গ্রীষ্মে নিউইয়র্কে থাকার এক বড় মজা, নিখরচায় হাজারো ফুর্তি। নামজাদা শিল্পীদের কনসার্ট, পথমেলা, হরেক রকম শিশুতোষ প্রতিযোগিতা। তবে সবচেয়ে সেরা যে আকর্ষণ, তা হলো শেকসপিয়ার ইন দ্য পার্ক। সেন্ট্রাল পার্কের খোলা মঞ্চের সামনে বসে নাটক দেখা, সে এক অসাধারণ অভিজ্ঞতা। যাঁরা এই পার্কের সঙ্গে পরিচিত নন, তাঁদের বলি, ঢাকার রমনা আর সোহরাওয়ার্দী উদ্যানকে এক করে তারপর পাঁচ বা সাত দিয়ে গুণ করুন। মোটামুটি একটা আভাস পাবেন, যদিও এই পার্কের নাগরিক সৌন্দর্য শুধু তার আয়তন দিয়ে বোঝানো অসম্ভব। প্রায় সাড়ে ৮০০ একর জমির ওপর পার্কটি। ম্যানহাটন এমনিতে ইট-পাথরের শহর। আকাশছোঁয়া স্কাইস্ক্রেপার, নিয়নলাইটের বন্যা, ক্ষান্তহীন মোটরগাড়ির গর্জন। আর তার ঠিক বুকের ওপর একদম সবুজ—আশ্চর্য রকম সুন্দর ও প্রাকৃতিক এক উদ্যান। এই পার্কে প্রতি গ্রীষ্মে এক মাস ধরে চলে শেকসপিয়ারের নাটকের এক মহোৎসব। দেশের সেরা অভিনেতা ও পরিচালকদের তত্ত্বাবধানে একাধিক বাছাই করা নাটক। সবচেয়ে মজার কথা হলো, এর সবটাই নিখরচায়।নিখরচায় বলছি বটে, কিন্তু ঢোকার জন্য ‘ফ্রি’ টিকিট পাওয়া খুব সহজ ব্যাপার নয়। ১০ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে। নামকরা অভিনেতা থাকলে সে নাটকের টিকিট পেতে ২৪ ঘণ্টা বা তার চেয়ে বেশি অপেক্ষা করতে হবে। গত সপ্তাহে আমরা গিয়েছিলাম উইন্টারস টেল দেখতে। ভাগ্যিস, আমাদের দুই তরুণ বন্ধু হারুন ও আতিক টিকিট সংগ্রহের দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। আগের রাত ১০টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে। সঙ্গে বাঁশুরিয়া বারী সিদ্দিকী ছিলেন। তাঁর বাঁশি শুনতে শুনতেই নাকি কখন ভোর হয়েছে, হারুন বা আতিক কেউই টের পায়নি। তাদের কল্যাণেই অতিরিক্ত তিনটি টিকিট আমরা পেয়েছিলাম, ফলে সপরিবারে যাওয়ার দুর্লভ সৌভাগ্য হলো। শেকসপিয়ার ইন দ্য পার্ক মানে আসলেই একদম পার্কে বসে নাটক দেখা। গ্রিক এম্পিথিয়েটারের কায়দায় একটি উন্মুক্ত মঞ্চ, তার তিন দিক ঘিরে স্টেডিয়াম ধাঁচের বসার সিঁড়ি। মঞ্চের ঠিক পেছনে বেলভিডের ক্যাসল। না, সত্যি কোনো দুর্গ নয়, কিন্তু তার চেয়ে কম কিছু নয়। দেড় শ বছর আগে প্রথম যখন শক্ত পাথরের এই অসাধারণ দুর্গটি নির্মিত হয়, তখন এটির কাজ ছিল একটাই: পার্কের সৌন্দর্য বর্ধন। পরে অবশ্য বৃষ্টিপাতের পরিমাণ ও বায়ুর গতির পরিমাপের যন্ত্র বসানোর ফলে এটি একটি আবহাওয়া কেন্দ্র হয়ে ওঠে। শেষ বিকেলের লালচে আলো যখন দুর্গটির গা-জুড়ে মখমলের চাদরের মতো তাকে ঘিরে ধরে, মনে হয় ইট-পাথরের নিউইয়র্ক নয়, আমরা চলে গেছি মধ্যযুগের ভিয়েনা বা রোমে।