শীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশায় ঢাকা ভোর, শিশিরমাখা দীর্ঘ রাত নিয়ে বাংলায় আসে শীত। শীত মানে একদিকে যেমন পিঠা-পুলি খাওয়ার ধুম, অন্যদিকে তেমনি যাত্রা-নাটকের মৌসুম। পৌষ-মাঘের এ ঋতুটি বাংলায় অনেক অনেক উত্সব নিয়ে আসে। তারই কয়েকটি উত্সবের পরিচয় জানাচ্ছেন সাইমন জাকারিয়া।মাঘী পূর্ণিমামাঘী পূর্ণিমা কথাটি উচ্চারণমাত্র এ দেশের বৌদ্ধ সংস্কৃতির কথা মনে আসে। বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে মাঘী পূর্ণিমা পালন করে থাকে। ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধবিহার এবং পার্বত্য চট্টগ্রামের রাউজান ও ঠেগরপুনিতে এই পূর্ণিমা উপলক্ষে মেলা বসে। মাঘী পূর্ণিমায় মূলত বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের পিণ্ডদান, শীল গ্রহণ, ধর্মসভা, প্রদীপপূজা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বৌদ্ধ নর-নারীরা বিহারে বিহারে গিয়ে বুদ্ধমূর্তির সামনে প্রদীপ ও বাতি জ্বালায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এদিন বুদ্ধ শিষ্যদের দুঃখজয়ের নির্দেশ দিয়েছিলেন। আর এদিনই তিনি নিশ্চিত হয়েছিলেন, তাঁর ধর্ম সম্পর্কে শিষ্যদের মধ্যে কোনো সংশয় নেই।মানিক পীরের গানপৌষ মাসের শেষ সপ্তাহজুড়ে কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার কিছু মানুষ বাড়ি বাড়ি ঘুরে মানিক পীরের গান গেয়ে ভিক্ষা করে। এই গান ও ভিক্ষা শেষ হয় পৌষসংক্রান্তি তথা পৌষ মাসের শেষ দিন সন্ধ্যায়। এই সন্ধ্যায় ‘জিলানে পর্ব’ করে গায়ক ছুকরিরা পরস্পরকে ভক্তি নিবেদন শেষে কোনো একটি বাড়ির উঠানে পাটি পেতে বসে। তখন গ্রামের মানুষ এসে তাদের দুধ, কলা, ক্ষির-পায়েস, মিষ্টি মুখে তুলে খাওয়ায়। তারপর সাত দিনের ভিক্ষা করা চাল-ডাল দিয়ে রান্না করা খিচুড়ি গ্রামের সবাইকে বিলিয়ে দেওয়া হয়।মানিক পীরের গান মূলত গৃহস্থ বাড়ির মানুষ ও গরুর মঙ্গল কামনায় পরিবেশিত হয়ে থাকে। মন্দিরা, করতাল, ঢোল ইত্যাদি বাজিয়ে বাড়ির উঠানে এই গান পরিবেশিত হয়।সাধারণত জন্ম পালা, ফোকরে পালা বা বিদায় পালা, জাহির পালা বা ভিক্ষে পালা, মৃত্যু পালা ও জিলানে পালা বা জিয়ন পালা নামের পাঁচটি পর্বে পাঁচটি ধুয়াযোগে মানিক পীরের গান পরিবেশন করা হয়। জিলানে পালা দিয়ে পৌষসংক্রান্তির মানিক পীরের গান সমাপ্ত হয়।মাদার বাঁশের জারিকোথাও পৌষসংক্রান্তিতে, কোথাও মাঘী পূর্ণিমায় মাদার বাঁশের জারি অনুষ্ঠিত হয়ে থাকে। মাঘী পূর্ণিমা উপলক্ষে এক দিন ও এক রাত ধরে মাদার বাঁশের জারি অনুষ্ঠিত হলেও পৌষসংক্রান্তিতে এ অনুষ্ঠান চলে টানা সাত দিন ও সাত রাত ধরে। সাধারণত গ্রামের পথ দিয়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে খোলা উঠানে মাদার বাঁশের জারি পরিবেশন করা হয়।মাদার বাঁশের জারিতে মাদার পীরের প্রতীক হিসেবে একটি বাঁশ ব্যবহার করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীদের কেউ কেউ লালসালুর একটুকরো কাপড় বা রুমাল ব্যবহার করেন, কেউ বা আবার লালসালু কাপড় দিয়ে মাথা ও বাহু বেঁধে নেন। পায়ে ঘুঙুর বেঁধে হারমোনিয়াম, ঢোল, কাঁসর বাজিয়ে গ্রামের মানুষ মাদার বাঁশের জারি পরিবেশন করে থাকেন।মাদার বাঁশের জারি শুরু করার আগে বয়াতী ও মাদারী ফকিরের নেতৃত্বে গ্রামের সেরা বাঁশের ঝাড়ে ঢুকে গান গাইতে গাইতে ধারালো অস্ত্র দিয়ে এক কোপে একটি বাঁশ (মাকড়া বাঁশ) কাটা হয়। তারপর সেই বাঁশটি নিয়ে যাওয়া হয় নদীর পাড়ে। নদীতে নামিয়ে বাঁশটিকে স্নান করানো হয় এবং তেল লাগিয়ে চুল ও কাপড় পরিয়ে দেওয়া হয়।বাঁশটি নিয়ে টানা সাত দিনের জন্য শুরু হয় নাচ-গানের ভেতর দিয়ে গ্রাম প্রদক্ষিণ। এই সাত দিন বয়াতী ও দোহারদের হাত থেকে মাদার বাঁশটিকে মাটি স্পর্শ করতে দেওয়া হয় না। বয়াতী ও দোহারেরা মাদার বাঁশের জারি গাওয়ার সময় মাদার বাঁশটি উঁচুতে তুলে ধরে রাখেন। যখন তাঁরা বিশ্রামে যান, তখন বাঁশটিকে মাচার ওপর তুলে রাখেন।