শীর্ষেন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট নিয়ে লেখা আর ভূতের গল্প—এই দুই কারণে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার দারুণ প্রিয়। তাঁর একটা গল্প আছে, তাতে ভূত বেচারা ভীষণ ক্রিকেট ভালোবাসে। পাড়ার যে ছেলেটার ওপর সে ভর করেছে, তার ব্যাটে বল লাগতে না-লাগতেই ছক্কা। সেই ছেলে তো প্রথমে একটু অবাক, তারপর রীতিমতো সব কৃতিত্ব তার একার, এমন একটা ভাব দেখাতে লাগল। পরে অবশ্য হাটে হাঁড়ি ভেঙে এক মহা কেলেঙ্কারি।শুধু ভূতের গল্প নয়, ছোটগল্প ও উপন্যাসও তাঁর অসাধারণ। মানবজমিন-এর মতো বড় পরিসরের উপন্যাসে তাঁর ক্ষমতার পরিচয় মেলে। ব্যক্তির সংকট যে আসলে তার সামাজিক অভিজ্ঞতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এমন তীব্র ও শাণিতভাবে সেই কথাটা বাংলা সাহিত্যে তাঁর আগে এক মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। উপন্যাসের আসল উদ্দেশ্য শুধু কাহিনিকথন নয়, পাঠককে এক ব্যাপকতর মানবিক অভিজ্ঞতার সঙ্গে গ্রন্থীবদ্ধ করা, তাকে এক নতুন অভিযাত্রায় সঙ্গী করা। বাংলা ভাষায় এই কাজটা বোধ হয় সবচেয়ে বুদ্ধিদীপ্তভাবে করেছেন শীর্ষেন্দুই।তো, সেই শীর্ষেন্দু দলছুট হয়ে ঈশ্বরমুখী হয়েছেন, এ কথা বেশ কয়েক বছর ধরেই শুনছি। লেখাতেও এর আভাস মিলছে, যদিও তাঁর কোনো লেখাই ধর্মজ্ঞান দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়। তাঁর শেষ যে উপন্যাস পড়ার সুযোগ হয়, তা হলো পার্থিব। তাতে মূল চরিত্রকে ঘিরে একটি অস্তিত্ববাদী সংকটের বাতাবরণ তৈরি হয় বটে, কিন্তু তাই বলে কোনো পুরুত ঠাকুর সেখানে মধ্যমঞ্চ দখল করে বসেন না।অথচ শীর্ষেন্দু নিজে ব্যক্তিগত জীবনে ধর্মকে আঁকড়ে ধরেছেন। বিমূর্ত অধরা ঈশ্বরের খোঁজে নয়, অথবা রবীন্দ্রনাথের জীবনদেবতার সন্ধানেও নয়। তিনি একদম সনাতনী হিন্দুধর্মে নিজেকে আত্মসমর্পণ করেছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের তিনি অনুসারী। যে সত্যানুসরণের নির্দেশ ঠাকুর দিয়ে গেছেন, তাঁর প্রতি শীর্ষেন্দুর অখণ্ড বিশ্বাস। এমনকি ব্যক্তিগত জীবনচারিতায়ও তিনি শুদ্ধাচারের পক্ষপাতী, তা-ও ঠাকুরের প্রেরণায়। ফলে যথাসম্ভব স্বপাক আহারি।ব্যাপারটা আমার কাছে খুব একটা বোধগম্য হয়নি। একজন আধুনিক মানুষ, বিশ্বাস-অবিশ্বাসের ব্যাপারটা তাঁকে অবশ্যই আক্রান্ত করে, কিন্তু সেই উদ্বেগ বা অনুসন্ধান তাঁকে কীভাবে আচারনির্ভর ধর্মাচারে উদ্বুদ্ধ করে, তা বোঝা আমার পক্ষে কঠিন। গত সপ্তাহে শীর্ষেন্দু নিউইয়র্কে মুক্তধারায় এসেছিলেন আমাদের সঙ্গে আলাপচারিতার জন্য। তাঁকে মুখোমুখি পেয়ে আমি সে প্রশ্নই করলাম। তাঁর উত্তর যে পুরোটা বুঝলাম, বা যা বুঝলাম তাতে উত্তর মিলল, তা নয়।শীর্ষেন্দু জানালেন, তাঁর খোঁজ বা অনুসন্ধান ঈশ্বরকে নিয়ে নয়। একটি ব্যক্তিগত বিপন্নতার মুখোমুখি হয়েই তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন। কী সেই বিপন্নতা, তা অবশ্য বুঝিয়ে বললেন না। শৈশব থেকে একটি প্রশ্ন তাঁকে তাড়া করে ফিরছে—কোত্থেকে এসেছি, কোথায় যাব? এই প্রশ্ন তাঁকে আমৃত্যু বয়ে বেড়াতে হবে বলে জানালেন। জন্ম ও মৃত্যুভাবনাও তাঁকে কখনো কখনো পীড়িত করেছে। কেন জন্মালাম, আর মৃত্যুই কি সেই জন্মের শেষ? বিজ্ঞান বা শাস্ত্রে যে ব্যাখ্যা মেলে, তাতে সন্তুষ্টি মেলে না। এই সংকটের মুখোমুখি হয়েই তিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঈশ্বরের