শিশুদের জগতে বড়দের পৃথিবী
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ শিশুর সুষ্ঠু মানসিক বিকাশের জন্য শিশু চিত্রকলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। বিভিন্ন দেশের আয়োজকেরা বিভিন্ন দেশের শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে। ফলে পৃথিবীর ভিন্ন ভিন্ন সংস্কৃতির আদান-প্রদান ঘটছে, দেশ-সীমানা পেরিয়ে সৌহার্দ্য ও ঐক্য গড়ে উঠছে এবং শিশুদের সরল-সহজ সত্যের বোধে মানবিক সম্পর্কের বোঝাপড়া আরও দৃঢ়তর হচ্ছে। আন্তর্জাতিক চিত্রকলাচর্চায় বাংলাদেশের শিশুরা গৌরবজনক সম্মান বয়ে এনেছে। বাংলাদেশের শিশু চিত্রকলাচর্চা ও বিকাশকে আরও প্রসারিত করতে ১৯৯৮ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজন করছে আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় এ বছর ষষ্ঠ দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রতিযোগিতার প্রায় ৫০০ চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে শিশু একাডেমীতে ২৬ জুন থেকে। ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তুরস্ক, মিসর, ওমান, ফিলিপাইন, জর্ডানসহ ১৯টি দেশের ৮৫ জন শিশুশিল্পী পুরস্কার পেয়েছে। বাংলাদেশের শিশু চিত্রশিল্পী প্রতিযোগীরা পেয়েছে ২৯টি পুরস্কার। ‘গ্রাঁ-প্রি’ অর্থাৎ সর্বোচ্চ পুরস্কার পেয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার জাইসা জাহিন আহমেদ। তার ছবির নাম ‘বান্দরবান’। প্যাস্টেল রঙে আঁকা ছবিতে বান্দরবানের পাহাড়ি জনপদের দৈনন্দিন জীবনের প্রতিরূপ চিত্রায়িত করা হয়েছে।বিভিন্ন দেশের শিশুদের ছবি স্পষ্টতই সেসব দেশের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, প্রকৃতি, লোক ও নগর সংস্কৃতি প্রভৃতিকে উপস্থাপন করেছে। শিশুদের ব্যাকরণবিহীন স্বতঃস্ফূর্ত ছবিগুলো একটি দেশের অর্থনৈতিক-রাজনৈতিক ব্যবস্থায় তাদের প্রতি রাষ্ট্রের মনোভাবেরও প্রতিফলন।শিশুরা স্বাধীনভাবে জল রং করেছে কিংবা পেনসিল রং বা শুধুই কলম দিয়ে ড্রয়িং করেছে। অনেকে কাগজের টুকরো কেটে লাগিয়ে কোলাজও করেছে। ছাপচিত্র-মাধ্যমে ‘কাঠ খোদাই’ পদ্ধতিতেও কাজ করেছে। এ মাধ্যমে ভারতের শিশুশিল্পীরাই বেশি কাজ করেছে। একটু মনোযোগ দিয়ে লক্ষ করলে একই দেশের বিভিন্ন শিশুর ছবির রং, রেখা, কম্পোজিশন, এমনকি ভাষা আলাদাভাবে পাওয়া যায়। যেমন—ভারতীয় ছবিতে পাগড়ি-ধুতি পরা মানুষ, মানুষের প্রতিকৃতি কিংবা বিয়ে, পুজো ইত্যাদি বিষয়ে শিশুরা যে ধরনের রং-নকশা ব্যবহার করেছে, তাতে ভারতকে খুঁজে পেতে বেগ পেতে হয় না। কোমলমতি শিশুদের দেখা, বোঝার জগৎ অদ্ভুত। তাদের ছবি শিশুদের চিন্তা-চেতনা, কল্পনা বিকাশের অন্যতম একটি মাধ্যম। ছবি শিশুর শিক্ষারও প্রতিফলন।আবার শিশুরা বৈশ্বিক পরিবেশ বিপর্যস্ত নিয়েও বেশ উদ্বিগ্ন। তাই এঁকেছে ‘সেফ দ্য রিফ’ কিংবা ‘জঙ্গল’ কিংবা ‘গাছ কেটো না’। বিষয়ের সঙ্গে কল্পনার ও আঁকার কৌশলের সাযুজ্য লক্ষণীয়। ধর্মীয় আচার অনুষ্ঠান তুলে ধরেছে ঈদ, দুর্গাপূজা, বড়দিন, থিরডিংগিয়াই উৎসব (মিয়ানমারের উৎসব) ইত্যাদি নামে। শিশুদের কাছে জন্মদিন একটি আনন্দের উৎসব এবং অনেকেই জন্মদিন নিয়ে ছবি এঁকেছে দারুণ রংচঙে। মুরগিকে খাওয়ানো, আমার বাগানে খেলা, দড়ি লাফ, আমার জন্মস্থান, শীত, পয়লা বৈশাখ, ইঁদুর, বেজি, গরু, উড়ছি, নগর মোটরযান, আমার স্কুল, আমার বন্ধুরা, নৌকা, মাছ ধরা ইত্যাদি বিচিত্র বিষয় নিয়ে তাদের ছবি।বিষয়, দেশ, ভাষা, সংস্কৃতি ভিন্ন ভিন্ন হলেও শিশুতোষ সরলতায় পুরো প্রদর্শনীতে একতা পাওয়া যায়। শিশু একাডেমীর এই আয়োজন নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য, তবে শিশুদের মধ্যে প্রতিযোগিতার ধরন বা প্রক্রিয়া নিয়ে আরও ভাবা যেতে পারে। এ ধরনের প্রতিযোগিতায় সব শিশুকেই উৎসাহিত করা উচিত। পরবর্তী সময় শিশুদের ছবি প্রদর্শনীতে শুধু বোর্ডে পিন বা আঠা দিয়ে না ঝুলিয়ে উপস্থাপনে আরেকটু যত্নশীল হলে আন্তর্জাতিক মানের এ আয়োজন আরও চমৎকার হবে।প্রদর্শনী চলবে ১০ জুলাই।