মাদার বাঁশের জারির জন্য একটি বাড়িতে ঢোকার আগে বয়াতী ‘গাজী মাদার-শাহ মাদার’ বলে ধ্বনি তোলেন। আর দোহারেরা সঙ্গে ‘দম-দম’ বলে ধ্বনি তোলেন। তাঁরা বাড়িতে ঢুকতেই বাড়িওয়ালা পানির ছিটা দিয়ে মাদার বাঁশের জারির জন্য উঠান পবিত্র করে দেন। পবিত্র উঠানে বয়াতী শুরু করেন মাদার পীরের জারি কাহিনির গান। নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনাসহ আরও কয়েকটি অঞ্চলে মাদারের বাঁশ তোলা ও মাদার বাঁশের জারি প্রচলিত আছে। দেখে যা রে মাইজভাণ্ডারী...প্রতিবছর মাঘ মাসের ১০ তারিখে চট্টগ্রামের ফটিকছড়িতে বসে মাইজভাণ্ডারী মেলা। ১৯০৬ খ্রিষ্টাব্দের এই দিনে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক শাহ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী পরলোকগমন করেন। সেই ‘ওফাত দিবস’ উপলক্ষেই প্রতিবছর ফটিকছড়ির মাইজভাণ্ডার শরীফে মাইজভাণ্ডারী মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা উপলক্ষে রচিত একটি গান একসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল—দেখে যা রে মাইজভাণ্ডারী হইতাছে নূরের খেলা।মাইজভাণ্ডারী মেলা মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনমেলা হলেও আরও কিছু চরিত্র এই মেলা অর্জন করেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অবাধ গমনাগমন, আশপাশের উপজাতীয় এবং স্থানীয় কৃষিজীবী ও কুটিরশিল্পের পণ্য উত্পাদনকারী জনগোষ্ঠীর অংশগ্রহণ। তার পরও এই মেলার শ্রেষ্ঠ আকর্ষণ মাইজভাণ্ডারীসংগীত। এই মেলায় ক্ষুদ্র বই প্রকাশকেরা তাঁদের নতুন-পুরোনো মাইজভাণ্ডারী গানের বই বিক্রি করতে চলে আসেন। মেলায় যখন গ্রাম্য কবিয়ালেরা সুর করে কবিতা পড়েন, তখন শ্রোতার দল তাঁকে ঘিরে শুনতে থাকে লোকায়ত গান। শ্রোতারা শুধু আগ্রহভরে গান শোনে না, যাওয়ার সময় কবিয়ালের কাছ থেকে দু-একটি কবিতার পুঁথি কিনে নেয়।সুফি-সাধকদের ঐতিহ্যের ধারায় সমন্বয়ধর্মীর বিশেষত্বে মাইজভাণ্ডারী তরিকা সৃষ্টি। তাই স্বাভাবিকভাবে মাইজভাণ্ডারী ওরসকে কেন্দ্র করে গড়ে উঠেছে সর্বধর্মের মানুষের এক মহামিলন ক্ষেত্র।সারা শীত: যাত্রাগীতশীত মানেই কুয়াশার রাতে হিমেল হাওয়ায় কাঁপতে কাঁপতে যাত্রাপালা শুনতে যাওয়া। শীত মানে নানা ধরনের নাট্যগীতের দাপট। শীতকালজুড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গাজীর গীত, মানিক পীরের গীত, মাদার পীরের গীতসহ বিভিন্ন ধরনের যাত্রাপালা অভিনীত হয়ে থাকে। কোনো কোনো যাত্রাপালা অভিনীত হয় গ্রামের সাধারণ মানুষেরই উদ্যোগে; তাদেরই অভিনয়ে সখের যাত্রাপালা হিসেবে। গ্রামের সাধারণ কৃষক, কামার, কুমার, মুটে, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবী মানুষ নিজেরাই শীতের প্রথম দিকে মহড়া দিয়ে যাত্রায় অভিনয় করে থাকে। অন্যদিকে কিছু পেশাদার যাত্রার দল পেশাদার অভিনেতাদের নিয়ে শীতকালজুড়ে পরিবেশন করে যাত্রাপালা।ভূমি সমতল থেকে দু-তিন ফুট উঁচুতে যাত্রামঞ্চ তৈরি করা হয়। মঞ্চের চারদিকে পাটি, চেয়ার, বেঞ্চসহ বিভিন্ন ধরনের আসনে দর্শকেরা বসে। মঞ্চের বাইরে আসরের এক দিকে বসে বাদ্যযন্ত্রী দল। মঞ্চ থেকে সাজঘরের দরজা পর্যন্ত দুই দিকে বাঁশ বেঁধে কুশীলবদের যাতায়াতের জন্য একটি পথ তৈরি করা হয়।সাধারণত আলোকোজ্জ্বল রঙ্গমঞ্চে যাত্রাপালা পরিবেশিত হয়ে থাকে। অভিনয়ের আগে যাত্রার শিল্পী-কুশীলবেরা সাজঘরে অবস্থান করেন। সাজঘরে এক বা একাধিক রূপসজ্জাকারী সাজ-উপকরণ নিয়ে সদা প্রস্তুত থাকেন। যাত্রার পোশাক সরবরাহের জন্য কিছু প্রতিষ্ঠান আছে, যারা অর্থের বিনিময়ে পোশাক ভাড়া দিয়ে থাকে। পেশাদার দলগুলোর অবশ্য নিজস্ব পোশাক-পরিচ্ছদ থাকে।