>

সত্যজিৎচর্চা—সম্পাদক: আনোয়ার হোসেন পিন্টু
প্রচ্ছদ: সৌরভ আইচের চিত্রকলা অবলম্বনে আনোয়ার হোসেন পিন্টু, প্রকাশক: হাসিনা বেগম, মুখপত্র: চট্টগ্রাম সত্যজিৎচর্চা কেন্দ্র, প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০১৭, পরিবেশক: বাতিঘর, ৩১৩ পৃষ্ঠা, দাম: ৫০০ টাকা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে ঋতুপর্ণ ঘোষের প্রিয় উপন্যাস। তাই একই নামে সত্যজিৎ রায়ের ছবিটির ব্যাপারে তাঁর ছিল স্বাভাবিক কৌতূহল। সিনেমা শুরু হয় বিমলার আত্মকথন দিয়ে, ‘আমি আগুনের ভেতর দিয়ে বেরিয়ে এসেছি। যেটুকু পুড়বার পুড়ে ছাই হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে তার আর মরণ নেই।’ চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণ অবাক হন, এত চমৎকার একটা লাইন উপন্যাস পড়ার সময় তিনি মিস করে গেছেন!
বাড়ি ফিরে উপন্যাস ঘেঁটে সে লাইন পাননি ঋতু। বুঝেছিলেন, সত্যজিৎ নিজেই ওই লাইনটি বসিয়েছিলেন বিমলার মুখে। তো, যাঁর ছবি দেখে দেখে ঋতুপর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতা হবেন, যাঁর প্রতিটি সৃষ্টির সতর্ক দর্শক তিনি, সেই সত্যজিৎ রায় যেন নতুন রূপে দেখা দিলেন আবার। ঋতুর বিস্ময়, রবীন্দ্রনাথ ছাড়াও এত রাবীন্দ্রিক একটি লাইন একজন লিখতে পারেন!
পরে ঋতুপর্ণ সত্যজিৎকে নিয়ে এ ঘটনার কথা অনেক জায়গায় বলেছেন। তাঁর ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ অনুষ্ঠানেও।

অনেক পরিচয় সত্যজিৎ রায়ের। তাঁর নানামুখী মেধার নাগাল একসঙ্গে পাওয়া প্রায় অসম্ভব। তাই সত্যজিৎ এক ঘোরের নামও। হয়তো এই ঘোর থেকেই চট্টগ্রামে প্রায় ২৪ ধরে আনোয়ার হোসেন পিন্টু চালাচ্ছেন ‘সত্যজিৎচর্চা কেন্দ্র’ নামের সংগঠন। এখান থেকেই ২০০২ সালে বের হয়েছিল সত্যজিৎওরবীন্দ্রনাথ শিরোনামে মূল্যবান একটি বই। এবার বের হলো নতুন সংকলন সত্যজিৎচর্চা।
এ সংকলনেও আছে ঋতুপর্ণ ঘোষের বলা ঘটনাটির কথা। ঋতুপর্ণ বলেছেন কারণগুলো—কেন সত্যজিৎকে অভিভাবক মানেন তিনি। এখানে নানা দিক থেকে সত্যজিৎকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আরও অনেকেই। অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রাচ্য ও প্রতীচ্যের সংস্কৃতি থেকে বোঝার চেষ্টা করেছেন সত্যজিৎকে। সত্যজিতের ক্যামেরায় আলোর ভূমিকা নিয়ে লিখেছেন আলোকচিত্রী আনোয়ার হোসেন। উজ্জ্বলকুমার মজুমদার লিখেছেন সত্যজিতের ছেলেবেলা নিয়ে।
