একা মানুষের জীবনে শীতের লম্বা রাত একটু বেশি লম্বা। অনেক রাতে ঘুমাতে গেলেও মেলাখানি বিষণ্ন সময় বুকের ওপর অনর্থক ঝুলতে থাকে। নিরানন্দ বর্তমান সময়কে পাশ কাটাতে লায়লা খানিক ঝাপসা, খানিক চেনা পুরোনো সময়ের কাছে ফিরে যায়। সে নিজে সেখানে ফিরে যায় না। বরং ফেলে আসা পুরোনো সময়টা বেশ জানান দিয়ে অবলীলায় তার ঘরে চলে আসে।বার্মিংহাম শহরের নির্জনতার সঙ্গে গা এলিয়ে এই ডুপ্লেক্স বাড়ির সুনসান মাঝরাত কবরের মতো নির্জন। বাড়িজুড়ে চেপে বসা শব্দহীন বর্তমানের ভার পাশ কাটিয়ে একসময় অতীতের মোড়ক খুলে কৈশোরের চেনা একটা সুর মনের মধ্যে দিব্যি জ্যান্ত সচল হয়ে ওঠে।খুব সাধারণ গেঁয়ো এক গান, ফেলনা গেঁয়ো একটা সুর মেলা পথ পাড়ি দিয়ে বরফঢাকা বাড়িটার আনাচে-কানাচে বাজতে থাকে, ‘জরিনার বয়স ষোলো, হাতে ছিল কিলাস্টিকের চুড়ি।’ তারপর? পরের লাইনটা কী? মনে পড়ছে না কেন? কথাগুলো কি মন থেকে হারিয়ে গেছে? কী আশ্চর্য! হারাল কেন?গানের কথাগুলো পয়সার মতো আঁচলে গিঁট দিয়ে বাঁধা ছিল না। মনের মধ্যে গেঁথে রাখা গেঁয়ো একটা পদ সিকি-আধুলির মতো আঁচলের গিঁট খুলে আচানক হারিয়ে যাবে—এ কেমন আজগুবি কথা? হারিয়ে যাওয়া পদটা মনের মধ্যে ফিরে পাওয়ার তাগিদে লায়লা নিজের মনের ভেতর-বার মেলা সময় ধরে প্রাণপণে হাঁচড়পাঁচড় হাতড়ে মরে।ওর মনে হচ্ছে, কথাগুলো হারায়নি। শুধু সুরের গা থেকে আলগা হয়ে ওগুলো কখন কোন আবডালে পড়ে গেছে।যাক! কী আর করা যাবে! বিনি কথায় সুরের ছাঁদ মনের ওপর বেশ নির্ভার। শীতের ফুলেশ্বরী নদীর ঠান্ডা গায়ের তিরতিরে ঢেউয়ের মতো মনের মধ্যে ঝুরঝুর করে বিলি কেটে এদিক-ওদিক দিব্যি বয়ে যাচ্ছে। মন্দ কী!বার্মিংহামের নির্জন ডুপ্লেক্স বাড়ির ওপর-নিচ কোনায়-কানায় এখন টাটকা রিনরিনে সুরের ঢেউ।পালকের বিছানাটা আজ বড্ড বে-আরাম রকমের গরম! ঘরে গরমের চুলাগুলো কী গনগন করে জ্বলছে! নাহ্, অসহ্য!লায়লা বিছানা ছেড়ে মেঝের ওপর টানটান হয়ে দাঁড়াতে ওর শরীরের সঙ্গে তাল মিলিয়ে দেয়ালে আয়নার গায়ে ভরভরন্ত সুঠাম একটি নারীদেহ মাথার ওপর দুই হাত তুলে আলগোছে আড়মোড়া ভাঙে। রাতে ঘুমানোর স্বচ্ছ সাদা কাপড় আয়নার গায়ে প্রায় অদৃশ্য। ওখানে এখন শুধু ঝকঝকে নির্জলা নিপাট একটি শরীর। সেই শরীরের সবটুকুজুড়ে একুশ বছর বয়সের নিটোল ছাঁদ। বয়সের হিসাবে লায়লার শরীর থেকে বিশ বছর অবলীলায় হারিয়ে গিয়ে শরীরজুড়ে একুশ বছর বয়সটা থমকে দাঁড়িয়ে আছে। লায়লার সবটুকু মনোযোগ এখন আয়নায় ভেসে ওঠা একুশ বছরের অচেনা একটা শরীরের গায়ে। জোয়ানিভরা ভরভরাট শরীরের শিরায় শিরায় এখন আদিম জৈবিক সুর।