
কট্সউল্ড গেস্টহাউসের করিডরে হামেশা ঝোলে জোহানেসবার্গে জীবনের যন্ত্রণায় জর্জরিত শিল্পীদের চিত্রকলা। এর বাগিচায় সৌরভ ছাপিয়ে প্রাধান্য পেয়েছে পুষ্পের বর্ণাঢ্যতা। ঝোপঝাড়ে ডিসপ্লে হচ্ছে হরেক কিসিমের ভাস্কর্য। ঘাসে দাঁড়ানো ব্রোঞ্জের তিনটি সারস দক্ষিণ আফ্রিকার তীব্র রোদে ছড়াচ্ছে ঝলমলে রুপালি ব্যঞ্জনা। আমি সারসত্রয়ের ঠিক পেছনে পুষ্পিত পাউডার পাফ ট্রির শ্যামল ছায়ায় বেতের চেয়ারে জাঁকিয়ে বসে টেবিলে কফির মগ ও জার্নাল লেখার বাঁধানো নোটবুক রাখি।
একটু আগে দেখা হয়েছে গেস্টহাউসের ফোরম্যান হেন্ডরিক ভ্যান রেনসবার্গের সঙ্গে। তাঁর দশাসই চেহারা ও কটমটে দৃষ্টি স্রেফ ভীতি উদ্রেক করে। শ্বেতকায় হেন্ডরিক সাহেব আফ্রিকান বুয়ার গোত্রের লোক। তাঁর পূর্বপুরুষ হলান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় অভিবাসী হিসেবে আসেন ১১৩ বছর আগে। তাঁর মাতৃভাষা আফ্রিকানস। একসময় হেন্ডরিক শ্বেতাঙ্গ শাসিত দক্ষিণ আফ্রিকার ডিফেন্স ফোর্সে কাজ করতেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র কৃষ্ণাঙ্গ গেরিলাদের সঙ্গে যুদ্ধে তিনি কোমর ও পাছায় গুলিবিদ্ধ হন। সেই থেকে আজ অবধি ১৮ বছর হতে চলল তিনি ক্যাঙারুর মতো খানিক লম্ফ দিয়ে হাঁটাচলা করেন। আমার সঙ্গে দেখা হওয়ামাত্র এত কিছু বলার তাঁর কোনো প্রয়োজন ছিল না, তবে হেন্ডরিক নিজের সম্পর্কে কথা বলতে খুবই ভালোবাসেন। তার পরও ভরদুপুরে মদ্যপান করেছেন। তাঁর মুখের অভিব্যক্তিতে মনে হয়, একটু আগে ফিরেছেন বধ্যভূমিতে খুনখারাবি করে। চেহারাসুরত ডাকসাইটে ডাকাতদের মতো হলেও হেন্ডরিক গাছপালা বেজায় ভালোবাসেন। ব্র্যান্ডির গন্ধ ছড়ানো হেঁচকি তুলে আমাকে বলেন, জোহানেসবার্গ ইজ আ ফাইন গ্রিন সিটি। এ শহরে গাছের সংখ্যা মাত্র ৬০ লাখ। যাও, পাউডার পাফ ট্রির ছায়ায় বসো। গাছটি পবিত্র, ভেরি ভেরি স্পেশ্যাল ট্রি। এর সঙ্গে শ্রদ্ধাভরে আচরণ করলে মনে শান্তি¦পাবে।
কিন্তু বৃক্ষ যতই বিরল হোক, তার সঙ্গে শ্রদ্ধাভরে সহবতের কায়দাটা কী? গাছকে তো কুর্নিশ করা যায় না, বলাও চলে না, হ্যালো পাউডার পাফ, হাউ আর ইউ ডুয়িং? তার কাছাকাছি দাঁড়িয়ে আছে মস্ত এক হাড়গিলা পাখি। খানিক বিলা হয়ে এ গেস্টহাউসে আসার কথা ভাবি—আজ ভোরবিহানে আমি জোহানেসবার্গ এয়ারপোর্টে ল্যান্ড করেছি। দক্ষিণ আফ্রিকায় এসেছি জর্জিয়া বলে ককেশীয় অঞ্চলের একটি ছোট্ট দেশ থেকে। সপ্তাহ দেড়েক ইন্টারনেট চেক করিনি বলে বিচ্ছিন্নও ছিলাম দুনিয়া থেকে। এখানে আমি এসেছি মূলত পরিবারের সঙ্গে যুক্ত হয়ে একত্রে বাস করতে। আমি নানা দেশে ঘুরে বেড়ালেও আমাকে ঠিক ভবঘুরে বলা যায় না। এবং স্ত্রী-কন্যা যেহেতেু আমার আছে, তাদের তালাশে নতুন একটি দেশে চলে আসাও আচরণ হিসেবে অস্বাভাবিক কিছু না। জোহানেসবার্গে এসে তাদের সন্ধান আবছাভাবে মিললেও সাক্ষাৎ পাওয়া যায়নি। কট্সউল্ড গেস্টহাউসে যে আমাদের দীর্ঘদিন বাস করতে হবে, এ তথ্য আমি পাই প্রাগ বিমানবন্দরে ই-মেইল চেক করে। পুরো ব্যাপার আমার মনে তালগোল পাকিয়ে আছে। ভাবি, এ নিয়ে জার্নালে একটু লিখব।