উজ্জ্বল চক্রবর্তী লিখেছেন বিভিন্ন সাহিত্য থেকে চলচ্চিত্রের রূপান্তরে সত্যজিৎ কেন মূলের পরিবর্তন করেছেন। এত দিনের ব্যাখ্যাটি ছিল দুরকম—এক. শিল্পীর স্বাধীনতা, দুই. চলচ্চিত্রমাধ্যমের প্রয়োজনীয়তা। কিন্তু উজ্জ্বল বলছেন, না, মূল কারণ সত্যজিতের ইতিহাসচেতনা। ভারতের স্বাধীনতা লাভের পরপর লেখা পরশুরামের ছোটগল্প ‘পরশ পাথর’-এর উকিল কেন সত্যজিতের ছবিতে কেরানি পরেশ দত্ত (তুলসী চক্রবর্তী অভিনীত) হয়ে যান, তার একটা ব্যাখ্যা মেলে। ছবিটি যখন নির্মিত হচ্ছে, সেই ১৯৫৭ সালের বাস্তবতা যে ভিন্ন! তাই পরেশকে উকিল নয়, হতে হয় কেরানি। কিংবা তেতাল্লিশের মন্বন্তর নিয়ে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনিসংকেত-এর ছুটকি কেন সত্যজিতের ছবিতে অনঙ্গ বউকে ছেড়ে চলে যায় গ্রাম থেকে? কারণ, সত্যজিতের ছুটকি জানে, দুর্ভিক্ষের সময় পেটের খিদের দাবির কাছে সখীর সহমর্মিতা গৌণ।
আবার রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ গল্পে অমলের কাছে নিজের সাহিত্যপ্রতিভা দেখাতে চারুলতা যেখানে লেখে কালীতলা নিয়ে, সেখানে সত্যজিতের চারুলতায় তাঁকে দেখা যায় শৈশবের গ্রাম নিয়ে লিখতে। হেনরিক ইবসেনের নাটক এনিমিঅবদ্যপিপল-এর শেষে ডক্টর স্টকম্যান থাকেন একা, একাকিত্বেই নিজের গৌরব ঘোষণা করেন। অন্যদিকে সত্যজিতের গণশত্রু সিনেমার ডাক্তার অশোক গুপ্ত পাশে পান একদল তরুণকে, যারা ধর্মান্ধতার বিপরীতে পক্ষ নেয় বিজ্ঞানের।
সত্যজিৎ রায়ের রূপকথা, গান, শিশু, নারী, চিত্রকর্ম—এমন প্রায় এক কুড়ি বিষয় নিয়ে নিবন্ধ সংকলিত হয়েছে এখানে। আরও আছে সত্যজিৎকে নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত ছয়টি বইয়ের ওপর নাতিদীর্ঘ সমালোচনা। বইগুলো লিখেছিলেন সত্যজিতের আলোকচিত্রী আমানুল হক, সাইদা খানম, শিশুসাহিতি্যক আলী ইমাম, চলচ্চিত্র-সমালোচক শৈবাল চৌধুরী, বাবলু ভট্টাচার্য ও ফেরদৌস মাহমুদ। আছে তাঁকে নিয়ে তিনটি কবিতাও।
সংকলনের সবচেয়ে মূল্যবান অংশটুকু হলো এর ক্রোড়পত্রটি। এখানে সত্যজিতের এলিয়েনভাবনা স্থান পেয়েছে। ভিনগ্রহের প্রাণী নিয়ে সত্যজিতের লেখা ‘বঙ্কুবাবুর বন্ধু’ তো আছেই, রয়েছে এলিয়েন ছবির বাংলায় অনূদিত চিত্রনাট্যও। হলিউডের জন্য এ চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ, কিন্তু শেষ পর্যন্ত সে ছবি হয়নি। অনেকে বলে থাকেন, স্টিভেন স্পিলবার্গের ইটি ছবির এলিয়েন নাকি দেখতে সত্যজিতের আঁকা এলিয়েনের মতোই।
সংকলনে আছে ১৯৮০ সালে স্টেটসম্যান পত্রিকার জন্য লেখা সত্যজিতের ‘অরডিলস অব দ্য এলিয়েন: উইথ সেলারস ইন প্যারিস অ্যান্ড হলিউড’ নিবন্ধটির অনুবাদও। সত্যিই এ অংশটুকু সত্যজিৎচর্চা নামাঙ্কিত আলোচ্য সংকলনকে অন্য সব সংকলনের চেয়ে আলাদা করেছে। দিয়েছে ভিন্ন মাত্রা।
সব মিলিয়ে সংগ্রহে রাখার মতো একটি বই। যাঁরা সত্যজিৎকে ভালোবাসেন, যাঁরা চলচ্চিত্র ভালোবাসেন, তাঁদের জন্য এটি অবশ্যপাঠ্য। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সত্যজিৎ রায়কে নতুন করে আবিষ্কারও করবেন পাঠক।