শুভ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন। অবস্থা যখন-তখন। প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়স্বজন আমাকে দেখতে এসে ডুকরে কেঁদে ওঠেন, চোখের পানি থামাতে পারেন না। তাঁদের সঙ্গে মাও কাঁদেন। প্রথম প্রথম আমিও কাঁদতাম। এখন আর কাঁদি না। শয্যাশায়ী হয়েছি সেই কবে! স্পষ্ট মনে নেই। হাসপাতালে থাকাকালীন শুভ্রাকে মনে পড়ত। পেছনের আরও বহু কথা মনে পড়ত। সেই দিনটা পরিষ্কার মনে আছে, রাবেয়া খালা সেবার বেড়াতে এসেছিলেন।
খালা চোয়াল উঁচু করে বোরকার গিঁট খুলে মাকে জড়িয়ে ধরে বললেন, ‘তোর কথাই সত্যি।’
‘কী?’
‘এবার মেয়ে হবে।’
খালা ভীষণ খুশি। তিনি মায়ের বান্ধবী। মা হাসতে হাসতে ভুরু নাচিয়ে আমাকে বললেন, ‘এ্যাই! দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিস? হবু শাশুড়িকে সালাম কর, সালাম কর।’
সালাম করেছিলাম কি না মনে নেই। খুব ছোটবেলার স্মৃতি। রাবেয়া খালা পেটে হাত বোলাতে বোলাতে মাকে বললেন, ‘দ্যাখ, দ্যাখ, কীভাবে নড়ছে? দুষ্টু হবে। খুউব।’
মায়ের সঙ্গে আমিও খালার পেটের দিকে তাকিয়ে ছিলাম। সেই প্রথম শুভ্রাকে আমি না দেখেও দেখলাম। কিছুদিন পর রাবেয়া খালা চলে গেলেন রাজশাহী। প্রায় পনেরো বছর পর আবার ঢাকায়। যে বয়সে একটি মেয়ে হূদয়বতী হতে শুরু করে, সেই বয়সে আবার তাকে দেখলাম। শুভ্রা খুব দুষ্টু হবে তা না হয় জানতাম, কিন্তু এতটা মিষ্টি হবে ভাবিনি। স্বপ্নে দেখা রূপবতীদের চেয়েও রূপবতী। বছর খানেক পর আমাদের পাশের ফ্ল্যাট খালি হলে মা শুভ্রাদের নিয়ে এলেন। শুভ্রার কথার শব্দ, পায়ের আওয়াজ শোনার জন্য সারাক্ষণ কান পেতে থাকতাম। সিঁড়িতে পানি ঢেলে একদিন তার পায়ের ছাপ নিলাম। সেটা পোস্টারের মতো আমার খাটের পাশের দেয়ালে টাঙানোর চেষ্টা করছি। পেরেক তো আর বসে না। হঠাৎ দরজায় শব্দ। দরজা খুলে দেখি শুভ্রা। সে বলল, ‘সকালে পরীক্ষা। দেয়ালের পাশেই খাট, শব্দে একদম ঘুমাতে পারছি না।’
তার পর থেকে দেয়ালের সঙ্গে গা লাগিয়ে ঘুমাতাম। এক নজর দেখার জন্য কলেজের সামনে, গলির মোড়ে দাঁড়িয়ে থাকতাম। রাত-দিন। এমনকি ঝড়-বৃষ্টির রাতে জানালার পাশে বসে থাকতাম। আকাশে বিদ্যুৎ চমকায়। অন্ধকারে আলোর রেখা ফুটে ওঠে। গভীর আগ্রহে তাকিয়ে থাকতাম, যদি তার মুখখানি ঈশ্বরের তুলিতে আঁকা হয়ে যায়!
একদিন ভিকারুননিসার কাঠগোলাপগাছটার নিচে দেখা। চোখ দিয়েই শুভ্রা আমাকে গেঁথে ফেলল। নড়তে পারিনি। কিন্তু এত মায়াভরা চোখের দিকে কতক্ষণ তাকিয়ে থাকা যায়?
আমার মুগ্ধতায় জল ঢেলে দিয়ে সে বলল, ‘চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখো কেন?’
ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, ‘তুমি দেখলে কীভাবে?’
‘মানুষ চোখ দিয়ে দেখে সামনে, আর মন দিয়ে দেখে চারপাশ।’
‘না...মানে...।’
‘আর মানে মানে করতে হবে না। চলো, বসুন্ধরায় যাব।’
এক বান্ধবীকে নিয়ে রিকশায় উঠল। শুভ্রা বসল মাঝখানে। তার পা আমার পায়ের সঙ্গে লাগলে কেমন জানি একটা অনুভূতি হলো। কিছুক্ষণ পর শুভ্রার বান্ধবী নিচু স্বরে জিজ্ঞেস করল, ‘উনি তোর কেমন ভাই?’
‘বুঝিস না?’
‘মানে...খালাতো নাকি মামাতো?’
‘ভালোবাসাত ভাই।’
আমাদের দমকা হাসিতে রিকশা উল্টানোর জোগাড়। তিন-চার মাস পর আমার শরীরটা খুব খারাপ করল। এ ডাক্তার ও ডাক্তার। এই টেস্ট সেই টেস্ট। বাসার সবাই কিছু একটা আমার কাছে গোপন করতে শুরু করল। শুভ্রা নিয়মিত আমার খোঁজখবর নিত। কিন্তু হঠাৎ তাকে মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। মাস দুয়েক পর ওদের বাসার অন্যরাও গেল। এর মধ্যে কত কিছু ঘটে গেল! রোগে-শোকে আট-নয় মাস। গত পরশু মাদ্রাজ থেকে বাসায় ফিরেই দেখি শুভ্রা, বারান্দায় দড়িতে রঙিন কাপড়ে ক্লিপ আটকাচ্ছে। ইচ্ছে করল জিজ্ঞেস করি, ‘এত দিন কোথায় ছিলে?’
কিছুই জিজ্ঞেস করতে পারিনি। তিন দিন পর আজ সন্ধ্যায় রাবেয়া খালা আমাকে দেখতে এলেন। কত কথা! হুট করে তাড়াহুড়ার মধ্যে নাকি শুভ্রার বিয়েটা হয়েছে। আমার অবস্থার কারণে নাকি এত দিন বলেননি। মা কী ভাবলেন, জানি না। আমার কিন্তু কোনো কথাই ভালো লাগেনি। কেউ না জানুক, আমি তো জানি। শুভ্রাকে ভালো করে এক নজর দেখার জন্যই এখনো বেঁচে আছি।
শাখাওয়াৎ নয়ন
ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া।
[email protected]