সময় বদলায়; কিন্তু কিছু কিছু বিষয় থেকে যায়, মানুষের মঙ্গলাকাঙ্ক্ষা সম্ভবত এমনই এক চিরন্তন বিষয়। শিল্পী-কবি-রাজনীতিক-সাধারণ মানুষ—সবার ভেতরেই এই শুভবোধের স্রোত বহমান থাকে, পারিপার্শ্বিকতা ও ব্যক্তিচাহিদার নানাবিধ জটিলতায় হয়তো অনেকেই হারিয়ে ফেলেন পথ, তবে কেউ কেউ চারপাশের পরিবেশটাই বদলে নেন নিজের মতো করে। সকল প্রতিকূলতায় উল্টো স্রোতের মতো দাঁড়িয়ে থাকেন শুভবোধের পক্ষে। একজন শিল্পী তাঁর পুরো মেধা, শ্রম ও দক্ষতা যখন মানুষের মঙ্গলাকাঙ্ক্ষায় নিয়োজিত করেন, তাঁকে আমরা বলতে পারি যথার্থ মানবতাবাদী শিল্পী। নিসার হোসেন এমনই একজন ঋজু প্রতিকৃতির সমসাময়িক শিল্পী।আধুনিক সময়ের শুরু থেকেই শিল্পীদের সামাজিক অবস্থান উন্নত হয়; সাধারণ শ্রমজীবিতা থেকে আলাদা হয়ে শিল্পীদের কর্মকাণ্ড বিবেচিত হতে থাকে বুদ্ধিবৃত্তিক অনুশীলন হিসেবে। এর কারণ ছিল আধ্যাত্মিকতার বাইরে এসে শিল্পের অন্তরে-বাইরে সামাজিক বিষয়াবলির ব্যাপক অভিঘাত। ‘আমার ভাবনা বাস্তব অভিজ্ঞতাজাত; আমি অলৌকিক বা আধ্যাত্মিকতাবোধে বিশ্বাসী নই। আমার গড়ে ওঠাতে রয়েছে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর প্রবণতা। পালিয়ে যাওয়া আমি শিখিনি।’ সমাজ-পরিবেশ-সময়ের নির্মম বাস্তবতা থেকে বাঁচার জন্যই মানুষের শিল্প-সাহিত্য-সংগীত চর্চা। আবার অন্যভাবে দেখা যায়, বাস্তবতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তা উপস্থাপন করেন শিল্পীরা। একটা দীর্ঘ সময় পর্যন্ত শিল্পীরা ছবি এঁকেছেন সমাজ-দেশের প্রতি দায়বদ্ধতা থেকে। কিন্তু এই উত্তরাধুনিক সময়ে ব্যক্তিকেন্দ্রিকতা তীব্র আকার ধারণ করেছে। শিল্পীদের শুধু ছবি এঁকে জীবনধারণের প্রবণতাও কমে গেছে। ‘পূর্বে ছবি আঁকা জীবিকা-নির্বাহের তাগিদেই ছিল, কিন্তু এখন আমরা সে অবস্থায় নেই।’ এই নিজস্বতা কি আধ্যাত্মিক চাহিদাজাত নাকি বাস্তবতা থেকে প্রতিনিয়ত যে উপলব্ধি হচ্ছে তার জমা হওয়া ভার প্রকাশ করে মুক্ত হওয়া! শিল্পী নিসার হোসেন এভাবেই উন্মোচন করেন তাঁর শিল্প চেতনার পাঠ।বৈশ্বিকতার নানামুখী জোয়ারে যখন তরুণ শিল্পীরা উদ্ভ্রান্ত হয়ে পাশ্চাত্যের শিল্প হাতড়ে বেড়াচ্ছে, তখন তিনি নিজস্ব মাটিতে দাঁড়িয়ে দেশকে অনুভব করার পরামর্শ দেন। ‘আমাদের বাস্তবতা খুব কঠিন। দায়িত্ব-জ্ঞানহীন মানুষ চারিদিকে। এই সমাজ-দেশ-মানুষের প্রতি কারও দয়া-মায়া নেই। দৃষ্টিভঙ্গির নিষ্ঠুরতা থেকে আমার এক ধরনের উপলব্ধি হয়েছে এবং তা প্রতিমুহূর্তে ক্যানভাসে উঠে আসছে। আমার মনে হয় না আমি পারব, এমন একটি পরিবেশের মধ্যে বসবাস করে ভীষণ দৃষ্টিনন্দন কিছু উপস্থাপন করতে।’ কৃত্রিমতা শিল্পীর জন্য সর্বদাই দুঃসাধ্য। আরোপিত শিল্পের বোঝা খুব বেশি দূর বহন করে নেওয়া যায় না।শিল্পী নিসার এই সময়ে ল্যান্ডস্কেপধর্মী ছবি আঁকছেন। বেশ কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলেন। কিন্তু সেখানকার সবুজ-সুন্দর প্রকৃতি তাঁকে আকৃষ্ট করতে পারেনি। উজ্জ্বল স্নিগ্ধ প্রকৃতি না এঁকে নদীর ধারের কাদামাটি-মাখা প্রকৃতি-গাছের গুঁড়ি তিনি এঁকেছেন। একই রকম ঘটেছিল শ্রীলঙ্কায় গিয়েও। ‘এত সুন্দর-পরিচ্ছন্ন দেশে আমার কাজের টেম্পারমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, কালার অ্যাপ্লিকেশন কোনো কিছুর সঙ্গেই সমন্বয় ঘটছে না। খুব অস্বস্তি নিয়ে ছবি এঁকেছি। কিন্তু ঢাকায় ফিরে আমি ঠিকই আবার একাত্ম হয়ে যেতে পেরেছি ছবি আঁকার সঙ্গে।’ সমাজের অসুন্দর বিষয়গুলো এই শিল্পীর মনস্তত্ত্বে ক্রমাগত আলোড়ন তোলে। কোথাও কি শিল্পী নিসার হোসেনের মাঝে শিল্পী ভ্যানগঘের ছায়া খুঁজে পাওয়া যায়! বর্তমানে তার ছবির বিষয়বস্তু হিসেবে আসছে প্রাকৃতিক বিপর্যয়ের নানা অনুষঙ্গ; শুধু মানুষের জন্যই নয় পৃথিবী, প্রকৃতির অন্য সবকিছুর অংশগ্রহণেই পৃথিবীর পূর্ণতা। বেদনার সুরগুলোকে প্রকাশ করে শিল্পী নিসার হোসেন কি মুক্তি খুঁজে চলেছেন? শিল্পী বর্ণনা করেন তাঁর আশা, হতাশা আর স্বপ্নের প্রাত্যহিকতা এবং বিশ্বাস করেন এসব দুর্দশা থেকে উত্তরণের পথ অবশ্যই আছে।জ্ঞানভিত্তিক সমাজেই নতুন সৃজনের সম্ভাবনা তৈরি হয়। অগ্রগামী শিল্পীরাই এ ক্ষেত্রে থাকেন পথপ্রদর্শকের ভূমিকায়। শিল্পী নিসার হোসেন তাঁর সমসাময়িক ভাবনা-গবেষণা এবং শিল্পকর্মে তরুণদের সামনে এক অনুকরণীয় শিল্প-ব্যক্তিত্ব।শিল্পী নিসার হোসেন: জন্ম ১৯৬১ সালে ঢাকায়। বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে বিএফএ শেষ করেন । ১৯৮৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে এমএফএ করেন। তিনি দেশে-বিদেশে বেশ কিছু একক ও যৌথ প্রদর্শনীতে অংশ নেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।