মনের একাকিত্বের পাট নিঃসারে কখন চুকে গেছে। মনের প্রয়োজন ছাপিয়ে শরীরের গভীরে আদিম প্রয়োজন এখন ভীষণ আসুরিক। আদিম নিঃসঙ্গতার কাছে এমন নিশিরাতে লায়লা একেবারে একা—একলা—খুব বেশি অসহায়।অসহায় সময় কি চলা থামিয়ে দাঁড়িয়ে থাকে? নাহ্! খাপছাড়া মানুষগুলোর মতো খাপছাড়া দুনিয়াটাও অকারণে ঘুরে মরছে। দিন-রাতের ঘুরপাক সময়ের চক্করে বাঁধা। লায়লার জীবনে একটুকুও ছায়া না ফেলে শীত চলে গেল।লায়লা ভাবে, ‘বসন্ত এসেছে বলে দুনিয়ার রীতি মেনে শীতকে চলে যেতে হলো।’ লায়লার নিরানন্দ জীবনে ঋতুর আসা-যাওয়া ক্যালেন্ডারের পাতা উল্টানোর খসখস শব্দের মতো প্রায় নিঃশব্দ। আজ এখন এই সকালে চারপাশে জ্বলজ্বলে হলুদ রোদ।বাংলাদেশে এখন কোন ঋতু? বর্ষা? এই দেশের সাতসকালের সঙ্গে ঘড়ির মিলে বাংলাদেশে এখন মাঝরাত।‘ঘোর বর্ষার মাঝরাতে বাংলাদেশের গাঁও-গেরাম ঘুটঘুটে আঁধারে ঢাকা পড়ে। ঘন আঁধারে ডুবে থাকা কিশোরগঞ্জের গাঁওখানির বুকজুড়ে এখন আকাশ ভেঙে কি ঝমঝম বৃষ্টি পড়ছে? বাড়ির পাশে বাদা খেতের গা ধুয়ে শোঁ শোঁ পানির সোত ক্যাঁহান বিলের দিকে কি বয়ে যাচ্ছে? আমার ছোটবেলায় যেমন যেত?’ লায়লার মনের গায়ে ছবিটা একটুক্ষণ ভেসে থেকে আলগোছে মিলিয়ে যায়। কিশোরগঞ্জের গাঁয়ের দৃশ্যটা বার্মিংহামের বাস্তবতায় শীত-গ্রীষ্ম কোনো ঋতুতে ওর মনে বেশিক্ষণ ঝুলে থাকে না। আজও শৈশব-কৈশোরের খুব চেনা গাঁওখানি মনের ওপর বুদ্বুদের মতো জেগে উঠে তক্ষুনি আবার আঙিনার হলুদ রোদে মিলিয়ে গেল।নির্জন বাড়িটায় শীত-বসন্ত সব ঋতুতে স্রেফ একলা নিঃসঙ্গতার জড়তা। বাড়িজুড়ে নিরেট নির্জনতায় লায়লা মানুষটা খুব একা। তবে বাগানে ছড়িয়ে পড়া মেলাখানি বাসন্তী রোদ ওর মনের ওপর আলো ফেলে শীতল স্যাঁতসেঁতে ভাব বেশ খানিকটা কাটিয়ে তুলছে। দোতলার জানালায় দাঁড়িয়ে বাগানের রোদে চোখ মেলে লায়লা নিজেই নিজেকে ব্যঙ্গ করে নিজের মনে ভাবে, ‘ধন্যবাদ বসন্ত। আমার মনের ওপর বেশ একটু ঝাড়ু বুলিয়ে দেওয়ার জন্য আজকের এই মে মাসের সকালের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ ওর ভাবনাটা ঠোঁটের নড়াচড়ায় বিড়বিড় করে শব্দময় হয়ে ওঠে।