শুধু আলোকচিত্রের বই নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি তোলার শুরুটা অনেকটা ঘটনাচক্রে। এক বন্ধুর জন্য ক্যামেরা কিনেছিলেন, কিন্তু পাঠাতে পারছিলেন না। ‘যখন আমি আমার ফ্রেমে জাদুকরী কিছু দেখতে পেলাম, তখন যে কী খুশি হয়েছিলাম তা এখনো ব্যাখ্যা করে বোঝানো কঠিন।’ এটাই শুরুর কাহিনি। ছবি তুলতে তুলতে শিখেছেন কীভাবে ‘দেখতে’ হয়। ‘ফটোসাংবাদিক’ থেকে হয়েছেন ‘ফ্রিল্যান্স’ ছবিয়াল। দেখার চোখ নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশ-দুনিয়া। এসব নিয়েই আলোকচিত্রগ্রাহক শহীদুল আলমের ছবি আর ছবি তোলার বা ঘুরে বেড়ানোর কাহিনির বই মাই জার্নি অ্যাজ অ্যা উইটনেস। বইটির ছবি ও লেখা—দুটোর প্রায় সবই রাজনৈতিক। এটা শুধু তাই উল্টেপাল্টে ছবি দেখার একটি আলোকচিত্রের বই নয়, এর বাইরেও অনেক কিছু। একই সঙ্গে মনোযোগ দিয়ে দেখার ও পড়ার এক বই। নিজের আর ছবি তোলার যে গল্প তিনি বলে গেছেন পুরো বইয়ে, তা চারপাশের জগৎ সম্পর্কে তাঁর বোধ ও ধারণাই তুলে ধরেছে। এর মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে তাঁর ব্যক্তিত্ব। আলোকচিত্রগ্রাহক—এই পরিচিতির বাইরেও সমাজের চিন্তাশীল একজন; আর সে কারণে রাজনৈতিকভাবেও সচেতন এক শহীদুল আলমকে এ বইয়ে আবিষ্কার করবেন অনেক পাঠক। ‘ভারতে আমাদের অনেক আলোকচিত্রগ্রাহক রয়েছে, এদের মধ্যে অনেকে খুবই ভালো। অনেক আর্ট গ্যালারি রয়েছে, বিশেষ করে আলোকচিত্রের জন্য। এ ছাড়া রয়েছে অনেক নামীদামি পত্রিকা ও ম্যাগাজিন; বিভিন্ন পর্যায়ে নানা কিছুই হচ্ছে। কিন্তু আমাদের একজন শহীদুল আলম নেই, যিনি এই সবগুলোকে একটি সামাজিক ও সৃজনশীল শক্তি দিয়ে বাঁধতে পারেন।’ ভারতের বিখ্যাত ফটোগ্রাফার রঘু রায় এই মন্তব্য করেছেন বইটির শুরুতে একটি লেখায়। শহীদুল আলমের এই বইয়ের পাণ্ডুলিপি তিনি পড়েছেন, জানেন তাঁকে, জানেন তাঁর দৃক, পাঠশালা আর ছবিমেলার কাহিনি। বইটি এসব প্রতিষ্ঠান গড়ে ওঠার ইতিহাস-কাহিনির গল্পেও সমৃদ্ধ। লন্ডনে ১৯৮৩ সালে তোলা সেই শুরুর দিকের ছবি থেকে শুরু করে ২০১০ সালে তোলা ছবিও স্থান পেয়েছে এই বইয়ে। মোট ১০০টি ছবি। বেশির ভাগই সাদা-কালো, বর্তমান ডিজিটাল যুগের আগের ছবি। রসায়নে পড়াশোনা করা শহীদুল আলম নিশ্চয়ই তাঁর রসায়নবিদ্যা কাজে লাগিয়েছেন, ডার্করুমে। ছবিগুলোর কারিগরি মান তারই ইঙ্গিত দেয়। আর ফ্রেমে সত্যিই ‘জাদুকরী’ কিছু করার ক্ষমতা যে তাঁর রয়েছে, ছবিগুলো দেখলে তা নিয়ে কারোরই সন্দেহ থাকবে না। লেখার ক্ষমতা যাঁর রয়েছে, তিনি যদি আলোকচিত্রগ্রাহক হয়ে ওঠেন, আর সেই সঙ্গে যদি থাকে নিজের জোরালো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি—এই তিনের মিলনে যে ফুলটি ফুটতে পারে, সেটাই মাই জার্নি অ্যাজ অ্যা উইটনেস। তাঁর এই যে দীর্ঘ ‘জার্নি’, আর এসব নিয়ে