শুভ জন্মদিন, আমেরিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ জুলাই। আমেরিকার ২৩৫তম জন্মদিন। সকালবেলা পত্রিকা খুলেই প্রথমে চোখে পড়ল কার্টুনটি। লেডি লিবার্টি—আমেরিকার শৌর্যের, তার শ্রেষ্ঠত্বের প্রতীক, এখন সে বুড়ি ধুমসি। দেনার ভারে জর্জরিত। মোটা কাপড়ে সে দুর্দশা ঢাকা আছে বটে, কিন্তু উঁকি দিলেই নজরে পড়ে তার জীর্ণ-শীর্ণ, হতশ্রী চেহারা।এই কি সে সেই আমেরিকা, দুই দশক আগেও যাকে ঘোষণা করা হয়েছিল পৃথিবীর শেষ পরাশক্তি? সামরিক শক্তিতে আমেরিকা এখনো পৃথিবীর এক নম্বর। এক অ্যান্টার্টিকা ছাড়া বিশ্বের প্রতিটি মহাদেশে আমেরিকার এখনো সামরিক ঘাঁটি রয়েছে। তার সংখ্যা ৭০০-র ওপরে। কিন্তু সমস্যা হলো, বন্দুক থাকলেই তো হবে না। তা কাজে লাগাতে হলে চাই বারুদ, চাই গোলা। আর সে জন্য পকেটে চাই রেস্ত। আমেরিকার এখন এই রেস্ততে টান পড়েছে। মার্কিন বাজেটের হিসাবে ধরলে শুধু সামরিক খাতেই আমেরিকা বছরে প্রায় ৭০০ বিলিয়ন ডলার খরচ করছে। এর ওপর রয়েছে তিন-তিনটি যুদ্ধের বোঝা। ইরাক ও আফগানিস্তানের পর এখন যুক্ত হয়েছে লিবিয়া। এ পর্যন্ত ইরাক ও আফগানিস্তানে সামরিক খাতে একা আমেরিকার মোট ব্যয়ের পরিমাণ কম করে হলেও সোয়া দুই ট্রিলিয়ন ডলার। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, এর সঙ্গে যদি আহত ও নিহত সেনাদের স্বাস্থ্য ও বিমা বাবদ দীর্ঘমেয়াদি ব্যয় ধরা হয়, তো এই খরচ প্রায় সাড়ে চার ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর সঙ্গে যুক্ত করুন লিবিয়া। গত দুই মাসে সেখানে যে পরিমাণ অর্থ ঢালা হয়েছে, তা ইতিমধ্যে এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। সেনা পাঠানো হয়নি, ফলে মানুষ মরার ভয় নেই। কিন্তু বোমারু বিমানের খরচ আছে, খরচ আছে বোমার। ওয়াশিংটন পোস্ট পত্রিকা এক হিসাবে বলেছে, লিবিয়ার বিরুদ্ধে আকাশযুদ্ধের প্রথম চার দিনেই ১৬৭টি টমাহক মিসাইল ছোড়া হয়। এর প্রতিটির মূল্য ছয় লাখ ডলার। কারিগরি ত্রুটির জন্য প্রথম সপ্তাহে যে এফ-১৫ই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে, তার দাম কম করে হলেও ৩০ মিলিয়ন। এই যুদ্ধ যত দিন চলবে, তত দিন এ রকম আরও কত খরচ আমেরিকাকে বহন করতে হবে, কে জানে!