শুরু হচ্ছে গোথেনবার্গ বইমেলা ২০১৩

২৬ সেপ্টেম্বর থেকে সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনের ‘গোথেনবার্গ বইমেলা-২০১৩’। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ বইমেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন কবি ও সাহিত্যিক। গোথেনবার্গ বইমেলার পক্ষ থেকে প্রথমবারের মত বাংলা কবিতা ও সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘ভয়েস ফ্রম বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
এবারের বইমেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০০বছর পূর্তি উপলক্ষে মেলার দ্বিতীয় দিন সেমিনার ও সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করবেন কবি নির্মলেন্দু গুণ ও কবি রুবি রহমান।
বইমেলার তৃতীয় দিন ২৮ সেপ্টেম্বর বেলা দুইটা থেকে অনুষ্ঠিত হবে বাংলাদেশের কবিতা ও সাহিত্য বিষয়ে সেমিনার। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, সুইডিশ প্রবাসী কবি আনিসুর রহমান ও মৃত্তিকা গুণ। এবারের বইমেলা উপলক্ষে সুইডেনের বিশিষ্ট কবি ক্রিশ্চিয়ান কার্লস অনুদিত বাংলা ভাষার কবিদের একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হবে।
১৯৮৫ সাল থেকে শুরু হওয়া এ বইমেলায় প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্যপ্রেমী, কবি-সাহিত্যিক, লেখক-পাঠক-প্রকাশকদের আগমন ঘটে। এবারের বইমেলায় ৭৫টি সেমিনার ও কবিতাপাঠের আসরে সারা পৃথিবী থেকে ৭২৪ জন কবি-লেখক অংশ নেবেন।