নাটকের কথা বলি। ঠিক ৪০০ বছর আগে লেখা নাটক উইন্টারস টেল বোধকরি শেকসপিয়ারের সেরা নাটকের একটি নয়, যদিও তাঁর নাটকের মূল বৈশিষ্ট্যগুলো ঠিকই রয়েছে। কিছুটা রূপকথা, কিছুটা ভুতুড়ে গল্প। একে একবার মনে হয় ট্র্যাজেডি, আবার মনে হয় কমেডি। ক্লাসিক্যাল গ্রিক নাটকের ধাঁচে নিয়তির অদৃশ্য অঙ্গুলি-নির্দেশ একদম গোড়া থেকেই আমরা টের পাই। এখানে হত্যা ও হত্যার ষড়যন্ত্র আছে, প্রেম ও ঈর্ষা আছে, পতন আছে, পরাজয় আছে এবং সবশেষে রয়েছে মুক্তি ও উদ্ধার। সোজা কথায়, শেকসপিয়ারের নাটকের মোদ্দা সব উপাদানই বর্তমান। এতে গুলগপ্পের পরিমাণ এত বেশি যে নাটকের শেষের দিকে এক চরিত্র নিজ থেকেই বিজ্ঞের মতো মন্তব্য করে, এমন সব ঘটনা ঘটছে যে এর সত্যতা নিয়ে সন্দেহ রয়ে যায়।কিন্তু এই নাটকের কাজ সত্য-মিথ্যা দিয়ে নয়। এর উদ্দেশ্য নির্ভেজাল মনোরঞ্জন, খোঁজ করলে দু-চারটে নীতিকথাও পাওয়া যাবে। সিসিলির রাজা লিওন্তিস ও তাঁর রানি হারমাইওনির গল্প। সব ঠিকঠাকই ছিল। হঠাৎ কী যে হলো, রাজা লিওন্তিস রানি হারমাইওনিকে একদিন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও বোহেমিয়ার রাজা পলিক্সেনিসের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখে ঈর্ষায় জ্বলে উঠলেন। একদম নির্দোষ একটি চুম্বন, রানি যতই তাঁকে বোঝান না কেন, তাঁর পারিষদেরা তাঁকে যতই রানির পক্ষে সাফাই দিক না কেন, তিনি কিছুতেই সে কথা মানতে রাজি নন। গর্ভবতী হারমাইওনিকে জেলে পাঠানো হলো, সেখানে তাঁর একটি কন্যাসন্তান হয়। রাজার নির্দেশে সে শিশুসন্তানকে নির্বাসনে পাঠানো হয়, তাও আবার সেই পলিক্সেনিসের রাজ্য বোহেমিয়ায়। সেখানে মেয়েটি বড় হতে থাকল এক মেষপালকের কাছে। এদিকে রাজ জ্যোতিষীর কাছ থেকে খবর এল, হারমাইওনি নির্দোষ। সে কথা শুনে তীব্র পাপবোধে আক্রান্ত হলেন রাজা। তিনি জানেন, রানি হারমাইওনি মৃত, প্রায়শ্চিত্ত হিসেবে শপথ নিলেন, প্রতিদিন তিনি মৃত স্ত্রীর কবর পরিদর্শন করবেন। এর পরের ঘটনা ১৬ বছর পর। সেই নির্বাসিত শিশুটি এখন চঞ্চলা তরুণী। আর তার প্রেমে পড়েছে রাজা পলিক্সেনিসের একমাত্র পুত্র। সে কথা জানতে পেরে রেগে আগুন রাজা পলিক্সেনিস। এরপর অনেক ঘটন-অঘটনের পর সেই রাজকন্যা ও রাজপুত্র আশ্রয় পায় রাজা লিওন্তিসের কাছে। এক পুরোনো রাজদূতের সাহায্যে সিসিলি ও বোহেমিয়ার দুই রাজা তাঁদের শত্রুতা মিটিয়ে ফেলেন এবং তাঁদের পুত্র ও কন্যার