান্ড গ্রুপ আর্ট গ্যালারি আর্ট এক্সিবিশন অব রেপুটেড বাংলাদেশি আর্টিস্ট-২০১১’ শীর্ষক প্রদর্শনীর মাধ্যমে। বাংলাদেশের প্রখ্যাত প্রবীণ ও নবীন ১০৫ জন শিল্পীর স্বকীয় শিল্পগুণ ও ভাষাসমৃদ্ধ ১৫০টি শিল্পকর্মের বিশেষ এই আয়োজন চলছে। দেশের ‘এভান্ট গ্রাড’ শিল্পী, শিল্পী এস এম সুলতান, কামরুল হাসান, মোহাম্মদ কিবরিয়া, সফিউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, আবদুুর রাজ্জাক, মুর্তজা বশীর, সাঈদ জাহাঙ্গীর, শামসুল ইসলাম নিজামী প্রমুখের শিল্পকর্মের স্বাদ একই গ্যালারিতে নিতে পারার সুবর্ণ সুযোগ শিল্পরসিকদের জন্য। শিল্পী সফিউদ্দিন আহমদের রঙের নম্রতা, শান্ত কাব্যকথা আর ছন্দময়তায় পঞ্চাশের দশকের বিখ্যাত একটি প্রিন্ট দর্শক দেখবে, সঙ্গে দেশের প্রখ্যাত শিল্পী কিবরিয়ার বিমূর্তায়ন কম্পোজিশন নান্দনিক পেইন্টিং ‘ব্ল্যাক অ্যান্ড গ্রে’ বোহেমিয়ান ও সম্পূর্ণ অন্য মাত্রার শিল্পী এস এম সুলতানের ড্রয়িং জলরঙের ‘কৃষক’ শীর্ষক ছবিটি বরাবরের মতোই নিয়ে যেতে চায় নতুন আশান্বিত এক বাংলাদেশের স্বপ্নে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের চিত্রকলার ব্যাপক প্রসার ও সমৃদ্ধিতে সাজু আর্ট গ্যালারি ১৯৭৪ সাল থেকে দেশবরেণ্য ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে। বর্তমানে চলছে ২৯তম বার্ষিক প্রদর্শনী। প্রথম প্রদর্শনী শুরু হয় ১৯৭৭ সালে এবং তখন থেকে শিল্পী, শিল্পরসিক ও শিল্পবোদ্ধাদের নিয়ে বাংলাদেশের শিল্পকলার অগ্রগতিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ সময় পরিক্রমায় সাজু আর্ট গ্যালারি বর্তমানে ভাবনার প্রয়োজনে নিজেদের দোকান সুলভ আর্ট গ্যালারিকে গুলশান ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলা থেকে অন্য কোথাও মনোরম পরিবেশ ও আয়েজনে নিয়ে যাওয়া অমূল্য শিল্পকর্মগুলো উপস্থাপনে আরও বেশি নান্দনিক ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে দর্শকের দৃষ্টিতে। জাফরিন গুলশান