খোঁজে নয়, তিনি জানতে গিয়েছিলেন, ঠাকুর তাঁকে রক্ষা করতে পারেন কি না। ঠাকুর তাঁকে বললেন, ঈশ্বর খুঁজে কী হবে? তুমি তোমার অস্তিত্ব ও বৃদ্ধির ওপর দাঁড়াও, সেখানেই সব ধর্মের সারাৎসার। শীর্ষেন্দু জানালেন, স্কুলে শিক্ষক যেমন হাত ধরে বর্ণমালা শেখান, ঠাকুর সেভাবেই তাঁকে জীবনের বর্ণমালা শিখিয়েছেন। মেলায় গিয়ে শিশু যখন হঠাৎ বাবার ধরে থাকা হাত থেকে ছিটকে পড়ে, তখন সে অসহায় বোধ করে। আবার যখন বাবাকে ফিরে পায়, মেলার আনন্দ ফিরে আসে। তিনি সেই বাবার হাত খুঁজে পেয়েছেন, জীবনের আনন্দ ফিরে পেয়েছেন।শীর্ষেন্দুর কথা শুনে আমার মনে নতুন প্রশ্নের জন্ম দেয়। যে সংকটের কথা তিনি বলছেন, ধরে নিই, তা আধুনিক মানুষের অস্তিত্ববাদী সংকট। মধ্য বয়সে বা জীবনের কোনো না কোনো সন্ধিক্ষণে মানুষ, বিশেষ করে চিন্তাশীল ও ভাবুক মানুষ—সংকটাপন্ন বোধ করতেই পারে। কিন্তু তার উত্তর কি ঠাকুর? একজন পিতা অথবা বড় ভাইয়ের প্রয়োজনের মূলে রয়েছে আমাদের নিরন্তর নিরাপত্তাহীনতা। তাবৎ আচারনির্ভর ধর্মের সূত্রপাত এই নিরাপত্তাহীনতা বোধ থেকেই। শিশুকালে বাবার হাত ধরে আমরা মেলায় যাই বটে, কিন্তু একসময় তো শৈশব ফুরোয়। আমরা নিজেরাই পথ চিনে হাঁটতে শিখি। তারপর একসময় নিজেই নিজের শিশুর হাত ধরি, তাকে পথ দেখাই।আজীবন যদি তিনি বাবার হাত ধরে বসে থাকেন, তাহলে তিনি সাবালক হবেন কবে?আমার ধারণা ছিল, সব সাবালক অনুসন্ধানের লক্ষ্য ঈশ্বরের নিকটবর্তী হওয়া। প্রচলিত মোল্লা-পুরুতের ঈশ্বর নয়, ব্যক্তিগত ঈশ্বর, যার মানদণ্ডে আমাদের নীতিবোধ, শুভবোধ বা কল্যাণ চিন্তা—সোজা কথায় নৈতিকতা নির্ধারিত হয়। কিন্তু শীর্ষেন্দু বললেন, তিনি ঈশ্বরকে খুঁজছেন না। তাঁর লক্ষ্য, কীভাবে জীবন যাপন করব, তা জানা। ঈশ্বর খোঁজার কোনো প্রয়োজন তাঁর নেই। কারণ, ঈশ্বর যখন তাঁকে সৃষ্টি করেছেন, একসময় সে ঈশ্বরেই তিনি লীন হবেন। ‘কিন্তু আমার সংকট এই জীবন নিয়ে, আই হ্যাভ প্রবলেমস উইথ দিস লাইফ। পরকালে কী হবে, তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। পদে পদে এই জীবনটাকে আমি কীভাবে যাপন করব, আমি সেটাই জানতে চাই।’শীর্ষেন্দু এরপর অবশ্য তাঁর ঈশ্বরভাবনা নিয়ে আরও অনেক কথা বললেন, কিন্তু সত্যি বলতে কি, ততক্ষণে এই প্রশ্নে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। জীবন কীভাবে চালাব, এমন প্রশ্নের মুখোমুখি হলে এ দেশে মানুষ মানসিক চিকিৎসকের কাছে যায়। আমার এই প্রিয় লেখককে কী করে বলি, পুরুত ঠাকুর না ধরে একজন ‘শ্রিঙ্ক’ খুঁজে পেলেই কাজ চলে যেত। বস্তুত, আমরা যে জীবনাভিজ্ঞতায় ধনী লেখকদের রচনা সাগ্রহে পড়ি, তার একটা কারণ, এসব বই আমাদের জন্য থেরাপির কাজ করে। লেখক যে সংকটের চিত্র আঁকেন, কোনো না কোনোভাবে আমাদের জীবনের সঙ্গে এর সম্পৃক্তি থাকে, ফলে সেখান থেকেও আমরা নিজেদের সংকট থেকে উত্তরণের হদিস পেয়ে যাই। সে অর্থে লেখক—তিনি শীর্ষেন্দু অথবা আখতারুজ্জামান ইলিয়াস যে-ই হোন—তাঁরা আমাদের ঠাকুরই বটে। তবে সে ঠাকুরের হাত ধরে আমাদের বসে থাকতে হয় না। আমরা অন্যের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয়ে ঋদ্ধ হই, শিক্ষিত হই, পরিণত হই। আর এই যে শিক্ষা, তা একটা অব্যাহত প্রক্রিয়া, যা সতত পরিবর্তনশীল। এটাই তো আধুনিক মানুষের অভিজ্ঞতা। ঠাকুরের শিক্ষা তো বদলায় না, তিনি যা বলে গেছেন, যুগ যুগ পরেও তাঁকে লাটাই বানিয়ে শিষ্যেরা ঘুড়ি ওড়ায়।