জার্নালের বউনি করি আমার অনুভূতির বিষয় বর্ণনা করে। প্রাগে ই-মেইল পড়ে মনে হচ্ছিল, রেলগাড়ির যে বগিতে বসেছিলাম, তা যেন ডিরেইলড হলো। কিন্তু জোহানেসবার্গের এ গেস্টহাউসে এসে ব্রেকফাস্টের পর মনে হচ্ছে, রেলগাড়ির বগিটি চলে যাচ্ছে ভিন্ন এক ট্র্যাক ধরে। এদিকে তো আমার গন্তব্য নয়, এ রেললাইন ধরে যাচ্ছিই-বা কোথায়? হেন্ডরিকের সঙ্গে কেবল আজ সকালে দেখা হয়েছে এবং লক্ষ করেছি, তাঁর মতো আমিও নিজের বিষয়ে কথা বলতে পছন্দ করি। কিন্তু পরিস্থিতির জট খোলার জন্য নিজেকে ঊহ্য রেখে আমার পত্নী শ্রীমতী হলেন গ্রিন ও আমাদের কন্যা কাজরির প্রসঙ্গ আলোচনায় নিয়ে আসা প্রয়োজন।

মাস দুয়েক আগে চাকরি পেয়ে হলেন এসেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে। কিছুদিন পর আমাদের কন্যা কাজরিও এসে যোগ দেয় তার সঙ্গে। আমি কাজের ধান্দায় অন্য দেশে থাকায় একটু দেরিতে এসে তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি। সমস্যা হচ্ছে জোহানেসবার্গে তাদের সাক্ষাৎ না পাওয়া নিয়ে। সপ্তাহ দুয়েক আগে আমি যখন জর্জিয়াতে কাজ করছি, তখন হলেনের ই-মেইল থেকে জানতে পারি, সে জোহানেসবার্গে ইয়োভিল এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছে। ইয়োভিলের কাছেই বোহেমিয়ানদের বিখ্যাত নাইট লাইফ ডিসট্রিক্ট। ভেবেছিলাম, জোহনেসবার্গে এসেই ওখানে কিঞ্চিৎ ঘুরপাক করতে যাব। প্রাগে এসে ই-মেইল মারফত জানতে পারলাম, আমাদের থাকতে হবে কট্সউল্ড গেস্টহাউসে। হলেন এ মুহূর্তে পাশের দেশ জিম্বাবুয়েতে কাজ করতে গেছে। ফিরবে দিন দুয়েক পর। কাজরি সুগার-বে বলে এক জায়গায় গেছে তার বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজিত ফ্যাশন ডিজাইনের ওপর একটি ওয়ার্কশপে।
তো ইয়োভিলে যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, তার কী হলো? সে সম্পর্কে বিস্তারিত খতিয়ান পাওয়া যায় হলেনের চিঠি থেকে। চিঠিটি সে গেস্টহাউসের রিসেপশনে রেখে গেছে, যা আমি একটু আগে পড়েছি। ভাড়া বাড়িতে সে বুদ্ধি করে কিছু ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন—এসব কিনেছিল। পাঁচ দিন পর চেক করতে গিয়ে দেখে, গেট ভেঙে কারা সবকিছু লুট করে নিয়ে গেছে। কী আর করা যাবে? খিন্ন মনে গাড়িতে উঠে তা স্টার্ট দিতেই গলায় ক্রুশ ঝোলানো এক কৃষ্ণাঙ্গ বৃদ্ধ থরথরিয়ে কাঁপতে কাঁপতে তাঁর গাড়ির কাছে এসে দাঁড়ান। বোধ করি মানুষটি ম্যালেরিয়ায় ভুগছেন, কিংবা তাঁর হয়েছে পার্কিনসন ডিজিজ। স্থির হয়ে