শুরু থেকে বর্তমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গীতিকা’, শিল্পী: আবদুস শাকুর শাহ্
‘গীতিকা’, শিল্পী: আবদুস শাকুর শাহ্

সেই যে কৈশোর-উত্তীর্ণ বয়সে বাবাকে বলেছিলেন, আর্ট স্কুলে ভর্তি হবেন, পরে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছিল বটে। স্কুল নয়, চারুশিক্ষা নিয়েছেন আর্ট কলেজ থেকে।
আলোচনা হচ্ছে যাঁকে নিয়ে, তাঁর নাম আবদুস শাকুর শাহ্। আলোচনার কারণ, শিল্পাঙ্গন গ্যালারিতে ‘শাকুর রেট্রোসপেক্টিভ’ শিরোনামে তাঁর একটি প্রশর্দনী হয়ে গেল কয়েক দিন আগে।
প্রদর্শনীটির অন্যতম প্রধান আকর্ষণ, এক ফ্রেমে শাকুরের নানা সময়ের ছবি দেখার সুযোগ। তাঁর বিভিন্ন পর্বের প্রতিনিধিত্বশীল ছবির দেখা মেলে এখানে। তবে শাকুর শাহে্র প্রাথমিক পর্বের ট্র্যাপেস্টির দু-একটি নমুনা থাকা বেশ জরুরি ছিল বলে মনে হয়। প্রায় এক দশক ধরে বিমূর্ত ছবির চর্চা করেছেন শাকুর। তার কিছু নমুনা থাকলেও আনন্দ পাওয়া যেত। তারপরও এখানে আশির দশকের শুরু থেকে শিল্পীর সাম্প্রতিক সময়ের ছবি দেখতে পাওয়া গেল।
একেবারে শুরুতে অর্থাৎ শাকুর যখন ভারতের শিবাজী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখনকার ড্রয়িং তথা কর্ণাটকের মন্দিরের কিছু স্টাডি, যেমন এখানে আছে, তেমনি আছে ১৯৭৬-এর কিছু ছবি। উভয় ছবিতেই দেখা মিলল পরিমিতির।
তাঁর ১৯৮০ সালের ছবিগুলো সম্পর্কে অনেকে হয়তো এই মত দেবেন, শিল্পীর এই ছবিগুলো স্বতন্ত্র ভাষা নিয়ে দাঁড়াতে পারত। সেগুলোর কোথাও শিল্পী কে জি সুব্রামানিয়ামের ছায়া বেশ প্রবল। ফলে শেষাবধি প্রাপ্তিযোগ ঘটেনি।
তবে শিল্পীর ১৯৮৮-এর কিছু রেখাচিত্রে আবার দেখতে পাই তাঁর নিজস্ব ধরনকে খুঁজে ফেরার চেষ্টা।
দুটি ছবি সম্পর্কে বলি: গত শতকের শেষ দশকের দুটি কাজ—একটি ‘পাখি’ অপরটি ‘বাঘ’—এদের দেখলে মনে হয় তিনি যে বিভাগের শিক্ষক, সেই বিভাগের ছাত্রদের দেখানোর জন্য খসড়াবিশেষ এগুলো; কিন্তু তাঁর বর্তমান কাজের বেশ কিছু রসদ কি ’৮৮ থেকে ’৯১ সময়কালেই তাঁর কাছে এসেছে? জানি না। তবে তাঁর প্রাথমিক পর্বের ছবি ‘অচেনা মুখ’ আজকের ছবিতেও বর্তমান।
লোকজ নানা উপাদানের সঙ্গে শাকুরের নিত্য বসবাস। একদা সুব্রামানিয়ামের প্রেরণায় আকৃষ্ট হয়েছিলেন বাংলার লোকশিল্পের প্রতি। তবে এখান থেকে যে একটি শিল্প তৈরি হতে পারে, হয়তো পুরোমাত্রায় সেটি উপলব্ধি করেছেন ২০০০ সালে, কমনওয়েলথ গেমসের সময় তাঁর কাজের যে প্রাথমিক স্বীকৃতির পর থেকে। এরপর কাজ করে গেছেন একনাগাড়ে।
বর্তমানে আবদুস শাকুর যে ধারার ছবি আঁকছেন, এর অধিকাংশের বিষয় মৈমনসিংহ গীতিকা। এই গীতিকার পৃষ্ঠাজুড়ে যে বিষয়-বৈচিত্র্য, শাকুরের ছবিতেও মেলে সেই আভা। এই পর্বে এসে ছবির বিষয় হিসেবে প্রথমেই তিনি বেছে নেন ‘মহুয়া’ পালাকে।
শাকুর কি তবে মহুয়ার গল্পের অলংকরণ করছিলেন? তাঁর ছবি আমাদের তেমন কথা বলছে না। তাহলে মহুয়ার এই ছবিতে তাঁর কী ভূমিকা! আমরা জানি, মহুয়া, চন্দ্রাবতী, সোনাবিবি, রতন ঠাকুরসহ আরও নানা চরিত্রে ভরা এই গীতিকার দৃশ্যমান কোনো ফর্ম তৈরি হয়নি, যেমন সৃষ্টি হয়েছে মনসা বা গাজির গান নিয়ে। তাহলে কীভাবে গড়ে উঠল এই ছবি আর এর সামাজিক উত্তাপই বা কী?

