শুভেচ্ছা প্রদর্শনী ও ভেনিস বিয়েনাল
‘প্যারাবেলস’—অর্থাৎ রূপক আকারে সমসাময়িক সময়কে বিভিন্ন আঙ্গিকে রাজনীতি, নারীবাদী দৃষ্টিকোণ, যুদ্ধ, জটিলতা, বেঁচে থাকার লড়াই, স্বপ্ন ইত্যাদি বিষয় শিল্পকর্মের বিভিন্ন মাধ্যমে পৃথিবীর সব থেকে বড় শিল্পের মিলন তীর্থ, ‘ভেনিস বিয়েনাল ২০১১ তে জাতীয়ভাবে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। এই গৌরবময় অংশগ্রহণকে আরও আন্তরিক স্বাগতম জানালেন, দেশের প্রবীণ ও নবীন শিল্পীরা গত ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি একটি শুভেচ্ছা প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে। এই শুভেচ্ছা প্রদর্শনীর অন্যতম আরেকটি লক্ষ্য হলো ফান্ড তৈরি করা। ভেনিস বিয়েনালে বাংলাদেশের অংশগ্রহণকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়ার অন্যতম অন্তরায় এর ব্যয়বহুল খরচ। বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালিয়ান অ্যাম্বাসির অফিশিয়াল সহযোগিতায় দেশের ৮৪ জন শিল্পী অংশগ্রহণ করেন এই প্রদর্শনীতে। এতে ১৯০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, মোস্তফা মনোয়ার, রফিকুন নবী, আবুল বারক আলভী, শাহাবুদ্দীন, রোকেয়া সুলতানা, আনিসুজ্জামান, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, মোহাম্মদ ইউনুস, মাহমুদুল হক, হাসিদুজ্জামান খান, বীরেন সোম, অলকেশ ঘোষ, চন্দ্র শেখর দে, ফরিদা জামান, বিপাশা হায়াৎ, কনক চাঁপা চাকমা, মোখলেসুর রহমানসহ অনেক নবীন শিল্পী, যাঁরা বর্তমানে নিজ নিজ শিল্প মাধ্যমে খ্যাত প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের গৌরবময় এ অর্জনকে পুরোপুরি সার্থকতা দিতে। মূলত শিল্পীদের বিক্রয় হওয়া শিল্পকর্মের অর্থ থেকে ৫০ ভাগই ব্যয় হবে ভেনিস বিয়েনাল ২০১১ তে বাংলাদেশের অংশগ্রহণের খরচ বহনের জন্য। শিল্পকর্মের অধিকাংশই চিত্রকর্ম এবং কিছু ছাপচিত্র মাধ্যমে করা। শিল্পী মাহবুবুর রহমান, কবির আহম্মেদ মাসুম, তৈয়বা বেগম লিপি, ইমরান হোসেন পিপলু, প্রণতেশ দাস পুলক—যাঁরা বৃত্ত আর্টিস্ট-এর সদস্য এবং তাঁরাই মূলত বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক এই আর্ট ফেস্টিভালে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই নিজেদের শিল্পকর্ম নিয়ে দেশকে বিশ্বের সামনে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে চান, যাতে বাংলাদেশের সমসাময়িক শিল্পের সৃষ্টিশীল উন্নয়নকে বিশ্ব নতুন স্বাদ ও দৃষ্টিকোণ থেকে দেখতে শেখে। মূলত ভিডিও আর্ট ইনসটেলেশনসহ বিভিন্ন সমসাময়িক আন্তর্জাতিকভাবে বহুল চর্চিত মাধ্যমগুলোতে (এবং সহজে বহনযোগ্য) শিল্পীরা নিজেদের শিল্পভাবনা উপস্থাপন করবেন। ‘ভেনাস বিয়েনাল’ ১৯৬৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এবং বর্তমানে এটি বিশ্ব শিল্পের সবচেয়ে বড় মিলন তীর্থ, যাকে অনেক শিল্পীরাই অলিম্পিকের সঙ্গে তুলনা করেন। শিল্প সংগ্রাহক, গ্যালারি, সমালোচক শিল্পে রসিক এবং সাধারণ মানুষের অংশগ্রহণে ভেনিস বিয়েনাল বর্তমান বিশ্বের শিল্প-চিন্তাধারাকে মঙ্গলের দিকে নিয়ে যেতে সচেষ্ট। সে ক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ নিঃসন্দেহে দেশের সমসাময়িক শিল্পচর্চার ক্ষেত্রে অনেক বড় একটা অর্জন। আগামী ১ জুন ২০১১ থেকে শুরু হতে যাচ্ছে ভেনিস বিয়েনাল। শুভকামনা, বাংলাদেশের পক্ষে বিয়েনালে অংশগ্রহণকারী শিল্পীদের জন্য।