দাঁড়াতে পারছেন না। হলেন তাঁকে ‘মে আই হেল্প ইউ, স্যার’ বলতে গেলে বিড়বিড়িয়ে অভিশাপ দিতে দিতে মানুষটি নিজের দুর্ভাগ্যের জন্য পবিত্র বাইবেল দিয়ে কপালে করাঘাত করতে করতে পাউরুটি কেনার জন্য সামান্য পয়সা চান। হলেন পার্স থেকে ১০ রেন্ডের নোট বের করে খয়রাত দিতে গেলে তিনি তাকে বাইবেল খুলে দেখান। পবিত্র গ্রন্থটি মূলত কাঠে তৈরি বাইবেলের এক রেপ্লিকা। এর ভেতরে পৃষ্ঠার বদলে খাঁজ কেটে রাখা ছোট্ট একটি পিস¦ল। বৃদ্ধ ভিখারি এবার অনুনয় করে বলেন, ১০ রেন্ডে আর হবে কী, নাইস হোয়াইট লেডি। তার চেয়ে তোমার ল্যাপটপ ও সেলফোনটি দাও। এবেলা আর ফায়ার আর্ম ব্যবহার করতে চাইছি না। জিশাস ক্রাইস্ট ব্লেস ইউ।
তো ইয়োভিলের ভাড়া বাড়িতে হলেন আর ফিরে যাচ্ছে না। এ গেস্টহাউসে বাস করা ভিন্ন আমার গত্যন্তরই-বা কী! শণে ছাওয়া যে কটেজ সে ভাড়া করেছে, তার বারান্দা থেকে দেখা যায় ছায়ময় বৃক্ষে নিঝুম বাগিচা। আর্বান সেটিংয়ে এর চেয়ে নিরিবিলি সুযোগ-সুবিধা আর পাওয়া যাবে কোথায়? আমি এ মুহূর্তে ব্রোঞ্জের সারসত্রয়ের দিকে তাকিয়ে পাউডার পাফ ট্রির নিচে যে টেবিল-চেয়ারজুড়ে বসেছি, বোধ করি তার পেছনে গুলঞ্চচাঁপার ঝাড় থেকে ছাড়াচ্ছে তীব্র সৌরভ। তার সিগ্ধতায় কীভাবে যেন বদলে যেতে থাকে আমার অনুভব। একটি গাছে নীড় বাঁধতে বাঁধতে শিস বাজায় শামওয়ারি পাখি। হলেন আমাকে দক্ষিণ আফ্রিকায় আসতে উৎসাহিত করতে মাস খানেক আগে পাঠিয়েছিল রঙিন ছবিওয়ালা পাখিদের ওপর একটি বই। এ খেচরের ছবি আমি তাতে দেখেছি, তার প্রসারিত ডানার সম্পূর্ণ সোনালি বর্ণের দিকে চেয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন লাগে। আমার জীবনযাপনে আজ খানিক কুফা লাগলেও এ গেস্টহাউস যে তোফা, তা মানতেই হয়।
একটি বেবিস্ট্রলার ঠেলে হেন্ডরিক লাফিয়ে লাফিয়ে এসে অন্য একটি চেয়ারে বসে হিপপকেট থেকে ফ্ল্যাস্ক বের করে বেশ খানিকটা ব্র্যান্ডি পান করেন। তিনি পরে আছেন কালিঝুলিমাখা স্লিভলেস টি-শার্ট। জং ধরা পুরোনো লোহার মতো তাঁর বাইসেপের মাসলে রোদে পোড়া তামাটে সব দাগ। আরেক দফা ব্র্যান্ডি খেয়ে চোখ-মুখ এমন ভয়ংকর করে তুলেন যে, মনে হয় বধ্যভূমিতে তিনি জল্লাদকে শিরশ্ছেদের আদেশ দিতে যাচ্ছেন। মুখের অভিব্যক্তি ভয়বহ রেখে তিনি ফিসফিসিয়ে জানতে চান, দেখেছ আমার স্ত্রীকে? আমি নেতিবাচকভাবে মাথা হেলালে তিনি খেপে গিয়ে বলেন, না দেখার তো কিছু নেই। তার নাম মামা কনানানি, কিচেনে কাজ করে, মাদি হাতির মতো ভারী শরীর নিয়ে হেলেদুলে চলাফেরা করে। তাকে চোখে পড়বে না কেন? কিন্তু ঘটনা হচ্ছে, আমার নিজ স্ত্রীর সাকিন যেখানে বেখবর, পরস্ত্রী নিয়ে অতঃপর ভাবনার অবসর কোথায়? হেন্ডরিকের মনে হয় না এ বাবদে কোনো সমবেদনা আছে। তিনি কটমটিয়ে আমার দিকে তাকিয়ে এবার বেবিস্ট্রলার থেকে কম্বল সরিয়ে বলেন, এসো তোমার সঙ্গে আমাদের লিটিল বেবি-বয়ের পরিচয় করিয়ে দিই। এর নাম আমুকেলানি, বয়স নয় মাস। রেসপন্সে আমি বলি, ভেরি নাইস বয়। আমাদের কথাবার্তার গোলমালের মধ্যেও কী রকম চোখ বুজে শান্তিতে ঘুমাচ্ছে।