মিলনকে আশীর্বাদ করেন। এদিকে ঘটে আরেক আশ্চর্য ঘটনা। রানি হারমাইওনির ঘনিষ্ঠ বন্ধু পাওলিনা মৃত রানির এক মর্মর মূর্তি নির্মাণ করছেন বলে জানালে রাজা লিওন্তিস তা দেখতে চান। মূর্তিটি আনা হলে দেখা গেল সেটি মূর্তি নয়, রানি হারমাইওনি নিজেই। আর এভাবে রাজা ও রানির মিলনের ভেতর দিয়ে শেষ হয় কাহিনি। যাঁরা এই নাটকে অভিনয় করেন, তাঁরা সবাই ডাকসাইটে অভিনেতা-অভিনেত্রী। নাট্য পরিচালক মাইকেল গ্রিফও একজন দুঁদে পরিচালক। নাটকটিকে তিনি সাজিয়েছেন কিঞ্চিৎ উচ্চকণ্ঠে, অনেকটা আমাদের যাত্রা-ধাঁচে। ফলে অতি নাটকীয়তার কোনো কমতি নেই। এই নাটকই নিয়মিত মঞ্চে হাজির করা হলে সম্ভবত তাকে ভিন্নভাবে সাজানো হতো, কুশীলবদের অভিনয়েও ভিন্নতা আসত। আজগুবি উপাদানের অভাব না থাকলেও আমরা যারা বসে নাটক দেখলাম, তারা পুরোটাই গিলেছি গোগ্রাসে। শেকসপিয়ার যে ভাষায় লিখেছেন, তা ৪০০ বছরের পুরোনো, অনেক শব্দই এখন অচল। অথচ নাট্যাভিনয়ের সময় কোনো কথা বুঝতে আমাদের বিন্দুমাত্র কষ্ট হয়নি। এটা সম্ভব হয়েছে নাট্যাভিনেতাদের মুনশিয়ানার জন্য। বিশাল খোলা মঞ্চ, তার পুরোটাই ব্যবহার করা হয়েছে বুদ্ধিমত্তার সঙ্গে, কখনো রাজোদ্যান বোঝাতে, কখনো রাজসভা বোঝাতে, কখনো বা মেষপালকের আস্তানা বোঝাতে। সবই ঘটে যায় চোখের পলকে। যাত্রা ঢংয়ে ‘লাইভ অর্কেস্ট্রা’ মঞ্চের গা ঘেঁষে, যা কিছু যতি তা ভরাট হচ্ছে সংগীতের চতুর ব্যবহারে।নাটকটির ভালো-মন্দ নিয়ে এখানে কোনো আলোচনা অর্থহীন। পেশাদার সমালোচকেরা হয়তো এর অনেক কিছুই ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করবেন। তা তাঁরা করেছেনও। কিন্তু আমরা যারা ম্যানহাটনে, মেঘহীন খোলা আকাশের নিচে বসে এই নাটক দেখলাম, তারা তিন ঘণ্টা সময় কাটালাম এক অপরিসীম আনন্দের সঙ্গে। যেকোনো বড় শহরের চরিত্রের সঙ্গে জড়িত তার সাংস্কৃতিক পরিচয়। মাসজুড়ে যে বিনা পয়সায় এই শহরের নাগরিক ও তার অতিথিদের জন্য এই নাট্যোৎসবের আয়োজন হয়, তা কেবল শহরবাসীর মনোরঞ্জনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এই শহর শিল্প-সংস্কৃতিকে কতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, এ থেকে তার পরিচয় মেলে। নাটক শেষে বেরোতেই দেখি পার্কের বাইরে দেয়াল ঘেঁষে লাইন শুরু হয়েছে। পরদিনের টিকিটের জন্য লাইন। কেউ কেউ ক্যাম্প-খাট বিছিয়ে বসছে, কেউ বা স্লিপিং ব্যাংগ নিয়ে রীতিমতো সটান। শুনলাম, পরদিনের নাটক মার্চেন্ট অব ভেনিস, তাতে শাইলকের ভূমিকায় থাকবেন হলিউডের বিখ্যাত অভিনেতা আল-পাচিনো।