বাগানের কোনায় টবে জমে থাকা পানিতে ম্যাগপাই পাখিটা আরাম করে গোসল সারছে। চায়ের কাপের গায়ে দুই হাতের ছোঁয়ায় হালকা গরম লায়লার সারা গায়ে মৃদু সুখের মতো ছড়িয়ে পড়ছে।‘এটা কি গেল বছরের পুরোনো ম্যাগপাই পাখিটা? বসন্তের বাও পেয়ে পুরোনো চেনাজানা জায়গায় চেনাজানা মানুষের কাছে ফিরে এসেছে? ও একা কেন? ওর তো একটা সঙ্গী ছিল। ওর সঙ্গীটা কি এ বছরও ওর সাথেই আছে?’ম্যাগপাইয়ের সঙ্গীর খোঁজে বাগানের গায়ে চোখ ছড়িয়ে দিতে হোলি ট্রির গাঢ় সবুজ পাতার গায়ে চোখ আটকে যায়। হোলি ট্রির গা-জুড়ে বাংলাদেশের লালকুচের মতো লাল টুকটুকে ছোট ছোট ফল। গাছের নিচে বিছানো কুচি কালো পাথরের ফাঁকে ফাঁকে ঝরে পড়া ফলগুলো রোদে চকচক করছে। বসন্তের তাজা রোদ উঠানজুড়ে গা মেলতেই হোলি ট্রির নিচে কাঠবিড়ালি দুটি ফিরে এসেছে। কাঠবিড়ালি দুটির দিকে লায়লার এখন খানিকটা বাড়তি মনোযোগ।‘বসন্ত কি ওদের প্রজনন ঋতু? এত দিন ওরা কোথায় ছিল? ওরা কি একসাথে এক কোটরে গা জড়াজড়ি করে এ-ওর গায়ের সুখ-সুখ ওম ভাগাভাগি করে নিয়েছে? নাকি দুজন দুই কোটরে একলা একা শীতের ঝাপট সামাল দিয়ে এখন গায়ের ক্ষুধায় একসাথে খেলতে নেমেছে?’লায়লা কথার জাদুকর। কলেজে ধর্মতত্ত্ব পড়াতে গিয়ে লায়লা কথার কৌশলে অমন প্রাণহীন বিষয়েও প্রাণ জাগিয়ে তোলে। সেসব কথা ভোজবাজির মতো শূন্যে মিলিয়ে গেছে। এখন এই আলো ছড়ানো ওম-ওম সকালে লায়লার একলা একটা মনের মধ্যে ধর্মের চেয়েও পুরোনো আদিম কথার ভিড়। কথাগুলো বলার জন্য একটা মনমতো মানুষ লায়লার এখনই এই মুহূর্তে খুব প্রয়োজন। এমন দারুণ একটা রোদেলা সকালে একা একা নিজের মনের সঙ্গে কতক্ষণ কথা বলা যায়?উঠানে কাঠবিড়ালি দুটি খুনসুটি করছে। ওদের যৌনজীবন নিয়ে খুব দামি কিছু তথ্য কিংবা তার চেয়ে দামি কিছু মনগড়া কথা সুখ-সুখ মন নিয়ে মনমতো কারও মুখ থেকে শোনা এখন সত্যি খুব জরুরি।কিন্তু...লম্বা একটা শ্বাসের সঙ্গে ‘কিন্তু’ শব্দটা ধীরে ধীরে বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে। লায়লা টের পায় এই বসন্তেও সে গত শীতের মতোই একা।বাগানটা মে মাসের রোদে ভরে গেলে লায়লার এখনো ইয়ানের কথা মনে পড়ে। এমন ছুটির সকালে লোকটা বাদামের কৌটা হাতে বাগানে গিয়ে দাঁড়াত। সাদা ঝুরঝুরে ফুলের সাজভরা ক্র্যাব আপেলের চারাগাছটার গা ঘেঁষে দাঁড়িয়ে কাঠবিড়ালি দুটিকে সে বাদাম ছিটিয়ে দিচ্ছে—এমন পরিচিত দৃশ্যটা কোনো কারণ ছাড়াই গেল বছর একেবারে আচমকা হারিয়ে গেল।