তোমাকে সত্যি কথাটাই বলি। নিজের সন্তান নিয়ে তো মিথ্যাচার করা যায় না। দিস ইজ আ বেবি-ডল, বাট আমুকেলানি ইজ ট্রুলি আওয়ার চাইল্ড। মামা কনানানিকে আমি এ ডল আমেরিকা থেকে আনিয়ে দিয়েছি। তিনি গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ তুলে আবার বলেন, বুলেটটা কোমর ভেদ করে শরীরের সংবেদনশীল অংশ অবধি পৌঁছায়। তো মামা কনানানিকে আমি শোভন জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন, যেমন ধরো নাইস কার, ফাইন অ্যাপার্টমেন্ট—সব দিয়েছি, কিন্তু একটা জিনিসে আমার অক্ষমতা, কী করব, আই অ্যাম হেল্পলেস। মামা কনানানি খুব ডাকসাইটে নারী। চুন থেকে পান খসার কোনো উপায় নেই। খবরদার, তাকে ফুটফরমাশ করবে না। তেড়িবেড়ি করলে জুটঝামেলা হয়ে যাবে। সেই সকাল থেকে আমি কাজ করছি, মেরামত করেছি ওয়াটার পাইপ লাইন, সারাই করেছি দুটি এয়ার কন্ডিশনার। এবার হাত লাগাব জেনারেটরে। একটু শান্তিতে বসে যে দুফোঁটা ব্র্যান্ডি খাব, সে উপায়ও নেই। কনানানি এখন গেস্টদের জন্য লাজানিয়া রান্না করবে। তাই বেবি সিটিংয়ের ডিউটি পড়েছে আমার ওপর। হেন্ডরিক এবার কম্বল-মোড়া পুতুলটিকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলেন, মামা কনানানি রান্নায় পারঙ্গম, আমার খুব যত্নও নেয়। গুলি খাওয়ার পর থেকে আমার আজব এক ব্যাধি হয়েছে। পানিতে এলার্জি, মুখে তুলতে পারি না। তো মামা কনানানি ট্র্যাডিশনাল চিবুকু বিয়ার দিয়ে মাংসের স্টু রান্না করে স্রেফ আমার জন্য।
হেন্ডরিক পজ নিয়ে আরও খানিকটা ব্র্যান্ডি খেয়ে বলেন, তুমি কি আমুকেলানিকে কোলে নিয়ে একটু আদর করতে চাও? মামা কনানানি এখন রান্নাবান্নায় ব্যস্ত আছে, এদিকে আসবে না। অন্য গোত্রের কেউ আমাদের ছেলে স্পর্শ করেছে শুনলে সে বল্লম নিয়ে তাড়া করতে পারে। কনানানি ইজ আ বুশ গার্ল। জঙ্গলের মেয়ে সে। টসংগা গোত্রের মেয়েরা মুখে চোটপাট করলেও ভেতরে ভেতরে খুব নরম। আর মামা কনানানির একটা বিষয় তার কাছে উল্লেখ করবে না কিন্তু—বালিকা বয়সে ছুটন্ত¦ গন্ডারের পায়ের নিচে সে পড়ে যায়। সেই থেকে তার মেজাজ মাথায় চড়ে আছে। হেন্ডরিক সাহেব আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন, যাতে আমি গন্ডারের পদাঘাতের বিষয়টি গোপন রাখি। আমার যেহেতু বল্লমবিদ্ধ হওয়ার কোনো বাসনা নেই, তাই প্রমিজ করতে কোনো অসুবিধা হয় না। তিনি মুখখানা ভয়াবহ করে বলেন, খবরদার, তাকে বললে আমার কিন্তু হালত খারাপ হয়ে যাবে।