যেসব লেখা, তার কয়েকটি শিরোনাম বইটি সম্পর্কে কিছুটা ধারণা দেবে। শুরুটা হয়েছে ‘লার্নিং টু সি’—কীভাবে দেখতে শিখলেন তিনি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সেই সময় নিয়ে ‘স্ট্রাগল ফর ডেমোক্রেসি’। এর পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সরকারি গণমাধ্যমের অগণতান্ত্রিক আচরণ—এসব নানা কিছু নিয়ে ‘ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি’, আলোকচিত্র নিয়ে ‘হোয়েন অ্যা পিক্সেল পেইন্টস অ্যা থাউজ্যান্ড ওয়ার্ডস’ বা ‘ডিভিশন অব ক্লাস’—এমন অনেক কৌতূহলোদ্দীপক শিরোনাম। ‘ক্রসফায়ার’ নিয়ে একটি প্রদর্শনী করেছিলেন ২০১০ সালে। এই শিরোনামেও লেখা রয়েছে একটি। লিখেছেন, ‘ক্রসফায়ার নিয়ে কোন প্রামাণ্য দলিল উপস্থাপনের জন্য এই প্রদর্শনীটি করা হয়নি...প্রদর্শনীতে চেষ্টা করা হয়েছে এর আবেগ-অনুভূতির দিকটি ধরতে...সেই ঠান্ডা পথগুলো দিয়ে হাঁটা, ঘটনার শিকারদের চোখের আতঙ্ক ও তাদের কান্না শোনার চেষ্টা...শান্তভাবে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বসা...।’ আলোকচিত্রগ্রাহক মানেই পরিব্রাজক। শহীদুল আলমের মনে হয়, এই কাজে বাড়তি নেশা রয়েছে। আক্ষরিক অর্থেই তিনি হেঁটে বেড়িয়েছেন ‘পৃথিবীর পথে’। বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে বন্যা, ঘূর্ণিঝড়, রাজনৈতিক দলের অনুষ্ঠান, আন্দোলন-সংগ্রাম, নারী, শিশু, জাহাজভাঙা শিল্পের শ্রমিক (এমনকি এই শিল্পের এক মালিকের বাড়ির ছবিও), ঢাকার গুলশানে অভিজাত এলাকার ‘আপার ক্লাস পার্টি’ থেকে শুরু করে নিঝুম দ্বীপ, অভিবাসী শ্রমিক, পাবনার মানসিক হাসপাতালের রোগী—এককথায় এ দেশের সমাজের প্রায় কোনো কিছুই বাদ নেই তাঁর ছবির বিষয়বস্তু থেকে। এশিয়ার দীর্ঘ নদী ব্রহ্মপুত্রের পথ ধরে এগিয়েছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। তিব্বত থেকে শুরু করে ভারত হয়ে বাংলাদেশের বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্রের জলরাশির মিশে যাওয়াকে অনুসরণ করেছেন দীর্ঘসময় নিয়ে। আছে সেই ছবিগুলোর কয়েকটি। পাকিস্তানের করাচি, আফগানিস্তানের কাবুল, ভূমিকম্পবিধ্বস্ত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, ভারতের শ্রীনগর, মহারাষ্ট্র বা দিল্লি, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, চীনের বেইজিং বা গুয়াংজু বা দক্ষিণ আফ্রিকায় গিয়ে তোলা নেলসন ম্যান্ডেলার ছবি—এই ছবিগুলোর ফ্রেমে যেমন ‘জাদুকরী’ কিছু রয়েছে, তেমনি তাঁর ক্যামেরা তাঁর সচেতন সামাজিক ও রাজনৈতিক বোধেরও প্রকাশ ঘটায়। লন্ডন ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও গবেষণার কাজে জড়িয়ে থাকা শহীদুল আলম ভাগ্যিস ‘ঘটনাচক্রে’ আলোকচিত্রের দিকে ঝুঁকেছিলেন! তা না হলে এমন একটি বই আমাদের কে উপহার দিত!