বাগানে বসে খোশ-আলাপের জন্য পূর্ণ বয়সী যেকোনো রঙের মেয়ে মানুষ ইয়ানের পছন্দ হলেও বিছানার জন্য ঘোর কালো রঙের কম বয়সী মেয়ে তার ভীষণ পছন্দ। কম বয়সী কেনিয়ান মেয়ে ইসাবেলার সঙ্গে ইয়ানের রাত এখন কি সুখে কাটছে, কে জানে!লায়লার পায়ের শব্দে কাঠবিড়ালি দুটি ঝোপের আড়াল নিয়েছে। বাদামের কৌটা হাতে লায়লা হোলি ট্রির পাশে বেড়ার কোল ঘেঁষে ওদের জন্য দাঁড়িয়ে আছে। ওর সবটুকু মনোযোগ এখন কাঠবিড়ালি দুটির দিকে।‘তোমার বয়ফ্রেন্ড কি লম্বা সময়ের জন্য দূরে কোথাও গেছে? তাকে অনেক দিন দেখি না তো, তাই কৌতূহল হলো।’দুই বাড়ির মাঝখানে বাগানের সীমানায় কাঠের বেড়া। ওটার গা ঘেঁষে খুব কাছে দাঁড়িয়ে রাফায়েল লায়লাকে প্রশ্ন করে। মানুষটা একেবারে নিঃশব্দে কখন যেন বেড়ার ওপাশে খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। মানুষটা ইচ্ছা করে পা টিপে চুপচাপ এত কাছে এসে দাঁড়িয়েছে, নাকি অমনোযোগের জন্য লায়লা ওর পায়ের শব্দ শুনতে পায়নি, ব্যাপারটা ওর ঠিক ঠাহর হচ্ছে না।না মানে, ব্যাপারটা আসলে হয়েছে কি; বিষয়টা ঠিক তোমাকে...রাফায়েলের আচমকা প্রশ্নে লায়লার গলায় বিব্রত ভাব।‘ঠিক আছে, ঠিক আছে।’ লায়লার আমতা আমতা জবাব হাত তুলে থামিয়ে দিয়ে রাফায়েল তার মতো করে কথার সুতা ছাড়ে। ‘কাঠবিড়ালি দুটি তোমার ছেলেবন্ধুকে খুব পছন্দ করত। ইয়ানের হাত থেকে ওরা বেশ মজা করে খাবার লুফে নিত।’চোখ মটকে বাক্যটার গায়ে রসিকতার আলগা ছোঁয়া দিয়ে বলে, ‘আমার মনে হচ্ছে, তোমার হাত থেকে খাবার পেলে কাঠবিড়ালি দুটি আরও অনেক বেশি খুশি হবে।’ বাগানের বেড়ার গায়ে বুক ঘেঁষে দাঁড়িয়ে সামনে ঝুঁকে চোখে-মুখে খানিক আপন ভাব খেলিয়ে রাফায়েল কথা চালিয়ে যেতে চায়, ‘কেমন করে বুঝলাম, জানো? শোনো, ইয়ানের সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগত। কথাটা আমি অস্বীকার করছি না। তবে সত্যি বলছি, তোমার সাথে এখন গল্প করতে আমার আরও বেশি ভালো লাগছে। সে জন্য স্পষ্ট বুঝতে পারছি, তোমার হাত থেকে খাবার খেলে কাঠবিড়ালি দুটির মন খুব ভালো হয়ে উঠবে। আমার মতো ওরাও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে।’বেড়ার ওপাশে দাঁড়ানো রাফায়েলের মুখে সকালের তাজা রোদ লালচে রং ছড়াচ্ছে।‘ওর দুই গালে আগেই কি অমন রং খেলছিল, নাকি এখন আমার সাথে কথা বলতে গিয়ে মানুষটার মুখে বাড়তি রঙের আনাগোনা।’ লায়লার খুব জানতে ইচ্ছে করে।