
ওজারতির দুই বছর: মুখ্যমন্ত্রিত্বের দিনগুলি ১৯৫৬-৫৮
আতাউর রহমান খান
প্রচ্ছদ: মাসুক হেলাল * প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা * প্রকাশকাল: জানুয়ারি ২০১৭ * ২৫৫ পৃষ্ঠা * দাম: ৪৫০।
প্রথমা প্রকাশনের ‘সমাজ-ইতিহাস গ্রন্থমালা’র ১ নম্বর গ্রন্থ এটি। সমাজ-রাজনীতি ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বহু আগে প্রকাশিত অথচ বর্তমান দুষ্প্রাপ্য, অথবা বাজারে এখন চলতি নেই, এমন বই নতুন বহিরঙ্গে খুবই যত্নের সঙ্গে প্রকাশ করার যে উদ্যোগ প্রথমা প্রকাশন নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আলোচ্য বইটি সে বিচারে হেলাফেলার তো নয়ই, বরং অতিক্রান্ত অতীতের এমন একসময়ের দলিলবিশেষ, যার পাঠ ছাড়া আমাদের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের পাঠ পূর্ণতা পাবে না।
পাকিস্তান নামের রাষ্ট্রের স্বপ্ন যে ‘ভয়ংকর স্বপ্ন’ ছিল, তা টের পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল সময়পরিসরের মধ্যে রাষ্ট্রটির ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। উন্মোচিত হয়ে যায় তার স্বরূপ।
এ বইয়ের লেখক আতাউর রহমান খান একেবারে নাড়ি ধরে টান দিয়েছেন। পূর্ব বাংলা তথা পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের যে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল না, সে কথা বলতে গিয়ে তিনি জানাচ্ছেন, ‘...এমন কি কবি ইকবাল যখন পাকিস্তানের স্বপ্ন দেখেন তখন তোমাদের কথা ভাবেননি। তোমাদের ছাড়াই উত্তর-পশ্চিম ভারতীয় এলাকা, এমনকি আফগানিস্তানের সঙ্গে মিলে এক মুসলিম রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছেন স্বাপ্নিক কবি ইকবাল।’ ফলে অবাঙালি পাঞ্জাবিরা আমাদের করুণার চোখে দেখত। তাদের দৃষ্টিতে আমরা ছিলাম, ‘নেহাত দেশি অর্থাৎ এখানকারই নিম্নশ্রেণির হিন্দু বংশধর—সমাজের দৌরাত্ম্যে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছি—তাদেরই নাতিপুতি আমরা।’ আর ‘ওরা আরব, ইরান, তুরান থেকে এসেছেন। কেউ ভাবেন, দিগ্জয়ী সেকান্দার বাদশাহর বংশধর।’
বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের এই যে তুচ্ছতাচ্ছিল্যের ধারাবাহিক ধারা, তারই পরিণতিতে ১৯৪৮ সালের ভাষা আন্দোলন, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ১৯৫২-এর ভাষা আন্দোলনের ভেতর দিয়ে। তারপর বাঙালির নানা দলের সংগঠিত প্রয়াসের ফলে গড়ে ওঠে যুক্তফ্রন্ট। দেখতে দেখতে ১৯৫৪ সাল এসে যায়। অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন প্রদেশ পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান কায়েম করার দল মুসলিম লীগের নাম-নিশানা মুছে যায়। যুক্তফ্রন্ট জোট শেরেবাংলা এ কে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করে। আতাউর রহমান খান এই মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মুসলিম লীগ এই পরাজয় মেনে নিতে পারেনি। তারা যুক্তফ্রন্ট সরকারের পতনের লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। একপর্যায়ে কেন্দ্রীয় সরকার জারি করে ৯২-ক ধারা। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে যায়। নানা উত্থান-পতন শেষে ১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর আতাউর রহমান খান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এ দায়িত্বে নিযুক্ত ছিলেন দুই বছর। ১৯৫৮-এর ৭ অক্টোবর দেশে সামরিক শাসন জারি হলে পতন ঘটে যুক্তফ্রন্ট সরকারের। অবসান ঘটে আতাউর রহমান খানের মুখ্যমন্ত্রিত্বেরও। ওজারতির দুই বছর-এ আছে এই সময়পর্বে সংঘটিত নানা ঘটনার সরস বিবরণ। তুলে ধরেছেন আমলাতন্ত্রের স্বরূপ, তার চোটপাটের নমুনা, পশ্চিম পাকিস্তানি অবাঙালি পদস্থ কর্মকর্তাদের দোর্দণ্ড প্রতাপশালিতার চিত্র। বাঙালিকে পদে পদে হেয় করার এমন সব বিবরণ তিনি তুলে ধরেছেন, পড়তে গিয়ে মনে হয়, পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ কেন পাকিস্তান নামের এক কৃত্রিম রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছিল? বাঙালিকে কোনোভাবেই তারা মানুষ পদবাচ্য মনে করত না। শুধু তাই নয়, পাশাপাশি আছে যুক্তফ্রন্টের শরিকদের মধ্যে পারস্পরিক কোন্দলেরও প্রায় বিস্তারিত বিবরণ। কেন আইয়ুবের সামরিক শাসন জারি হলো ১৯৫৮ সালে, তার পটভূমির খোলামেলা বিবরণও আছে। পরিশেষে তিনি বলছেন সামরিক শাসন জারি হওয়ার পরের কথাটি এভাবে, ‘মার্শাল ল রাজত্বের সাফল্যের দাবি পাকিস্তানের বনিয়াদি আদর্শকে ধ্বংস করে দিচ্ছে ও দেবে। কুয়াশাচ্ছন্ন দৃষ্টি নিয়ে অনেকেই এর ভেতর নতুন কিছু দেখতে পাচ্ছেন। চারদিক পরিষ্কার হয়ে গেলে দেখা যাবে কত বড় ক্ষতি হয়েছে দেশের ও জাতির।’ আতাউর রহমানের এ বইয়ের অন্তিম কথাটি অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। ১৯৫৮ সাল-পরবর্তী আইয়ুববিরোধী গণ-অভ্যুত্থানের সাফল্য এবং বাংলাদেশের অভ্যুদয় তার জলজ্যান্ত প্রমাণ।
এ বই স্মৃতিকথানির্ভর, তবুও ইতিহাসের উপাদানে ঠাসা। ইতিহাস-অনুসন্ধিৎসুদের এ বই সংগ্রহে রাখার মতো। মতিউর রহমানের ভূমিকাটি সুলিখিত।