‘বাঘ’, শিল্পী: আবদুস শাকুর শাহ্
‘বাঘ’, শিল্পী: আবদুস শাকুর শাহ্

গত শতকের শেষ পর্বে বিশ্বব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্যের বিষয়টি সারা পৃথিবীতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি আমাদের দেশে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা শুরু হয় বেশ সাড়ম্বরে। বস্তুত এগুলো কিছু প্রবণতাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। এ সময় আমাদের লোকজ বিভিন্ন উপাদান নতুনভাবে উদ্ভাসিত হতে শুরু করে। এমনকি এটিকে আধুনিক জনপ্রিয় শিল্পের বিষয় হিসেবেও দেখতে পাই। শাকুরের কাজ কি এই তরঙ্গে অনুরিত? হয়তো তাই, আবার এমনটি না-ও হতে পারে; তবে তাঁর কাজের উত্তাপ আমাদের সেই রকম একটা আভাস দেয়।
তবে কি তিনি এ কালের একজন লোকশিল্পী? তা-ও নন; এবং ওই সব বিষয়ের মধ্যে বসবাস করেও তিনি ওই জগতের মনন ও মানুষ থেকে পৃথক এক মানুষ। তাহলে এই ছবির রং আর বিন্যাসের যোগসূত্র কী? একটু গভীরভাবে লক্ষ করলে দেখব, শিল্পী নানা জায়গা থেকে নিয়েছেন অকাতরে। তাঁর বিন্যাসে যেমন স্থান করে নিয়েছে পালদের পুঁথি, তেমনি মুঘল ক্ষুদ্রচিত্র; আবার আধুনিক শিল্পী মন্দ্রিয়ানের বিন্যাসও; কখনো-বা প্রবলভাবে আসছে পটচিত্রের রং; কখনো কখনো বিন্যাস। তবে তার আকার কি আমাদের পট থেকে এসেছে? জোর গলায় আমরা এমন দাবিও করতে পারব না। কিন্তু যদি বলি পয়লা বৈশাখের শোভাযাত্রার নানা আকার এসেছে শাকুরের ছবিতে; যেমন—ময়ূর, পাখি ইত্যাদি, সেটি হয়তো যুক্তিগ্রাহ্য হবে। বাস্তবে তাঁর কাজে নানা সাযুজ্যের প্রতিফলন থেকেও এরা স্বতন্ত্র এবং এরা একান্তই শাকুরের নিজস্ব। শুরুতে কিছুটা একঘেয়েমির অভিযোগ উঠেছিল, তার অনুরণন এখনো কিছুটা বর্তমান। কিন্তু আগের তুলনায় বৈচিত্র্য এখন অনেক বেশি।
শিল্পের চরিত্র, পুঁথির বিন্যাস ও বুনট কি আসলেই ওই শিল্পকে ধারণ করে? এ ক্ষেত্রে শিল্পী ও দর্শক—সবাই হয়তো একবাক্যে বলবেন, ‘না’। তবে এখানে গল্পকে উপজীব্য করে তৈরি হয় একধরনের প্রতীক, যা আবার ধারণ করে ঐতিহ্যের আবেশ এবং হয়ে ওঠে আধুনিক বাংলার একটা বিশেষ প্রতীক। মজার ব্যাপার হলো, এই ‘বিশেষ প্রতীক’-এর শরীরে ঐতিহ্যের তকমা লাগালেও এরা আধুনিক। আর সে বিষয়টি আরও প্রবল করতে এখন শাকুরের ছবিতে যুক্ত হয়েছে গামছা।
কর্মময় জীবনের নানা তল তাঁকে করেছে বর্ণিল। তারই একটা সংক্ষিপ্ত রূপ এই প্রদর্শনী। ২০১৩ সাল থেকে মুক্তিযুদ্ধের সময় নিজের অভিজ্ঞতার গল্প নিয়ে আঁকছেন। আমরা এখন থেকে প্রতীক্ষায় থাকি সেই প্রদর্শনীর জন্য।
৭০টি ছবি নিয়ে ১ মে শুরু হওয়া এ প্রদর্শনীটি শেষ হয়েছে ১৫ মে।