প্রতিবেশী এই পুরুষ মানুষটা সম্পর্কে লায়লা খুব কমই জানে। লোকটা সম্পর্কে ইয়ানের মুখে কিছু শোনা ছাড়া ছাড়া শব্দ এই মুহূর্তে মনে পড়ছে। আস্ত একটা জোয়ান পুরুষ মানুষকে মেপে নেওয়ার জন্য ওই কয়েকটা মাত্র শব্দ সংখ্যায় খুব কম হয়ে যায়।রাফায়েল সম্পর্কে ইয়ান মাঝেমধ্যে বলত, ওর বউটা ক্যানসারে মরমর। মহিলা নাকি বারো মাস হাসপাতালেই পড়ে থাকে। ডাক্তাররা ওর আধমরা বউকে জবরদস্তি করে বাঁচিয়ে রেখে রাফায়েল বেচারার জীবনটা অকারণে নরক করে তুলেছে।রাফায়েলের বউয়ের অকারণ বেঁচে থাকার কথা বলতে গিয়ে ইয়ানের গলা বিরক্তিতে খসখসে হয়ে উঠত।‘জীবনের সাথে মৃত্যুর কি খুব বেমানান বেমিল?’ লায়লার মনে প্রশ্নটা লহমার বেশি টিকে থাকে না।‘রাফায়েলের বউটা কি এখনো বেঁচে আছে? বেঁচে থাকলে কেমন আছে?’রাফায়েলকে প্রশ্ন করার তাগিদ লায়লার মনের মধ্যে একবার জেগে উঠে আবার শূন্যে মিলিয়ে যায়।এমন তরতাজা একটা সকালে মৃত্যুর কাছাকাছি কোনো বিষয় নিয়ে লায়লার কথা বলতে ইচ্ছা করে না। মৃত্যু ছাপিয়ে জীবনের কথা বলতে ওদের দুজনের মন এখন ব্যাকুল।রাফায়েল এখন লায়লার ঘরের আঙিনায় স্বচ্ছন্দে হেঁটে বেড়ায়। শনি-রোববার বাগান ঘর একতলা দোতলা দুপদাপ পা ফেলে বাড়িজুড়ে পুরুষ মানুষের অস্তিত্বের জানান দেয়। লায়লার সারা শরীরে শান্ত একটা ভালো লাগা সারাক্ষণ ঝুরঝুর ঝরে পড়ে। মনে হয়, কত যুগ পর এই ঘর-আঙিনায় পুরুষ চলাচলের শব্দ উঠছে।সপ্তাহ শেষে নিঃসঙ্গ শনি-রবি দুদিন ছুটির ভার নেওয়ার ভয় লায়লার মন থেকে ইদানীং কেটে গেছে। ছুটির দিনের জন্য প্রতীক্ষা বেড়ে যাওয়ায় সোমবার থেকে শুক্রবারের দৈর্ঘ্য দিন দিন ওর কাছে একটু একটু করে বেড়ে চলেছে।লায়লার দিন-রাতের ব্যস্ততা কাজ-অকাজের সুতায় চমৎকার গাঁথা হয়ে গেছে। মনের ভেতর-বার সবটুকুই এখন দরকারি কাজে ঠাসা। ওর মূল্যবান অবসর এখন রাফায়েলের দখলে।‘রাফায়েলের মরমর বউটা কি একদম মরে গেছে?’ খবরটা জিজ্ঞেস করার কথা লায়লার মনে মাঝেমধ্যে বুদ্বুদের মতো জেগে ওঠে। জবাব পাওয়ার তাগিদ না থাকায় রাফায়েলের বউয়ের বাঁচা-মরার খবরটা কোনো দিন আর জানা হয়ে ওঠে না।লায়লার জীবনের সোঁদা গন্ধভরা পুরোনো বিষণ্ন সময় ফের অতীতের গায়ে মিশে গেছে। শুধু মাঝেমধ্যে খুব গেঁয়ো একটা বাংলা গানের রিনরিনে সুর তিরতির কাঁপন তুলে ঘর ছেড়ে হলুদ রোদের সঙ্গে মিশে বাগানে বিছিয়ে পড়ে। শব্দের বোঝা আলগা করে সুরটা বড় বেশি নির্ভার, নিঃসঙ্গ।