আমেরিকার নিজের ঘরে যে এখন পয়সার টানাটানি, তার এক বড় কারণ এই যুদ্ধ। অন্য কারণ অভ্যন্তরীণ খাতে আয়ের চেয়ে ব্যয়। বাজেটে অর্থ সংকুলান হচ্ছে না, তাই প্রায় প্রতিটি রাজ্যে সামাজিক খাতে ব্যয় কমানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। সবার আগে কাটছাঁট হচ্ছে সরকারি শিক্ষা খাতে। হাজার হাজার শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। শুধু নিউইয়র্ক শহরের সরকারি স্কুলব্যবস্থা সাড়ে ছয় হাজার শিক্ষকের ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। শহরের এক হাজার ৬০০ স্কুলের মধ্যে ৮০ শতাংশই এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা খাতের এই সংকট আমেরিকার শিক্ষাব্যবস্থার জন্য বড় রকমের হুমকি হয়ে উঠেছে। একসময় এ দেশের শিক্ষাব্যবস্থা ছিল বিশ্বের সবার ঈর্ষার কারণ। অন্য সব দেশকে প্রতিযোগিতায় পেছনে ফেলে সে এগিয়ে ছিল, তার বড় কারণ আমেরিকার শিক্ষাব্যবস্থার শ্রেষ্ঠত্ব। অথচ এখন পৃথিবীর সব শিল্পোন্নত দেশের তুলনায় বিজ্ঞান ও অঙ্কে আমেরিকার ছাত্ররা পিছিয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় হংকং ও জাপানের হাইস্কুলের ছাত্ররা যেখানে অ্যালজেবরায় গড়ে ৮০ নম্বর পায়, আমেরিকার সেই বয়সী ছাত্ররা পায় তার অর্ধেক—মাত্র ৪০। এ কথার অর্থ হলো একুশ শতকের উপযোগী যে কর্মী ও নেতার প্রয়োজন, তার সংখ্যা এ দেশে ক্রমেই কমে আসবে।বাজেটে কাটছাঁটের ফলে নাগরিক জীবনের মানও কমে আসছে। পয়সা নেই বলে পুলিশ, দমকল কর্মী, স্যানিটারি কর্মী—সব এক এক করে কাটছাঁট হচ্ছে। রাস্তা, সেতু ও পুরোনো বাড়ি সংস্কারের কাজও শিকেয় তুলে রাখা হচ্ছে। সরকারি হিসাবেই বলা হয়েছে, এ দেশের ছয় লাখ সেতুর মধ্যে ২৫ শতাংশ আশু মেরামত না করা হলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। শুধু মেরামত না হওয়ার ফলে প্রতিবছর কমপক্ষে ৪৩ হাজার সড়ক দুর্ঘটনা ঘটছে। রাস্তা মেরামত হবে কি, হাসপাতাল চালু রাখার মতো পয়সা পাওয়াই কঠিন হয়ে পড়ছে। গত ছয় মাসে নিউইয়র্কে তিনটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। আমেরিকান জার্নাল অব মেডিকেল অ্যাসোসিয়েশনের এক হিসাবে বলা হয়েছে, গত ২০ বছরে আমেরিকার হাসপাতালগুলোর জরুরি পরিষেবার পরিমাণ ৩৫ শতাংশ কমেছে। আগামী বছরগুলোতে এই হ্রাসের পরিমাণ আরও বাড়বে। চীন ও আরব দেশগুলো থেকে ধার করা টাকায় আমেরিকা চলে, কিন্তু কত টাকা সে ধার নিতে পারে, তার সীমা নির্ধারণের দায়িত্ব দেশের আইনসভার। প্রতিনিধি পরিষদে এখন রক্ষণশীল রিপাবলিকানদের কর্তৃত্ব। তারা গোঁ ধরেছে, বড় ধরনের ব্যয় বরাদ্দ হ্রাসে সম্মত না হলে ঋণের সীমা বাড়ানোয় সম্মতি দেবেন না। এ নিয়ে দুই মাস ধরে ওবামা প্রশাসনের সঙ্গে কংগ্রেসের দড়ি টানাটানি চলছে। আগামী এক মাসের মধ্যে যদি ঋণের সীমা বাড়িয়ে নতুন আইন না হয়, তাহলে আমেরিকা কার্যত