শিহাব সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মর্গের শীত থেকে নার্সারি কত দূর—
হাঁটাপথে আসা যায়,
হানাবাড়ির গুপ্ত বৈঠক থেকে
ছুটে আসি প্রতিদিন,
অশরীরী যমদূত পিছু ছাড়ে না
নদীতীরে ঘাস নেই, ব্যালকনি ফাঁকা
দড়িতে ঝুলছে সাদা শাড়ি, শূন্য খাঁচা
কী রকম দুঃসময়। পুষ্পকথা অর্থহীন
নার্সারি তার মনভোলানি সাজে
কারও কারও পথ চেয়ে থাকে,
দুঃস্বপ্নে কাঁচা রক্তমাংসের ঘ্রাণ
ছাপিয়ে করবী-চম্পার বান ছুটেছে।
নার্সারিতে যারা আসে মধ্যরাতে
ওরা সব ভিন্ন পৃথিবী-গ্রহের,
দ্যাখো ওদের বাতাসে ভর দিয়ে হাঁটাচলা
কিছুই কেনে না ওরা
খোঁজে শুধু হারানো ফুল, বনলতা।
ফুলেরাও হারিয়ে যায় আজীবন খুঁজতে হয়,
ব্যাবিলন উদ্যানের বেলি ফুল
রাজকুমারীর খোঁপা থেকে উড়ে গেছে
কে জানে কোন মরুঝড়ে
তুফানযৌবনে হারানো ফুল জানি না
পাব কি পাব না, তবু খুঁজি।