শুধু এক কাপ চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ হাজার বছর আগে চীনা সম্রাট শেননংয়ের গরম পানির পাত্রে উড়ে এসে পড়া একটি পাতাই আজকের চা-পাতা। দারুণ জাদু ছিল ওই পাতায়। সম্রাট নিয়মিত গরম পানি খেতেন। কিন্তু ওই পাতার নির্যাস পান করে তিনি যেন পেলেন নতুন কিছু। নিদ্রা নিরোধক এক সতেজ পানীয় মনে হলো তাঁর কাছে। খোঁজা হলো উদ্ভিদটি। সেদিন উদ্ধার করা ওই উদ্ভিদটিই বিজ্ঞানীদের হাতে পড়ে নাম পায় ‘ক্যামেলিয়া সাইনেসিস’। গ্রিক দেবী থিয়ার নামানুসারে এর নাম হয় টি বা ‘চা’। চীনে ‘টি’-এর উচ্চারণ ছিল ‘চি’। পরে হয়ে যায় ‘চা’। আড়াই হাজার বছর আগে চীনা মনীষী লাওৎসে চাকে বলে গেছেন মহৌষধ বা পরশমণি। চা নিয়ে ভাবা হয়েছে বহুদূর। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর ১০৪০ খ্রিষ্টাব্দে তিব্বত সফরে গিয়ে চায়ে আপ্যায়িত হন। তিব্বতি ভিক্ষুদের কাছে জানতে চান ওই অদ্ভুত পানীয়ের নাম। তাঁরা জানান, ‘গুরুদেব, এই স্বর্গীয় পানীয় কল্পদ্রুমের নিঃশ্বাস থেকে তৈরি। এর নাম চা।’ অতীশ দীপঙ্কর তখন মন্তব্য করেন, তিব্বতের ভিক্ষুদের উন্নত গুণেই চায়ের মতো এমন চমৎকার পানীয় তৈরি হয়েছে।’ প্রাচীন চীনা মনীষীরা এও মন্তব্য করে গেছেন, চায়ের মতো এমন প্রাকৃতিক সুঘ্রাণ আর কোনো কিছুতে নেই। উদ্ভিদমাত্রই নানাবিধ গুণ বিদ্যমান। কিন্তু চায়ের মতো গুণী উদ্ভিদ প্রাচীন উদ্ভিদপ্রেমীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে। তার পরও কয়েক হাজার বছর বনবাদাড়ের উদ্ভিদ থেকে ওপরে উঠতে পারেনি চা। মাত্র ৩৬১ বছর আগে ১৬৫০ সালে চীনে বাণিজ্যিকভাবে শুরু হয় চায়ের উৎপাদন। ভারতবর্ষে চা-চাষ শুরু হয় ১৮১৮ সালে। সিলেটের পাহাড়ে ব্রিটিশরা প্রথম চায়ের গাছ খুঁজে পায় ১৮৫৫ সালে। মূলত এখান থেকেই এই বাংলায় চায়ের প্রবেশ, ব্রিটিশদের কাছে যা ছিল নতুন উৎপাদনশীল বাণিজ্যের একটি পথ। সিলেটের পাহাড়ে চা চাষের সম্ভাব্যতা বুঝতে আর বাকি থাকে না। এর এক বছর পর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা-চাষ। ব্রিটিশরা প্রথমেই বুঝেছিল, এখানে চা-চাষকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তোলা যাবে না, যদি বাঙালিদের কাছে চায়ের মর্ম পৌঁছে দেওয়া না হয়।আজকের দিনের অপরিহার্য এই পানীয়কে একসময় ভারতবর্ষে ঢুকতে হয়েছিল অনেক বাধাবিঘ্ন ও ঝুটঝামেলা পার করে। ছোট ছোট দোকান খোলার জন্য নামমাত্র দামে, বাকিতে ও বিনা মূল্যে চা সরবরাহ করেছে ব্রিটিশ কোম্পানিগুলো। বিভিন্ন প্রচারপত্র দিয়ে ভদ্রলোকদের চা পানে অভ্যস্ত করার জন্য মরিয়া তারা। তবে চা গ্রহণযোগ্য করে তুলতে চলছে এক অদম্য অভিযান। ‘অসম চা কোম্পানি’ নামের প্রথম চা কোম্পানি প্রতিষ্ঠার পর ইংরেজরা চা নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞাপনে নামে। বিশেষজ্ঞ দিয়ে তখনই প্রথম বের করা হয় চা পানের বিজ্ঞানসম্মত উপকারিতা। চমক দেওয়া ভাষা দিয়ে তৈরি করা হয় নানামুখী প্রচারপত্র। চা মার্কেটিংয়ের জন্য বেছে নেওয়া হয় ট্রেন স্টেশনসহ বিভিন্ন লোকালয়। এখনো খুঁজলে হয়তো স্টিলের পাতের ওপর মুদ্রিত সেই সময়ের পোস্টার পাওয়া যাবে। সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের ভাষা ছিল এমন—‘প্রাণশক্তি ও উৎসাহের উৎস এবং ম্যালেরিয়ানাশক—ভারতীয় চা। দরকার হলেই ভারতীয় চা ব্যবহার করে অচিরে শরীর-মন সতেজ করে তোলা যায়, এ যে কত বড় সান্ত্বনা, তা বলা যায় না। সারা দিনের কঠিন শারীরিক পরিশ্রম বা মাথার কাজের পর এক পেয়ালা ভালোভাবে তৈরি দেশি চা খেলেই শরীর সজীব ও মন প্রসন্ন হয়ে উঠবে। সত্যিই চা জাগ্রত জীবনীশক্তির আধার। সকালবেলা নিয়ম করে অন্তত দুই পেয়ালা ভালো দেশি চা রোজ পান করুন, জড়তা দূর হয়ে যাবে—সারা দিন শরীর মজবুত থাকবে, আবার দিনের শেষে দুই পেয়ালা চা পান করবেন—সারা দিনের খাটুনির পর মধুর বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটবে না।’চায়ের বিপক্ষে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়দেশ পত্রিকার তৃতীয় বর্ষ ৩ সংখ্যায় (৭ ডিসেম্বর ১৯৩৫ সালে প্রকাশিত) আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি কলাম প্রকাশিত হয়। লেখাটির শিরোনাম ছিল ‘চা-এর প্রচার ও দেশের সর্ব্বনাশ’। বেশ বড় আকারের প্রবন্ধে তিনি ব্রিটিশদের চা নিয়ে মাতামাতির কঠোর সমালোচনা করে বলেন, ‘শীত-প্রধান দেশে চা-পানের কিছু প্রয়োজন থাকিতে পারে সত্য, কিন্তু আমাদের উষ্ণ দেশে উহার কোনই সার্থকতা নাই। সাহেবরা যখন চা পান করে, তখন তাহার সঙ্গে অনেক কিছু পুষ্টিকর খাদ্যসামগ্রী পেটে পড়ে, কিন্তু কলিকাতা, বোম্বাই প্রভৃতি নগরের স্বল্প বেতনভুক্, শীর্ণ কেরাণী আহার্য্য ও পানীয়ের উভয়বিদ প্রয়োজনে চা পান দ্বারাই মিটাইয়া থাকেন। আপিসে আসিয়া ২/১ ঘণ্টা কাজে বসিতে না বসিতেই ইহারা চা-এর তৃষ্ণায় কাতর হন। কঠোর পরিশ্রমের মধ্যে চা পান করিয়া ইঁহারা ক্ষণিকের জন্য কিঞ্চিত আরাম ও উত্তেজনা এবং স্ফূর্তি অনুভব করেন। আবার সেই একঘেয়ে হুড়ভাঙ্গা খাটুনি—মধ্যে মধ্যে চা-এর পেয়ালায় চুমুক—ইহাই হইল কেরাণীর দৈনন্দিন জীবন। এই প্রকারে সারা দিনরাত প্রায় পাঁচ ছয় পেয়ালা চা। এই বদ অভ্যাসের পক্ষে তিনি এই যুক্তি দেখাইয়া থাকেন যে, উহাতে ক্ষুধা নষ্ট হয়, সুতরাং ব্যয়সাধ্য পুষ্টিকর আহার্য্যেও আর প্রয়োজন পড়ে না।’ চা নিয়ে ইংরেজদের বিজ্ঞাপনী ভাষার সমালোচনা করে তিনি আরেক জায়গায় বলেন, ‘অতিরঞ্জন, অতিভাষণ ও মিথ্যাভাষণ উক্ত প্রচারকার্য্যের মূলমন্ত্র। ইউরোপে চায়ের বাজার মন্দা যাইতেছে, তাই সেখানকার মন্দা এতদ্দেশে উশুল করিবার জন্য টী অ্যাসোসিয়েশন জনসাধারণের মুখে চা-এর বিষপাত্র তুলিয়া ধরিতে মরিয়া হইয়া লাগিয়াছেন। ৫/৬ কোটি ভুখারী, দারিদ্র্য ও উপবাস তাহাদের নিত্যসঙ্গী, পেট ভরিয়া আহার কাহাকে বলে জানে না, কিন্তু তাহাতে কি যায় আসে? অর্থলোলুপ স্বার্থান্বেষী ধনিক ও বণিক সমাজ স্বকার্যসাধনে কোন জীন উপায় বা চাতুরীর আশ্রয় লইতে কুণ্ঠিত হয় না। মিথ্যা প্ররোচনায় মুগ্ধ করিয়া হতভাগ্যদিগকে ঊর্ণনাভের জালে জড়িত করিতেই ইহাদের উৎসাহের কমতি নাই।’ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেন, ‘মুষ্টিমেয় নির্মম ধনিকের লালসা-বহ্নি, তাহাতে পতঙ্গের ন্যায় আত্মাহুতি দিতেছে সাধারণ জনগণ।’ তৎকালীন একজন বিশেষজ্ঞ চিকিৎসক জন ফিসারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘হুইস্কির বোতল কিংবা চায়ের পাত্র ইহাদের কোনটি যে অধিকতর মারাত্মক, তাহা নিশ্চিতরূপে বলা কঠিন।’জয়তু বিজ্ঞাপনসন্দেহ নেই, সেকালে ব্রিটিশের পণ্য প্রসারের জন্য অনেক ভারী চিন্তাশীল বাঙালির সহায়তা ছিল। সে সময় আধুনিক বিজ্ঞাপন ভাষার ব্যাপ্তি আজকের মতো ছিল না। আজ বহু বিজ্ঞাপন তৈরি হচ্ছে। ভুলভাল শব্দে, ভাষায় ও তথ্যে। এখন বিজ্ঞাপনের অনেক ধারাও চালু হয়েছে। অনেক দক্ষ কর্মীরা কাজ করছেন বিজ্ঞাপনে। এটি এখন একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি। এখন বিজ্ঞাপনকেও বিজ্ঞাপিত করার সময় এসে গেছে। কিন্তু বিজ্ঞাপনের আবেদন খুব বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না। বড় প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন বাজেট পুরো করতে বছরে ৮-১০টি বিজ্ঞাপনও বানাচ্ছে। এমন প্রতিষ্ঠানও আছে, যাদের পণ্যের কাটতির তুলনায় বিজ্ঞাপন-ব্যয় অনেক বেশি। একটি বিজ্ঞাপন তৈরি হওয়ার ১৫ দিনের মধ্যেই বহু খুঁত বেরিয়ে যায়। বিজ্ঞাপনের কারণে জনসাধারণ উদ্দিষ্ট পণ্যটি পরিহার করে—এমন ঘটনাও আছে। কিন্তু ব্রিটিশদের সময়ে তৈরি করা চায়ের বিজ্ঞাপনের সেই আবেদন যেন আজও তরতাজা। আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় আজ থেকে ৭৬ বছর আগে যে ইঙ্গিত দিয়েছিলেন, সেই সর্বনাশ হয়ে গেছে বহু আগে। কিন্তু এ কথাও অস্বীকার করা যাবে না যে বাংলাদেশ বছরে চা উৎপাদন করে প্রায় সাড়ে ৬০০ মিলিয়ন কেজি। অষ্টম রপ্তানিকারক দেশ হিসেবে আমাদের চা যায় ২৫টি দেশে। আর ওই বিজ্ঞাপনের গুণেই হোক আর যেভাবেই হোক, দেশে প্রতিবছর চা-পায়ীর সংখ্যা বাড়ছে ৬ শতাংশ হারে।