ঋণ বরখেলাপি বলে চিহ্নিত হবে। সেটা হবে আমেরিকার জন্য গোদের ওপর বিষফোড়া। এমন একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো কী করে? আসলে এক দিনে নয়, ৬০-৬৫ বছর ধরে একটু একটু করে জমিয়ে জমিয়ে এ ঘটনা ঘটেছে। ঘরের সমস্যা কার্পেটের নিচে ঠেলে দিয়ে আমেরিকা নজর দিয়েছে তথাকথিত বহিরাগত হুমকির ওপর। একজন মার্কিন সমাজতাত্ত্বিক একে বলেছেন ‘জাঙ্ক পলিটিক্স।’ এই জাঙ্ক পলিটিক্সের একটি প্রধান বৈশিষ্ট্য নিজের যে আয়, তার চেয়ে অধিক ব্যয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকার উদ্ভব মহাপরাক্রমশালী এক দেশ হিসেবে। আমেরিকার বিজয় মানে সাম্রাজ্যবাদী ধনতন্ত্রের বিজয়। এ দেশ, তার বিজয়ী ধনতন্ত্র কিছুতেই টলবে না, বড় কোনো ঝড়েও সে নুয়ে পড়বে না—এমন একটি ধারণা এ দেশের মানুষের মনে আসন গেড়ে বসে। সেই বিশ্বাস থেকে সরকার যেমন, তেমনি দেশের মানুষও দুই হাতে খরচ করে গেছে। পকেটে রেস্ত না থাকুক, ক্রেডিট কার্ড তো রয়েছে! এই ৬০-৬৫ বছরে ক্রেডিট কার্ডের দেনার পরিমাণ এতটা বেড়ে গেছে যে কোনো কার্ড কোম্পানিই আর টাকা দিতে রাজি নয়। একই কারণে আমেরিকার জন্য ধার পাওয়া কঠিন হয়ে উঠবে। চীন ও কুয়েতের মতো দেশ যদি ধার দেয়ও, সুদের পরিমাণ ক্রমেই বেড়ে যাবে।তাহলে এখন কী হবে?এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। টিকে থাকতে হলে আমেরিকাকে নিজেই সে উত্তর খুঁজে নিতে হবে। তবে একটা জিনিস দিনের মতো ফর্সা। পরাশক্তি হিসেবে আমেরিকার রাজত্বের দিন শেষ। পৃথিবীর মানুষের ওপর ছড়ি ঘোরানোর দিন শেষ। একসময় এ দেশের রাজনীতিকেরা ‘আমেরিকান এক্সেপশনালিজমের’ কথা বলতেন, যার মোদ্দা অর্থ, আমেরিকা যা বলবে, সেটাই ঠিক। কারণ, সে সবচেয়ে গৌরবময় ও মহান দেশ। তার জন্য যা কল্যাণময় তা পৃথিবীর জন্যও কল্যাণকর। এ কথা পৃথিবীর মানুষ তো নয়ই, খোদ আমেরিকার মানুষ নিজেরাও আর বিশ্বাস করে না।কিন্তু সমস্যা হলো, আমেরিকা যদি গর্তে পা হড়কে পড়ে, তাতে আমাদের খুশি হওয়ার কিছু নেই। আমেরিকা ছাতা তুলে না ধরলে আমাদেরও সমস্যা। অনেকে বলছেন, আগামী কয়েক বছরে চীন বা ভারতের মতো দেশ ধা ধা করে এগিয়ে যাবে, এমনকি একসময় হয়তো আমেরিকাকেও ধনে-মানে ছাড়িয়ে যাবে। কিন্তু আমেরিকা যদি কাহিল হয়ে পড়ে, কার সঙ্গে ব্যবসা করবে তারা? চীন যে এখন সারা পৃথিবীর ‘সুপার মার্কেট’, তার এক নম্বর খদ্দের তো আমেরিকা। সে আমেরিকাই যদি হাত গুটিয়ে বসে থাকে, তাহলে তাদের মাল কিনবে কে? ফলে আমেরিকা গাড্ডা থেকে বেরিয়ে আসুক, তার জন্মদিনে সেই শুভকামনাই থাকল।