এ পর্যায়ে ভাবি জিজ্ঞেস করব, মামা কনানানিকে পেলেন কোথায়? কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে হয় না। তিনি হেঁচকি তুলে বলেন, গুলিবিদ্ধ হয়ে পড়েছিলাম জঙ্গলে। আমার সাথি অন্য দুই ডিফেন্স ফোর্সের শ্বেতাঙ্গ সেনাও জানে খতম। কাঠ কুড়িয়ে ফিরছিল মামা কনানানি। তাদের কুঁড়েঘরে ছিলাম তিন সপ্তাহ। তার গোত্রের কৃষ্ণাঙ্গ টসাংগারা প্রথমে বনাজি শিকড়বাকড় দিয়ে চিকিৎসা করে, পরে গরুর গাড়িতে করে পৌঁছে দেয় ওডেনড্রপ শহরের হাসপাতালে।
জোহানেসবার্গে প্রথম এসেছ, একটা বিষয়—কার গাত্র বর্ণ কী, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ—এসব হিসাবকিতাব করে চলবে। আমাদের ছেলে আমুকেলানিকে কোলে নিয়ে বলছি, সত্য গোপন করব না, ব্ল্যাকদের আমি ঘৃণা করতাম, আমার যে গায়ের রং হোয়াইট, তারাও তা পছন্দ করত না। এটাই ছিল এখানকার বাস্তবতা। তখনো দক্ষিণ আফ্রিকায় চলছে শ্বেতাঙ্গদের শাসন। বর্ণবিভাজনে সমাজ বিভক্ত। আমি চাইলেই তো টসাংগা মেয়ে কনানানিকে বিয়ে করতে পারি না, আইনে তখনো সাদাকালোর মিশ্রণ নিষিদ্ধ। তবে সুযোগ এল নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় এসে যাওয়ায়। বর্ণপ্রথা রোধ হওয়া মাত্রই আমরা বিয়ে করলাম। আমাদের গাত্রবর্ণ ভিন্ন, সুতরাং বিবাহ অসবর্ণ, নাও উই হ্যাভ আ চাইল্ড। বিয়ের আগে আমি ঘৃণা করতাম কালোদের, এখন সাদারা আমাকে ঘৃণা করে। বিয়ের পর বেশ কয়েক বছর হতে চলল আমার শ্বেতাঙ্গ আত্মীয়স্বজন আমাকে পরিহার করে চলছে।
হঠাৎ করে কী যেন মনে পড়ে গেছে—এ রকম ধড়মড় করে উঠে হেন্ডরিক বলেন, জিসাশ ক্রাইস্ট, বিকেল হয়ে যাচ্ছে, আমি এখনো আমুকেলানিকে গোসল করাইনি। মামা কনানানি জানতে পারলে শিলনোড়া নিয়ে তাড়া করবে না?—বলে তিনি বেবিস্ট্রলার ঠেলে লাফিয়ে লাফিয়ে চৌবাচ্চার দিকে গেলে আমিও উঠে পড়ি। গেস্টহাউসের চকমিলান দালানের পেছন দিকে আমাদের শণে ছাওয়া কটেজ। কেয়ারি করা বাগানের ভেতর দিয়ে হাঁটতে গিয়ে দেখি, বেশ কিছু ফ্লাইক্যাচার ঝোপে ফুটে আছে নানা বর্ণের পতঙ্গভুক পুষ্প।
চলে আসি গেস্টহাউসের একদম পেছনভাগে। এদিকে তীব্র সবুজ একটি গাছ তার বিস্তৃত ডালপালার পল্লবিত শামিয়ানায় আটকে দিয়েছে চনমনে রোদ। যেতে যেতে তার কাণ্ডে লাগানো ফলকে পড়ি—বৃক্ষটির স্থানীয় নাম মুডুমবুলা, ইংরেজিতে বলে রেইজন ট্রি। সেই গাছের শ্যামল ছায়া অতিক্রম করতেই এসে পড়ি কটেজের সামনে। নিরিবিলি অত্যন্ত প্রাইভেট স্পেস। রূপকথার বইতে আঁকা কুটিরের ছবির মতো এ নিভৃত আবাসের দিকে তাকিয়ে মনে হয়, দিস ইজ এন ইন্টারেস্টিং প্লেস! আমি তার কাঠের গেট খুলতে খুলতে ভাবি, বাট দিস ইজ এমটি। না, কটেজের ভেতরে ঢুকতে ইচ্ছা হয় না। তাই সিঁড়িতে বসে জার্নালের নোটবুক খুলি। কী লেখা যায় ভাবতে ভাবতে ক্যালিওগ্রাফ করে গোটা গোটা হস্তাক্ষরে তাতে এন্ট্রি দিই—‘শূন্য মন্দির মোর’।